ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

নারীরা পুলিশকে ঘিরে, পালালেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সৈয়দ আরিফ


নারীরা পুলিশকে ঘিরে, পালালেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সৈয়দ আরিফ

গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সৈয়দ আরিফ (৩৩) কে আটক করে পুলিশ। এ সময় কিছু নারী ও স্থানীয় বাসিন্দারা পুলিশ সদস্যদের ঘেরাও করেন। এই সুযোগে সৈয়দ আরিফ পালিয়ে যান।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে টঙ্গীর ভাদাম এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে ভাদাম এলাকায় অভিযান চালিয়ে টঙ্গী পশ্চিম থানার একটি পুলিশ টিম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সৈয়দ আরিফকে আটক করে। পরে, তাকে পুলিশের ভ্যানের দিকে নিয়ে যাওয়ার সময় স্থানীয় নারীরা ও এলাকাবাসী পুলিশ সদস্যদের ঘিরে ফেলে এবং মানবপ্রাচীর তৈরি করেন। এই পরিস্থিতিতে আরিফ কৌশলে পালিয়ে যান। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আরও পড়ুন: অফিসে সাংবাদিক এলেই বেঁধে পেটানোর হুমকি!

এদিকে, বুধবার দিবাগত রাত ও বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে টঙ্গীর তিলারগাতী ও সাতাইশ এলাকায় পৃথক অভিযান চালিয়ে পুলিশ স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করে। তারা হলেন— গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ৫২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিউল্লাহ ফয়সাল (৩০) এবং ৫১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সহ-সম্পাদক আব্দুর রশিদ মিয়া ওরফে রশিদ মণ্ডল (৫৮)। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, "নারীরা ঘেরাও করার পর আরিফ নামের ওই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কৌশলে পালিয়ে যান। পরে পুরো টিম নিয়ে এলাকায় অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি। তবে তিনি পুলিশের গাড়ি থেকে পালাননি।" অন্যদিকে, গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই নেতাকে মামলা দায়ের শেষে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নদীতে বিলীন সিকদার ও আকন বাড়ি, আশ্রয় সড়কের পাশে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫১ পি.এম


নদীতে বিলীন সিকদার ও আকন বাড়ি, আশ্রয় সড়কের পাশে

একসময় পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ও কাছিপাড়া ইউনিয়নের সিকদার বাড়ি ও আকন বাড়ি ছিল পাকা দালান, গোয়ালভরা গরু, গোলাভরা ধান এবং মাছভরা পুকুরের সমাহার। আত্মীয়স্বজন ও মানুষের পদচারণায় মুখরিত থাকত এই দুটি পরিবার। তবে, কয়েক প্রজন্ম ধরে সম্পদ, প্রভাব ও ঐতিহ্য বহন করা এই দুই পরিবারের আভিজাত্য এখন কেবল স্মৃতির পাতায়। তেতুলিয়া, কবাই ও কারখানা নদীর ভাঙনে বসতভিটা, ফসলি জমি ও পারিবারিক সম্পদ হারিয়ে পরিবারগুলোর সদস্যরা ছড়িয়ে-ছিটিয়ে গেছেন। কেউ সড়কের পাশে আশ্রয় নিয়েছেন, আবার কেউ অন্যের জমিতে বসবাস করছেন।

শুধু সিকদার ও আকন বাড়ি নয়, নদী তিনটির ভাঙনে বগা কাছিপাড়া এবং ফরিদপুর ইউনিয়নের বাহেরচর, পশ্চিম কাছিপাড়া, হাজীপুর ও গোপালিয়া, রঘুনদ্দিসহ কয়েকটি গ্রামের হাজারো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয়দের দাবি। কারও বসতঘর, কারও শেষ সম্বল ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। বর্তমানে বাজার, পুকুর, পাকা সড়ক ও তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ও ভাঙনের হুমকিতে রয়েছে। প্রতিদিন নদীর পাড় ভাঙছে এবং নিঃস্ব মানুষের সংখ্যা বাড়ছে।

কাছিপাড়া ইউনিয়ন, উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত কারখানা নদীর তীরে। এটি আয়তন, জনসংখ্যা, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যে বাউফলের একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। কিন্তু নদীভাঙনের কারণে এখানকার মানুষের জীবন থেকে হারিয়ে যাচ্ছে বসতভিটা, জীবিকা ও শেকড়ের স্মৃতি।

নদীভাঙনে নিঃস্ব হওয়া পরিবারগুলোর একজন নাসরিন বেগম (৩৫)। তিন ছেলেকে নিয়ে তাঁর সংসার। ২০০৭ সালে কাছিপাড়ার সিকদার বাড়ির ইব্রাহিম সিকদারের সঙ্গে বিয়ে হয় তাঁর। বিয়ের পর যে বাড়িতে সংসার শুরু করেছিলেন, সেই বাড়ির আর অস্তিত্ব নেই।

নাসরিন বলেন, "একসময় তাঁদের বাড়িতে ৫০ থেকে ৬০টি পরিবারের বসবাস ছিল। ছিল পাকা দালান, গোয়ালভরা গরু, ধানভরা গোলা, মাছভরা পুকুর ও পাকা ঘাটলা। আত্মীয়স্বজনের কাছে বাড়িটির আলাদা পরিচিতি ছিল।"

আক্ষেপ নিয়ে নাসরিন বলেন, "মাত্র দুই বছর আগেও সিকদার বাড়ির অস্তিত্ব ছিল। এখন স্বামী-সন্তান নিয়ে ফসলি জমিতে ঘর তুলে থাকতে হচ্ছে। কারখানা নদী আমার শ্বশুরবাড়ির সবকিছু গিলে খেয়েছে। একসময় এই বাড়িতে ১০০ থেকে ১৫০ মানুষের বসবাস ছিল। এখন আমড়া ছিন্নভিন্ন হয়ে গেছি।"

একটি পরিবারের কয়েক প্রজন্মের স্মৃতি, সম্পদ ও পরিচয় কীভাবে নদীতে হারিয়ে যেতে পারে, সিকদার বাড়ি যেন তারই উদাহরণ।

বাহেরচরের ৭৮ বছর বয়সী নিত্য গোপালের জীবনেও নদীভাঙন কেড়ে নিয়েছে সবকিছু। সড়কের পাশে টিনের ছাউনির ছোট্ট দোচালা ঘরে তাঁর বসবাস। পাশে একটি ছোট চায়ের দোকান রয়েছে। সেই দোকানের আয় এবং তিন মেয়ের সহযোগিতায় চলে তাঁর ও স্ত্রীর সংসার।

তাঁর কোনো ছেলে নেই। তিন মেয়েকে বিয়ে দিয়েছেন। বসতভিটা ও জমিজমা হারিয়ে এখন জীবনের শেষ প্রান্তে এসে তাঁর সবচেয়ে বড় দুশ্চিন্তা, মৃত্যুর পর শেষকৃত্য হবে কোথায়।

কান্নাজড়িত কণ্ঠে নিত্য গোপাল বলেন, "বাবার কাছ থেকে ছয় একর জমি পেয়েছিলাম। নদীভাঙনে সব গেছে। আমার জমি ভেঙে যে চর জেগেছে, সেই জায়গা প্রভাবশালীদের দখলে। মরার পর শ্মশানে যাওয়ার জায়গাটুকুও নেই।"

নিত্য গোপালের মতো অনুকূল, বাসুদেবসহ আরও অনেক পরিবার জমি ও বসতভিটা হারিয়ে আশ্রয় নিয়েছেন অন্যের জমিতে কিংবা সড়কের পাশে। তাঁদের অভিযোগ, নদীতে বিলীন হওয়া জমির বিপরীতে নতুন করে জেগে ওঠা চরে নিজেদের জমির অধিকারও ফিরে পাননি তাঁরা।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বাহেরচর থেকে গোপালিয়াবাঘা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে কারখানা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। এতে চররঘুনদ্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হিস্যাজাত সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোপালিয়াবাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকির মুখে পড়েছে।

বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক জাকির সিকদার, এফ এম মামুন ও সুনীল দাস জানান, নদীভাঙনের কারণে শিক্ষার্থী কমে যাচ্ছে। কোনো কোনো বিদ্যালয়ের খুব কাছেই চলে এসেছে নদী। আগে যে নদী ছিল প্রায় তিন কিলোমিটার দূরে, এখন সেটি বিদ্যালয় থেকে মাত্র ১০০ থেকে ১৫০ মিটার দূরে। দ্রুত তীর রক্ষা করা না গেলে বিদ্যালয়গুলো নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

হিস্যাজাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বালাল সিকদার (৫৪) বলেন, "এই বিদ্যালয় থেকেই আমি পড়াশোনা করেছি। ছোটবেলার স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠানটি চোখের সামনে হারিয়ে যাবে, এটা মেনে নেওয়া কঠিন। নদীর তীর রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।"

স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, ভাঙন অব্যাহত থাকলে বাহেরচর বাজারসহ আশপাশের বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানও রক্ষা করা কঠিন হবে।

নদীভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বিভিন্ন সময়ে জিওব্যাগ ফেলা হয়েছে। তবে এসব উদ্যোগ স্থায়ী সমাধান দিতে পারছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

কাছিপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইয়াকুব বলেন, "বর্ষা মৌসুমে পানি উন্নয়ন বোর্ড জিওব্যাগ ফেলে। কিন্তু ভাটার সময় সেগুলোর অনেক কিছুই আর খুঁজে পাওয়া যায় না। এভাবে ফসলি জমি, ঘরবাড়ি ও বসতভিটা হারাচ্ছে মানুষ। আমড়া দ্রুত ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা চাঁই।"

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বাহেরচর এলাকায় চররঘুনদ্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভাঙন রোধে জরুরি ভিত্তিতে ১০৫ মিটার অংশে জিওব্যাগ ডাম্পিং করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৫৯ লাখ ৬৫ হাজার টাকা। তবে গোপালিয়াবাঘা অংশে এখন পর্যন্ত কোনো কাজ বাস্তবায়ন করা হয়নি।

পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এমরান হোসেন বলেন, "কারখানা নদীসহ পায়রা নদীর ভাঙন রোধে একটি সমীক্ষার কাজ চলমান রয়েছে। সমীক্ষা প্রতিবেদন পাওয়ার পর স্থায়ী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের জন্য প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পাঠানো হবে।"

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালেহ বলেন, "নদীভাঙনের তীব্রতায় কাছিপাড়া ও কনকদিয়া ইউনিয়নের মানচিত্র ছোট হয়ে আসছে। মাসিক উন্নয়ন সভায় কাছিপাড়া ও কনকদিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সদস্যসহ জনপ্রতিনিধিরা বিষয়টি তুলে ধরে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। সরেজমিন পরিদর্শন করে ভাঙনের ভয়াবহতা দেখে জরুরি তীর রক্ষার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।"

একসময় যে নদী ছিল এই জনপদের জীবন-জীবিকার অংশ, সেই নদীই এখন কেড়ে নিচ্ছে মানুষের ঘরবাড়ি, জমি ও পূর্বপুরুষের স্মৃতি। সিকদার বাড়ি কিংবা নিত্য গোপালের ছয় একর জমিÑসবই এখন নদীর ওপারে হারিয়ে যাওয়া অতীত। আর নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর একটাই চাওয়া, অন্তত শেষ সম্বলটুকু যেন আর হারাতে না হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ: পৃথক তিন মামলায় গ্রেফতার ৯

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫১ পি.এম


রাজশাহীতে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ: পৃথক তিন মামলায় গ্রেফতার ৯
রাজশাহী মহানগরীতে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় দায়ের করা পৃথক তিনটি মামলায় নয়জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশ। গত ১০ থেকে ১২ নভেম্বর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, গত ৭ সেপ্টেম্বর ভোরে নগরীর ভদ্রা মোড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় বোয়ালিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। এ মামলায় গত ১১ নভেম্বর রাতে রাজপাড়া থানার নিমতলী এলাকা থেকে ইশরাক (৩২) ও জাহিদ হাসানকে (২৮) গ্রেফতার করা হয়।
অন্যদিকে, ১১ নভেম্বর সকালে কাদিরগঞ্জের দরিখরবোনা এলাকায় ঝটিকা মিছিলের ঘটনায় দায়ের করা আরেক মামলায় চারজনকে গ্রেফতার করে বোয়ালিয়া থানা পুলিশ। তারা হলেন আলী ইসলাম (৩২), জাহাঙ্গীর আলম (৩৫), আবু সালেহ মোহাম্মদ ওমর শরীফ ওরফে রাজিব (৫৫) এবং মিজান হোসেন দিপু (২৮)। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিছিলে উপস্থিত থাকার কথা স্বীকার করেছেন। এ মামলায় গ্রেফতার চারজনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।
এ ছাড়া, গত ১০ নভেম্বর রাতে ছোটবনগ্রাম পূর্বপাড়ায় যুবদলের আঞ্চলিক কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে ডিবি। তারা হলেন, রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শুভ কুমার মণ্ডল (২৭), সাবেক সাধারণ সম্পাদক নাহিদ হাসান (২৬) ও সাবেক ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ আলিফ (২২)। আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
পৃথক তিনটি মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান মুখপাত্র।#
 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমতলীতে স্বাস্থ্য সেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫১ পি.এম


আমতলীতে স্বাস্থ্য সেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

আজ সকালে আমতলী উপজেলা পরিষদ হল রুমে দাতা সংস্থা কনসার্ণের সহযোগিতায় আরএমএনসিএএইচ প্রকল্পের আওতায় স্বাস্থ্য সেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভা এনএসএস কর্তৃক আয়োজিত হয় এবং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার হাসান মো: হাফিজুর রহমান।

সভায় অন্যান্য উপস্থিতদের মধ্যে ছিলেন উপজেলা প্রকৌশলী মো ইদ্রিস আলী, আমতলী হাসপাতালের আরএমও আবদুল্লা আল যুবায়ের, আমতলী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো রাসেল, মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুনু বেগম, উপজেলা বর্ণ কর্মকর্তা মনিরুল হক, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহমুদ সেলিম, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, এনএসএস'র নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা এবং সাংবাদিক জাকির হোসেন।

সভায় প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী এএফএম সুজাউদ্দৌলা। উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রশাসক, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও ধর্মীয় নেতাসহ ৩০ জন প্রতিনিধি সভায় অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজার সৈকতে গবাদিপশু দেখলেই আইনগত ব্যবস্থা, নিলাম হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫২ পি.এম


কক্সবাজার সৈকতে গবাদিপশু দেখলেই আইনগত ব্যবস্থা, নিলাম হবে

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে গবাদিপশুর অবাধ বিচরণ এবং মলমূত্রের কারণে পরিবেশ দূষণ রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে জেলা প্রশাসন। এজন্য সৈকত ও পর্যটন এলাকার চারপাশে মাইকিং করে পশুর মালিকদের সতর্ক করার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ১৪ নভেম্বরের পর সৈকতে যদি কোনো গবাদিপশু দেখা যায়, তাহলে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পশু তাৎক্ষণিক নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির ১২৩তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সম্প্রতি সৈকতের বিভিন্ন স্থানে গবাদিপশুর অবাধ বিচরণ বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার মাহমুদুর রহমান সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সৈকতের নাজিরারটেক, ডায়াবেটিক পয়েন্ট, কবিতা চত্বর, লাবণী, সুগন্ধা, কলাতলী, দরিয়ানগর, হিমছড়ি ও ইনানী হয়ে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত বেলাভূমির বিভিন্ন এলাকায় গরু, মহিষ, ছাগল ও ভেড়া অবাধে বিচরণ করছে। পশুর মালিকদের অসচেতনতার কারণে সৈকতের বালিয়াড়িতে এসব পশু মলমূত্র ত্যাগ করছে। এর ফলে সৈকতের পরিবেশ ও সৌন্দর্য নষ্ট হচ্ছে, পাশাপাশি পরিবেশ সংরক্ষণ বিধানাবলি ও প্রচলিত আইন লঙ্ঘিত হচ্ছে।

এই পরিস্থিতিতে সৈকতের নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং পরিবেশগত শৃঙ্খলা বজায় রাখতে আগামী ১৪ নভেম্বরের মধ্যে পুরো সৈকত এলাকায় মাইকিং জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে গবাদিপশুর মালিকদের সতর্ক ও সচেতন করা হবে। কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের সহকারী কমিশনার মাহামুদুর রহমান সায়েম ১১ নভেম্বর পাঠানো এক চিঠিতে এসব নির্দেশনার কথা উল্লেখ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%