বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:০৬ এম
আর্জেন্টাইন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। তার এই সিদ্ধান্তে বিশ্বজুড়ে আবেগ ও আক্ষেপের স্রোত বইছে। মেসির অসংখ্য ভক্তের মধ্যে অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদও রয়েছেন, যিনি তার বিদায়ে মন খারাপ করেছেন।
নাদিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে মেসিকে নিয়ে তার অনুভূতি প্রকাশ করেছেন। তিনি লেখেন, "আজ থেকে ৩১ আগস্ট তারিখটি আমার ও আমার মায়ের জন্মদিনের পাশাপাশি আরও একটি কারণে আমার কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। কারণ, ‘দ্য গ্রেটেস্ট’ লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।"
মেসির বিদায়ের ফলে আর্জেন্টিনার জার্সিতে তাকে আর দেখতে না পাওয়ার দুঃখও প্রকাশ করেছেন নাদিয়া। তিনি বলেন, "এখন থেকে এই জার্সিতে তাকে আর দেখতে পাব না। নিঃসন্দেহে, একটি যুগের অবসান হলো। ভারাক্রান্ত মনে আমরা লিও মেসিকে মিস করব। তবে তিনি চিরকাল আমাদের মনে বেঁচে থাকবেন।"
নাদিয়া মেসির ক্যারিয়ারের অসংখ্য স্মরণীয় মুহূর্তের কথাও তুলে ধরেন। ফুটবল মাঠে মেসির জাদুকরী পারফরম্যান্স আর্জেন্টিনা সমর্থকদের জন্য কতটা গর্বের বিষয় ছিল, সেটিও তিনি উল্লেখ করেন।
নাদিয়ার ভাষায়, "ফুটবলে তোমার জাদুকরী মুহূর্তগুলোর জন্য ধন্যবাদ, লিও মেসি। বিশেষ করে আমরা, আর্জেন্টিনার সমর্থকরা, তোমার কাছে চিরকাল কৃতজ্ঞ ও ঋণী থাকব প্রতিবার আমাদের গর্বিত করার জন্য। ধন্যবাদ, লিও। তোমার জাদু, তোমার অর্জন আর তোমার স্মৃতি চিরকাল আমাদের হৃদয়ে থাকবে।"
নাদিয়ার এই আবেগঘন পোস্টে ফুটে উঠেছে আর্জেন্টাইন মহাতারকার প্রতি তার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছেন।
তিনি বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে পৌঁছান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান জানান, রাষ্ট্রপতি চিকিৎসাধীন মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং কিছু সময় তার শয্যাপাশে অবস্থান করেন। এ সময় তিনি মন্ত্রীর সুস্থতার জন্য দোয়া করেন।
এর আগে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ইকবাল হাসান মাহমুদ টুকুকে হাসপাতালে ভর্তি করা হয়।
মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লা আল কায়েস জানিয়েছেন, গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শারীরিক পরীক্ষার ও সুচিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সেপ্টেম্বর মাসে দেশে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সময়ে ভারী বৃষ্টিপাতের ফলে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় সেপ্টেম্বর মাসের আবহাওয়ার পূর্বাভাস প্রদান করা হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, চলতি মাসে দেশের দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে। এর ফলে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, মৃদু তাপপ্রবাহের সময় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং মাঝারি তাপপ্রবাহের সময় ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।
এদিকে, সেপ্টেম্বর মাসে দেশে তিন থেকে পাঁচ দিন বজ্রঝড় হতে পারে। বঙ্গোপসাগরে এক থেকে তিনটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
নদ-নদীর পরিস্থিতি নিয়ে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, সেপ্টেম্বর মাসে দেশের প্রধান নদ-নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও জানানো হয়েছে, এ মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ৪ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৫ ঘণ্টা থাকতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের ক্যান্টিনে এক নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর অভিযুক্ত ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানাধীন নাটোর এলাকায় চলন্ত ট্রেনে এই ঘটনা ঘটে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সান্তাহার রেলওয়ে থানা-পুলিশ আবু বক্কর সিদ্দিককে আদমদীঘি আমলি আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তার হওয়া আবু বক্কর সিদ্দিক নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঢাকা থেকে কুড়িগ্রাম যাচ্ছিলেন ওই নারী। ট্রেনটি নাটোর এলাকায় পৌঁছালে আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন তাকে জোরপূর্বক ট্রেনের ক্যান্টিনে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী নারীর চিৎকার শুনে ট্রেনের কয়েকজন যাত্রী ক্যান্টিনে এগিয়ে আসেন। এ সময় আবু বক্কর সিদ্দিককে আটক করে ওই নারীকে উদ্ধার করেন তারা।
পরে মঙ্গলবার সকালে ভুক্তভোগী নারী সান্তাহার রেলওয়ে থানায় উপস্থিত হয়ে ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিক, দুই পুলিশ সদস্যসহ মোট পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।
সান্তাহার রেলওয়ে থানার পুলিশ মামলার পর অভিযান চালিয়ে আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা নতুন করে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আরব দেশগুলোকে সতর্ক করেছে। দেশটির রাজনৈতিক উপপ্রধান জেনারেল ইয়াদোল্লাহ জাভানি উল্লেখ করেছেন যে, আরব দেশগুলোর ভূখণ্ডে অবস্থানরত মার্কিন বাহিনী ও সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়া উচিত। তিনি সতর্ক করেছেন যে, যদি সেসব ঘাঁটি থেকে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হয়, তাহলে পাল্টা সামরিক জবাব দেওয়া হবে।
আধা-সরকারি ইরানি বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া এক বক্তব্যে জাভানি বলেছেন, মার্কিন বাহিনীকে নিজেদের ভূখণ্ড থেকে সরিয়ে নিয়ে আরব দেশগুলোর জন্য ঘাঁটিগুলোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়া উচিত।
তিনি আরও সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে হামলা চালাতে যে ঘাঁটি বা ভূখণ্ড ব্যবহার করা হবে, সেগুলোই ইরানের পাল্টা হামলার লক্ষ্য হতে পারে। এ প্রসঙ্গে তিনি বিশেষভাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানের নাম উল্লেখ করেন।
জাভানির এই বক্তব্যটি এমন একটি সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা চালানোর পর তেহরানও মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ ও সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। ইরান কুয়েত, বাহরাইন ও জর্ডানে হামলার দাবি করেছে। অন্যদিকে, জর্ডান ও বাহরাইন কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে।
এ পরিস্থিতি ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতকে আরও বিস্তৃত করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে ঘিরে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর রাজনৈতিক ও নিরাপত্তাজনিত চাপও বাড়ছে। তথ্যসূত্র: আল জাজিরা, রয়টার্স
তালাশ বিডি/মিডিয়া লিঃ