বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
১১:৪৩ এম
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শহীদ তারেক হুদা হলের ক্যান্টিনে পরিবেশিত খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে খাবার খেতে গিয়ে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জোসেফ আহমেদ খিচুড়ির সঙ্গে দেয়া মুরগির ঝোলে তেলাপোকা দেখতে পান।
তিনি জানান, দুপুরের খাবারের জন্য তিনি খিচুড়ি ও ডিম কারি নিয়েছিলেন। তবে ডিম কারিতে ঝোল না থাকায় ক্যান্টিনের কর্মীরা তাকে মুরগির তরকারি থেকে ঝোল দেন। সেই ঝোলেই একটি মৃত তেলাপোকা দেখতে পান তিনি। বিষয়টি ক্যান্টিনের কর্মী ও বাবুর্চিদের জানালে তারা দাবি করেন, রান্না শেষ হওয়ার পর পোকাটি উড়ে এসে খাবারে পড়েছে।
ওই শিক্ষার্থী আরও বলেন, 'তেলাপোকাটি রান্নার সময়ই খাবারের মধ্যে ছিল। পরে রান্নাঘরে গিয়ে দেখি সেখানকার পরিবেশও অত্যন্ত অপরিচ্ছন্ন। অবশিষ্ট মুরগির মাংস ফেলে দেয়ার অনুরোধ জানালেও ক্যান্টিন কর্তৃপক্ষ তা না ফেলে অন্য শিক্ষার্থীদের কাছে পরিবেশন করছে।'
একই ক্যান্টিনে এর আগেও বেশ কয়েকবার পচা-বাসি খাবার পরিবেশন এবং খাবারে পোকা পাওয়ার অভিযোগ করেন ওই হলের আবাসিক শিক্ষার্থীরা।
এ বিষয়ে জানতে চাইলে শহীদ তারেক হুদা হলের ক্যান্টিন মালিক মো. গফুর বলেন, 'আমরা জেনেশুনে কাউকে খারাপ কিছু খাওয়ানোর পক্ষে নই। পরিষ্কার-পরিচ্ছন্নভাবে খাবার তৈরি ও পরিবেশনের চেষ্টা করি। তবে মাঝেমধ্যে ভুলবশত কিছু ছোটোখাটো ত্রুটি হয়ে যেতে পারে।'
ভবিষ্যতে এ ধরনের বিষয়ে আরও সতর্ক থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, ক্যান্টিনের সব কর্মচারীকে ডেকে বিষয়টি জানানো হবে এবং এ বিষয়ে সতর্ক করা হবে।
এ বিষয়ে শহীদ তারেক হুদা হলের সহকারী প্রভোস্ট ফরহাদ হোসেন বলেন, 'খাবারে তেলাপোকা বা নিম্নমানের উপকরণ ব্যবহারের বিষয়ে এটিই তার কাছে প্রথম অভিযোগ। এর আগে ক্যান্টিন মালিকের চাহিদার পরিপ্রেক্ষিতে হল প্রশাসন রান্নাঘর ও ধোয়ামোছার স্থান সম্প্রসারণ করেছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে হল কর্তৃপক্ষ নিয়মিত তদারকি করে থাকে।'
তিনি আরও বলেন, 'শিক্ষার্থীরা এ ধরনের সমস্যার মুখোমুখি হলে তাৎক্ষণিকভাবে হল কর্তৃপক্ষকে জানালে দ্রুত ব্যবস্থা নেয়া সম্ভব হতো। বিষয়টি নিয়ে হল প্রভোস্টের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে। পাশাপাশি ক্যান্টিনের নতুন টেন্ডার প্রক্রিয়াও চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের কন্যা মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিবির ওয়ারী বিভাগের একটি দল মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। ডিবি সূত্রে এই তথ্য প্রকাশিত হয়েছে।
২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে আনোয়ারুল আজীম আনার নিখোঁজ ও হত্যার শিকার হওয়ার পর ডরিন আলোচনায় আসেন। বাবার নিখোঁজ হওয়ার ঘটনায় তিনি বিভিন্ন সময় গণমাধ্যমে বক্তব্য প্রদান করেছেন। পাশাপাশি বাবার হত্যাকাণ্ডের বিচার দাবি করতেও তিনি সক্রিয় ছিলেন।
ডিবি সূত্র জানায়, ডরিনের স্থায়ী ঠিকানা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে অবস্থিত। বর্তমানে তার ঠিকানা রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায়। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য এখনও পাওয়া যায়নি। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্বামী ফোনের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়েছেন। এর ফলে নিয়মিত নামাজ আদায়েও তিনি ব্যর্থ হচ্ছেন। স্ত্রী বারবার বোঝানোর চেষ্টা করলেও তিনি উল্টো রাগান্বিত হয়ে কথা বলা বন্ধ করে দেন। স্বামীকে দ্বীনের পথে ফিরিয়ে আনার এবং তার ভালোবাসা ও সম্মান পাওয়ার উপায় জানতে চেয়ে এক নারী ইসলামি প্রশ্নোত্তরবিষয়ক ওয়েবসাইট ইফতায় পরামর্শ চেয়েছেন।
মুফতি ওলি উল্লাহ প্রশ্নের জবাবে ওই নারীকে পরামর্শ দিয়েছেন যে, পারিবারিক মুরব্বিদের মাধ্যমে বৈঠক করে স্বামীকে বোঝানোর চেষ্টা করতে হবে। তিনি আরও বলেছেন, স্বামীকে দ্বীনি পরিবেশে সময় কাটানোর জন্য চিল্লায় পাঠানোর কথাও ভাবা যেতে পারে।
স্বামীকে নিয়মিত নামাজি করার জন্য একটি পৃথক আমলের লিংকও মুফতি প্রদান করেছেন। তবে তিনি জানিয়েছেন, স্বামী যেন স্ত্রীকে ভালোবাসেন, সে জন্য নির্দিষ্ট কোনো আমল তার জানা নেই।
দাম্পত্য সম্পর্কের ভালোবাসা বৃদ্ধি করতে স্ত্রীর জন্য কিছু কৌশল ও আচরণগত পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, স্বামীর সামনে সুন্দর ও আকর্ষণীয় পোশাক পরা, চুল পরিপাটি রাখা এবং স্বামী যখন ঘরে ফিরবেন, তখন হাসিমুখে সালাম দিয়ে তাকে স্বাগত জানানো। ঘরে ফেরার পরপরই সমস্যা বা অভিযোগের কথা না তুলে, স্বামীকে কিছুটা মানসিক বিরতি দেওয়ার কথাও বলা হয়েছে।
এছাড়া, শাশুড়ির সঙ্গে ভালো আচরণ করা, স্বামীর ভালো কাজের প্রশংসা করা, তার কথা ধৈর্য ধরে শোনা এবং ঘরের কাজে সহযোগিতার জন্য ধন্যবাদ জানানোর পরামর্শও দেওয়া হয়েছে। স্বামীকে নিয়মিত ভালোবাসার কথা জানানো এবং পরিবারের জন্য তার পরিশ্রম ও উপার্জনের প্রশংসা করতেও বলা হয়েছে।
জবাবে আরও উল্লেখ করা হয়েছে, প্রতিটি ওয়াক্তের নামাজে আল্লাহর কাছে স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা ও সহমর্মিতার বন্ধন দৃঢ় করার দোয়া করতে হবে। পাশাপাশি তাহাজ্জুদের সময় স্বামীকে নামাজের জন্য ডাকতে এবং দুজনের জন্য আল্লাহর কাছে তাকওয়া অর্জনের প্রার্থনা করতে বলা হয়েছে।
এদিকে, যদি স্বামী স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকেন, তাহলে সুরা বাকারার ১৬৫ নম্বর আয়াত মিষ্টিজাতীয় খাবারের ওপর পড়ে ফুঁ দিয়ে স্বামীকে খাওয়ানোর একটি আমলের কথাও জবাবে উল্লেখ করা হয়েছে। তবে মুফতি ওলি উল্লাহ স্পষ্ট করেছেন, এই আমলের পক্ষে নির্দিষ্ট কোনো দলিল নেই। কিছু ধর্মীয় ব্যক্তিত্বের কাছ থেকে এমন আমলের কথা শোনা যায় বলে তিনি উল্লেখ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে দেশের বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা টানা দীর্ঘ ছুটি পাচ্ছেন। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ১২ দিন, মাদরাসার জন্য ১৫ দিন এবং কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ১৮ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকা পর্যালোচনার মাধ্যমে এই তথ্য পাওয়া গেছে। প্রতিষ্ঠানভেদে ছুটি শুরুর এবং শেষের তারিখে কিছু পার্থক্য রয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ১২ দিন
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ে আগামী ২০ ডিসেম্বর থেকে শীতকালীন অবকাশ শুরু হবে। এই ছুটি ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে।
২০ ডিসেম্বরের আগে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা টানা ছুটি ভোগ করবে। এর পাশাপাশি ২৫ ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষে বড়দিনের ছুটি রয়েছে। সব মিলিয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা টানা ১২ দিনের ছুটি উপভোগ করবে।
মাধ্যমিক বিদ্যালয়েও ১২ দিনের ছুটি
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়েও ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ থাকবে। ছুটি শুরুর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় এই স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও টানা ১২ দিনের ছুটি মিলবে।
কলেজে ছুটি ১৮ দিন
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে। এর আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ছুটি রয়েছে।
৩১ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে বিজয় দিবস থেকে শুরু করে সাপ্তাহিক ছুটিসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা টানা ১৮ দিনের ছুটি পাবেন।
মাদরাসায় ছুটি ১৫ দিন
সরকারি ও বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় ১৩ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। ছুটির আগে ও পরে দুই দিন করে সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে মাদরাসায় টানা ১৫ দিনের ছুটি থাকবে।
এই ছুটির মাধ্যমে ২০২৬ সালের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নির্ধারিত ছুটি শেষ হবে। তবে ছুটির তালিকায় প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত দুই দিনের ছুটি প্রয়োগের সুযোগ রয়েছে। যদি কোনো প্রতিষ্ঠান এ ছুটি ব্যবহার করে, তাহলে সেখানকার শিক্ষক ও শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের চেয়ে আরও দুই দিন বেশি ছুটি পেতে পারেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও বর্তমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন সহ-সভাপতি বি এম হারুন-অর রশিদ পিনুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ফরিদপুর সদরের কানাইপুর এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। পিনুর বিরুদ্ধে নাশকতা, যৌথ বাহিনীর ওপর হত্যার উদ্দেশ্যে হামলা, থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং জনজীবন বিপর্যস্ত করার অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার রাত ২টা ৫০ মিনিটে ফরিদপুর সদরের কানাইপুর এলাকায় ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের বাড়ি থেকে তাকে আটক করা হয়। বাড়ির মালিকের উপস্থিতিতে তাকে আটক করে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার হওয়া বিএম হারুন-অর রশিদ পিনুর বয়স ৫২ বছর। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের বাসিন্দা। পিনু রাতইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, কাশিয়ানী থানা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, পিনু আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের নেতৃত্বস্থানীয় সংগঠক হিসেবে পরিচিত। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ