ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গোপালগঞ্জে নিষিদ্ধ কার্যক্রমের অভিযোগে আ.লীগ নেতা পিনু গ্রেপ্তার


গোপালগঞ্জে নিষিদ্ধ কার্যক্রমের অভিযোগে আ.লীগ নেতা পিনু গ্রেপ্তার

গোপালগঞ্জের কাশিয়ানীতে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও বর্তমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন সহ-সভাপতি বি এম হারুন-অর রশিদ পিনুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ফরিদপুর সদরের কানাইপুর এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। পিনুর বিরুদ্ধে নাশকতা, যৌথ বাহিনীর ওপর হত্যার উদ্দেশ্যে হামলা, থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং জনজীবন বিপর্যস্ত করার অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার রাত ২টা ৫০ মিনিটে ফরিদপুর সদরের কানাইপুর এলাকায় ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের বাড়ি থেকে তাকে আটক করা হয়। বাড়ির মালিকের উপস্থিতিতে তাকে আটক করে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার হওয়া বিএম হারুন-অর রশিদ পিনুর বয়স ৫২ বছর। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের বাসিন্দা। পিনু রাতইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, কাশিয়ানী থানা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।

আরও পড়ুন: রিজভী: শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের চেয়ে বেশি

প্রাপ্ত তথ্য অনুযায়ী, পিনু আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের নেতৃত্বস্থানীয় সংগঠক হিসেবে পরিচিত। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সময়ের গল্প বলেই জনপ্রিয় ‘দার-ই-নিজাত’ নাটক

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৩ এম


সময়ের গল্প বলেই জনপ্রিয় ‘দার-ই-নিজাত’ নাটক

প্রেম, সম্পর্কের টানাপোড়েন, বিশ্বাসভঙ্গ এবং আত্মপরিচয়ের সংকটের মতো বিষয়গুলি নিয়ে নির্মিত পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’। এই নাটকটি চার তরুণ-তরুণীর জীবনের গল্পের মাধ্যমে জেন-জি প্রজন্মের মনস্তাত্ত্বিক জটিলতাগুলি তুলে ধরেছে। গল্প বলার ধরন এবং চরিত্রগুলোর বাস্তবধর্মী উপস্থাপনার কারণে নাটকটি দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে।

নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন উমেরা আহমেদ এবং পরিচালনা করেছেন সাকিব খান। নাটকে জারিয়াব, জামিল, আবু বকর ও হামনা- এই চার তরুণ-তরুণীর জীবন, সম্পর্ক, প্রত্যাশা এবং সংকটের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

গল্পে ভালোবাসা, ব্যক্তিগত আকাঙ্ক্ষা, পারিবারিক দায়িত্ব, ধর্মীয় বিশ্বাস, আত্মপরিচয় এবং জীবনের অর্থ খোঁজার মতো বিষয়গুলো উঠে এসেছে। নাটকে সম্পর্কের প্রতি প্রত্যাশা ও বাস্তবতার সংঘাত তরুণদের মানসিক জীবনে কীভাবে প্রভাব ফেলে, সেটিও দেখানো হয়েছে।

বিশেষ করে জারিয়াবের চরিত্রে ভালোবাসার সম্পর্কের প্রত্যাখ্যাত হওয়ার ভয় এবং অন্যের স্বীকৃতির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা ফুটে উঠেছে। দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যাওয়ার পর তার মধ্যে মানসিক অস্থিরতা ও আত্মমর্যাদার সংকট তৈরি হয়।

অন্যদিকে জামিলের চরিত্রে ভিন্ন ধরনের দ্বন্দ্ব দেখা যায়। ধনী পরিবারের সন্তান হয়েও সে নিজের ব্যর্থতা এবং আবেগগত দুর্বলতার মুখোমুখি হতে চায় না। নিজের পরিচয় ও জীবনযাপনে পরিবর্তন আনার চেষ্টা করলেও অতীতের ভুলের দায় স্বীকার করতে তার অনীহা রয়েছে।

এভাবে চারটি চরিত্রের ভিন্ন অভিজ্ঞতা ও মানসিক অবস্থার মধ্য দিয়ে তরুণ প্রজন্মের সম্পর্ক, সিদ্ধান্ত এবং ব্যক্তিগত সংকটের নানা দিক তুলে ধরেছে ‘দার-ই-নিজাত’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত’— আসলে কী বলছে ইসলাম?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৪ এম


‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত’— আসলে কী বলছে ইসলাম?

‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত’—এই উক্তিটি মুসলিম সমাজে ব্যাপকভাবে প্রচলিত। অনেকেই এটিকে রাসুলুল্লাহ (সা.)-এর হাদিস হিসেবে উল্লেখ করেন। তবে হাদিস বিশারদদের মতে, এই বাক্যটি কোনো সহিহ হাদিসে হুবহু পাওয়া যায় না। তাই এটিকে সরাসরি রাসুলুল্লাহ (সা.)-এর বাণী হিসেবে প্রচার করা সঠিক নয়।

ইসলামের বিভিন্ন সূত্র অনুযায়ী, স্বামীর মর্যাদা ও স্ত্রীর প্রতি তার অধিকারের বিষয়ে সহিহ হাদিসে যে নির্দেশনা রয়েছে, তার ভাবার্থ থেকেই এই উক্তিটি সমাজে প্রচলিত হয়েছে বলে আলেমরা ব্যাখ্যা করেছেন।

মুআত্তা মালেক, মুসনাদে আহমাদ এবং মুসতাদরাকে হাকেমে বর্ণিত একটি হাদিসে দেখা যায়, এক নারী সাহাবি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে আসলে তিনি জানতে চান, তার স্বামী আছেন কি না। নারীটির হ্যাঁ-সূচক উত্তর পাওয়ার পর নবীজি (সা.) জানতে চান, স্বামীর সঙ্গে তার আচরণ কেমন।

নারীটি জবাবে জানায়, সাধ্যের মধ্যে স্বামীর আনুগত্য ও খেদমতে তিনি কোনো অবহেলা করেন না। তখন রাসুলুল্লাহ (সা.) তাকে স্বামীর সঙ্গে আচরণের বিষয়ে সতর্ক থাকতে বলেন। হাদিসে উল্লেখ রয়েছে, ‘সে-ই তোমার জান্নাত এবং তোমার জাহান্নাম।’ (মুআত্তা মালেক, হাদিস: ৯; মুসনাদে আহমাদ, হাদিস: ১৯০০৩; মুসতাদরাকে হাকেম, হাদিস: ২৭৬৯)

আলেমদের ব্যাখ্যা অনুযায়ী, স্বামীর বৈধ অধিকার যথাযথভাবে আদায় এবং তার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে একজন স্ত্রী জান্নাত লাভের সুযোগ পেতে পারেন। অন্যদিকে, স্বামীর ন্যায্য অধিকার অস্বীকার করলে পরকালে জবাবদিহির মুখোমুখি হতে হতে পারেন।

তবে ইসলাম শুধু স্ত্রীর দায়িত্বের কথাই বলেনি; স্বামীর ওপরও স্ত্রীর অধিকার আদায় এবং তার সঙ্গে সদাচরণের নির্দেশ দিয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘আর স্বামীদের যেমন তাদের (স্ত্রীদের) ওপর ন্যায়সংগত অধিকার রয়েছে, তেমনি স্ত্রীদেরও স্বামীদের ওপর ন্যায়সংগত অধিকার রয়েছে।’ (সুরা আল-বাকারা: ২২৮)

এ ছাড়া বিদায় হজের ভাষণে রাসুলুল্লাহ (সা.) পুরুষদের নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করার নির্দেশ দিয়েছিলেন। (সহিহ মুসলিম, হাদিস: ১২১৮)

ইসলামি শিক্ষায় দাম্পত্যজীবনের ভিত্তি হলো পারস্পরিক সম্মান, দায়িত্ব পালন এবং একে অপরের অধিকার রক্ষা। তাই ‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত’ কথাটিকে হাদিস হিসেবে প্রচার না করে কোরআন ও নির্ভরযোগ্য হাদিসে বর্ণিত স্বামী-স্ত্রীর পারস্পরিক দায়িত্ব ও অধিকারের শিক্ষা তুলে ধরার ওপর গুরুত্ব দিয়েছেন আলেমরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবে দুই বন্দরে হুতির ক্ষেপণাস্ত্র হামলা, রিয়াদের আকাশে বিকট বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৪ এম


সৌদি আরবে দুই বন্দরে হুতির ক্ষেপণাস্ত্র হামলা, রিয়াদের আকাশে বিকট বিস্ফোরণ

হুতি বিদ্রোহীরা দাবি করেছে, ইয়েমেনের হোদেইদাহ বন্দরে দফায় দফায় বিমান হামলার প্রতিক্রিয়ায় সৌদি আরবের জেদ্দা ও জিজান বন্দরে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এদিকে, সৌদি রাজধানী রিয়াদে একটি বড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

গত ১৭ নভেম্বর, ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের লোহিত সাগর উপকূলের হোদাইদাহ বন্দরে ভয়াবহ বিমান হামলা চালায়। বুধবার (২৫ নভেম্বর) সেই হামলার পাল্টা জবাব হিসেবে হুতিরা তাদের কার্যক্রম শুরু করে।

হামলার পর ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে জানায়, তারা সৌদি আরবের জেদ্দা ও জিজান বন্দরের বিরুদ্ধে দুটি সামরিক অভিযান পরিচালনা করেছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রথম অভিযানে জেদ্দা বন্দরের নির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করা হয়েছে। দ্বিতীয় অভিযানে জিজান বন্দরের লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানা হয়েছে। উভয় স্থানে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

গোষ্ঠীটি আরও জানায়, হোদেইদা বন্দরে যেকোনো ধরনের আগ্রাসনের জন্য তাৎক্ষণিক ও সরাসরি জবাব দেয়া হবে। তারা ‘বন্দরের বদলে বন্দর’ নীতি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

ইয়েমেনের বিরুদ্ধে চলমান আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না হলে সৌদি আরবের কৌশলগত অবকাঠামো ও সামরিক সমাবেশ লক্ষ্য করে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি।

হোদেইদা বন্দর খাদ্য, জ্বালানি ও মানবিক সহায়তার প্রবেশের একটি গুরুত্বপূর্ণ পথ। ইয়েমেনের সশস্ত্র বাহিনী বারবার সতর্ক করে বলেছে, এই বন্দরে হামলা হলে সৌদি আরবের কৌশলগত ও অর্থনৈতিক স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালানো হবে।

হুতিদের দাবি, সৌদি নেতৃত্বাধীন আগ্রাসন ও অবরোধের বিরুদ্ধে তাদের এই প্রতিরোধমূলক পদক্ষেপ। ২০১৫ সালের মার্চে শুরু হওয়া আগ্রাসন ও অবরোধের পরিপ্রেক্ষিতে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোতে যেকোনো ধরনের হামলার পাল্টা জবাব দেয়া হবে বলেও তারা জানিয়েছে।

হুতিদের এই হামলার কথা সৌদি সামরিক জোটও স্বীকার করেছে। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, একটি ক্ষেপণাস্ত্র জিজান বন্দরে এসে পড়েছে।

এ ঘটনায় সামান্য ক্ষয়ক্ষতি হলেও কোনো বেসামরিক নাগরিক নিহত বা আহত হননি বলেও জানান মালিকি। তিনি আরও জানান, নিক্ষেপ করা ওই বস্তুটির প্রকৃতি নির্ধারণের চেষ্টা চলছে।

সৌদি সামরিক জোট এক বিবৃতিতে জানায়, জেদ্দা বন্দরের কাছে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। তবে এর কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বা কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।

একই দিনে, সৌদি আরবের বৃহত্তম শোধনাগার রাস তানুরা এবং রিয়াদের আর্থিক কেন্দ্রগুলোতেও হামলার দাবি করে গোষ্ঠীটি। হামলার পর তেল রাস তানুরা শোধনাগারটিতে আগুন ধরে যায়। তিন ধাপে হামলা চালানো হয় রিয়াদের আর্থিক কেন্দ্রগুলোতে।

তবে শোধনাগারটি সরাসরি আক্রান্ত হয়েছে কিনা, তা নিশ্চিত করেনি সৌদি নেতৃত্বাধীন জোট। এছাড়া পূর্বাঞ্চলীয় প্রদেশের রাস তানুরায় চারটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে জোট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিজভী: শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের চেয়ে বেশি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৯ এম


রিজভী: শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের চেয়ে বেশি

বাংলাদেশে শ্রমিকদের জন্য নতুনভাবে নির্ধারিত ন্যূনতম মজুরি ভারত ও পাকিস্তানসহ উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় বেশি, এমন দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে নবগঠিত শ্রমিক দলের নেতাকর্মীদের সঙ্গে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি জানান।

রিজভী বলেন, ‘সম্প্রতি চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলন নিরসনে নজরুল ইসলাম খান অভিভাবকের ভূমিকা পালন করে এক যুগান্তকারী সমাধানে পৌঁছাতে সহায়তা করেছেন। সিদ্ধান্তের আলোকে শ্রমিকদের মজুরি প্রায় ৩৬ শতাংশ বাড়ানো হয়েছে।’

তিনি আরো উল্লেখ করেন, ‘নতুন মজুরি কাঠামো অনুযায়ী সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা এবং গ্রেডভেদে সর্বোচ্চ মজুরি ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে সর্বনিম্ন ক্ষেত্রে মজুরি ৪ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ ক্ষেত্রে ৬ হাজার ৪৬৫ টাকা বেড়েছে। নির্ধারিত এই মজুরি ভারত ও পাকিস্তানসহ উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় বেশি।’

জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে শ্রমিকদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

তিনি অভিযোগ করেন, দেশে ক্রান্তিকাল তৈরির চেষ্টা চলছে এবং বলেন, ‘তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে। কিছু কিশোর গ্যাং ও তাদের কিছু লোক দিয়ে এ অস্থিরতা তৈরি করছে।’

রিজভী ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে আর পা রাখতে পারবেন না উল্লেখ করে বলেন, ‘১৬ ডিসেম্বর নাকি তারা বাংলাদেশ দখল করবে। এ জাতির ওপর অন্য কেউ আগ্রাসন চালিয়ে কোনো আধিপত্যবাদী শক্তি ক্ষমতা দেখাতে পারবে না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%