ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিএমজেএ সিলেট কমিটির নির্বাচনে সভাপতি আরিফ, সম্পাদক নুরুল


বিএমজেএ সিলেট কমিটির নির্বাচনে সভাপতি আরিফ, সম্পাদক নুরুল

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

নগরীর বারুতখানাস্থ একটি অভিজাত হোটেলে শনিবার (২৮ নভেম্বর) এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফলে সভাপতি পদে এএইচ আরিফ, সাধারণ সম্পাদক পদে মো. নুরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে রুবেল আহমদ নির্বাচিত হন। সকাল ১১টায় এসোসিয়েশনের বিদায়ী সভাপতি মোহিদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় সাংগঠনিক সভা শুরু হয়। সভায় সংগঠনের সদস্যবৃন্দ নিজেদের বক্তব্য উপস্থাপন করেন।

পরে দুপুর ১২টায় প্রধান নির্বাচন কমিশনার ও সিলেটের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশিক উদ্দিন, সহকারী নির্বাচন কমিশনার মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্নেল (অব.) আতাউর রহমান পীর, নর্থ ইস্ট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী এবং সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদের নেতৃত্বে ভোটগ্রহণ শুরু হয়।

আরও পড়ুন: চাঁদপুরে কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে বাইসাইকেল আরোহী নিহত

ভোটগ্রহণ শেষে দুপুর ২টায় নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে শাহ মো. কয়েছ আহমদ ২৯ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেওয়ান আরাফাত চৌধুরী ৮ ভোট পান।

সহ-সভাপতি পদে ১৯ ভোট পেয়ে জাবেদ এমরান নির্বাচিত হন, যেখানে প্রতিদ্বন্দ্বী অমিতা সিনহা ১৮ ভোট পান। সহ-সাধারণ সম্পাদক পদে ২৬ ভোট পেয়ে নির্বাচিত হন সুলাইমান আহমদ (সোহেল), প্রতিদ্বন্দ্বী বাবুল খাঁন মুন্না ১১ ভোট পান।

কোষাধ্যক্ষ পদে ২৬ ভোট পেয়ে নির্বাচিত হন রুবেল আহমদ, যেখানে প্রতিদ্বন্দ্বী আশরাফ উল্লাহ ইমন ১১ ভোট পান। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২০ ভোট পেয়ে নির্বাচিত হন মো. শাহীন আলম, প্রতিদ্বন্দ্বী মো. আকমল হোসেন সুমন ১৭ ভোট পান।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন ফরহান আহমদ চৌধুরী, যেখানে প্রতিদ্বন্দ্বী আশরাফুল ইসলাম ১৮ ভোট পান। এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য পদে যথাক্রমে মোশাররফ হোসেন খাঁন অমিত ৩৩ ভোট পেয়ে প্রথম, ২৫ ভোট পেয়ে সাইদুর রহমান ২য় এবং ২৪ ভোট পেয়ে তারেক আহমদ নির্বাচিত হন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর গোবিন্দগঞ্জ সফর সফল করতে গাইবান্ধায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নির্বাচন চলাকালে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক ও জালালাবাদ গ্যাস লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা কামরুল হাসান শাহীন, গোয়াইনঘাট এম সাইফুর রহমান টেকনিক্যাল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল করিম আলো এবং মুর্শেদ আহমদ মুকুল, জেলা বারের এপিপি অ্যাডভোকেট আল-আসলাম মুনিম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী ও তছির আলী সহ আরও অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে বাইসাইকেল আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


চাঁদপুরে কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে বাইসাইকেল আরোহী নিহত

চাঁদপুর, ২৮ নভেম্বর ২০২৬ : জেলার শাহরাস্তি উপজেলায় আজ একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে ১৭ বছর বয়সী ফয়সাল নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ শনিবার সকাল ১০টার দিকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের শাহরাস্তি রাঢ়া কাজী বাড়ির সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ফয়সাল শাহরাস্তি উপজেলার আজাগরা গ্রামের মোল্লা বাড়ির করিম মোল্লার পুত্র। তিনি ওয়ারুক বাজারের স্বপ্ন সুপারশপে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার সকালে ফয়সাল বাইসাইকেল চালিয়ে নিজ বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কে শাহরাস্তি রাঢ়া কাজী বাড়ির সামনে একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শাহরস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়ার সময় ফয়সালের মৃত্যু ঘটে।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঙ্গোল সাম্রাজ্যে ইসলামের বিস্তার ঘটানো গাজান খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


মঙ্গোল সাম্রাজ্যে ইসলামের বিস্তার ঘটানো গাজান খান

মঙ্গোল সাম্রাজ্যের ইতিহাসে গাজান খানের নাম বিশেষভাবে স্মরণীয়। তিনি ছিলেন চেঙ্গিস খানের বংশধর এবং ইসলামের গ্রহণের মাধ্যমে মঙ্গোল শাসনব্যবস্থায় একটি নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন।

১২৯৫ সালে ইসলাম গ্রহণের পর তিনি মাহমুদ নাম ধারণ করেন। তার নেতৃত্বে ইরানকেন্দ্রিক ইলখানাত সাম্রাজ্য ধীরে ধীরে একটি মুসলিম রাষ্ট্রের পরিচয় পেতে শুরু করে।

গাজান খানের ইসলাম গ্রহণ শুধুমাত্র একটি ব্যক্তিগত ধর্মান্তরের ঘটনা ছিল না। এর সঙ্গে যুক্ত ছিল ক্ষমতার দ্বন্দ্ব, রাজনৈতিক কৌশল, সাম্রাজ্যের ভবিষ্যৎ এবং পারস্যের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে মঙ্গোলদের সংযোগ। তার শাসনামলে সাম্রাজ্যের প্রশাসন, রাজস্বব্যবস্থা, কৃষি ও বাণিজ্যে ব্যাপক সংস্কার হয়। তবে প্রতিবেশী মুসলিম শাসক মামলুকদের সঙ্গে যুদ্ধও অব্যাহত ছিল।

যেভাবে ইসলাম গ্রহণ করেন গাজান খান

১২৯৫ সালের গ্রীষ্মকাল। বর্তমান ইরানের উত্তরাঞ্চলে আলবোর্জ পর্বতমালার দামাভান্দ এলাকার লার সমভূমিতে এক গুরুত্বপূর্ণ ঘটনার প্রস্তুতি চলছিল। সেখানে গাজান খান উপস্থিত ছিলেন। তিনি ছিলেন হালাকু খানের প্রপৌত্র এবং মঙ্গোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চেঙ্গিস খানের পঞ্চম বংশধর।

গাজান তখন খোরাসানের গভর্নর এবং ইরানকেন্দ্রিক ইলখানাত সাম্রাজ্যের সিংহাসনের অন্যতম শক্তিশালী দাবিদার ছিলেন। তার ইসলাম গ্রহণের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আমির নওরোজ। নওরোজের সঙ্গে বিরোধ মিটিয়ে তার পরামর্শে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন গাজান।

ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, শেখ সদর আল-দিন হামাভির উপস্থিতিতে কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করেন তিনি। তার সঙ্গে দরবারের বেশ কয়েকজন কর্মকর্তা ও অনুগত ব্যক্তিও ইসলাম গ্রহণ করেন। নতুন ইসলামি নাম নেন মাহমুদ এবং পরে ‘মুয়াজ্জালুদ্দিন’ উপাধিও গ্রহণ করেন।

পরবর্তী সময়ে গাজান খানের দরবারের ইতিহাসবিদ ও প্রধানমন্ত্রী রশিদ আল-দিন হামাদানি তার বিখ্যাত গ্রন্থ ‘জামি আল-তাওয়ারিখ’-এ এই ধর্মান্তরের বিবরণ তুলে ধরেন। ইসলাম গ্রহণের পর একটি উৎসবের আয়োজন করা হয়। একই সঙ্গে আলেম, ইমাম ও সৈয়দদের পৃষ্ঠপোষকতা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য দান ও ওয়াকফের ব্যবস্থা করেন গাজান।

ইতিহাসবিদদের মতে, এই ধর্মান্তর ইলখানাত সাম্রাজ্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বাঁকবদল। গাজানের ইসলাম গ্রহণের পর মঙ্গোল অভিজাত ও সেনাসদস্যদের মধ্যে ইসলাম গ্রহণের প্রবণতা বৃদ্ধি পেতে শুরু করে। ধীরে ধীরে ইলখানাত একটি মুসলিম সাম্রাজ্য হিসেবে পরিচিতি লাভ করে।

বৌদ্ধ পরিবারে বেড়ে ওঠা

গাজান খানের জন্ম ১২৭১ সালের ৫ নভেম্বর ইরানের আবস্কন শহরে। তার দাদা আবাকা খান এবং বাবা আরঘুন খান দুজনই বৌদ্ধ ছিলেন। ফলে শৈশবে তিনি বৌদ্ধ ধর্মীয় পরিবেশেই বেড়ে ওঠেন।

এর আগে গাজানের চাচা তেকুদার ইসলাম গ্রহণ করে আহমদ নাম ধারণ করেছিলেন। কিন্তু আরঘুন তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে ইসলামের প্রতি অনুকূল নীতিগুলো বাতিল করেন। তিনি মুসলিম মামলুকদের বিরুদ্ধে ইউরোপের খ্রিস্টান শক্তিগুলোর সঙ্গে জোট গড়ার চেষ্টা করেছিলেন, তবে সেই উদ্যোগ সফল হয়নি।

আরঘুনের শাসনামলে ইহুদি সম্প্রদায়ের সা'দ আল-দাওলা প্রধানমন্ত্রী নিযুক্ত হন। পরে আরঘুন অসুস্থ হয়ে পড়লে রাজনৈতিক বিরোধীদের হাতে নিহত হন সা'দ আল-দাওলা।

আরঘুনের মৃত্যুর পর তার ভাই গেখাতু এবং পরে চাচাতো ভাই বাইদু ক্ষমতায় আসেন। এর আগে ১২৮৪ সালে আরঘুন গাজানকে উত্তর-পূর্ব পারস্যের ভাইসরয় নিযুক্ত করেছিলেন। পরবর্তী সময়ে ওই অঞ্চলে চাগতাই মঙ্গোলদের পাশাপাশি বিদ্রোহী আমির নওরোজের বিরুদ্ধেও লড়াই করতে হয় তাকে।

গেখাতুর সঙ্গে গাজানের সম্পর্ক ভালো ছিল না। অন্যদিকে বাইদুর ক্ষমতা দখলকে কেন্দ্র করে তাদের বিরোধ প্রকাশ্য সংঘাতে রূপ নেয়। প্রাথমিক লড়াই এবং সাময়িক যুদ্ধবিরতির পর ১২৯৫ সালে ক্ষমতার দ্বন্দ্ব চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। এ সময় নওরোজের সঙ্গে সমঝোতা করে তার পরামর্শে ইসলাম গ্রহণ করেন গাজান।

সিংহাসনে আরোহণ ও ক্ষমতা সুসংহত করা

ইসলাম গ্রহণের পর গাজান খান বাইদুর বিরুদ্ধে অভিযান চালান। তাকে পরাজিত করে ১২৯৫ সালের ৩ নভেম্বর ইলখানাত সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন। পরে বাইদুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

তবে সিংহাসনে বসার পরপরই নানা বিদ্রোহের মুখে পড়তে হয় গাজানকে। ক্ষমতা সুসংহত করতে এসব বিদ্রোহ কঠোর হাতে দমন করেন তিনি। বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে রাজপরিবারের অন্তত পাঁচজন রাজকুমারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

গাজানকে ক্ষমতায় বসাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আমির নওরোজও বেশিদিন তার আস্থাভাজন থাকতে পারেননি। মামলুকদের সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগে শেষ পর্যন্ত তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়।

ইসলাম গ্রহণের পরও বিভিন্ন ধর্মের মানুষের প্রতি সহনশীলতার নীতি বজায় রেখেছিলেন গাজান। ঐতিহাসিক স্যার টমাস ওয়াকার আর্নল্ড তার ‘দ্য প্রিচিং অব ইসলাম’ গ্রন্থে উল্লেখ করেছেন, কিছু বৌদ্ধ ভিক্ষু মন্দির ধ্বংসের পর প্রাণ বাঁচাতে ইসলাম গ্রহণ করেছিলেন। বিষয়টি জানার পর গাজান তাদের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা দিয়ে তিব্বত, কাশ্মীর ও ভারতের অন্যান্য অঞ্চলে ফিরে যাওয়ার অনুমতি দেন।

তিনি খ্রিস্টানদের জিজিয়া কর থেকেও অব্যাহতি দিয়েছিলেন। ১২৯৬ সালে খ্রিস্টান ধর্মীয় নেতা তৃতীয় মার ইয়াভালাহাকে তার পদে পুনর্বহাল করেন। ১২৯৮ সালের ২১ জুলাই তাবরিজে ধর্মীয় উগ্রপন্থীরা গির্জা ও সিনাগগ ধ্বংস করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তি দেওয়া হয়।

মামলুকদের সঙ্গে সংঘাত

গাজান খান মুসলিম শাসক হলেও মিশরকেন্দ্রিক মামলুকদের সঙ্গে তার পরিবারের দীর্ঘদিনের শত্রুতা বজায় ছিল। মামলুকরা নিজেদের ইসলামের রক্ষক হিসেবে দাবি করত। অন্যদিকে গাজানও মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী শাসক হিসেবে নিজের অবস্থান প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।

১২৯৯ সালে তিনি সিরিয়া অভিযান শুরু করেন। হিমসের কাছে মামলুক বাহিনীকে পরাজিত করে দামেস্কে প্রবেশ করেন। এ বিজয় ইলখানাত সাম্রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ সামরিক সাফল্য হিসেবে বিবেচিত হয়। তবে মঙ্গোল বাহিনী পারস্যে ফিরে যাওয়ার পর মামলুকরা আবার সিরিয়ার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

১৩০০ সালে গাজান দ্বিতীয়বার সিরিয়া আক্রমণের উদ্যোগ নেন। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে সামরিক অভিযান চালানো সম্ভব হয়নি। পরে ১৩০৩ সালে তৃতীয়বারের মতো সিরিয়া অভিযান পরিচালনা করেন তিনি। এবার দামেস্কের দক্ষিণে মারজ আল-সাফফার এলাকায় মামলুক বাহিনীর কাছে মঙ্গোলরা বড় পরাজয়ের মুখে পড়ে।

মুসলিম শাসক হওয়ার পরও মামলুকদের সঙ্গে তার এই সংঘাত প্রমাণ করে, গাজানের রাজনৈতিক ও সামরিক লক্ষ্য কেবল ধর্মীয় পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না। সাম্রাজ্যের বিস্তার ও আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠাই ছিল তার অন্যতম প্রধান উদ্দেশ্য।

ইবনে তাইমিয়ার সঙ্গে ঐতিহাসিক সাক্ষাৎ

সিরিয়ায় গাজান খানের সামরিক অভিযানে উদ্বিগ্ন হয়ে মামলুক শাসকরা মুসলিম আলেম ও পণ্ডিতদের সঙ্গে আলোচনা করেন। ১৩০০ সালে দামেস্কে মঙ্গোল বাহিনীর অবস্থান এবং নতুন করে হামলার আশঙ্কার মধ্যে বিশিষ্ট আলেমদের একটি প্রতিনিধিদল গাজানের শিবিরে যায়।

এই প্রতিনিধিদলে ছিলেন বিখ্যাত ইসলামি চিন্তাবিদ ও ফকিহ ইবনে তাইমিয়া। তাদের উদ্দেশ্য ছিল গাজানকে দামেস্কে নতুন করে আক্রমণ করা থেকে বিরত রাখা।

ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, গাজানের সামনে উপস্থিত হয়ে প্রতিনিধিদলের অন্য সদস্যরা কথা বলতে ইতস্তত করলেও ইবনে তাইমিয়া সরাসরি তার সঙ্গে কথা বলেন। তিনি গাজানকে প্রশ্ন করেন, নিজেকে মুসলিম দাবি করার পরও কেন মুসলিম ভূখণ্ডে আক্রমণ চালানো হচ্ছে।

ইবনে তাইমিয়া তাকে স্মরণ করিয়ে দেন, গাজানের বাবা ও দাদা অমুসলিম হওয়া সত্ত্বেও তারা মুসলিমদের সঙ্গে করা প্রতিশ্রুতি ভঙ্গ করেননি। অথচ গাজান মুসলিম পরিচয় ধারণ করেও প্রতিশ্রুতি রক্ষা করছেন না।

ইবনে কাসিরের ‘আল-বিদায়া ওয়ান-নিহায়া’ গ্রন্থে এই সাক্ষাতের সঙ্গে সম্পর্কিত একটি দোয়ার উল্লেখ রয়েছে। সেখানে ইবনে তাইমিয়া আল্লাহর কাছে প্রার্থনা করেন, গাজান ও তার বাহিনী যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা এবং তার পথে জিহাদের উদ্দেশ্যে লড়াই করে, তবে তাদের সাহায্য করা হোক। আর তাদের উদ্দেশ্য যদি কেবল দুনিয়াবি ক্ষমতা ও সম্পদ অর্জন হয়, তবে সে অনুযায়ী প্রতিদান দেওয়া হোক।

গাজান খান ইউরোপের খ্রিস্টান শাসকদের সঙ্গেও মৈত্রী গড়ার চেষ্টা করেন। তার লক্ষ্য ছিল দুই দিক থেকে মামলুকদের ওপর চাপ সৃষ্টি করা।

পোপ বোনিফেস অষ্টমসহ ইউরোপের বিভিন্ন শাসকের কাছে দূত ও চিঠি পাঠিয়ে যৌথ সামরিক অভিযানের প্রস্তাব দেন তিনি। ১৩০২ সালের ১২ এপ্রিল পোপের কাছে পাঠানো একটি চিঠিতে সিরিয়া অভিযানের পরিকল্পনা তুলে ধরেন গাজান। এতে ইউরোপীয় শাসকদের নিজ নিজ সেনাবাহিনী প্রস্তুত করে নির্ধারিত সময়ে অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

তবে ইউরোপীয় শক্তিগুলোর কাছ থেকে প্রত্যাশিত সামরিক সহযোগিতা পাওয়া যায়নি। ফলে গাজানের পরিকল্পনা অনুযায়ী যৌথ অভিযান বাস্তবায়িত হয়নি। শেষ পর্যন্ত ১৩০৩ সালে ইউরোপীয় সহায়তা ছাড়াই সিরিয়ায় অভিযান চালায় মঙ্গোল বাহিনী। কিন্তু মামলুকদের কাছে পরাজিত হয়ে তাদের পিছু হটতে হয়।

প্রশাসন ও অর্থনীতিতে ব্যাপক সংস্কার

গাজান খানের শাসনামল শুধুমাত্র সামরিক অভিযান কিংবা ধর্মান্তরের জন্য গুরুত্বপূর্ণ নয়। প্রশাসন, রাজস্ব, কৃষি, বাণিজ্য ও বিচারব্যবস্থায়ও তিনি ব্যাপক সংস্কার করেন। তার এসব উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন প্রধানমন্ত্রী ও বিশিষ্ট ইতিহাসবিদ রশিদ আল-দিন হামাদানি।

গাজান বুঝতে পেরেছিলেন, দীর্ঘদিনের যুদ্ধ ও মঙ্গোলদের শাসনব্যবস্থার কারণে পারস্যের অর্থনীতি ও কৃষি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে যাযাবর মঙ্গোল অভিজাতদের চাঁদাবাজি, অতিরিক্ত কর আদায় এবং প্রশাসনিক দুর্নীতিতে সাধারণ মানুষ বিপর্যস্ত ছিল।

এ পরিস্থিতি পরিবর্তনে কর ও ভূমি ব্যবস্থায় সংস্কার আনেন তিনি। কৃষকদের ওপর অতিরিক্ত করের চাপ কমানো, সরকারি রাজস্বব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দুর্নীতি নিয়ন্ত্রণে উদ্যোগ নেন। একই সঙ্গে মুদ্রা ও পরিমাপের মান নির্ধারণ করেন।

বণিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাণিজ্যের প্রসারে কঠোর নির্দেশনা জারি করেন। কাফেলা লুটকারী ডাকাত ও গ্রামাঞ্চলে অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত বিচারের ব্যবস্থা করেন। পাশাপাশি সেতু মেরামত, সড়ক উন্নয়ন এবং সীমান্তে রাজস্ব আদায়ের জন্য নির্দিষ্ট কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেন।

তার এসব সংস্কারের ফলে সাম্রাজ্যের অর্থনৈতিক ও প্রশাসনিক কাঠামোতে শৃঙ্খলা ফিরে আসে। ইতিহাসবিদদের মতে, পারস্যের কৃষি ও বাণিজ্য পুনরুজ্জীবনে গাজানের উদ্যোগ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জ্ঞান-বিজ্ঞান ও শিল্পকলায় আগ্রহ

গাজান খান শুধু একজন দক্ষ শাসক ও সেনাপতিই ছিলেন না, জ্ঞান-বিজ্ঞানের প্রতিও তার গভীর আগ্রহ ছিল। প্রাকৃতিক ইতিহাস, চিকিৎসাশাস্ত্র, জ্যোতির্বিজ্ঞান ও রসায়নসহ বিভিন্ন বিষয়ে তার জানাশোনা ছিল। বিভিন্ন ধরনের হস্তশিল্পেও দক্ষ ছিলেন তিনি।

বাইজেন্টাইন ইতিহাসবিদ জর্জ পাচিমেরেসের বর্ণনায়, ঘোড়ার জিন, লাগাম, রেকাব ও বর্ম তৈরিতে গাজানের বিশেষ দক্ষতা ছিল। ধাতু তৈরি, সেলাই ও পালিশের কাজেও পারদর্শী ছিলেন তিনি। যুদ্ধের বাইরে অবসর সময়ে এসব কাজে সময় দিতেন।

মঙ্গোলীয় মাতৃভাষার পাশাপাশি আরবি, ফারসি, হিন্দি, কাশ্মীরি, তিব্বতি, চীনা ও ফরাসি ভাষায় তার দক্ষতা ছিল বলে বিভিন্ন ঐতিহাসিক বিবরণে উল্লেখ করা হয়েছে।

তার পৃষ্ঠপোষকতায় প্রধানমন্ত্রী রশিদ আল-দিন মঙ্গোলদের ইতিহাস সংকলনের উদ্যোগ নেন। পরে সেই ইতিহাসের পরিধি বাড়িয়ে এশিয়া ও ইউরোপের বিভিন্ন জাতির ইতিহাসও অন্তর্ভুক্ত করা হয়। গ্রন্থটি ‘জামি আল-তাওয়ারিখ’ নামে পরিচিতি লাভ করে। বিশ্ব ইতিহাস রচনার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ একটি প্রাচীন গ্রন্থ।

গাজানের শাসনামলে মসজিদ, মাদ্রাসা ও অন্যান্য ইসলামি প্রতিষ্ঠান নির্মাণে পৃষ্ঠপোষকতা বাড়ে। বিশেষ করে রাজধানী তাবরিজ ও এর আশপাশে ধর্মীয় স্থাপনা এবং জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের বিকাশ ঘটে।

গাজান খানের ইসলাম গ্রহণের পর ইলখানাত সাম্রাজ্যে ইসলামের প্রভাব বাড়লেও মঙ্গোলদের প্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য পুরোপুরি বিলুপ্ত হয়নি। মঙ্গোল আইন বা ‘ইয়াসা’ তখনো প্রচলিত ছিল। পাশাপাশি মঙ্গোল শামানপন্থী ধর্মীয় নেতাদেরও রাজনৈতিক প্রভাব ছিল।

ইতিহাসবিদ রেভেন অমিতাই-প্রিস্টের মতে, গাজান ইসলামের পৃষ্ঠপোষকতা করলেও মঙ্গোল ঐতিহ্যের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি। তার শাসনামলে পুরোনো মঙ্গোল আইন ও রীতিনীতির পাশাপাশি ইসলামি আইন ও প্রতিষ্ঠানও গুরুত্ব পেতে থাকে।

ইসলাম গ্রহণের পর প্রথম দিকে বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ওপর কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল। অনেক বৌদ্ধ মন্দির ধ্বংস করা হয় এবং বৌদ্ধ ধর্মীয় নেতাদের ইসলাম গ্রহণ অথবা সাম্রাজ্য ছেড়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়। তবে পরবর্তী সময়ে খ্রিস্টান ও ইহুদিদের ওপর চাপ কমানো হয় এবং বিভিন্ন ধর্মের মানুষের প্রতি সহনশীলতা ফিরে আসে।

ইতিহাসবিদদের মতে, গাজানের ধর্মীয় নীতিতে ব্যক্তিগত বিশ্বাসের পাশাপাশি রাজনৈতিক বাস্তবতা ও সাম্রাজ্যের স্থিতিশীলতা রক্ষার বিষয়টিও গুরুত্বপূর্ণ ছিল।

মৃত্যু ও উত্তরসূরি নির্বাচন

জীবনের শেষ দিকে গাজান খান ব্যক্তিগত ও পারিবারিক নানা সংকটের মুখোমুখি হন। তার স্ত্রী কোকাচিনের মৃত্যুর পর তিনি গভীরভাবে শোকাহত হয়ে পড়েছিলেন বলে ঐতিহাসিক বিবরণে উল্লেখ রয়েছে। একবার আমিরদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘জীবন একটি কারাগার, আশীর্বাদ নয়।’

১৩০৩ সালে সিরিয়ায় সামরিক অভিযান পরিচালনার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। নিজের কোনো পুত্রসন্তান না থাকায় ১৩০৪ সালের মার্চ বা এপ্রিল মাসে ছোট ভাই ওলজেইতুকে উত্তরসূরি মনোনীত করেন।

১৩০৪ সালের ১৭ মে মারা যান গাজান খান। তার মৃত্যুর মধ্য দিয়ে ইলখানাত সাম্রাজ্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটে। পরে তার ভাই ওলজেইতু সিংহাসনে আরোহণ করেন। তিনিও ইসলাম গ্রহণ করেন এবং মুসলিম শাসক হিসেবে ইলখানাত পরিচালনা করেন।

ইরান ও মঙ্গোল ইতিহাসে গাজানের প্রভাব

ইতিহাসবিদদের মতে, ১২৯৫ সালে গাজান খান ক্ষমতায় আসার সময় ইলখানাত সাম্রাজ্য একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে ছিল। একদিকে মঙ্গোলদের যাযাবর সামরিক ঐতিহ্য, অন্যদিকে ইরানের সুপ্রাচীন সভ্যতা ও প্রশাসনিক কাঠামো—এই দুইয়ের মধ্যে সমন্বয় প্রতিষ্ঠা ছিল বড় চ্যালেঞ্জ।

গাজান খান সেই সমন্বয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার শাসনামলে মঙ্গোল সামরিক ও রাজনৈতিক কাঠামোর সঙ্গে পারস্যের প্রশাসনিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের মেলবন্ধন ঘটে।

তার ইসলাম গ্রহণ ইলখানাতের ধর্মীয় পরিচয় বদলে দেওয়ার পাশাপাশি ইরানের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসেও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। মঙ্গোল শাসকগোষ্ঠী ও স্থানীয় মুসলিম জনগোষ্ঠীর মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। পরবর্তী সময়ে মঙ্গোল ও তুর্কি জনগোষ্ঠীর মধ্যে ভাষা, সংস্কৃতি, সামরিক ঐতিহ্য ও সামাজিক রীতিনীতির আদান-প্রদানও বাড়তে থাকে।

ইতিহাসবিদ বিট্রিস ফোর্বস মানজ তার ‘দ্য রাইজ অ্যান্ড রুল অব তেমুরলং’ গ্রন্থে দেখিয়েছেন, মঙ্গোল শাসনামলে মধ্য এশিয়ার যাযাবর ঐতিহ্য, তুর্কি জনগোষ্ঠীর সংস্কৃতি এবং বসতি স্থাপনকারী কৃষিভিত্তিক সমাজের মধ্যে দীর্ঘমেয়াদি মেলবন্ধন তৈরি হয়েছিল। এর ফলে মঙ্গোলদের কয়েকটি উত্তরসূরি রাষ্ট্রে নতুন তুর্কি-মঙ্গোল পরিচয়ের বিকাশ ঘটে।

অন্যদিকে ইতিহাসবিদ গ্যাভিন আর জে হ্যাম্বলি মনে করেন, মধ্যপ্রাচ্যের প্রচলিত ইসলামি সভ্যতার সঙ্গে মঙ্গোলদের একীভূত করার ক্ষেত্রে গাজান খান নির্ধারক ভূমিকা পালন করেছিলেন। তার প্রশাসনিক ও ভূমি সংস্কার কৃষকদের দুর্ভোগ কমানো এবং সরকারি আয় বাড়ানোর উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল। বাণিজ্য সুরক্ষা, সড়ক ও সেতু উন্নয়ন এবং মুদ্রা ও পরিমাপের মান নির্ধারণও ছিল তার সংস্কার কর্মসূচির অংশ।

গাজান খানের এসব উদ্যোগ মঙ্গোল ও পারস্যবাসীর মধ্যে একটি অভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিচয় গড়ে তোলার পথ তৈরি করেছিল। তার শাসনামলে ইলখানাত সাম্রাজ্য কেবল সামরিক শক্তির ওপর নির্ভরশীল একটি রাষ্ট্র থেকে প্রশাসনিক ও সাংস্কৃতিকভাবে সুসংগঠিত সাম্রাজ্যে রূপ নেওয়ার সুযোগ পায়।

তবে তার শাসনামলে ক্ষমতার দ্বন্দ্ব, রাজনৈতিক হত্যাকাণ্ড এবং ধর্মীয় সংঘাতও ছিল। সিংহাসনের প্রতিদ্বন্দ্বীদের নির্মমভাবে দমন করার নীতি সাম্রাজ্যের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে প্রভাবিত করে। তার মৃত্যুর মাত্র তিন দশকের মধ্যে ১৩৩৫ সালে ইলখানাত রাজবংশের পতন শুরু হয় এবং সাম্রাজ্য ভেঙে পড়ে।

সব মিলিয়ে, গাজান খানের ইসলাম গ্রহণ ছিল মঙ্গোল ও পারস্য ইতিহাসের এক গুরুত্বপূর্ণ বাঁকবদল। তার হাত ধরে ইলখানাত সাম্রাজ্যে ইসলামের প্রাতিষ্ঠানিক বিস্তার ঘটে এবং মঙ্গোল শাসনব্যবস্থা নতুন ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় লাভ করে। একই সঙ্গে তার প্রশাসনিক সংস্কার ও জ্ঞানচর্চার পৃষ্ঠপোষকতা তাকে মধ্যযুগের অন্যতম আলোচিত মঙ্গোল শাসকে পরিণত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরায় জাল নোট প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


সাতক্ষীরায় জাল নোট প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরা, ২৮ নভেম্বর, ২০২৬ : জেলার কলারোয়া উপজেলায় আজ জাল নোটের প্রচলন প্রতিরোধে এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. মঞ্জুর রহমান।

কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের সাতক্ষীরা প্রিন্সিপাল অফিসের সহকারি মহাব্যবস্থাপক মো. রবিউল ইসলাম ও শেখ সালাউদ্দিন এবং বাংলাদেশ ব্যাংকের খুলনা কার্যালয়ের যুগ্ম-পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান।

কর্মশালায় বক্তারা জাল নোট শনাক্তকরণের বিভিন্ন কৌশল, প্রচলিত মুদ্রার নিরাপত্তা বৈশিষ্ট্য, বৈধ লেনদেন এবং জাল নোট ব্যবহারের আইনগত দিক ও শাস্তির বিষয়ে আলোচনা করেন। বক্তারা সঠিক মুদ্রায় লেনদেন নিশ্চিত করার জন্য জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকার ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।

সোনালী ব্যাংকের কলারোয়া শাখার সহকারি মহাব্যবস্থাপক ও শাখাপ্রধান শেখ নাহিদুজ্জামান মিঠু কর্মশালার সমন্বয় করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. মনিরুল ইসলাম ও আয়েশা উদ্দিন জ্যোতি।

এ কর্মশালায় ব্যাংকারবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিক ও গ্রাহকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ৬, দাবি ১৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ৬, দাবি ১৭

মিয়ানমারের সামরিক বাহিনী কর্তৃক পরিচালিত বিমান হামলায় দেশের সংঘাতপূর্ণ অঞ্চলের একটি বিয়ের অনুষ্ঠানস্থল ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার শান ও কারেনি রাজ্যের সীমান্তবর্তী মোয়ে বাই এলাকার একটি গ্রামে এ হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। তবে এক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, নিহতের সংখ্যা ১৭ জন পর্যন্ত হতে পারে।

হামলার পর আহতদের রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার ভিডিও এবং ছবি প্রকাশিত হয়েছে। যদিও ভিডিওটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি। ওই গ্রামে অনেক বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। পর্যবেক্ষণ সংস্থা এসিএলইডির তথ্য অনুযায়ী, সংঘাতের বিভিন্ন পক্ষের হামলায় এ পর্যন্ত এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।

মোয়ে বাই শহরটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও আশপাশের গ্রামগুলোতে বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যক্রম অব্যাহত রয়েছে। এক প্রত্যক্ষদর্শী এএফপিকে জানিয়েছেন, বিমান ওড়ার শব্দ শুনলেও তিনি প্রথমে ভেবেছিলেন তাদের এলাকায় হামলা হবে না। পরে বাড়িতে ঢোকার সময় বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং হামলাস্থল থেকে ঘন ধোঁয়া উঠতে দেখেন।

প্রত্যক্ষদর্শী জানান, বোমাটি আঘাত হানে একটি বিয়ের অনুষ্ঠানে। সেখানে বাস্তুচ্যুত দুই ব্যক্তির বিয়ের প্রস্তুতি চলছিল। বিস্ফোরণের পর তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১৭টি মরদেহ ও অনেক আহত ব্যক্তিকে দেখতে পান বলে জানান।

গ্রামবাসীদের দেওয়া ছবিতে ছয়টি মরদেহ দেখা গেছে। এর মধ্যে একজন নারী ও একটি শিশুও রয়েছে। তবে ছবিগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি। এ ঘটনায় মন্তব্যের জন্য মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%