প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিয়ানমারের সামরিক বাহিনী কর্তৃক পরিচালিত বিমান হামলায় দেশের সংঘাতপূর্ণ অঞ্চলের একটি বিয়ের অনুষ্ঠানস্থল ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার শান ও কারেনি রাজ্যের সীমান্তবর্তী মোয়ে বাই এলাকার একটি গ্রামে এ হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। তবে এক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, নিহতের সংখ্যা ১৭ জন পর্যন্ত হতে পারে।
হামলার পর আহতদের রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার ভিডিও এবং ছবি প্রকাশিত হয়েছে। যদিও ভিডিওটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি। ওই গ্রামে অনেক বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। পর্যবেক্ষণ সংস্থা এসিএলইডির তথ্য অনুযায়ী, সংঘাতের বিভিন্ন পক্ষের হামলায় এ পর্যন্ত এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।
মোয়ে বাই শহরটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও আশপাশের গ্রামগুলোতে বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যক্রম অব্যাহত রয়েছে। এক প্রত্যক্ষদর্শী এএফপিকে জানিয়েছেন, বিমান ওড়ার শব্দ শুনলেও তিনি প্রথমে ভেবেছিলেন তাদের এলাকায় হামলা হবে না। পরে বাড়িতে ঢোকার সময় বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং হামলাস্থল থেকে ঘন ধোঁয়া উঠতে দেখেন।
প্রত্যক্ষদর্শী জানান, বোমাটি আঘাত হানে একটি বিয়ের অনুষ্ঠানে। সেখানে বাস্তুচ্যুত দুই ব্যক্তির বিয়ের প্রস্তুতি চলছিল। বিস্ফোরণের পর তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১৭টি মরদেহ ও অনেক আহত ব্যক্তিকে দেখতে পান বলে জানান।
গ্রামবাসীদের দেওয়া ছবিতে ছয়টি মরদেহ দেখা গেছে। এর মধ্যে একজন নারী ও একটি শিশুও রয়েছে। তবে ছবিগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি। এ ঘটনায় মন্তব্যের জন্য মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন