০৯:৫১ এম
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলার প্রেক্ষাপটে ফ্লাইট পরিচালনায় বিধি-নিষেধের কারণে বাংলাদেশ থেকে সৌদিগামী এবং সৌদি আরব হয়ে চলাচলকারী বিভিন্ন এয়ারলাইনসের ১১৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ১৭ হাজার ৭০১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। এর মধ্যে সরাসরি ফ্লাইট ৫০টি এবং ট্রানজিট ফ্লাইট ৬৪টি। এই অবস্থায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইনস রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে।
এদিকে আগামী ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। তবে দাম্মাম বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন হবে। অনুমতি এবং পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
গতকাল শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা পাওয়ার পর ওই রুটে ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যাত্রীদের যথাসময়ে এ বিষয়ে জানানো হবে।
আরও পড়ুন: ২৪ ঘন্টায় ডিএমপি’তে ট্রাফিক আইন লঙ্ঘনে ২১১১টি মামলা
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক কাউসার মাহমুদ জানিয়েছেন, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত বিধি-নিষেধের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৮টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১২টি এবং রিয়াদ এয়ারের ১০টি সরাসরি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের সাতটি, ফ্লাই দুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার পাঁচটি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, সৌদি আরবের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট যথারীতি চালু রয়েছে। জরুরি প্রয়োজনে যাত্রীরা এ দুটি বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যাত্রীদের চাহিদা বিবেচনায় মদিনা রুটে অধিক যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। এই ব্যবস্থা ১৮ অক্টোবর পর্যন্ত চালু থাকবে। ১৯ অক্টোবর থেকে এই রুটে আগের মতো বোয়িং ৭৮৭ উড়োজাহাজ পরিচালনা করা হবে। পাশাপাশি জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
বিমান জানিয়েছে, আগামী ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। তবে এক্ষেত্রে দাম্মাম বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন হবে। অনুমতি ও পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন: ভূমি খাতে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন