০৯:৫২ এম
মানবজীবনে সুস্থতা মহান আল্লাহর একটি গুরুত্বপূর্ণ নিয়ামত। সুস্থ দেহ, শ্রবণশক্তি এবং দৃষ্টিশক্তির মাধ্যমে মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারে, জ্ঞান অর্জন করতে পারে এবং আল্লাহর ইবাদত-বন্দেগি সঠিকভাবে সম্পাদন করতে সক্ষম হয়। অনেক সময় মানুষ এই নিয়ামতের যথার্থ মূল্য উপলব্ধি করতে পারে না। তবে রাসুলুল্লাহ (সা.) প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় নিজের দেহ, শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তির সুস্থতা কামনা করে একটি বিশেষ দোয়া পাঠ করতেন। দোয়াটি হলো,
اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي، اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي، اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي، لَا إِلَهَ إِلَّا أَنْتَ
উচ্চারণ : আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সাময়ি, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা।
আরও পড়ুন: মক্কায় ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
অর্থ : হে আল্লাহ! আমার দেহকে সুস্থ রাখুন। হে আল্লাহ! আমার শ্রবণশক্তিকে সুস্থ ও সুরক্ষিত রাখুন। হে আল্লাহ! আমার দৃষ্টিশক্তিকে সুস্থ ও সুরক্ষিত রাখুন। আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই।
হাদিস : বিশিষ্ট সাহাবি হজরত আবদুর রহমান ইবন আবু বাকরা (রহ.) তাঁর পিতাকে প্রশ্ন করেন, ‘হে আমার পিতা! আমি আপনাকে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় তিনবার এই দোয়া পড়তে শুনি। এর কারণ কী?’ জবাবে তাঁর পিতা আবু বাকরা (রা.) বলেন, তিনি রাসুলুল্লাহ (সা.)-কে এই দোয়া পাঠ করতে শুনেছেন এবং তিনি তাঁর সুন্নাহ অনুসরণ করতে পছন্দ করেন। (আবু দাউদ, হাদিস: ৫০৯০)
আল্লাহ তাআলা আমাদের দেহ, শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি সুস্থ রাখুন এবং তাঁর সন্তুষ্টি অর্জনে যথাযথভাবে ইবাদত করার তাওফিক দান করুন। আমিন।
আরও পড়ুন: প্রাণীর প্রতি দয়া আল্লাহর রহমত লাভের উপায়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন