ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

দুদকের বিরুদ্ধে সাবেক পুলিশ কর্মকর্তা তুহিন লস্কর ও তার স্ত্রীর মামলা


দুদকের বিরুদ্ধে সাবেক পুলিশ কর্মকর্তা তুহিন লস্কর ও তার স্ত্রীর মামলা

দুর্নীতি দমন কমিশন (দুদক) ফরিদপুর জেলা ট্রাফিক পুলিশের সাবেক টিআই (প্রশাসন) তুহিন লস্কর ও তার স্ত্রী জামিলা পারভীনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে। অভিযোগ রয়েছে, তারা প্রায় ছয় কোটি ১০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং মানিলন্ডারিংয়ের সঙ্গে জড়িত। তুহিন লস্করের বিরুদ্ধে ৭৭ লাখ ৬ হাজার ২৬২ টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, আর তার স্ত্রী জামিলা পারভীনের বিরুদ্ধে পাঁচ কোটি ৩২ লাখ ৯৭ হাজার টাকার অভিযোগ রয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোস্তাফিজ বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন। মামলাগুলো দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২), ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় করা হয়েছে। পরে মামলার নথি ফরিদপুরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে পাঠানো হয়।

দুদকের এজাহার অনুযায়ী, তুহিন লস্কর ও তার স্ত্রী তাদের সম্পদের হিসাবের মধ্যে ব্যক্তিগত ঋণের তথ্য অন্তর্ভুক্ত করেছেন। তুহিন লস্কর ৬৭ লাখ ২৪ হাজার ২২৬ টাকা এবং তার স্ত্রী এক কোটি ২৮ লাখ ৬৯ হাজার ৯৯২ টাকার ব্যক্তিগত ঋণের তথ্য প্রদান করেছেন। তবে অনুসন্ধানে এসব ঋণের বাস্তব কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: ঢামেক হাসপাতালে এসআরবির অভিযানে ১১ দালালকে আটক ও সাজা

এজাহারে আরও বলা হয়েছে, তুহিন লস্করের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি এবং বাস ও ট্রাকস্ট্যান্ড থেকে নিয়মিত মাসোয়ারা আদায়ের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রাথমিক অনুসন্ধান করেন দুদকের উপসহকারী পরিচালক ইমরান আকন।

অনুসন্ধানে দেখা যায়, তুহিন লস্কর ও তার স্ত্রী জামিলা পারভীনের নামে পাওয়া সম্পদের তথ্যের সঙ্গে তাদের দেওয়া সম্পদ বিবরণীর মধ্যে ব্যাপক গরমিল রয়েছে। পরে দুদকের সহকারী পরিচালক মোস্তাফিজ সম্পদ বিবরণী যাচাই করে তাদের বিরুদ্ধে পৃথক মামলা করার সুপারিশ করেন। দুদকের প্রধান কার্যালয়ের অনুমোদনের পর বুধবার মামলা দুটি দায়ের করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, তুহিন লস্কর ২০০১ সালের ১৯ এপ্রিল সার্জেন্ট পদে পুলিশ বাহিনীতে যোগদান করেন। চাকরির সময় তিনি দুই মেয়াদে প্রায় নয় বছর ফরিদপুরে কর্মরত ছিলেন। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ, খুলনা, রাজবাড়ী, মানিকগঞ্জ ও চট্টগ্রামে দায়িত্ব পালন করেছেন।

তুহিন লস্করের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের বসুদেবপুর গ্রামে। তার স্ত্রী জামিলা পারভীনের বাড়ি যশোরের অভয়নগর উপজেলার মহাকাল ইউনিয়নের ভাঙ্গাগেট গ্রামে। বর্তমানে দুজন ফরিদপুর শহরের হাবেলী গোপালপুর এলাকার হোয়াইট প্যালেস নামের বাড়িতে বসবাস করছেন বলে দুদকের নথিতে উল্লেখ রয়েছে।

আরও পড়ুন: ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের আদেশ সুপ্রিম কোর্টে বহাল

মামলা দুটির তদন্তকারী কর্মকর্তা দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রতন কুমার দা বলেন, প্রাথমিক অনুসন্ধানে তুহিন লস্কর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি এবং মানিলন্ডারিংয়ের অভিযোগের প্রমাণ পাওয়ায় দুদকের প্রধান কার্যালয়ের অনুমোদনক্রমে মামলা দুটি করা হয়েছে। তদন্ত শেষে ফরিদপুরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলিয়ারচরের ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

মুহাম্মদ কাইসার হামিদ

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


কুলিয়ারচরের ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময়

কিশোরগঞ্জের কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ার প্রত্যয়ে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে এক ভাবগম্ভীর ও আবেগঘন পরিবেশে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই অনন্য উদ্যোগে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ.বি.এম. বদরুল আলম মুর্শেদ (রাজিব)। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পীযুষ কান্তি ঘোষ এবং এতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আবদুল মালেক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদ বলেন, "মাদকের বিরুদ্ধে যুদ্ধ শুধু প্রশাসনের একক সংগ্রাম নয়, এটি আমাদের প্রতিটি পরিবারের অস্তিত্ব রক্ষার লড়াই। আমাদের সন্তানেরা আগামীর বাংলাদেশ। তারা যেন কোনো ভুল পথে পা না বাড়ায়, সে জন্য পরিবার থেকেই প্রথম প্রথপ্রদর্শকের ভূমিকা পালন করতে হবে। সন্তান কখন কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে-এই সচেতন দৃষ্টিটুকু প্রতিটি বাবার ও মায়ের দেওয়া সবচেয়ে বড় সুরক্ষা।"

বিশেষ অতিথির বক্তব্যে ছয়সূতী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সালাউদ্দিন মুর্শেদ নিজামী বাবুল তাঁর বক্তব্যে উল্লেখ করেন, "শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সুস্থ জীবনচর্চা ও নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। মাদক থেকে আমাদের সন্তানদের দূরে রাখতে সচেতন অভিভাবকত্ব এবং শিক্ষকদের সার্বিক দিকনির্দেশনাই প্রধান শক্তি।"

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আলী বলেন, "তরুণ সমাজকে বিপথগামী করে একটি জাতি এগোতে পারে না। মাদকমুক্ত সমাজ ও শিক্ষাঙ্গন গড়ে তুলতে রাজনৈতিক ও সামাজিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে আমাদের একসূত্রে গাঁথতে হবে। আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে জ্ঞানের আলো আর নৈতিক মূল্যবোধের দুর্গে পরিণত করতে হবে।"

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুশফিকুর রহমান ও উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বিপ্লব।

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য, সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে এক মিলনমেলায় পরিণত করে।

অনুষ্ঠানের সমাপনী লগ্নে নেমে আসে সবচেয়ে আবেগঘন মুহূর্ত। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদ উপস্থিত সকল শিক্ষার্থীকে মাদকবিরোধী দীপ্ত শপথ বাক্য পাঠ করান। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শিক্ষার্থীরা সমস্বরে 'মাদককে না' বলার এবং একটি নিরাপদ ও মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলার দৃপ্ত অঙ্গীকার ব্যক্ত করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাবিপ্রবিতে সিলেট অঞ্চলের ১৭তম গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


শাবিপ্রবিতে সিলেট অঞ্চলের ১৭তম গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সিলেট অঞ্চলের ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

এ অলিম্পিয়াডটি বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন সি-এর গণিত বিভাগে অনুষ্ঠিত হয়।

শাবিপ্রবি ছাড়াও এতে অংশগ্রহণ করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি, মুরারিচাঁদ কলেজ, সুনামগঞ্জ সরকারি কলেজ ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ১২৭ জন শিক্ষার্থী।

প্রতিযোগিতার মধ্যে স্নাতকে অধ্যয়নরত ২৩ বছরের কম বয়সী শিক্ষার্থীদের মধ্যে সেরা ১০ জনকে নির্বাচিত করা হয়। সিলেট অঞ্চলের জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৬ এর সদস্য সচিব অধ্যাপক মো. মতিয়ার রহমান জানান, এই মেধাতালিকার সেরা ১০ জন ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে।

মেধাতালিকায় স্থান পাওয়া প্রথম ১০ শিক্ষার্থী হলেন- নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের নাইমুল ইসলাম মারুফ, শাবিপ্রবির এলা আক্তার, আফফুন জামান সাকিব, সামি সাদিক, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গোলাম মওলা তাইমুম, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের মো. মুজাহিদুর রহমান, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের মো. সাঈদ আল মাহবুব, সুবিপ্রবির শাহ গাইরুল, শাবিপ্রবির শাহিন আলম ও এনাভা আহমেদ চৌধুরী। অলিম্পিয়াড শেষে সেরা প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ওইদিন বিকেলের দিকে।

এ অলিম্পিয়াডের আহ্বায়ক ছিলেন গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. আশরাফ উদ্দিন এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করেন অধ্যাপক মো. মতিয়ার রহমান। বাংলাদেশ গণিত সমিতির সহযোগিতায় এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেটের গ্যাস ও ফাঁপায় অস্বস্তি? ৯ উপাদানেই মিলতে পারে স্বস্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


পেটের গ্যাস ও ফাঁপায় অস্বস্তি? ৯ উপাদানেই মিলতে পারে স্বস্তি

খাওয়ার পর পেট ফুলে থাকা, বারবার ঢেকুর ওঠা অথবা পেটে গ্যাস জমে ব্যথা এমন সমস্যায় অনেকেই ভোগেন। কখনও কখনও পেটের অস্বস্তি এতটাই বেড়ে যায় যে স্বাভাবিক কাজকর্ম করাও কঠিন হয়ে পড়ে। এই সমস্যা অনিয়মিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত খাওয়া, কোষ্ঠকাঠিন্য কিংবা কিছু নির্দিষ্ট খাবারের কারণে তৈরি হতে পারে। খবর এনডিটিভি

পেটের গ্যাস হওয়া হজমপ্রক্রিয়ার স্বাভাবিক অংশ। তবে অন্ত্রে অতিরিক্ত গ্যাস জমে গেলে এবং তা সহজে বের হতে না পারলে পেট ফাঁপা, ব্যথা ও অস্বস্তি দেখা দেয়। কিছু খাবার ও মসলা হজমে সহায়তা করতে পারে এবং গ্যাসের অস্বস্তি কমাতে ভূমিকা রাখতে পারে। বিশেষজ্ঞরা এমন ৯টি উপাদানের কথা উল্লেখ করেছেন। এগুলো হলো-

১. হলুদ

রান্নার পরিচিত মসলা হলুদ খাবারের রং ও স্বাদ বাড়ানোর পাশাপাশি প্রদাহবিরোধী উপাদানও রয়েছে। বদহজমের কারণে পেট ফাঁপা ও গ্যাসের অস্বস্তি হলে খাবারে পরিমিত হলুদ যোগ করা যেতে পারে। তবে হলুদ খেলেই গ্যাসের সমস্যা সেরে যাবে, এমন নিশ্চয়তা নেই।

২. রসুন

রসুনে বিভিন্ন জৈব সক্রিয় উপাদান রয়েছে, যা স্বাস্থ্যের জন্য উপকারী। তবে গ্যাসের সমস্যায় রসুন সবার জন্য সমান উপকারী নয়। কিছু মানুষের ক্ষেত্রে রসুন খেলে উল্টো পেট ফাঁপা ও গ্যাস বেড়ে যেতে পারে। তাই খাওয়ার পর অস্বস্তি বাড়লে পরিমাণ কমিয়ে দেওয়া উচিত।

৩. তারকা মৌরি

তারকা মৌরি বা স্টার অ্যানিস একটি সুগন্ধি মসলা হিসেবে পরিচিত। ঐতিহত অনুযায়ী পেটের অস্বস্তি ও হজমের সমস্যায় এটি ব্যবহার করা হয়। চায়ের সঙ্গে অল্প তারকা মৌরি ব্যবহার করা যেতে পারে। তবে এটি গ্যাসের নিশ্চিত চিকিৎসা নয়।

৪. পেঁপে ও আনারস

গ্যাসের সমস্যা কমাতে হজমে সহায়ক কিছু ফল খাদ্যতালিকায় রাখা যেতে পারে। পেঁপেতে প্যাপেইন এবং আনারসে ব্রোমেলেইন নামের এনজাইম রয়েছে। এসব এনজাইম প্রোটিন ভাঙতে সাহায্য করে। পরিমিত পরিমাণে পাকা পেঁপে ও আনারস খাওয়া যেতে পারে।

৫. আদা

বমিভাব ও হজমের অস্বস্তি কমাতে আদার ব্যবহার বেশ পরিচিত। আদায় থাকা জিঞ্জেরলসহ বিভিন্ন উপাদান হজমে সহায়ক হতে পারে। খাবারের পর এক কাপ হালকা আদা-চা পান করা যেতে পারে। তবে অতিরিক্ত আদা খাওয়া এড়িয়ে চলা উচিত।

৬. পুদিনাপাতা

পেট ফাঁপা ও হজমের অস্বস্তিতে পুদিনাপাতা ব্যবহার করা হয়। পুদিনার মেনথল অন্ত্রের পেশি শিথিল করতে সাহায্য করে। খাবারের পর কয়েকটি পুদিনাপাতা চিবিয়ে খাওয়া যেতে পারে অথবা পুদিনা-চা পান করা যেতে পারে। তবে যাদের অ্যাসিড রিফ্লাক্স বা বুকজ্বালার সমস্যা রয়েছে, তাদের পুদিনায় অস্বস্তি বাড়তে পারে।

৭. মৌরি ও এলাচ

খাওয়ার পর মুখশুদ্ধি হিসেবে মৌরি খাওয়ার প্রচলন অনেকেরই রয়েছে। ঐতিহত অনুযায়ী মৌরি ও এলাচ হজমের অস্বস্তি কমাতে ব্যবহার করা হয়। খাবারের পর অল্প মৌরি চিবিয়ে খাওয়া যেতে পারে। চাইলে হালকা গরম পানিতে সামান্য মৌরি ও এলাচ মিশিয়েও পান করা যেতে পারে।

৮. প্রোবায়োটিকসমৃদ্ধ খাবার

অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে প্রোবায়োটিকসমৃদ্ধ খাবার সহায়ক হতে পারে। টক দই, কেফির ও কিছু ফারমেন্টেড খাবারে প্রোবায়োটিক থাকে। এগুলো হজমের স্বাভাবিক প্রক্রিয়ায় ভূমিকা রাখতে পারে। তবে দুধজাত খাবারে অসহিষ্ণুতা থাকলে টক দই বা অন্য দুগ্ধজাত খাবারেও কারও কারও গ্যাস হতে পারে।

৯. ক্যামোমাইল চা

ঘুমের জন্য ক্যামোমাইল চায়ের জনপ্রিয়তা রয়েছে। পাশাপাশি পেটের অস্বস্তি ও হজমের সমস্যায় এটি পান করা হয়। এক কাপ ক্যামোমাইল চা পান করা যেতে পারে। তবে যাদের ক্যামোমাইল বা একই গোত্রের ফুলে অ্যালার্জি রয়েছে, তাদের এটি এড়িয়ে চলা উচিত।

গ্যাসের সমস্যা এড়াতে আরো যা করবেন

শুধু খাবার বা মসলার ওপর নির্ভর করলেই হবে না। গ্যাসের সমস্যা কমাতে কয়েকটি অভ্যাসও গুরুত্বপূর্ণ।

খাবার ধীরে ধীরে এবং ভালোভাবে চিবিয়ে খান।

একবারে অতিরিক্ত খাবার খাবেন না।

কোমল পানীয় ও কার্বনেটেড পানীয় এড়িয়ে চলুন।

চুইংগাম চিবানোর অভ্যাস কমান।

নিয়মিত শরীরচর্চা করুন।

খাবারের পর কিছুক্ষণ হাঁটুন।

কোষ্ঠকাঠিন্য থাকলে আঁশযুক্ত খাবার ও পর্যাপ্ত পানি গ্রহণ করুন।

তবে বারবার গ্যাস হওয়া, পেটব্যথা বা পেট ফাঁপার সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে শুধু ঘরোয়া উপায়ের ওপর নির্ভর করা উচিত নয়। এর সঙ্গে ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, অকারণে ওজন কমে যাওয়া, বমি কিংবা তীব্র পেটব্যথা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছবি প্রকাশ্যে আসতেই সামান্থাকে শুভেচ্ছায় ভাসালেন ভক্ত-অনুরাগীরা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


ছবি প্রকাশ্যে আসতেই সামান্থাকে শুভেচ্ছায় ভাসালেন ভক্ত-অনুরাগীরা

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মা হতে চলেছেন। জীবনের এই বিশেষ অধ্যায়ের বিভিন্ন মুহূর্ত তিনি তার ভক্ত-অনুরাগীদের সাথে ভাগ করে নিয়েছেন। তবে বর্তমানে প্রচলিত জাঁকজমকপূর্ণ মাতৃত্বকালীন ফটোশুটের পথে হাঁটেননি এই অভিনেত্রী। বরং, ঘরোয়া পরিবেশে সোফায় বসে স্ফীতোদরের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তিনি।

সম্প্রতি, অভিনেত্রী সামান্থা রুথ প্রভু সামাজিক মাধ্যমে একটি স্ফীতোদরের ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, সোফায় কুশনের ওপর হেলান দিয়ে আরাম করে বসে আছেন তিনি। তার পরনে লাল রঙের ছাপা কুর্তা ও সাদা পাজামা, এবং চোখে সানগ্লাস— দুই হাত দিয়ে আগলে রেখেছেন স্ফীতোদর।

ছবির ক্যাপশনে অভিনেত্রী উল্লেখ করেছেন— 'এটাকেই আমার মাতৃত্বকালীন ফটোশুট বলে ধরে নিন।' কারণ, তিনি আলাদা করে কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন করতে চাননি, বরং নিজের স্বাভাবিক ছন্দে এই বিশেষ মুহূর্ত উদযাপন করতে চেয়েছেন। ছবিটি প্রকাশিত হওয়ার পর থেকেই সামান্থাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তার ভক্ত-অনুরাগীরা।

অভিনেত্রীর স্বামী এবং পরিচালক রাজ নিদিমোরুর সাথে প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন সামান্থা রুথ প্রভু। ২০২৫ সালের ১ ডিসেম্বর ইশা যোগ কেন্দ্রে ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ে হয়। চলতি বছরের জুন মাসে, নিজের ‘মা ইন্তি বাঙ্গারাম’ সিনেমার সাফল্য উদযাপন অনুষ্ঠানে প্রথম অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেন তিনি। সেই সময়, তিনি জানিয়েছিলেন, পেশাগত কাজের দায়িত্ব শেষ করে কিছু দিনের জন্য অভিনয় থেকে বিরতি নেবেন।

সম্প্রতি, তার জীবনের এই বিশেষ অধ্যায়কে কেন্দ্র করে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নাম সীমন্তম। সেই ছবিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন সামান্থা রুথ প্রভু। ঐতিহ্য মেনে আয়োজিত সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ নিদিমোরুও। হবু বাবা হিসেবে রাজের দায়িত্ব পালনের কিছু ঝলকও ভক্ত-অনুরাগীদের সাথে শেয়ার করেছেন অভিনেত্রী। এমনকি সন্তানের আসার প্রস্তুতিতে রাজকে ‘বেবি মনিটরের স্ট্যান্ড’ তৈরি করতে দেখা গেছে।

মাতৃত্বের শেষ পর্যায়ে পৌঁছেও, নিজের শরীরচর্চা চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। অন্তঃসত্ত্বা হওয়ার প্রথম মাস থেকে নবম মাস পর্যন্ত শরীরচর্চার বিভিন্ন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন তিনি। একদিকে মাতৃত্বের প্রস্তুতি, অন্যদিকে কাজ থেকে সাময়িক বিরতি— সব মিলিয়ে জীবনের নতুন অধ্যায়কে নিজের মতো করে উপভোগ করছেন অভিনেত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%