প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খাওয়ার পর পেট ফুলে থাকা, বারবার ঢেকুর ওঠা অথবা পেটে গ্যাস জমে ব্যথা এমন সমস্যায় অনেকেই ভোগেন। কখনও কখনও পেটের অস্বস্তি এতটাই বেড়ে যায় যে স্বাভাবিক কাজকর্ম করাও কঠিন হয়ে পড়ে। এই সমস্যা অনিয়মিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত খাওয়া, কোষ্ঠকাঠিন্য কিংবা কিছু নির্দিষ্ট খাবারের কারণে তৈরি হতে পারে। খবর এনডিটিভি
পেটের গ্যাস হওয়া হজমপ্রক্রিয়ার স্বাভাবিক অংশ। তবে অন্ত্রে অতিরিক্ত গ্যাস জমে গেলে এবং তা সহজে বের হতে না পারলে পেট ফাঁপা, ব্যথা ও অস্বস্তি দেখা দেয়। কিছু খাবার ও মসলা হজমে সহায়তা করতে পারে এবং গ্যাসের অস্বস্তি কমাতে ভূমিকা রাখতে পারে। বিশেষজ্ঞরা এমন ৯টি উপাদানের কথা উল্লেখ করেছেন। এগুলো হলো-
১. হলুদ
রান্নার পরিচিত মসলা হলুদ খাবারের রং ও স্বাদ বাড়ানোর পাশাপাশি প্রদাহবিরোধী উপাদানও রয়েছে। বদহজমের কারণে পেট ফাঁপা ও গ্যাসের অস্বস্তি হলে খাবারে পরিমিত হলুদ যোগ করা যেতে পারে। তবে হলুদ খেলেই গ্যাসের সমস্যা সেরে যাবে, এমন নিশ্চয়তা নেই।
২. রসুন
রসুনে বিভিন্ন জৈব সক্রিয় উপাদান রয়েছে, যা স্বাস্থ্যের জন্য উপকারী। তবে গ্যাসের সমস্যায় রসুন সবার জন্য সমান উপকারী নয়। কিছু মানুষের ক্ষেত্রে রসুন খেলে উল্টো পেট ফাঁপা ও গ্যাস বেড়ে যেতে পারে। তাই খাওয়ার পর অস্বস্তি বাড়লে পরিমাণ কমিয়ে দেওয়া উচিত।
৩. তারকা মৌরি
তারকা মৌরি বা স্টার অ্যানিস একটি সুগন্ধি মসলা হিসেবে পরিচিত। ঐতিহত অনুযায়ী পেটের অস্বস্তি ও হজমের সমস্যায় এটি ব্যবহার করা হয়। চায়ের সঙ্গে অল্প তারকা মৌরি ব্যবহার করা যেতে পারে। তবে এটি গ্যাসের নিশ্চিত চিকিৎসা নয়।
৪. পেঁপে ও আনারস
গ্যাসের সমস্যা কমাতে হজমে সহায়ক কিছু ফল খাদ্যতালিকায় রাখা যেতে পারে। পেঁপেতে প্যাপেইন এবং আনারসে ব্রোমেলেইন নামের এনজাইম রয়েছে। এসব এনজাইম প্রোটিন ভাঙতে সাহায্য করে। পরিমিত পরিমাণে পাকা পেঁপে ও আনারস খাওয়া যেতে পারে।
৫. আদা
বমিভাব ও হজমের অস্বস্তি কমাতে আদার ব্যবহার বেশ পরিচিত। আদায় থাকা জিঞ্জেরলসহ বিভিন্ন উপাদান হজমে সহায়ক হতে পারে। খাবারের পর এক কাপ হালকা আদা-চা পান করা যেতে পারে। তবে অতিরিক্ত আদা খাওয়া এড়িয়ে চলা উচিত।
৬. পুদিনাপাতা
পেট ফাঁপা ও হজমের অস্বস্তিতে পুদিনাপাতা ব্যবহার করা হয়। পুদিনার মেনথল অন্ত্রের পেশি শিথিল করতে সাহায্য করে। খাবারের পর কয়েকটি পুদিনাপাতা চিবিয়ে খাওয়া যেতে পারে অথবা পুদিনা-চা পান করা যেতে পারে। তবে যাদের অ্যাসিড রিফ্লাক্স বা বুকজ্বালার সমস্যা রয়েছে, তাদের পুদিনায় অস্বস্তি বাড়তে পারে।
৭. মৌরি ও এলাচ
খাওয়ার পর মুখশুদ্ধি হিসেবে মৌরি খাওয়ার প্রচলন অনেকেরই রয়েছে। ঐতিহত অনুযায়ী মৌরি ও এলাচ হজমের অস্বস্তি কমাতে ব্যবহার করা হয়। খাবারের পর অল্প মৌরি চিবিয়ে খাওয়া যেতে পারে। চাইলে হালকা গরম পানিতে সামান্য মৌরি ও এলাচ মিশিয়েও পান করা যেতে পারে।
৮. প্রোবায়োটিকসমৃদ্ধ খাবার
অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে প্রোবায়োটিকসমৃদ্ধ খাবার সহায়ক হতে পারে। টক দই, কেফির ও কিছু ফারমেন্টেড খাবারে প্রোবায়োটিক থাকে। এগুলো হজমের স্বাভাবিক প্রক্রিয়ায় ভূমিকা রাখতে পারে। তবে দুধজাত খাবারে অসহিষ্ণুতা থাকলে টক দই বা অন্য দুগ্ধজাত খাবারেও কারও কারও গ্যাস হতে পারে।
৯. ক্যামোমাইল চা
ঘুমের জন্য ক্যামোমাইল চায়ের জনপ্রিয়তা রয়েছে। পাশাপাশি পেটের অস্বস্তি ও হজমের সমস্যায় এটি পান করা হয়। এক কাপ ক্যামোমাইল চা পান করা যেতে পারে। তবে যাদের ক্যামোমাইল বা একই গোত্রের ফুলে অ্যালার্জি রয়েছে, তাদের এটি এড়িয়ে চলা উচিত।
গ্যাসের সমস্যা এড়াতে আরো যা করবেন
শুধু খাবার বা মসলার ওপর নির্ভর করলেই হবে না। গ্যাসের সমস্যা কমাতে কয়েকটি অভ্যাসও গুরুত্বপূর্ণ।
খাবার ধীরে ধীরে এবং ভালোভাবে চিবিয়ে খান।
একবারে অতিরিক্ত খাবার খাবেন না।
কোমল পানীয় ও কার্বনেটেড পানীয় এড়িয়ে চলুন।
চুইংগাম চিবানোর অভ্যাস কমান।
নিয়মিত শরীরচর্চা করুন।
খাবারের পর কিছুক্ষণ হাঁটুন।
কোষ্ঠকাঠিন্য থাকলে আঁশযুক্ত খাবার ও পর্যাপ্ত পানি গ্রহণ করুন।
তবে বারবার গ্যাস হওয়া, পেটব্যথা বা পেট ফাঁপার সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে শুধু ঘরোয়া উপায়ের ওপর নির্ভর করা উচিত নয়। এর সঙ্গে ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, অকারণে ওজন কমে যাওয়া, বমি কিংবা তীব্র পেটব্যথা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন