রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:২৩ পি.এম
বরিশাল নগরীতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। এরই ধারাবাহিকতায় নগরীর বেলস পার্ক এলাকায় সাঁড়াশি মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার অলক কান্তি শর্মা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম। অভিযানে কোতোয়ালি মডেল থানার একাধিক পুলিশ সদস্য অংশ নেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানকে আরও গতিশীল করার অংশ হিসেবে বেলস পার্ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সন্ধ্যার পর জনসমাগমপূর্ণ এ এলাকায় পুলিশের উপস্থিতি ও তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ দায়িত্ব গ্রহণের পর নগরীতে মাদকবিরোধী অভিযান জোরদারের ঘোষণা দেন। এরপর থেকে নগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মাদকদ্রব্যের বিস্তার রোধ, মাদক সংশ্লিষ্টদের শনাক্ত করা এবং নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম *তালাশ বিডিকে* বলেন, “পুলিশ কমিশনার স্যারের কঠোর নির্দেশনার পর বরিশাল নগরীতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে অনেকে আটক হয়েছেন। মাদক সংশ্লিষ্ট কিছু ব্যক্তি এলাকা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করছেন বলেও তথ্য পাওয়া যাচ্ছে। মাদক নির্মূলে আমাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, নগরীর কোথাও মাদকসংক্রান্ত কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
বেলস পার্কসহ নগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী পুলিশের এমন তৎপরতাকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, শুধু অভিযান পরিচালনার মধ্যেই সীমাবদ্ধ না থেকে মাদকের উৎস, সরবরাহ ও সংশ্লিষ্ট নেটওয়ার্ক শনাক্ত করে কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্টরা বলছেন, নগরীতে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয়দের সহযোগিতা গুরুত্বপূর্ণ। পুলিশের চলমান তৎপরতা অব্যাহত থাকলে মাদকবিরোধী কার্যক্রম আরও কার্যকর হবে বলে প্রত্যাশা স্থানীয়দের।
বরিশাল নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান বাস্তবায়নে কোতোয়ালি মডেল থানার এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে বলে জানিয়েছে পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের সন্দ্বীপে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিশু শ্রেণির শিক্ষার্থীকে বিভিন্ন সময়ে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এক শিক্ষার্থীর অভিভাবক।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন মো. আব্দুল কাইয়ুম নামের এক অভিভাবক। তিনি সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর ছেলে মোত্তাকিন মো. আদনান মুছাপুর আজগর হাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।
লিখিত অভিযোগে আব্দুল কাইয়ুম উল্লেখ করেন, তাঁর ছেলে বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মুনসুর মোল্লার মাধ্যমে বিভিন্ন সময়ে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে বলে তিনি ও অন্যান্য অভিভাবকদের কাছ থেকে অভিযোগ পেয়েছেন। এতে অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, বিদ্যালয়টি এলাকার একটি ঐতিহ্যবাহী ও সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। শিশু শিক্ষার্থীদের সঙ্গে এ ধরনের আচরণের অভিযোগ অব্যাহত থাকলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি অভিভাবকদের মধ্যে সন্তানদের বিদ্যালয়ে পাঠানো নিয়ে অনাস্থা সৃষ্টি হতে পারে।
অভিভাবকের অভিযোগ, প্রধান শিক্ষক আবুল মুনসুর মোল্লা দীর্ঘ প্রায় ২৬ বছর ধরে একই বিদ্যালয়ে কর্মরত রয়েছেন। দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার কারণে তাঁর প্রভাব ও কর্তৃত্ব বেড়েছে বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে। ফলে অনেক অভিভাবক বিষয়টি নিয়ে সরাসরি অভিযোগ করতে ভয় পান বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ অবস্থায় অভিযোগটির গুরুত্বসহকারে তদন্ত করে সত্যতা যাচাই এবং অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আব্দুল কাইয়ুম। একই সঙ্গে বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল ও ভয়মুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
তবে অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মুনসুর মোল্লার বক্তব্য জানা হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে ঝালকাঠির নবগ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নবগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষক এবং পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন সল্পসেনা নেছারিয়া ইবতেদায়ি মাদ্রাসার সভাপতি সৈয়দ রুহল আমিন। প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়জিদ ইবনে আকবার।
সভাটি সঞ্চালনা করেন ৩ নং নবগ্রাম ইউনিয়নের কৃর্তি সন্তান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং ৩ নবগ্রাম ইউনিয়নের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী. সরদার মোঃ শহিদুল্লাহ। বক্তব্য রাখেন ঝালকাঠি সদর থানার ওসি মোঃ আনোয়ারুল এবং ওসি (তদন্ত) মোঃ মেহেদী হাসান।
এছাড়া বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খান আনিছুর রহমান পান্নু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসলাম নয়ন এবং ৩ নম্বর নবগ্রাম ইউনিয়ন কৃষক দলের মোঃ হুমায়ুন কবির।
বক্তারা মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি, ইভটিজিং ও বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় জনগণকে পুলিশের সঙ্গে তথ্য আদান-প্রদান ও সার্বিক সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
সভায় বিট পুলিশিং কার্যক্রমকে আরও সম্প্রসারিত ও কার্যকর করার মাধ্যমে নবগ্রাম ইউনিয়নকে অপরাধমুক্ত রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাঙামাটির লংগদু উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সরোয়ার (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশেষ অভিযান পরিচালনা করে রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার কাঁঠালতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া সরোয়ার উপজেলার সেগুন বাগান এলাকার মো. ছত্তার মোল্লার পুত্র।
দলীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং পূর্ববর্তী কমিটিতে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি নির্দিষ্ট মামলায় তাকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতি চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ