ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

গরমেও গোলাপে ভরবে বাগান, মেনে চলুন এসব যত্ন


গরমেও গোলাপে ভরবে বাগান, মেনে চলুন এসব যত্ন

গরমের সময় অনেকেই গোলাপ গাছে কুঁড়ি না আসা বা ফুল ফোটা কমে যাওয়ার জন্য অভিযোগ করেন। সঠিক পরিচর্যা জানলে, গরমের সময়ে গোলাপ গাছ নতুন কুঁড়ি ও রঙিন ফুলে ভরে উঠতে পারে। কিছু সহজ নিয়ম পালন করলেই এই সমস্যার সমাধান করা সম্ভব।

শুকনো ফুল ও ডাল নিয়মিত ছেঁটে ফেলা খুবই প্রয়োজন। গোলাপ গাছে শুকিয়ে যাওয়া ফুলগুলো দ্রুত সরিয়ে ফেলা জরুরি। শুকনো ফুল গাছের শক্তি নষ্ট করে এবং নতুন কুঁড়ি গঠনে বাঁধা সৃষ্টি করে। প্রয়োজন অনুযায়ী হালকা ছাঁটাই করলে নতুন ডাল গজায় এবং ফুলও বেশি আসে।

গরমকালে গোলাপ গাছের অতিরিক্ত পুষ্টির প্রয়োজন হয়। তাই নিয়মিত সার দেওয়া দরকার। তবে অতিরিক্ত সার ব্যবহার করলে উল্টো ক্ষতি হতে পারে, তাই পরিমিত ব্যবহারই ভালো।

আরও পড়ুন: মেঘমুক্ত আকাশে পঞ্চগড় থেকে দৃশ্যমান কাঞ্চনজঙ্ঘা, উচ্ছ্বসিত প্রকৃতিপ্রেমীরা

কলার খোসায় থাকা পটাশিয়াম গোলাপ গাছের ফুল ফোটাতে সাহায্য করে। শুকনো করে গুঁড়ো করে মাটিতে মিশিয়ে দিলে ভালো ফল পাওয়া যায়। ব্যবহৃত চা-পাতা পরিষ্কার করে শুকিয়ে গাছের গোড়ায় দিলে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং গাছ সুস্থ থাকে।

মাসে অন্তত একবার পচা গোবর সার ব্যবহার করলে গাছের মাটিতে নাইট্রোজেন বেড়ে যায়। এতে গাছের পাতা সবুজ ও সতেজ থাকে এবং ফুল ফোটার ক্ষমতাও বৃদ্ধি পায়।

গোলাপ গাছে সকালে বা সন্ধ্যায় পানি দেওয়া সবচেয়ে ভালো। মাটির উপরের স্তর শুকিয়ে গেলে তবেই পানি দিতে হবে। অতিরিক্ত পানি দিলে শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে।

গোলাপ গাছ রোদ পছন্দ করে, প্রতিদিন ৫ থেকে ৬ ঘণ্টা রোদ পেলে গাছ ভালোভাবে ফুল দেয়। তবে গ্রীষ্মের তীব্র রোদে সরাসরি রাখা ঠিক নয়। সঠিক যত্ন ও নিয়ম পালন করলে গরমকালে গোলাপ গাছ রঙিন ফুলে ভরে উঠতে পারে। সামান্য পরিচর্যা আপনার বাগানের সৌন্দর্য বদলে দিতে পারে।

আরও পড়ুন: বুধবার ১২ রাশির অর্থভাগ্যে সতর্কতা, জেনে নিন রাশিফল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্টেমিস-৩ মিশনের নভোচারী দল ঘোষণা করল নাসা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৫:৫৪ এম


আর্টেমিস-৩ মিশনের নভোচারী দল ঘোষণা করল নাসা

 

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা চাঁদে পুনরায় মানুষ পাঠানোর প্রস্তুতির অংশ হিসেবে বহুল প্রতীক্ষিত ‘আর্টেমিস ৩’ মহাকাশ অভিযানের নভোচারীদের নাম ঘোষণা করেছে।

মঙ্গলবার এক বিশেষ অনুষ্ঠানে জানানো হয়েছে, এই মিশনের মূল দলে চারজন নভোচারী থাকছেন— আন্দ্রে ডগলাস, ফ্রাঙ্ক রুবিও, লুকা পারমিতানো এবং র‍্যান্ডি ব্রেসনিক। এছাড়া মূল দলের বিকল্প হিসেবে জরুরি প্রয়োজনে দায়িত্ব পালনের জন্য অভিজ্ঞ টেস্ট পাইলট বব হাইন্টজকে রাখা হয়েছে।

২০২৭ সালের শেষের দিকে নির্ধারিত এই দুই সপ্তাহের মিশনে নভোচারীরা মূলত বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা চালাবেন মহাকাশে এবং ভবিষ্যতের জন্য চাঁদে অবতরণের প্রস্তুতি হিসেবে মহাকাশযান ডকিংয়ের (একে অপরের সাথে যুক্ত করার প্রক্রিয়া) অনুশীলন করবেন।

ঘোষিত দলের মধ্যে কোনো নারী নভোচারী না থাকলেও, নির্বাচিত চারজনের রয়েছে বৈচিত্র্যময় ও দীর্ঘ অভিজ্ঞতা:

র‍্যান্ডি ব্রেসনিক (কমান্ডার): ৫৮ বছর বয়সী ব্রেসনিক এই দলের সবচেয়ে বয়স্ক সদস্য। তিনি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সাবেক টেস্ট পাইলট ও মেরিন কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালে নাসার স্পেস শাটল মিশনে অংশ নেয়া ব্রেসনিকই সেই দলের একমাত্র সদস্য যিনি বিখ্যাত শাটল কর্মসূচিতে কাজ করার অভিজ্ঞতা লাভ করেছেন। ২০১৭ সালে তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) কমান্ডারের দায়িত্ব পালন করেছেন।

আন্দ্রে ডগলাস (মিশন স্পেশালিস্ট): ৪০ বছর বয়সী ফ্লোরিডার এই প্রকৌশলীর জন্য এটি প্রথম মহাকাশ যাত্রা। এর আগে তিনি চাঁদের চারপাশে ঘুরে আসা ‘আর্টেমিস ২’ মিশনে বিকল্প নভোচারী হিসেবে ছিলেন। ডগলাসের এই যাত্রা একটি অনন্য ইতিহাস তৈরি করবে, কারণ তিনি মহাকাশে যেতেন এমন ইতিহাসের কয়েকশ মানুষের মধ্যে ২৪ জন আফ্রিকান-আমেরিকান (কৃষ্ণাঙ্গ) ব্যক্তিদের একজন হতে যাচ্ছেন।

ফ্রাঙ্ক রুবিও (মিশন স্পেশালিস্ট): ৫০ বছর বয়সী সালভাদোরান-আমেরিকান এই চিকিৎসক একসময় মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টার চালক ছিলেন। বর্তমানে মহাকাশে সবচেয়ে দীর্ঘ সময় (৩৭১ দিন) থাকার মার্কিন রেকর্ড তাঁর দখলে রয়েছে।

লুকা পারমিতানো (পাইলট): ৪৯ বছর বয়সী পারমিতানো এই মিশনের একমাত্র অ-মার্কিন নাগরিক। ইতালির পাতের্নোতে জন্ম নেয়া পারমিতানো তিনি নিজ দেশে বিমানবাহিনীর সদস্য ছিলেন। ২০১৯ সালে তিনি প্রথম ইতালীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন।

আর্টেমিস ৩ মিশনটি সরকারি ও বেসরকারি যৌথ অংশীদারিত্বে পরিচালিত হবে। এ অভিযানের অংশ হিসেবে মোট তিনটি রকেট উৎক্ষেপণ করা হবে। এর মধ্যে একটি রকেটে করে চার নভোচারী ‘ওরিয়ন’ মহাকাশযানে চড়ে পৃথিবীর কক্ষপথে পৌঁছাবেন। অন্য দুটি রকেটে যথাক্রমে জেফ বেজোসের ‘ব্লু অরিজিন’ এবং ইলন মাস্কের ‘স্পেসএক্স’ কোম্পানির তৈরি ল্যান্ডারের মডেল থাকবে। এই মহাকাশযানটি কক্ষপথে গিয়ে ঐ দুটি ল্যান্ডারের সাথে যুক্ত হওয়ার মহড়া চালাবে।

গত ২৮ মে ফ্লোরিডায় ব্লু অরিজিনের একটি মনুষ্যবিহীন ‘নিউ গ্লেন’ রকেট পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় বিস্ফোরিত হয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। বিস্ফোরণের ফলে কেপ কানাভেরালের উৎক্ষেপণ কেন্দ্রটিতে মারাত্মক ক্ষতি হয়।

তবে নাসা এবং ব্লু অরিজিনের কর্মকর্তারা এই উদ্বেগকে উড়িয়ে দিয়েছেন। নাসার ভারপ্রাপ্ত ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর জেরেমি পারসন্স বলেন, “যেকোনো বিপর্যয় আমাদের জন্য শেখার সুযোগ। আমরা আত্মবিশ্বাসী যে ২০২৭ সালের নির্দিষ্ট সময়ের আগে নিউ গ্লেন রকেট আর্টেমিস ৩-এর জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে।”

এই মিশনের অন্যতম মূল লক্ষ্য হলো মহাকাশ গবেষণায় চীনের চেয়ে এগিয়ে থাকা। চীন ইতিমধ্যেই ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর ঘোষণা দিয়েছে এবং ২০২৪ সালে তারা ইতিহাসের প্রথম দেশ হিসেবে রোবটের মাধ্যমে চাঁদের দূরবর্তী অংশ (ফার সাইড) থেকে মাটির নমুনা সংগ্রহ করেছে।

যুক্তরাষ্ট্র ১৯৬৯ সালে অ্যাপোলো মিশনের মাধ্যমে প্রথম চাঁদে মানুষ পাঠিয়েছিল। বর্তমান ট্রাম্প প্রশাসন চান ২০২৯ সালের জানুয়ারিতে মেয়াদের শেষ হওয়ার আগেই মার্কিন নভোচারীদের পুনরায় চাঁদে নামাতে।

প্রাথমিক পরিকল্পনা ছিল আর্টেমিস ৩ মিশনের মাধ্যমে চাঁদের মাটিতে মানুষের নামার। তবে মহাকাশযাত্রায় নভোচারীদের জীবনের ঝুঁকি কমাতে এবং কারিগরি ত্রুটি এড়াতে গত ফেব্রুয়ারিতে কিছু পরিকল্পনা পরিবর্তন করা হয়েছে। বর্তমানে আর্টেমিস ৩ মিশনের পরিকল্পনা অনুযায়ী, এটি চাঁদের মাটিতে না নেমে পৃথিবীর নিম্ন কক্ষপথে থেকে পরীক্ষা-নিরীক্ষা করবে, যা পরবর্তী চন্দ্র অভিযানের ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেবে এবং ২০৩০ সালের আগে চীনের চেয়ে দ্রুত চাঁদে স্থায়ী ঘাঁটি গড়তে সহায়তা করবে।

তথ্যসূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ শুরুর একদিন আগে যুক্তরাষ্ট্রে পৌঁছাবে ইরান দল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৬:০২ এম


বিশ্বকাপ শুরুর একদিন আগে যুক্তরাষ্ট্রে পৌঁছাবে ইরান দল

চলতি বছরের ১৬ জুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে ইরানের বিশ্বকাপ অভিযান।

কিন্তু রাজনৈতিক উত্তেজনা এবং ভিসা জটিলতার কারণে উদ্বোধনী ম্যাচের মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্রে পৌঁছাবে ইরান জাতীয় ফুটবল দল।

ইরানি ফুটবল ফেডারেশনের মুখপাত্র আমির মেহদি আলাভি এক বিবৃতিতে জানিয়েছেন, “ফিফার নির্ধারিত সূচি অনুযায়ী, আমাদের পুরো দল একটি চার্টার্ড ফ্লাইটে করে যুক্তরাষ্ট্রে রওনা হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের মাত্র একদিন আগে আমরা আয়োজক শহরে পৌঁছাব। তবে পরবর্তী দুটি ম্যাচের জন্য আমরা খেলা শুরুর দুই দিন আগেই ভেন্যুতে উপস্থিত হব।”

বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ইরানি ফুটবলাররা ভিসা পেলেও, দলটির এক ডজনেরও বেশি প্রশাসনিক ও ম্যানেজমেন্ট কর্মকর্তা মার্কিন ভিসা পাননি। চলমান এই রাজনৈতিক টানাপোড়েনের জের ধরে ইরান তাদের প্রাথমিক পরিকল্পনা বদলে অ্যারিজোনার টুসন শহরের পরিবর্তে মেক্সিকোর সীমান্তবর্তী শহর টিজুয়ানাতে বিশ্বকাপের মূল প্রশিক্ষণ ক্যাম্প স্থাপন করেছে।

তথ্যসূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির জানাজা-দাফনের সময়সূচি অবশেষে প্রকাশ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৬:০৯ এম


খামেনির জানাজা-দাফনের সময়সূচি অবশেষে প্রকাশ করল ইরান

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণে গঠিত কমিটি জানিয়েছে, পবিত্র মহররমের ১০ তারিখ আশুরা শেষ হওয়ার পর বিদায়, জানাজা ও দাফন অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। এ সংক্রান্ত একটি দ্বিতীয় বিবৃতি প্রকাশ করে কমিটি জানিয়েছে, মর্যাদাপূর্ণভাবে শেষকৃত্য আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে এবং এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) ইসলামি বিপ্লবের প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার পরিবারের সদস্যদের শেষকৃত্য ও স্মরণ অনুষ্ঠানের আয়োজন নিয়ে দ্বিতীয় দফার বিবৃতি প্রকাশ করেছে সংশ্লিষ্ট কমিটি।

বিবৃতিতে বলা হয়, মহররমের প্রথম দশক তথা আশুরার শোককাল শেষ হওয়ার পরই তার জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে। ইমাম হুসাইন (আ.)-এর শোক পালনের দীর্ঘদিনের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।

এছাড়া জানানো হয়, মর্যাদাপূর্ণভাবে বিদায়, জানাজা ও দাফন অনুষ্ঠানের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। শোকাহতদের জন্য প্রয়োজনীয় সেবা ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সংগঠনগুলো চূড়ান্ত সময়সূচি ও লজিস্টিক সমন্বয়ের কাজ করছে।

বিবৃতিতে আরও বলা হয়, অনুষ্ঠানগুলোর সময়সূচি ও বিস্তারিত নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে যেসব অনুমান ও যাচাইবিহীন তথ্য ছড়ানো হচ্ছে, তা থেকে সবাইকে বিরত থাকতে হবে। এসব গুজবের কারণে অনুষ্ঠানে অংশ নিতে ইচ্ছুকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলেও সতর্ক করা হয়।

সবশেষে বলা হয়, অনুষ্ঠান সম্পর্কিত বিস্তারিত তথ্য পরবর্তীতে সদর দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আগ্রাসন চালায়। এতে ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনি, তার পরিবারের কয়েকজন সদস্য, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও অনেক সাধারণ ইরানি নিহত হন বলে উল্লেখ করা হয়েছে।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন অভিনেত্রী জেনিফার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৬:২২ এম


আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন অভিনেত্রী জেনিফার

জনপ্রিয় টিভি অভিনেত্রী জেনিফার উইংগেট সম্পর্কে নতুন বিতর্ক তৈরি হয়েছে। নেটিজেনদের মধ্যে একটি অংশের ধারণা, তিনি দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি গুজব উঠেছে যে, সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী ইশমায়েল উইলিয়ামের সঙ্গে তার বাগদান সম্পন্ন হয়েছে।

গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, কিছুদিন ধরে জেনিফার এবং ইশমায়েল প্রেম করছেন। কানাঘুষো হচ্ছে যে, ইশমায়েল অভিনেত্রীকে একটি বিয়ের প্রস্তাব দিয়েছেন এবং অভিনেত্রী সম্মতি দিয়েছেন। ফলে এখন তারা বিয়ের প্রস্তুতি গ্রহণ করতেছেন।

এর আগে, জেনিফার উইংগেট ভারতীয় ছোট পর্দার অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাদের প্রথম সাক্ষাৎ ‘দিল মিল গায়ে’ টিভি শো-এর সেটে হয়েছিল। পরে, ২০১২ সালের এপ্রিল মাসে তারা বিয়ে করেছিলেন। কিন্তু দুই বছর পর, ২০১৪ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

এরপর, করণ সিং ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যালোন’ সিনেমার শুটিংয়ের সময় বিপাশা বসুর সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। ২০১৬ সালে, তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

অন্যদিকে, জেনিফার উইংগেট পুনরায় বিয়ের ব্যাপারে আগ্রহী ছিলেন না। তবে বর্তমানে বিয়ের গুজব নিয়ে তিনি আলোচনায় এসেছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ওয়েডিং ড্যান্সের ইনস্টাগ্রামে মন্তব্য করার পর থেকেই তার বিয়ের গুঞ্জন শুরু হয়েছে। ভক্তরা লক্ষ্য করেছেন যে, জেনিফার সামাজিক মাধ্যমে বিয়েসংক্রান্ত কিছু বিষয় ফলো করতে শুরু করেছেন। এই কারণে তার বিয়ের খবর আরও শক্তিশালী হয়েছে।

অন্য একটি প্রতিবেদনে জানা গেছে, ইশমায়েল এবং জেনিফার একসঙ্গে খুব খুশি রয়েছেন। তাদের মাঝে সত্যিই ভালোবাসা ও রসায়ন রয়েছে। এক ছুটির দিনে, ইশমায়েল জেনিফারকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এবং অভিনেত্রী সে প্রস্তাব গ্রহণ করেছেন। বর্তমানে তারা যোগাযোগের মাধ্যমে বিয়ের পরিকল্পনা করছেন।

এখন খবর পাওয়া যাচ্ছে যে, অভিনেত্রী একটি আয়োজক এবং ওয়েডিং সার্ভিসগুলোর তালিকা তৈরি করে ফেলেছেন। এমনকি একটি খসড়াও প্রস্তুত করেছেন।

জানা গেছে, তারা খ্রিস্টান রীতিতে বিয়ের পরিকল্পনা করছেন এবং সেপ্টেম্বর-অক্টোবর অথবা ডিসেম্বর-জানুয়ারি মধ্যে বিয়ের সময় বিবেচনা করছেন। তবে এখনো বিয়ের ভেন্যু নির্বাচন করা হয়নি, সেটি খোঁজা হচ্ছে। তাদের এই পরিকল্পনার কথা হার্লিন শেঠি ও জেনেলিয়া দেশমুখসহ ইন্ডাস্ট্রির বন্ধু ও ঘনিষ্ঠরা জানেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%