০৫:৫৪ এম
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা চাঁদে পুনরায় মানুষ পাঠানোর প্রস্তুতির অংশ হিসেবে বহুল প্রতীক্ষিত ‘আর্টেমিস ৩’ মহাকাশ অভিযানের নভোচারীদের নাম ঘোষণা করেছে।
মঙ্গলবার এক বিশেষ অনুষ্ঠানে জানানো হয়েছে, এই মিশনের মূল দলে চারজন নভোচারী থাকছেন— আন্দ্রে ডগলাস, ফ্রাঙ্ক রুবিও, লুকা পারমিতানো এবং র্যান্ডি ব্রেসনিক। এছাড়া মূল দলের বিকল্প হিসেবে জরুরি প্রয়োজনে দায়িত্ব পালনের জন্য অভিজ্ঞ টেস্ট পাইলট বব হাইন্টজকে রাখা হয়েছে।
আরও পড়ুন: পাকিস্তানে ভারত সমর্থিত গোষ্ঠীর ৯ সন্ত্রাসী নিহত
২০২৭ সালের শেষের দিকে নির্ধারিত এই দুই সপ্তাহের মিশনে নভোচারীরা মূলত বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা চালাবেন মহাকাশে এবং ভবিষ্যতের জন্য চাঁদে অবতরণের প্রস্তুতি হিসেবে মহাকাশযান ডকিংয়ের (একে অপরের সাথে যুক্ত করার প্রক্রিয়া) অনুশীলন করবেন।
ঘোষিত দলের মধ্যে কোনো নারী নভোচারী না থাকলেও, নির্বাচিত চারজনের রয়েছে বৈচিত্র্যময় ও দীর্ঘ অভিজ্ঞতা:
র্যান্ডি ব্রেসনিক (কমান্ডার): ৫৮ বছর বয়সী ব্রেসনিক এই দলের সবচেয়ে বয়স্ক সদস্য। তিনি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সাবেক টেস্ট পাইলট ও মেরিন কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালে নাসার স্পেস শাটল মিশনে অংশ নেয়া ব্রেসনিকই সেই দলের একমাত্র সদস্য যিনি বিখ্যাত শাটল কর্মসূচিতে কাজ করার অভিজ্ঞতা লাভ করেছেন। ২০১৭ সালে তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) কমান্ডারের দায়িত্ব পালন করেছেন।
আন্দ্রে ডগলাস (মিশন স্পেশালিস্ট): ৪০ বছর বয়সী ফ্লোরিডার এই প্রকৌশলীর জন্য এটি প্রথম মহাকাশ যাত্রা। এর আগে তিনি চাঁদের চারপাশে ঘুরে আসা ‘আর্টেমিস ২’ মিশনে বিকল্প নভোচারী হিসেবে ছিলেন। ডগলাসের এই যাত্রা একটি অনন্য ইতিহাস তৈরি করবে, কারণ তিনি মহাকাশে যেতেন এমন ইতিহাসের কয়েকশ মানুষের মধ্যে ২৪ জন আফ্রিকান-আমেরিকান (কৃষ্ণাঙ্গ) ব্যক্তিদের একজন হতে যাচ্ছেন।
আরও পড়ুন: ডিএনসিসি প্রশাসক: ফুটপাতে ব্যবসার পক্ষে কেউ নেই, সড়ক দখল উচ্ছেদে জনগণের সহযোগিতা জরুরি
ফ্রাঙ্ক রুবিও (মিশন স্পেশালিস্ট): ৫০ বছর বয়সী সালভাদোরান-আমেরিকান এই চিকিৎসক একসময় মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টার চালক ছিলেন। বর্তমানে মহাকাশে সবচেয়ে দীর্ঘ সময় (৩৭১ দিন) থাকার মার্কিন রেকর্ড তাঁর দখলে রয়েছে।
লুকা পারমিতানো (পাইলট): ৪৯ বছর বয়সী পারমিতানো এই মিশনের একমাত্র অ-মার্কিন নাগরিক। ইতালির পাতের্নোতে জন্ম নেয়া পারমিতানো তিনি নিজ দেশে বিমানবাহিনীর সদস্য ছিলেন। ২০১৯ সালে তিনি প্রথম ইতালীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন।
আর্টেমিস ৩ মিশনটি সরকারি ও বেসরকারি যৌথ অংশীদারিত্বে পরিচালিত হবে। এ অভিযানের অংশ হিসেবে মোট তিনটি রকেট উৎক্ষেপণ করা হবে। এর মধ্যে একটি রকেটে করে চার নভোচারী ‘ওরিয়ন’ মহাকাশযানে চড়ে পৃথিবীর কক্ষপথে পৌঁছাবেন। অন্য দুটি রকেটে যথাক্রমে জেফ বেজোসের ‘ব্লু অরিজিন’ এবং ইলন মাস্কের ‘স্পেসএক্স’ কোম্পানির তৈরি ল্যান্ডারের মডেল থাকবে। এই মহাকাশযানটি কক্ষপথে গিয়ে ঐ দুটি ল্যান্ডারের সাথে যুক্ত হওয়ার মহড়া চালাবে।
গত ২৮ মে ফ্লোরিডায় ব্লু অরিজিনের একটি মনুষ্যবিহীন ‘নিউ গ্লেন’ রকেট পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় বিস্ফোরিত হয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। বিস্ফোরণের ফলে কেপ কানাভেরালের উৎক্ষেপণ কেন্দ্রটিতে মারাত্মক ক্ষতি হয়।
আরও পড়ুন: ইসরাইলি আরব কারা, নির্বাচনে তারা কীভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠলো?
তবে নাসা এবং ব্লু অরিজিনের কর্মকর্তারা এই উদ্বেগকে উড়িয়ে দিয়েছেন। নাসার ভারপ্রাপ্ত ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর জেরেমি পারসন্স বলেন, “যেকোনো বিপর্যয় আমাদের জন্য শেখার সুযোগ। আমরা আত্মবিশ্বাসী যে ২০২৭ সালের নির্দিষ্ট সময়ের আগে নিউ গ্লেন রকেট আর্টেমিস ৩-এর জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে।”
এই মিশনের অন্যতম মূল লক্ষ্য হলো মহাকাশ গবেষণায় চীনের চেয়ে এগিয়ে থাকা। চীন ইতিমধ্যেই ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর ঘোষণা দিয়েছে এবং ২০২৪ সালে তারা ইতিহাসের প্রথম দেশ হিসেবে রোবটের মাধ্যমে চাঁদের দূরবর্তী অংশ (ফার সাইড) থেকে মাটির নমুনা সংগ্রহ করেছে।
যুক্তরাষ্ট্র ১৯৬৯ সালে অ্যাপোলো মিশনের মাধ্যমে প্রথম চাঁদে মানুষ পাঠিয়েছিল। বর্তমান ট্রাম্প প্রশাসন চান ২০২৯ সালের জানুয়ারিতে মেয়াদের শেষ হওয়ার আগেই মার্কিন নভোচারীদের পুনরায় চাঁদে নামাতে।
প্রাথমিক পরিকল্পনা ছিল আর্টেমিস ৩ মিশনের মাধ্যমে চাঁদের মাটিতে মানুষের নামার। তবে মহাকাশযাত্রায় নভোচারীদের জীবনের ঝুঁকি কমাতে এবং কারিগরি ত্রুটি এড়াতে গত ফেব্রুয়ারিতে কিছু পরিকল্পনা পরিবর্তন করা হয়েছে। বর্তমানে আর্টেমিস ৩ মিশনের পরিকল্পনা অনুযায়ী, এটি চাঁদের মাটিতে না নেমে পৃথিবীর নিম্ন কক্ষপথে থেকে পরীক্ষা-নিরীক্ষা করবে, যা পরবর্তী চন্দ্র অভিযানের ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেবে এবং ২০৩০ সালের আগে চীনের চেয়ে দ্রুত চাঁদে স্থায়ী ঘাঁটি গড়তে সহায়তা করবে।
আরও পড়ুন: সরকার অবাধ ও সুষ্ঠু স্থানীয় নির্বাচন উপহার দেবে: মীর শাহে আলম
তথ্যসূত্র: আল জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন