ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

সরকারি খেলার মাঠ দখল করে চাষাবাদের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে


সরকারি খেলার মাঠ দখল করে চাষাবাদের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি খাসজমিতে চাষাবাদ করে দখল নেওয়ার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর এক নেতার বিরুদ্ধে। স্থানীয় শিশু-কিশোর ও তরুণেরা দীর্ঘদিন ধরে চার বিঘা আয়তনের ওই জমিতে ফুটবল ও ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলা করে আসছিল। মাঠটি দখলমুক্ত করে খেলাধুলার জন্য সংরক্ষণের দাবিতে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ও শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার সলপ ইউনিয়নের নওকৈড় গ্রামে ট্রাক্টর দিয়ে মাঠটি চাষ করা হয় বলে অভিযোগ স্থানীয়দের।

অভিযুক্ত হেকমত আলী সরকার সলপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির। তিনি জমিটি নিজেদের বলে দাবি করেছেন। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও ইউনিয়ন পরিষদ প্রশাসনের কর্মকর্তাদের ভাষ্য, জমিটি সরকারি খাস খতিয়ানভুক্ত।

আরও পড়ুন: গণপূর্ত প্রতিমন্ত্রী: বাংলাদেশে সংখ্যালঘু শব্দের ব্যবহার নেই

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নওকৈড় গ্রামের শিশু-কিশোর ও তরুণেরা মাঠটি খেলাধুলার জন্য ব্যবহার করে আসছিল। গত বৃহস্পতিবার রাতে হেকমত আলী সরকারসহ কয়েকজন ট্রাক্টর দিয়ে জমিটি চাষ করে দখলে নেন। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা শুক্রবার বিক্ষোভ মিছিল করেন। তারা দ্রুত মাঠটি দখলমুক্ত করে খেলার জন্য সংরক্ষণের দাবি জানান।

সলপ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল হোসেন জানান, চার বিঘা আয়তনের জমিটি সরকারি খাস খতিয়ানভুক্ত। ভূমিহীনদের জন্য গুচ্ছগ্রাম নির্মাণের উদ্দেশ্যে ২০১৯ সালে তৎকালীন ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শওকত ওসমান সেখানে মাটি ভরাট করেছিলেন। তবে গুচ্ছগ্রাম নির্মাণ না হওয়ায় স্থানীয় শিশু-কিশোর ও তরুণেরা জায়গাটিকে খেলার মাঠ হিসেবে ব্যবহার করছিল।

জমিটি নিজেদের দাবি করে হেকমত আলী সরকার বলেন, আওয়ামী লীগের লোকজন তাদের জিম্মি করে জায়গাটি দখল করে মাটি ভরাট করেছিলেন। এখন তারা নিজেদের জায়গা দখলে নিয়ে চাষাবাদ করছেন। জমিটি নিয়ে মামলা চলমান রয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে, সলপ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবদুল মান্নান জমিটিকে সরকারি সম্পত্তি বলে উল্লেখ করেছেন। তিনি জানান, সাবেক ইউপি চেয়ারম্যান শওকত ওসমান গুচ্ছগ্রাম নির্মাণ প্রকল্পের আওতায় সেখানে মাটি ভরাট করেছিলেন। পরে জমিটি অব্যবহৃত থাকায় স্থানীয় শিশু-কিশোর ও তরুণেরা খেলাধুলার জন্য ব্যবহার করত। সরকারি জমি ব্যক্তিগত চাষাবাদে ব্যবহারের অভিযোগটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: আমরা সবাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ, শুধু যে যার ধর্ম পালন করছি: পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

তবে উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ শাহজাহান আলী বলেন, জায়গাটি খেলার মাঠ নয়। সেখানে সরকারি কিছু জমি ছিল, যা এলাকার লোকজন বিভিন্ন সময়ে লিজ নিয়ে চাষাবাদ করতেন। তাদের কাছে এ-সংক্রান্ত কাগজপত্রও রয়েছে বলে দাবি করেন তিনি।

শাহজাহান আলীর ভাষ্য, বিগত সরকারের আমলে সাবেক ইউপি চেয়ারম্যান শওকত ওসমান সেখানে আশ্রয়ণ প্রকল্প নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। মাটি ভরাটের সময় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এ নিয়ে মামলা হয়। বর্তমানে সেই মামলা প্রত্যাহার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, নওকৈড় গ্রামটি সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদে বিরোধীদলীয় হুইপ মওলানা রফিকুল ইসলাম খানের নিজ গ্রাম।

আরও পড়ুন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর মুক্তিযোদ্ধার গেজেটে অন্তর্ভুক্তির জন্য আবেদন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সর্দি-কাশি ও গাঁটে ব্যথা কমাতে পানপাতার উপকারিতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৮ এম


সর্দি-কাশি ও গাঁটে ব্যথা কমাতে পানপাতার উপকারিতা

ঋতু পরিবর্তনের ফলে আবহাওয়ার ওঠানামা শরীরে বিভিন্ন ধরনের অস্বস্তি সৃষ্টি করতে পারে। কখনো গরম, আবার কখনো ঠান্ডা- এমন পরিস্থিতিতে সর্দি-কাশি, গলায় খুসখুস কিংবা শ্বাসতন্ত্রের সংক্রমণের উপসর্গ দেখা দিতে পারে। এই সময় শরীরের যত্ন নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করাও অত্যন্ত জরুরি।

সর্দি-কাশির অস্বস্তি কমানোর জন্য অনেকেই ঘরোয়া উপায়ের ওপর নির্ভর করেন। প্রচলিত এসব উপায়ের মধ্যে পানপাতার ব্যবহার অন্যতম। অতিথি আপ্যায়নে পরিচিত এই পাতাটি দীর্ঘকাল ধরে লোকজ চিকিৎসা ও ঘরোয়া পরিচর্যায় ব্যবহৃত হয়ে আসছে। গলার অস্বস্তি, পেট ফাঁপা কিংবা গাঁটে ব্যথার মতো সমস্যায় পানপাতা ব্যবহারের বিভিন্ন প্রচলিত পদ্ধতি বিদ্যমান। তবে এসব পদ্ধতির কার্যকারিতা সম্পর্কে যথেষ্ট বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাই ব্যবহারের আগে সম্ভাব্য ঝুঁকি ও সতর্কতা সম্পর্কে জানা প্রয়োজন।

কাশির অস্বস্তিতে পানপাতা ও গোলমরিচ

গলায় খুসখুস, কাশির অস্বস্তি বা গলা বসে যাওয়ার সমস্যায় পানপাতার সঙ্গে গোলমরিচ, তুলসীপাতা ও মিছরি ব্যবহারের প্রচলন রয়েছে। লোকজ পদ্ধতিতে একটি পরিষ্কার পানপাতার সঙ্গে কয়েকটি গোলমরিচ, এক-দুটি তুলসীপাতা ও সামান্য মিছরি চিবিয়ে খাওয়ার কথা বলা হয়।

তবে কাশির পেছনে একাধিক কারণ থাকতে পারে। ভাইরাসজনিত সংক্রমণ, অ্যালার্জি কিংবা শ্বাসতন্ত্রের অন্যান্য সমস্যার কারণে কাশি হতে পারে। তাই শুধুমাত্র ঘরোয়া পদ্ধতির ওপর নির্ভর না করে উপসর্গের কারণ বোঝা জরুরি। কাশি যদি দীর্ঘস্থায়ী হয় বা ক্রমে বাড়তে থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। শ্বাসকষ্ট, বুকে ব্যথা কিংবা কাশির সঙ্গে রক্ত বের হলে দ্রুত চিকিৎসা নেওয়া প্রয়োজন।

পেট ফাঁপা ও হজমের সমস্যা

পেট ফাঁপা, পেটে ভারী ভাব বা হজমের অস্বস্তি কমাতে অনেকে জোয়ান ব্যবহার করেন। প্রচলিত একটি ঘরোয়া পদ্ধতিতে দুই-তিনটি পানপাতা পানিতে দিয়ে তার সঙ্গে সামান্য জোয়ান মিশিয়ে ফুটিয়ে নেওয়া হয়। পানি কিছুটা কমে এলে তা ঠান্ডা করে অল্প পরিমাণে পান করার কথা বলা হয়।

তবে পানপাতা ও জোয়ান দিয়ে তৈরি এই পানীয় হজমের সমস্যা বা কোষ্ঠকাঠিন্য কমায়— এমন দাবির পক্ষে পর্যাপ্ত নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই। পেটের অস্বস্তি বারবার দেখা দিলে এর কারণ নির্ণয় করা জরুরি।

হজমের স্বাভাবিক প্রক্রিয়া ঠিক রাখতে পর্যাপ্ত পানি পান, আঁশযুক্ত খাবার খাওয়া এবং নিয়মিত শরীরচর্চা সহায়ক হতে পারে। বিশেষ করে শিশুদের চিকিৎসকের পরামর্শ ছাড়া এ ধরনের ঘরোয়া মিশ্রণ খাওয়ানো উচিত নয়।

গাঁটে ব্যথায় সেঁক

আবহাওয়ার পরিবর্তনের সময় কারও কারও গাঁটে ব্যথা বা অস্বস্তি বাড়তে পারে। এ ধরনের ব্যথা কমাতে লোকজ পদ্ধতিতে পানপাতায় সামান্য সরিষার তেল মাখিয়ে হালকা গরম করে আক্রান্ত স্থানে সেঁক দেওয়ার প্রচলন রয়েছে। কেউ কেউ এর সঙ্গে হলুদও ব্যবহার করেন।

তবে পানপাতা, সরিষার তেল ও হলুদ দিয়ে সেঁক দিলে গাঁটের ব্যথা বা ফোলাভাব কমবে, এমন বৈজ্ঞানিক নিশ্চয়তা নেই। অতিরিক্ত গরম পাতা ত্বকে লাগালে পুড়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই এ ধরনের পদ্ধতি ব্যবহার করার সময় তাপমাত্রার বিষয়ে সতর্ক থাকতে হবে।

গাঁটে ব্যথা যদি দীর্ঘস্থায়ী হয়, আক্রান্ত স্থান ফুলে গেলে অথবা চলাফেরায় অসুবিধা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

ব্যবহারে যেসব সতর্কতা জরুরি

পানপাতার বিভিন্ন উপাদানের সম্ভাব্য স্বাস্থ্যগুণ নিয়ে গবেষণা হয়েছে। তবে কোনো উপাদানের সম্ভাব্য উপকারিতা নিয়ে গবেষণার ফল পাওয়া এবং ঘরোয়া পদ্ধতিতে তা ব্যবহার করে রোগ সারানো এক বিষয় নয়। তাই পানপাতাকে কোনো রোগের নিশ্চিত চিকিৎসা হিসেবে বিবেচনা করা উচিত নয়।

ঋতু পরিবর্তনে সুস্থ থাকতে যা করবেন

আবহাওয়ার পরিবর্তনের সময় সুস্থ থাকতে পর্যাপ্ত পানি পান, পুষ্টিকর খাবার খাওয়া, নিয়মিত বিশ্রাম এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা গুরুত্বপূর্ণ। সর্দি-কাশি হলে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নেওয়ার পাশাপাশি অন্যদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে সতর্ক থাকতে হবে।

যদি জ্বর দীর্ঘস্থায়ী হয়, শ্বাসকষ্ট দেখা দেয় অথবা শিশুর শ্বাস নিতে অসুবিধা হয়, তাহলে ঘরোয়া টোটকার ওপর নির্ভর না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। মনে রাখতে হবে, ঘরোয়া পদ্ধতি চিকিৎসার বিকল্প নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউএস-বাংলা এয়ারলাইনসে ট্রেইনি এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার নিচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৮ এম


ইউএস-বাংলা এয়ারলাইনসে ট্রেইনি এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার নিচ্ছে

দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস বিমান রক্ষণাবেক্ষণ খাতে পেশাগত ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য একটি চমৎকার নিয়োগের সুযোগ প্রদান করছে। প্রতিষ্ঠানটি 'ট্রেইনি এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার' (TAME) পদে জনবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা

আবেদনকারীদের জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা রয়েছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উভয় পরীক্ষায় মোট জিপিএ (GPA) কমপক্ষে ৪.৫০ থাকতে হবে। এছাড়া ইংরেজি, পদার্থবিজ্ঞান, গণিত ও রসায়ন-এই চারটি বিষয়ে প্রতিটিতে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।

জিসিই (O/A Level) পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন, তাদের ক্ষেত্রে পদার্থবিজ্ঞান, গণিত ও রসায়নে ন্যূনতম 'বি' (B) গ্রেড থাকতে হবে। এছাড়া, প্রকৌশল স্নাতক (B.Sc. in Engineering) ডিগ্রিধারীরাও এই পদে আবেদন করার সুযোগ পাবেন, যদি তারা উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা পূরণ করেন।

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ অক্টোবর, ২০২৬ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিমান রক্ষণাবেক্ষণ পেশায় নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ইচ্ছুক প্রার্থীরা ইউএস-বাংলা এয়ারলাইনসের এই বিশেষ নিয়োগ সুযোগটি গ্রহণ করতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বি-স্ট্রং প্রকল্পে কেনাকাটা ও তহবিল ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৯ এম


বি-স্ট্রং প্রকল্পে কেনাকাটা ও তহবিল ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ

বাংলাদেশ টেকসই পুনরুদ্ধার, জরুরি প্রস্তুতি ও প্রতিক্রিয়া প্রকল্পের (বি-স্ট্রং) আওতায় কেনাকাটা, দরপত্র, বিল-ভাউচার এবং তহবিল ব্যবস্থাপনায় বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, বাজারমূল্যের তুলনায় অধিক দামে পণ্য ক্রয়, ভুয়া বিল তৈরি, সরকারি গাড়ির ব্যক্তিগত ব্যবহারের পাশাপাশি নিয়োগে অনিয়মের মতো বিষয়গুলো প্রকল্পের সঙ্গে যুক্ত।

এ সকল অনিয়ম ও তহবিল তছরুপের অভিযোগের ফলে ভেতরে অসন্তোষ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তবে নিরাপত্তার কারণে গণমাধ্যমে নাম প্রকাশে কেউ কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে জানা গেছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) প্রকল্প পরিচালক (পিডি) সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে এসব অভিযোগ রয়েছে। তিনি অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, "প্রকল্পটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করছি।"

সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, পিডি প্রকল্পের কেনাকাটা, টেন্ডার প্রক্রিয়া, বিল-ভাউচার প্রস্তুত, সরকারি গাড়ির ব্যবহার এবং অফিসের সুযোগ-সুবিধা ব্যক্তিগত কাজে নির্বিঘ্নে ব্যবহার করছেন। এ বিষয়ে কারো আপত্তি তিনি আমলে নিচ্ছেন না। প্রতিবেদকের হাতে আসা কিছু দালিলিক প্রমাণ পর্যালোচনা করেও অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রের অভিযোগ, কেনাকাটা ও দরপত্র প্রক্রিয়ায় একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। প্রকল্প পরিচালকের আত্মীয়, পরিচিত ও ঘনিষ্ঠজনদের প্রতিষ্ঠানের প্যাড ব্যবহার করে পণ্য ও সরঞ্জাম কেনার অভিযোগও রয়েছে। নিরপেক্ষ ঠিকাদার কাজ পেলেও কমিশন না দিলে বিল আটকে রাখা কিংবা দরপত্র কার্যক্রম স্থগিতের উদ্যোগ নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট টেন্ডারের নথি, দরপত্র মূল্যায়ন প্রতিবেদন, কার্যাদেশ এবং পরিশোধের কাগজপত্র যাচাই করলে এসব অনিয়মের প্রমাণ পাওয়া যাবে।

বেশি দামে কেনার অভিযোগ

প্রকল্পের আওতায় এসি, আসবাব, কম্পিউটার, প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম কেনার ক্ষেত্রে বাজারমূল্যের সঙ্গে ক্রয়মূল্যের বড় ধরনের পার্থক্যের অভিযোগ উঠেছে। নির্দিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগসাজশ করে পণ্য কেনার অভিযোগও রয়েছে।

দেখা গেছে, একই ধরনের পণ্য ক্রয়ের ক্ষেত্রে সরকারি ক্রয়মূল্যের সঙ্গে প্রকৃত বাজারমূল্যের কোনো সামঞ্জস্য নেই। নিয়মিত কেনাকাটার বিল-ভাউচার পর্যালোচনায় নানা অনিয়মের চিত্র স্পষ্ট হয়েছে।

পিডির কার্যালয় যেন আবাসিক কক্ষ

বি-স্ট্রং প্রকল্প কার্যালয়ের ব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছে। সরেজমিনে দেখা গেছে, খামারবাড়িতে অবস্থিত প্রকল্প কার্যালয়ে রান্নাবান্নার ব্যবস্থা রয়েছে। সেখানে বৈদ্যুতিক চুলা ও পানি গরমের জন্য ওয়াটার হিটার ব্যবহার করা হচ্ছে। এছাড়া প্রকল্পের অর্থে অফিসের বাথরুম সংস্কার করে উন্নতমানের ঝরনা স্থাপনের তথ্যও পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর অভিযোগ, পরিবারের সঙ্গে সময় কাটানো, খাওয়া এবং গোসলসহ দৈনন্দিন নানা কার্যক্রম চলে পিডির অফিস কক্ষে। ফলে পিডির কার্যালয়টি কার্যত একটি আবাসিক কার্যালয়ে পরিণত হয়েছে। প্রশাসনিক শৃঙ্খলা রক্ষায় সিসিটিভি ফুটেজ, বিদ্যুৎ বিল এবং অফিস ব্যবহারের নথি পরীক্ষা করার জোরালো দাবি উঠেছে।

সরকারি গাড়ির ব্যক্তিগত ব্যবহার

প্রকল্পের তিনটি মাইক্রোবাসের মধ্যে একটি দাপ্তরিক কাজে ব্যবহৃত হলেও অন্যগুলো প্রকল্প পরিচালকের স্বামী, সন্তান ও পরিবারের সদস্যদের ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে। গাড়ির লগবুকে দাপ্তরিক সফরের তথ্য থাকলেও বাস্তবে ব্যক্তিগত কাজে সেগুলো ব্যবহার করা হয় বলে অভিযোগ উঠেছে।

এ ছাড়া সরকারি গাড়ি ব্যবহারের পাশাপাশি কোনো কোনো মাসে ২৫ হাজার টাকার বেশি ভ্রমণ ভাতা (টিএ-ডিএ) উত্তোলনের অভিযোগ রয়েছে। প্রকৃত ব্যয়ের তুলনায় বেশি বিল তৈরি এবং তা অনুমোদনে চাপ দেওয়ার অভিযোগও করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সংশ্লিষ্ট সময়ের ভ্রমণসূচি, অফিস আদেশ, গাড়ির লগবুক ও জ্বালানি বিল যাচাই করলেই এর সত্যতা মিলবে।

নিম্নমানের যন্ত্রপাতি সরবরাহ

প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে কৃষকদের মধ্যে বিতরণ করা যন্ত্রপাতির মান নিয়েও অভিযোগ রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে পুরোনো বা নিম্নমানের যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে, যার একটি বড় অংশ কৃষকদের হাতে পৌঁছানোর আগেই নষ্ট হয়ে পড়ে রয়েছে। এসব যন্ত্রপাতির স্পেসিফিকেশন, সরবরাহকারী প্রতিষ্ঠানের বিল ও গ্রহণের সনদ মাঠপর্যায়ে যাচাই করা জরুরি।

শ্রমিকের বেতন ও পরামর্শক নিয়োগে অনিয়ম

প্রকল্পের অনিয়মিত শ্রমিকদের ব্যাংক হিসাবের মাধ্যমে বেতন দেওয়ার নির্দেশনা থাকলেও তা অনুসরণ করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি প্রকল্পের ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট হিসেবে নিয়োগ পাওয়া আগা আজাহারুল ইসলামের নিয়োগপ্রক্রিয়া নিয়েও প্রশ্ন রয়েছে। অভিযোগ অনুযায়ী, প্রাথমিক মূল্যায়নে নির্ধারিত নম্বরের ভিত্তিতে পিছিয়ে থাকলেও আর্থিক লেনদেনের মাধ্যমে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

অভিযোগ অস্বীকার পিডির

অভিযোগের বিষয়ে বি-স্ট্রং প্রকল্পের পরিচালক সাবিনা ইয়াসমিন আমার দেশকে বলেন, "আমি সর্বোচ্চ চেষ্টা করি অফিসটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য। ব্যক্তিগত উদ্দেশ্য নিয়ে এখানে কাজ করি না। প্রকল্প কীভাবে ভালোভাবে চলবে, সেদিকেই সবার ধ্যান-জ্ঞান।"

ক্রয়প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, এ বিষয়ে তার ভালো দক্ষতা রয়েছে। তাই অনিয়ম করার সুযোগ নেই। দরপত্রে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, "কোনো ঠিকাদারকে আমি চেনেনা। প্রকল্পের কোনো কিছুই আমি ব্যক্তিগতভাবে বা পরিবারের সুবিধার জন্য ব্যবহার করি না।"

নিরপেক্ষ তদন্তের দাবি

প্রকল্পের কেনাকাটা, দরপত্র, বিল-ভাউচার, গাড়ি ও জ্বালানি ব্যবহার, ভ্রমণ ভাতা, যন্ত্রপাতি সরবরাহ এবং পরামর্শক নিয়োগ নিয়ে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের মতে, গত কয়েক বছরের দরপত্রের নথি, ক্রয়াদেশ, অর্থ পরিশোধের হিসাব, ব্যাংক লেনদেন, গাড়ির লগবুক ও মাঠপর্যায়ের সরবরাহের তথ্য নিরীক্ষা করলে প্রকৃত চিত্র বেরিয়ে আসবে।

এ বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের সচিব সেলিম খান আমার দেশকে বলেন, "প্রত্যেকটি প্রকল্পের অগ্রগতি মূল্যায়ন ও পর্যালোচনা করা হচ্ছে। কারও বিরুদ্ধে অসংগতি বা অনিয়ম পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

উল্লেখ্য, তিন বছর মেয়াদি বি-স্ট্রং প্রকল্পটি ২০২৫ সালের এপ্রিলে নেওয়া হয়। প্রকল্পটির মেয়াদ শেষ হবে ২০২৮ সালের জুনে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অংশে প্রকল্পটির বরাদ্দ ১৩১ কোটি ১৪ লাখ টাকা। এর অগ্রগতি কৃষি মন্ত্রণালয়ের গড় অগ্রগতির চেয়ে কম বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডুমসডে গ্লেসিয়ার দ্রুত গলছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৯ এম


ডুমসডে গ্লেসিয়ার দ্রুত গলছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির শঙ্কা

অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ, যা ‘ডুমসডে গ্লেসিয়ার’ নামে পরিচিত, বিজ্ঞানীদের পূর্ববর্তী অনুমানের তুলনায় দ্রুত গলছে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, চলতি শতাব্দীর শেষ নাগাদ এই হিমবাহ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা পূর্বের হিসাবের প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেতে পারে।

নতুন মডেলের তথ্য অনুযায়ী, শুধুমাত্র এই হিমবাহের গলনের ফলে ২১০০ সাল নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১ দশমিক ২ ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এর ফলে বিশ্বজুড়ে উপকূলীয় অঞ্চলে বন্যার ঝুঁকি আরও বৃদ্ধি পাবে বলে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন।

পশ্চিম অ্যান্টার্কটিকায় অবস্থিত থোয়াইটস হিমবাহ বিশ্বের সবচেয়ে প্রশস্ত হিমবাহ হিসেবে পরিচিত। এটি কয়েক দশক ধরে গলছে এবং পেছাচ্ছে। এর গলনের ফলে বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে প্রায় ৪ শতাংশ অবদান রয়েছে। যদি হিমবাহটি সম্পূর্ণরূপে ধসে পড়ে, তবে এর বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দুই ফুটের বেশি বৃদ্ধি পেতে পারে।

তবে ঝুঁকি শুধু এই হিমবাহের বরফ গলার মধ্যে সীমাবদ্ধ নয়। থোয়াইটস অ্যান্টার্কটিকার বিশাল বরফস্তরকে আটকে রাখার ভূমিকা পালন করে। এটি ভেঙে পড়লে এর পেছনে থাকা বরফ দ্রুত সমুদ্রে প্রবাহিত হতে পারে। দীর্ঘমেয়াদে এতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় ১০ ফুট পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে ফিলিপিন্সের ম্যানিলা পর্যন্ত বহু উপকূলীয় এলাকা হুমকির মুখে ফেলতে পারে।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, আরভাইন এবং নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির গবেষকরা হিমবাহের গলন ও বরফস্তরের পরিবর্তন বোঝার জন্য নতুন একটি মডেল তৈরি করেছেন। এই মডেলে হিমবাহের নিচে সমুদ্রের পানির চলাচল এবং এর ফলে বরফ গলার প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়া হয়েছে। গবেষণাটি সোমবার নেচার কমিউনিকেশন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

হিমবাহের যে অংশ সমুদ্রতল ছেড়ে উঠে ভাসমান বরফস্তরে পরিণত হয়, তাকে গ্রাউন্ডিং লাইন বলা হয়। উপগ্রহের তথ্য থেকে বিজ্ঞানীরা দেখেছেন, এ অঞ্চলের নিচে কখনো কখনো কয়েক মাইলজুড়ে বিস্তৃত একটি এলাকা থাকে। জোয়ার-ভাটার সঙ্গে সমুদ্রের পানি সেখানে ঢোকে ও বেরিয়ে যায়। এতে বরফস্তর ওঠানামা করে এবং তুলনামূলক উষ্ণ পানি হিমবাহের নিচে অনেক দূর পর্যন্ত পৌঁছে যায়। এই প্রক্রিয়ায় বরফ দ্রুত গলে।

নতুন মডেলে এই প্রক্রিয়াটি যুক্ত করার ফলে হিমবাহটির সম্ভাব্য গলন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হিসাব আগের চেয়ে বেশি এসেছে। গবেষকদের পূর্বাভাস অনুযায়ী, বৈশ্বিক উষ্ণতা আর না বাড়লেও ২১০০ সাল নাগাদ থোয়াইটস হিমবাহ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১ দশমিক ২ ইঞ্চি পর্যন্ত বাড়তে পারে। এটি আগের হিসাবের প্রায় দ্বিগুণ।

হিমবাহের নিচের ভূমি সমুদ্রের দিকে ক্রমে ঢালু হয়ে নেমেছে। ফলে বরফ গলে গেলে উষ্ণ পানির সংস্পর্শে আরো বেশি বরফ আসবে, যা গলনের গতি বাড়াতে পারে। সমুদ্রতলের দুটি উঁচু শৈলশিরা বর্তমানে হিমবাহটিকে আটকে রেখেছে। কিন্তু বরফ গলার কারণে এই বাধা দুর্বল হয়ে পড়ছে।

গবেষকদের হিসাবে, চলতি শতাব্দীর শেষ নাগাদ হিমবাহটি মুজিনো রিজ নামের একটি শৈলশিরা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা ৬০ শতাংশ। এ ধরনের ঘটনা ঘটলে ঢালু সমুদ্রতল ধরে হিমবাহটি দ্রুত পেছাতে পারে এবং পরবর্তী বড় শৈলশিরায় গিয়ে থামতে পারে।

গবেষণাটির প্রধান লেখক ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, আরভাইনের অধ্যাপক এরিক রিগনো বলেন, নতুন হিসাব অনুযায়ী, আগামী কয়েক দশকে উপকূলীয় এলাকাগুলোতে বন্যার ঝুঁকি ও মানুষের বিপদের আশঙ্কা আগের ধারণার চেয়ে বেশি।

গবেষণায় যুক্ত ছিলেন না এমন বিজ্ঞানী টেড স্ক্যাম্বোসের মতে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির পূর্বাভাস তৈরিতে এই গবেষণা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে আরো গবেষণা দরকার। বিশেষ করে হিমবাহের নিচের অবস্থা সম্পর্কে সরাসরি তথ্য সংগ্রহ করা জরুরি।

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের সামুদ্রিক ভূ-পদার্থবিদ রবার্ট লার্টারও বলেছেন, হিমবাহের নিচের গ্রাউন্ডিং অঞ্চলে কীভাবে বিভিন্ন প্রক্রিয়া কাজ করে, তা আরো ভালোভাবে জানতে হবে। তার মতে, গবেষণাপত্রে যে চিত্র তুলে ধরা হয়েছে, বাস্তবে থোয়াইটস হিমবাহের নিচের পরিবেশ তার চেয়ে বেশি জটিল।

এ বিষয়ে আরো তথ্য সংগ্রহ করতে বিজ্ঞানীরা ২০২৮ সালে হিমবাহের গ্রাউন্ডিং লাইনে গিয়ে যন্ত্র স্থাপনের পরিকল্পনা করছেন। এসব যন্ত্র দিয়ে হিমবাহের নিচে সমুদ্রের পানি কীভাবে ঢোকে ও বেরিয়ে যায়, তা রেকর্ড করা হবে।

রিগনো বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সংবেদনশীল বরফস্তরগুলোর ওপর কী প্রভাব পড়ছে, তা বিজ্ঞানীরা কয়েক দশক ধরেই জানেন। তবে হিমবাহের নিচের পরিস্থিতি সম্পর্কে সাম্প্রতিক নতুন তথ্য উদ্বেগ বাড়িয়েছে। পৃথিবীকে উষ্ণ করে এমন দূষণ এখনই কমানো জরুরি। তা সত্ত্বেও অতীতে ঘটে যাওয়া ক্ষতির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আরও বাড়বে বলে আশঙ্কা রয়েছে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%