বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০২:৩৮ পি.এম
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে ৭০০ গ্রাম গাঁজাসহ আবু কালাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শশীভুষন থানা পুলিশ। গতকাল ২৫ নভেম্বর বুধবার সন্ধ্যায় শশীভূষন থানাধীন এওয়াজপুর ইউনিয়নের মৃধা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষণ থানার এএসআই খলিল হাসান ও এএসআই পিন্টুর নেতৃত্বে পুলিশের একটি দল মৃধা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৭০০ গ্রাম গাঁজাসহ আবু কালামকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আবু কালাম ভোলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেলোয়ার হোসেন রাঢ়ীর ছেলে।
পুলিশের এই অভিযানে মাদকদ্রব্য উদ্ধার ও একজনকে গ্রেফতারের ঘটনায় স্থানীয় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। মাদকের বিস্তার রোধে পুলিশের এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।
মাদকদ্রব্যের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা জরুরি।
এবিষয়ে শশীভুষন থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ব্যবসায়ী আবু কালাম কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে,জনস্বার্থে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ) দাবি করেছে, পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত ওয়েব সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেত লো’ ভারতে নিষিদ্ধ করতে। এ বিষয়ে সংগঠনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি দিয়েছে। তারা একই সঙ্গে পাকিস্তানি সিনেমা, সিরিজ এবং অন্যান্য বিনোদনমূলক কনটেন্টের প্রচার বন্ধে কঠোর শাস্তির বিধানসহ একটি স্থায়ী আইন প্রণয়নের দাবি করেছে।
বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার রাতে মোদিকে পাঠানো চিঠিতে এআইসিডব্লিউএ বলেছে, "পাকিস্তানের কোনো মুখ, কণ্ঠ বা গল্পের জায়গা ভারতের পর্দায় নেই।" সংগঠনটির সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত চিঠিতে স্বাক্ষর করেছেন এবং এর অনুলিপি ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং নেটফ্লিক্স ইন্ডিয়াকে প্রদান করা হয়েছে।
চিঠিতে সংগঠনটি চারটি দাবি উত্থাপন করেছে। প্রথমত, ৪ ডিসেম্বর বা পরবর্তী কোনো তারিখে সিরিজটি ভারতে প্রচার না করা। দ্বিতীয়ত, ওটিটি প্ল্যাটফর্মগুলোকে ২০২৫ সালের ৮ মে জারি করা নির্দেশনা কঠোরভাবে মানতে বাধ্য করা। তৃতীয়ত, টেলিভিশন, স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে পাকিস্তানি কনটেন্ট, শিল্পী ও প্রযোজনা নিষিদ্ধ করতে স্থায়ী আইন করা। চতুর্থত, এ বিষয়ে নেটফ্লিক্স ইন্ডিয়াসহ অন্যান্য প্ল্যাটফর্মের অবস্থান স্পষ্ট করা।
চিঠিতে ২০১৯ সালের পুলওয়ামা হামলা এবং ২০২৫ সালের ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলার প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে। এআইসিডব্লিউএর বক্তব্য, সিরিজটি ভারতে প্রচার করা হলে তা ভারতের জাতীয় আবেগ ও সরকারি নির্দেশনার পরিপন্থী হবে। সংগঠনটি এক্সে একটি পোস্টে লিখেছে, "সন্ত্রাসের কোনো করতালি নেই, সবার আগে দেশ।"
ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ২০২৫ সালের ৮ মে দেশটিতে কার্যক্রম পরিচালনাকারী ওটিটি প্ল্যাটফর্ম, স্ট্রিমিং পরিষেবা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পাকিস্তানি উৎসের কনটেন্ট প্রচার বন্ধের নির্দেশ দিয়েছিল। এআইসিডব্লিউএর দাবি, নেটফ্লিক্স সিরিজটি প্রচার করলে ওই নির্দেশনা লঙ্ঘিত হবে। রয়টার্স জানিয়েছে, পাকিস্তানি কনটেন্ট ভারতের স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে প্রচারিত হয় না; তবে ইউটিউবে দেশটির কয়েকটি সিরিজ পাওয়া যায়।
এদিকে, ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ও নেটফ্লিক্সকে ২০২৫ সালের নির্দেশনা মেনে চলার কথা জানিয়েছে। ২৬ নভেম্বর প্রকাশিত ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি উৎসের কোনো কনটেন্ট ভারতে প্রচার না করার বিষয়টি নিশ্চিত করতে প্ল্যাটফর্মটিকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে নেটফ্লিক্সের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
‘জো বাচে হ্যায় সাং সামেত লো’ সিরিজটির প্রথম পর্ব আগামী ৪ ডিসেম্বর বিশ্বজুড়ে নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা। পাকিস্তানি লেখক ফারহাত ইশতিয়াকের একই নামের উর্দু উপন্যাস অবলম্বনে নির্মিত সিরিজটি নেটফ্লিক্সের প্রথম উর্দু ভাষার সিরিজ। এতে ফাওয়াদ খান, মাহিরা খান, সানাম সাঈদ, হানিয়া আমিরসহ একাধিক পাকিস্তানি অভিনেতা অভিনয় করেছেন। ছয়টি যুগলের প্রেম ও সম্পর্কের গল্প নিয়ে সিরিজটি নির্মিত হয়েছে।
ভারতে সিরিজটি প্রচার করা হবে কি না, সে বিষয়ে নেটফ্লিক্স এখনো প্রকাশ্যে কিছু জানায়নি। রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে নেটফ্লিক্স ও ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি। তথ্যসূত্র: রয়টার্স
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ "রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করেন। প্রদর্শনীতে মোট ২৫টি স্টল স্থাপন করা হয়েছে।
মেলা বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে গরু, ছাগল, কবুতর, খরগোশ, হাঁস, পোষা বিড়ালসহ বিভিন্ন প্রজাতির পশুপাখি স্থান পেয়েছে। এছাড়াও, প্রাণিসম্পদ প্রযুক্তি কর্নার এবং বিনামূল্যে ভেটেরিনারি চিকিৎসাসেবা ক্যাম্পও রয়েছে।
জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এর সভাপতিত্বে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিহির কান্তি বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা সাধন চন্দ্র সরকার, মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু বকর বক্তব্য রাখেন। এ সময় প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান, জেলার বিভিন্ন খামারি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা প্রদর্শনীস্থলে গিয়ে শেষ হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের নিচে এসে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কোড্ডা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত নারীর বয়স আনুমানিক ৮০ বছর বলে ধারণা করা হচ্ছে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. আব্দুল কুদ্দুস জানান, খবর পাওয়ার পর রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন। তবে তার পরিচয় এখনো জানা যায়নি।
ওসি আরো বলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) নিহত নারীর পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চালাচ্ছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে আয়োজিত পাঁচ দিনব্যাপী ধর্মীয় ও সেবামূলক কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের হাতে খাতা ও কলমসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। আশ্রম সূত্রে জানা গেছে, এ বছর কাউখালীসহ দেশের ২৬টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর মধ্যে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও শিক্ষানুরাগী বদরুদ্দোজা মিঞাসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের পক্ষে উপস্থিত ছিলেন বাদল দাস, লিটন কৃষ্ণ কর, অসীম কুমার দাস ও স্বপন বিশ্বাস।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই শ্রীগুরু সঙ্ঘ আশ্রম আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করা এবং অর্থাভাবে যেন কারও পড়াশোনা থেমে না যায়, সেই লক্ষ্যে প্রতি বছর শিক্ষার্থীদের উৎসাহ দিতে এ কার্যক্রম পরিচালনা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সমাজসেবামূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান আশ্রম কর্তৃপক্ষ।
নতুন শিক্ষা উপকরণ হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা; পাশাপাশি আশ্রম কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান অভিভাবকরা।
উল্লেখ্য, শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে আশ্রমের পক্ষ থেকে বস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা ও চক্ষু শিবিরসহ নানা সেবামূলক কর্মসূচি পালন করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ