বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০২:৪০ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের নিচে এসে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কোড্ডা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত নারীর বয়স আনুমানিক ৮০ বছর বলে ধারণা করা হচ্ছে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. আব্দুল কুদ্দুস জানান, খবর পাওয়ার পর রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন। তবে তার পরিচয় এখনো জানা যায়নি।
ওসি আরো বলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) নিহত নারীর পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চালাচ্ছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে আয়োজিত পাঁচ দিনব্যাপী ধর্মীয় ও সেবামূলক কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের হাতে খাতা ও কলমসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। আশ্রম সূত্রে জানা গেছে, এ বছর কাউখালীসহ দেশের ২৬টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর মধ্যে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও শিক্ষানুরাগী বদরুদ্দোজা মিঞাসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের পক্ষে উপস্থিত ছিলেন বাদল দাস, লিটন কৃষ্ণ কর, অসীম কুমার দাস ও স্বপন বিশ্বাস।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই শ্রীগুরু সঙ্ঘ আশ্রম আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করা এবং অর্থাভাবে যেন কারও পড়াশোনা থেমে না যায়, সেই লক্ষ্যে প্রতি বছর শিক্ষার্থীদের উৎসাহ দিতে এ কার্যক্রম পরিচালনা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সমাজসেবামূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান আশ্রম কর্তৃপক্ষ।
নতুন শিক্ষা উপকরণ হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা; পাশাপাশি আশ্রম কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান অভিভাবকরা।
উল্লেখ্য, শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে আশ্রমের পক্ষ থেকে বস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা ও চক্ষু শিবিরসহ নানা সেবামূলক কর্মসূচি পালন করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খোরশেদ আলম শিমুল
চট্টগ্রাম (উত্তর), ২৬ নভেম্বর, ২০২৬ : হাটহাজারী’র পাঁচকড়ি জমিদার বাড়ি, যা স্থানীয়ভাবে লালাচন্দ্র জমিদার বাড়ি নামেও পরিচিত, ব্রিটিশ আমলের স্থাপত্য শৈলীর একটি অনন্য নিদর্শন। জমিদার বাড়ির পোড়ামাটির নকশার দেয়ালগুলো বর্তমানে শ্যাওলা ও আগাছায় আবৃত হয়ে পড়েছে। বাড়ির পাশে অবস্থিত একটি মন্দির এবং একটি গেস্ট হাউস (কাচারিঘর) আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই ২শ’ বছরের পুরনো পাঁচকড়ি জমিদার বাড়িটি রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এর বর্তমান মালিকরা আর্থিক সংকটের কারণে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করতে পারছেন না।
জানা গেছে, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নে ১ দশমিক ৫ একর জমির ওপর এই বাড়িটির বিশাল স্থাপনা অবস্থিত। এতে ছয়টি বেড রুম, একটি রান্নাঘর, একটি ড্রয়িং রুম, একটি ঘোড়ার আস্তাবল, গোসলের জায়গা, দু’টি পুকুর, একটি দুর্গা মন্দির, একটি পৃথক অতিথিশালা এবং একটি দ্বিতল ভবন রয়েছে।
১৮৭০ থেকে ১৮৮০ সালের মধ্যে জমিদার অপর্ণাচরণ রায় চৌধুরী এই দ্বিতল বাড়িটির নির্মাণ কাজ শুরু করেন। অপর্ণাচরণ রায়ের মৃত্যুর পর তার পুত্র মনমোহন রায় চৌধুরী, যিনি পাঁচকড়ি নামে পরিচিত, বাড়িটির নির্মাণ কাজ সম্পন্ন করেন। ১৯৪৯ সালে পাঁচকড়ি জমিদার পরলোকগমন করেন।
জনশ্রুতি ও বংশধরদের তথ্যমতে, তাদের পূর্ব পুরুষ লালা-লাল চন্দ্র রায় ভারতের পাঞ্জাব থেকে চট্টগ্রামে এসে বসতি স্থাপন করেছিলেন। ১৯৪৭ সালের দেশ বিভাগের পর জমিদার পরিবারের অনেক সম্পত্তি হাতছাড়া হয়ে যায়। বর্তমানে জমিদারের চতুর্থ বংশধর অংশুমান রায় চৌধুরী ও তার পরিবার জরাজীর্ণ এই ভবনটির একটি অংশে বসবাস করছেন।
দীর্ঘদিন সংস্কারের অভাবে ভবনটির অনেক অংশই ভগ্নপ্রায় হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দারা সরকারের কাছে এই ঐতিহাসিক স্থাপনাটিকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে ঘোষণা ও সংরক্ষণের দাবি জানিয়ে আসছেন।
চট্টগ্রাম শহর থেকে অক্সিজেন মোড় হয়ে হাটহাজারী রোড ধরে আমান বাজার বা শিকারপুর ইউনিয়নে যেতে হবে। আমান বাজার সংলগ্ন পাঁচকড়ি চৌধুরী এলাকায় এই জমিদার বাড়িটির অবস্থান।
জমিদার বাড়ির ভেতরে প্রবেশ করলেই দেখা যায় এল প্যাটার্নের একটি দ্বিতল বাড়ি। ভবনগুলো একেবারে ক্ষয়ে গেছে, তবে বাড়ির একটি লম্বা অংশ কিছুটা ভালো অবস্থায় রয়েছে। বাড়ির স্থাপত্য শৈলী নির্দেশ করছে, এটি বনেদি বাড়ি। বাড়ির উত্তর পাশে কাঠের একটি মন্দির রয়েছে, যার কাঠের কারুকাজ এখনো দারুণ।
এই বাড়িতে বসবাস করছেন পাঁচকড়ি জমিদার বাড়ির চতুর্থ বংশধর অংশুমান রায় চৌধুরী ও তার পরিবার। তাদের সঙ্গে কথোপকথনে জানা যায়, পাঁচকড়ি জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে।
ভেতরে কাঠের সিঁড়িগুলো বেশ সুন্দর। পুরো বাড়ির চত্বর অত্যন্ত নির্জন। বড় বড় গাছ এবং পাখির কলকাকলিতে মুখর। জমিদার বাড়ির ভিতরে নীরবতা বিরাজ করছে। এত বড় বাড়িতে বর্তমানে মাত্র চারজন লোক বসবাস করছেন।
অংশুমান রায় চৌধুরী জানান, এই জমিদার বাড়ির নির্মাতা অর্পণাচরণ রায় চৌধুরী। যদিও জমিদার বাড়িটি অর্পণাচরণ রায় চৌধুরী নির্মাণ করেন, তবে তার পুত্র পাঁচকড়ি রায় চৌধুরী তথা মনমোহন রায় চৌধুরীর নামেই এটি অধিক পরিচিত।
পাঁচকড়ি মনমোহন রায় চৌধুরীর ডাক নাম। পূর্ব পুরুষ লালা-লাল চন্দ্র রায় তৎকালীন মোগল ভারতের পাঞ্জাব থেকে এসেছেন বলে ধারণা করা হয়। অংশুমান রায় চৌধুরী বলেন, ‘এটি জমিদারের গ্রামের বাড়ি’। চট্টগ্রাম শহরে আরো ৩১টি বাড়ি ছিল। বাড়িগুলো হাতবদল হয়েছে। আমাদের পরিবারের ট্র্যাজেডি হলো, কেউ ৫০ বছরের বেশি বাঁচেন না। ফলে নাবালক সম্পত্তি হিসেবে অনেক বাড়ি আমাদের হাতছাড়া হয়ে গেছে।
তিনি জানান, চট্টগ্রাম অপর্ণাচরণ সিটি কর্পোরেশন গার্লস হাই স্কুল, চট্টগ্রাম শহরে নন্দন কানন এলাকায় অবস্থিত। এটি ১৯২৭ সালে প্রতিষ্ঠিত। এছাড়া শিকারপুর ইউনিয়নের লালাচন্দ্র বিল এই জমিদারির পূর্ব-পুরুষের স্মৃতি বহন করে।
জমিদার বাড়িতে ঢুকতেই দেখা গেলো তাদের বাড়ির সমাধিক্ষেত্র মঠ। মঠমন্দিরের জমিদারির সূচনাকারী অর্পণাচরণ রায় চৌধুরীর সমাধি।
সাবেক ইউপি সদস্য লোকমান হাকিম বাসস’কে বলেন, ‘এটি উপনিবেশিক যুগের স্থাপত্যের একটি আকর্ষণীয় নমুনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এটিকে রক্ষণাবেক্ষণ করা উচিত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম—উভয় উপকূলকে ঝড় আঘাত করেছে, ফলে লাখো মানুষের থ্যাংকসগিভিং উদযাপনের জন্য ভ্রমণ জটিল হয়ে পড়েছে। পূর্ব উপকূলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাসের কারণে নিউ ইয়র্ক সিটির ‘মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড’ ইতিহাসে প্রথমবারের মতো স্থগিত করতে বাধ্য হয়েছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বুধবার ৬ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং প্রায় ১৫০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ার পর ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন-এফএএ মায়ামি বিমানবন্দরে উড্ডয়ন স্থগিতাদেশ তুলে নিলেও সেখানে এখনও ফ্লাইট বিলম্ব অব্যাহত রয়েছে।
পশ্চিম উপকূলে মারাত্মক উপকূলীয় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সান ফ্রান্সিসকোর দক্ষিণে প্যাসিফিকায় আছড়ে পড়া ঢেউয়ের তোড়ে একটি জেটির একাংশ ধসে পড়েছে এবং সান দিয়েগোর আশপাশে ভরা জোয়ারে পানির উচ্চতা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
পূর্ব উপকূলে ২০১২ সালের সুপারস্টর্ম স্যান্ডির পর পানির সর্বোচ্চ উচ্চতা দেখা যেতে পারে; প্রবল বাতাসের কারণে ডেলাওয়্যার এবং নিউ জার্সির বিভিন্ন এলাকায় বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকি রয়েছে।
সিএনএন ওয়েদারের একটি পূর্বাভাস মডেলে বুধবার বিকেল থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও তুষারপাতের চিত্র দেখানো হয়েছে।
প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাসের কারণে ১০০তম ‘মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড’ পিছিয়ে শনিবার নেওয়া হয়েছে।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, চরম আবহাওয়ার কারণে এটি স্থগিত করতে হয়েছে এবং পূর্বনির্ধারিত একটি ছোট অস্ত্রোপচারের কারণে তিনি এবারের প্যারেডে উপস্থিত থাকতে পারবেন না।
মেসিস কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এর পরিবর্তে এনবিসি আজ ২০২৫ সালের প্যারেডটি সম্প্রচার করবে। এদিকে, ফিলাডেলফিয়ার থ্যাংকসগিভিং ডে প্যারেড বাতিল করা হয়েছে এবং এর বদলে টেলিভিশনে একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে।
সূত্র : সিএনএন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ও এলাকার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয়ে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল তাঁর পরিদর্শন কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
🎉 উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি ফিতা কেটে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শন কক্ষটি এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা ও বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
🤝 জনগণের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি, জনদুর্ভোগ লাঘব এবং এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখাই হোক এই উদ্যোগের মূল লক্ষ্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ