প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খোরশেদ আলম শিমুল
চট্টগ্রাম (উত্তর), ২৬ নভেম্বর, ২০২৬ : হাটহাজারী’র পাঁচকড়ি জমিদার বাড়ি, যা স্থানীয়ভাবে লালাচন্দ্র জমিদার বাড়ি নামেও পরিচিত, ব্রিটিশ আমলের স্থাপত্য শৈলীর একটি অনন্য নিদর্শন। জমিদার বাড়ির পোড়ামাটির নকশার দেয়ালগুলো বর্তমানে শ্যাওলা ও আগাছায় আবৃত হয়ে পড়েছে। বাড়ির পাশে অবস্থিত একটি মন্দির এবং একটি গেস্ট হাউস (কাচারিঘর) আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই ২শ’ বছরের পুরনো পাঁচকড়ি জমিদার বাড়িটি রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এর বর্তমান মালিকরা আর্থিক সংকটের কারণে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করতে পারছেন না।
জানা গেছে, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নে ১ দশমিক ৫ একর জমির ওপর এই বাড়িটির বিশাল স্থাপনা অবস্থিত। এতে ছয়টি বেড রুম, একটি রান্নাঘর, একটি ড্রয়িং রুম, একটি ঘোড়ার আস্তাবল, গোসলের জায়গা, দু’টি পুকুর, একটি দুর্গা মন্দির, একটি পৃথক অতিথিশালা এবং একটি দ্বিতল ভবন রয়েছে।
১৮৭০ থেকে ১৮৮০ সালের মধ্যে জমিদার অপর্ণাচরণ রায় চৌধুরী এই দ্বিতল বাড়িটির নির্মাণ কাজ শুরু করেন। অপর্ণাচরণ রায়ের মৃত্যুর পর তার পুত্র মনমোহন রায় চৌধুরী, যিনি পাঁচকড়ি নামে পরিচিত, বাড়িটির নির্মাণ কাজ সম্পন্ন করেন। ১৯৪৯ সালে পাঁচকড়ি জমিদার পরলোকগমন করেন।
জনশ্রুতি ও বংশধরদের তথ্যমতে, তাদের পূর্ব পুরুষ লালা-লাল চন্দ্র রায় ভারতের পাঞ্জাব থেকে চট্টগ্রামে এসে বসতি স্থাপন করেছিলেন। ১৯৪৭ সালের দেশ বিভাগের পর জমিদার পরিবারের অনেক সম্পত্তি হাতছাড়া হয়ে যায়। বর্তমানে জমিদারের চতুর্থ বংশধর অংশুমান রায় চৌধুরী ও তার পরিবার জরাজীর্ণ এই ভবনটির একটি অংশে বসবাস করছেন।
দীর্ঘদিন সংস্কারের অভাবে ভবনটির অনেক অংশই ভগ্নপ্রায় হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দারা সরকারের কাছে এই ঐতিহাসিক স্থাপনাটিকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে ঘোষণা ও সংরক্ষণের দাবি জানিয়ে আসছেন।
চট্টগ্রাম শহর থেকে অক্সিজেন মোড় হয়ে হাটহাজারী রোড ধরে আমান বাজার বা শিকারপুর ইউনিয়নে যেতে হবে। আমান বাজার সংলগ্ন পাঁচকড়ি চৌধুরী এলাকায় এই জমিদার বাড়িটির অবস্থান।
জমিদার বাড়ির ভেতরে প্রবেশ করলেই দেখা যায় এল প্যাটার্নের একটি দ্বিতল বাড়ি। ভবনগুলো একেবারে ক্ষয়ে গেছে, তবে বাড়ির একটি লম্বা অংশ কিছুটা ভালো অবস্থায় রয়েছে। বাড়ির স্থাপত্য শৈলী নির্দেশ করছে, এটি বনেদি বাড়ি। বাড়ির উত্তর পাশে কাঠের একটি মন্দির রয়েছে, যার কাঠের কারুকাজ এখনো দারুণ।
এই বাড়িতে বসবাস করছেন পাঁচকড়ি জমিদার বাড়ির চতুর্থ বংশধর অংশুমান রায় চৌধুরী ও তার পরিবার। তাদের সঙ্গে কথোপকথনে জানা যায়, পাঁচকড়ি জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে।
ভেতরে কাঠের সিঁড়িগুলো বেশ সুন্দর। পুরো বাড়ির চত্বর অত্যন্ত নির্জন। বড় বড় গাছ এবং পাখির কলকাকলিতে মুখর। জমিদার বাড়ির ভিতরে নীরবতা বিরাজ করছে। এত বড় বাড়িতে বর্তমানে মাত্র চারজন লোক বসবাস করছেন।
অংশুমান রায় চৌধুরী জানান, এই জমিদার বাড়ির নির্মাতা অর্পণাচরণ রায় চৌধুরী। যদিও জমিদার বাড়িটি অর্পণাচরণ রায় চৌধুরী নির্মাণ করেন, তবে তার পুত্র পাঁচকড়ি রায় চৌধুরী তথা মনমোহন রায় চৌধুরীর নামেই এটি অধিক পরিচিত।
পাঁচকড়ি মনমোহন রায় চৌধুরীর ডাক নাম। পূর্ব পুরুষ লালা-লাল চন্দ্র রায় তৎকালীন মোগল ভারতের পাঞ্জাব থেকে এসেছেন বলে ধারণা করা হয়। অংশুমান রায় চৌধুরী বলেন, ‘এটি জমিদারের গ্রামের বাড়ি’। চট্টগ্রাম শহরে আরো ৩১টি বাড়ি ছিল। বাড়িগুলো হাতবদল হয়েছে। আমাদের পরিবারের ট্র্যাজেডি হলো, কেউ ৫০ বছরের বেশি বাঁচেন না। ফলে নাবালক সম্পত্তি হিসেবে অনেক বাড়ি আমাদের হাতছাড়া হয়ে গেছে।
তিনি জানান, চট্টগ্রাম অপর্ণাচরণ সিটি কর্পোরেশন গার্লস হাই স্কুল, চট্টগ্রাম শহরে নন্দন কানন এলাকায় অবস্থিত। এটি ১৯২৭ সালে প্রতিষ্ঠিত। এছাড়া শিকারপুর ইউনিয়নের লালাচন্দ্র বিল এই জমিদারির পূর্ব-পুরুষের স্মৃতি বহন করে।
জমিদার বাড়িতে ঢুকতেই দেখা গেলো তাদের বাড়ির সমাধিক্ষেত্র মঠ। মঠমন্দিরের জমিদারির সূচনাকারী অর্পণাচরণ রায় চৌধুরীর সমাধি।
সাবেক ইউপি সদস্য লোকমান হাকিম বাসস’কে বলেন, ‘এটি উপনিবেশিক যুগের স্থাপত্যের একটি আকর্ষণীয় নমুনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এটিকে রক্ষণাবেক্ষণ করা উচিত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন