প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ) দাবি করেছে, পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত ওয়েব সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেত লো’ ভারতে নিষিদ্ধ করতে। এ বিষয়ে সংগঠনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি দিয়েছে। তারা একই সঙ্গে পাকিস্তানি সিনেমা, সিরিজ এবং অন্যান্য বিনোদনমূলক কনটেন্টের প্রচার বন্ধে কঠোর শাস্তির বিধানসহ একটি স্থায়ী আইন প্রণয়নের দাবি করেছে।
বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার রাতে মোদিকে পাঠানো চিঠিতে এআইসিডব্লিউএ বলেছে, "পাকিস্তানের কোনো মুখ, কণ্ঠ বা গল্পের জায়গা ভারতের পর্দায় নেই।" সংগঠনটির সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত চিঠিতে স্বাক্ষর করেছেন এবং এর অনুলিপি ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং নেটফ্লিক্স ইন্ডিয়াকে প্রদান করা হয়েছে।
চিঠিতে সংগঠনটি চারটি দাবি উত্থাপন করেছে। প্রথমত, ৪ ডিসেম্বর বা পরবর্তী কোনো তারিখে সিরিজটি ভারতে প্রচার না করা। দ্বিতীয়ত, ওটিটি প্ল্যাটফর্মগুলোকে ২০২৫ সালের ৮ মে জারি করা নির্দেশনা কঠোরভাবে মানতে বাধ্য করা। তৃতীয়ত, টেলিভিশন, স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে পাকিস্তানি কনটেন্ট, শিল্পী ও প্রযোজনা নিষিদ্ধ করতে স্থায়ী আইন করা। চতুর্থত, এ বিষয়ে নেটফ্লিক্স ইন্ডিয়াসহ অন্যান্য প্ল্যাটফর্মের অবস্থান স্পষ্ট করা।
চিঠিতে ২০১৯ সালের পুলওয়ামা হামলা এবং ২০২৫ সালের ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলার প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে। এআইসিডব্লিউএর বক্তব্য, সিরিজটি ভারতে প্রচার করা হলে তা ভারতের জাতীয় আবেগ ও সরকারি নির্দেশনার পরিপন্থী হবে। সংগঠনটি এক্সে একটি পোস্টে লিখেছে, "সন্ত্রাসের কোনো করতালি নেই, সবার আগে দেশ।"
ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ২০২৫ সালের ৮ মে দেশটিতে কার্যক্রম পরিচালনাকারী ওটিটি প্ল্যাটফর্ম, স্ট্রিমিং পরিষেবা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পাকিস্তানি উৎসের কনটেন্ট প্রচার বন্ধের নির্দেশ দিয়েছিল। এআইসিডব্লিউএর দাবি, নেটফ্লিক্স সিরিজটি প্রচার করলে ওই নির্দেশনা লঙ্ঘিত হবে। রয়টার্স জানিয়েছে, পাকিস্তানি কনটেন্ট ভারতের স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে প্রচারিত হয় না; তবে ইউটিউবে দেশটির কয়েকটি সিরিজ পাওয়া যায়।
এদিকে, ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ও নেটফ্লিক্সকে ২০২৫ সালের নির্দেশনা মেনে চলার কথা জানিয়েছে। ২৬ নভেম্বর প্রকাশিত ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি উৎসের কোনো কনটেন্ট ভারতে প্রচার না করার বিষয়টি নিশ্চিত করতে প্ল্যাটফর্মটিকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে নেটফ্লিক্সের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
‘জো বাচে হ্যায় সাং সামেত লো’ সিরিজটির প্রথম পর্ব আগামী ৪ ডিসেম্বর বিশ্বজুড়ে নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা। পাকিস্তানি লেখক ফারহাত ইশতিয়াকের একই নামের উর্দু উপন্যাস অবলম্বনে নির্মিত সিরিজটি নেটফ্লিক্সের প্রথম উর্দু ভাষার সিরিজ। এতে ফাওয়াদ খান, মাহিরা খান, সানাম সাঈদ, হানিয়া আমিরসহ একাধিক পাকিস্তানি অভিনেতা অভিনয় করেছেন। ছয়টি যুগলের প্রেম ও সম্পর্কের গল্প নিয়ে সিরিজটি নির্মিত হয়েছে।
ভারতে সিরিজটি প্রচার করা হবে কি না, সে বিষয়ে নেটফ্লিক্স এখনো প্রকাশ্যে কিছু জানায়নি। রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে নেটফ্লিক্স ও ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি। তথ্যসূত্র: রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন