০৯:৫৩ পি.এম
ঢাকার ধামরাইয়ে নিখোঁজ হয়েছেন ৩৮ বছর বয়সী আরিফুল ইসলাম নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক। নিখোঁজ হওয়ার পর তার অটোরিকশাটি খাগুরতা-বাটুলিয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেলেও চালকের কোনো খোঁজ পাওয়া যায়নি।
এ বিষয়ে শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় নিশ্চিত করেছেন ধামরাই থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) এস এম এনামুল হক। এর আগে, আরিফুলের বড় ভাই মো. জমির আলী ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।
আরিফুল ইসলাম দক্ষিণ কাটাবইর এলাকার মো. শুকুর আলী বেপারীর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে ধামরাইয়ের ঢুলিভিটা স্টেশন এলাকা থেকে অটোরিকশা নিয়ে বাটুলিয়া মাঠের দিকে চলে যান তিনি। এরপর থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাত পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে খাগুরতা-বাটুলিয়া এলাকায় তার অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
আরও পড়ুন: ফের আলোচনায় মাদরাসা শিক্ষককে চড়ানো রুমি, দিলেন নতুন ভিডিও
আরিফুলের বড় ভাই মো. জমির আলী অভিযোগ করেন, জমি সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার কারণে তাদেরকে আগে হুমকি দেওয়া হয়েছিল। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, পূর্বশত্রুতার জেরে আরিফুলকে অপহরণ করা হয়ে থাকতে পারে। ভাইকে দ্রুত উদ্ধারের জন্য তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম এনামুল হক জানান, চালক নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরিত্যক্ত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে এবং চালকের সন্ধান পেতে পুলিশ তদন্ত শুরু করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন