ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

আগামী বছর বাজারে আসছে উড়ন্ত গাড়ি, দাম ৩ লাখ ডলার


আগামী বছর বাজারে আসছে উড়ন্ত গাড়ি, দাম ৩ লাখ ডলার

আকাশে উড়ন্ত গাড়ি যাতায়াতের জন্য এক স্থান থেকে অন্য স্থানে যাবে। যদিও এটি বিজ্ঞানের কল্পকাহিনির মতো মনে হচ্ছে, তবে বাস্তবতার দিকে এগোচ্ছে এই প্রযুক্তি। চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান এক্সপেং আগামী বছরের দ্বিতীয়ার্ধে সীমিত পরিসরে যাত্রী পরিবহনের জন্য উড়ন্ত গাড়ি চালুর পরিকল্পনা করছে।

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। দুই আসনের উড়ন্ত যানের দাম নির্ধারণ করা হয়েছে ৩ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকার সমান।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রায় ১০ বছর ধরে গবেষণা ও উন্নয়নের পর উড়ন্ত যানটি চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে। ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে এটি গ্রামীণ এলাকায় বিনোদনমূলক কাজে এবং দুর্গম স্থানে জরুরি সেবার প্রয়োজনে ব্যবহারের জন্য প্রস্তুত হতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেলি ঝাও।

আরও পড়ুন: বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু কঠিন চাপের মুখে

যানটির ককপিটের আকার ফিয়াট ৫০০ গাড়ির সমান। এতে ড্রোনের মতো ছয়টি ব্যাটারিচালিত প্রপেলার রয়েছে, যা এর আকাশে উড়ার সক্ষমতা প্রদান করে। সাধারণ জয়স্টিকের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। নির্দিষ্ট গন্তব্য প্রোগ্রাম করে দিলে এটি স্বয়ংক্রিয়ভাবে উড়তেও সক্ষম।

উড়ন্ত যানটির সঙ্গে একটি ছয় চাকার ভ্যান যুক্ত থাকবে, যার আকার ফোর্ড ট্রানজিটের মতো। ভ্যানটির পেছনের অংশ থেকে উড়ন্ত যানটি বের করে ব্যবহার করা যাবে। অর্থাৎ এটি একটি মডুলার পরিবহনব্যবস্থা, যেখানে স্থলযান ও আকাশযান একসঙ্গে কাজ করবে।

ডেলি ঝাওয়ের দাবি, প্রশিক্ষণপ্রাপ্ত একজন পাইলট মাত্র পাঁচ মিনিটে অন্য কাউকে যানটি চালানোর প্রাথমিক প্রশিক্ষণ দিতে পারবেন। তবে এটি প্রচলিত অর্থে গাড়ি নয়; এতে চাকা নেই। বরং হেলিকপ্টারের মতো উড়তে সক্ষম ড্রোনজাতীয় যান হিসেবে একে বর্ণনা করা যেতে পারে।

বর্তমানে যানটির একবার চার্জে উড়ার সক্ষমতা প্রায় ৩০ কিলোমিটার। তবে ব্যাটারির শক্তি ঘনত্ব বৃদ্ধি করে এই দূরত্ব দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে। এটি ভূমি থেকে সর্বোচ্চ প্রায় এক কিলোমিটার উচ্চতায় উড়তে সক্ষম।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক

তবে আপাতত সবার জন্য উন্মুক্ত হচ্ছে না এই প্রযুক্তি। চীনে অনুমোদিত নির্দিষ্ট পার্ক এলাকায় এবং দুর্গম স্থানে পৌঁছানোর প্রয়োজন হলে জরুরি সেবায় এটি ব্যবহার করা যাবে। ফলে শুরুতে ব্যক্তিগত যাতায়াতের সাধারণ বাহন হিসেবে এর ব্যবহার সীমিত থাকবে।

চীনের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও উড়ন্ত গাড়ি নিয়ে প্রতিযোগিতা চলছে। সম্প্রতি ইলন মাস্ক তাঁর উড়ন্ত টেসলার একটি প্রদর্শনী করেছেন। তবে এক্সপেংয়ের প্রধান নির্বাহী ডেলি ঝাওয়ের মতে, টেসলার প্রদর্শিত যানটি মূলত লাফানো বা ভেসে ওঠার মতো কৌশল দেখিয়েছে, প্রকৃত অর্থে উড়ন্ত যান নয়।

চীনের সরকার ড্রোন ও উড়ন্ত গাড়িসহ নিম্ন-উচ্চতার আকাশভিত্তিক পরিবহনব্যবস্থাকে ‘লো-অলটিটিউড ইকোনমি’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এই পরিকল্পনায় প্রথমে আকাশপথে পণ্য পরিবহন, পরে যাত্রী পরিবহন এবং গ্রামীণ এলাকা থেকে ধীরে ধীরে শহরাঞ্চলে এ প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্য রয়েছে।

ডেলি ঝাও জানান, চীনে বর্তমানে প্রায় ২০টি প্রতিষ্ঠান উড়ন্ত যান নিয়ে কাজ করছে। তাঁর প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের সঙ্গে এ প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে চুক্তি করেছে। পাশাপাশি যত দ্রুত সম্ভব ইউরোপের বাজারেও প্রবেশের লক্ষ্য রয়েছে তাদের।

আরও পড়ুন: এবার ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের

এক্সপেংয়ের প্রধান নির্বাহী বিশ্ব পরিবহনব্যবস্থাকে দ্বিমাত্রিক পথ থেকে ত্রিমাত্রিক ব্যবস্থায় নিয়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন। তবে উচ্চমূল্য, সীমিত উড্ডয়ন সক্ষমতা, নিরাপত্তা এবং নিয়ন্ত্রক অনুমোদনের মতো বিষয়গুলো উড়ন্ত গাড়ির ব্যাপক ব্যবহার কতটা দ্রুত সম্ভব হবে, তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুদকের বিরুদ্ধে সাবেক পুলিশ কর্মকর্তা তুহিন লস্কর ও তার স্ত্রীর মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


দুদকের বিরুদ্ধে সাবেক পুলিশ কর্মকর্তা তুহিন লস্কর ও তার স্ত্রীর মামলা

দুর্নীতি দমন কমিশন (দুদক) ফরিদপুর জেলা ট্রাফিক পুলিশের সাবেক টিআই (প্রশাসন) তুহিন লস্কর ও তার স্ত্রী জামিলা পারভীনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে। অভিযোগ রয়েছে, তারা প্রায় ছয় কোটি ১০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং মানিলন্ডারিংয়ের সঙ্গে জড়িত। তুহিন লস্করের বিরুদ্ধে ৭৭ লাখ ৬ হাজার ২৬২ টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, আর তার স্ত্রী জামিলা পারভীনের বিরুদ্ধে পাঁচ কোটি ৩২ লাখ ৯৭ হাজার টাকার অভিযোগ রয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোস্তাফিজ বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন। মামলাগুলো দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২), ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় করা হয়েছে। পরে মামলার নথি ফরিদপুরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে পাঠানো হয়।

দুদকের এজাহার অনুযায়ী, তুহিন লস্কর ও তার স্ত্রী তাদের সম্পদের হিসাবের মধ্যে ব্যক্তিগত ঋণের তথ্য অন্তর্ভুক্ত করেছেন। তুহিন লস্কর ৬৭ লাখ ২৪ হাজার ২২৬ টাকা এবং তার স্ত্রী এক কোটি ২৮ লাখ ৬৯ হাজার ৯৯২ টাকার ব্যক্তিগত ঋণের তথ্য প্রদান করেছেন। তবে অনুসন্ধানে এসব ঋণের বাস্তব কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়েছে, তুহিন লস্করের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি এবং বাস ও ট্রাকস্ট্যান্ড থেকে নিয়মিত মাসোয়ারা আদায়ের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রাথমিক অনুসন্ধান করেন দুদকের উপসহকারী পরিচালক ইমরান আকন।

অনুসন্ধানে দেখা যায়, তুহিন লস্কর ও তার স্ত্রী জামিলা পারভীনের নামে পাওয়া সম্পদের তথ্যের সঙ্গে তাদের দেওয়া সম্পদ বিবরণীর মধ্যে ব্যাপক গরমিল রয়েছে। পরে দুদকের সহকারী পরিচালক মোস্তাফিজ সম্পদ বিবরণী যাচাই করে তাদের বিরুদ্ধে পৃথক মামলা করার সুপারিশ করেন। দুদকের প্রধান কার্যালয়ের অনুমোদনের পর বুধবার মামলা দুটি দায়ের করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, তুহিন লস্কর ২০০১ সালের ১৯ এপ্রিল সার্জেন্ট পদে পুলিশ বাহিনীতে যোগদান করেন। চাকরির সময় তিনি দুই মেয়াদে প্রায় নয় বছর ফরিদপুরে কর্মরত ছিলেন। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ, খুলনা, রাজবাড়ী, মানিকগঞ্জ ও চট্টগ্রামে দায়িত্ব পালন করেছেন।

তুহিন লস্করের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের বসুদেবপুর গ্রামে। তার স্ত্রী জামিলা পারভীনের বাড়ি যশোরের অভয়নগর উপজেলার মহাকাল ইউনিয়নের ভাঙ্গাগেট গ্রামে। বর্তমানে দুজন ফরিদপুর শহরের হাবেলী গোপালপুর এলাকার হোয়াইট প্যালেস নামের বাড়িতে বসবাস করছেন বলে দুদকের নথিতে উল্লেখ রয়েছে।

মামলা দুটির তদন্তকারী কর্মকর্তা দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রতন কুমার দা বলেন, প্রাথমিক অনুসন্ধানে তুহিন লস্কর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি এবং মানিলন্ডারিংয়ের অভিযোগের প্রমাণ পাওয়ায় দুদকের প্রধান কার্যালয়ের অনুমোদনক্রমে মামলা দুটি করা হয়েছে। তদন্ত শেষে ফরিদপুরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলিয়ারচরের ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

মুহাম্মদ কাইসার হামিদ

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


কুলিয়ারচরের ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময়

কিশোরগঞ্জের কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ার প্রত্যয়ে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে এক ভাবগম্ভীর ও আবেগঘন পরিবেশে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই অনন্য উদ্যোগে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ.বি.এম. বদরুল আলম মুর্শেদ (রাজিব)। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পীযুষ কান্তি ঘোষ এবং এতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আবদুল মালেক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদ বলেন, "মাদকের বিরুদ্ধে যুদ্ধ শুধু প্রশাসনের একক সংগ্রাম নয়, এটি আমাদের প্রতিটি পরিবারের অস্তিত্ব রক্ষার লড়াই। আমাদের সন্তানেরা আগামীর বাংলাদেশ। তারা যেন কোনো ভুল পথে পা না বাড়ায়, সে জন্য পরিবার থেকেই প্রথম প্রথপ্রদর্শকের ভূমিকা পালন করতে হবে। সন্তান কখন কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে-এই সচেতন দৃষ্টিটুকু প্রতিটি বাবার ও মায়ের দেওয়া সবচেয়ে বড় সুরক্ষা।"

বিশেষ অতিথির বক্তব্যে ছয়সূতী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সালাউদ্দিন মুর্শেদ নিজামী বাবুল তাঁর বক্তব্যে উল্লেখ করেন, "শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সুস্থ জীবনচর্চা ও নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। মাদক থেকে আমাদের সন্তানদের দূরে রাখতে সচেতন অভিভাবকত্ব এবং শিক্ষকদের সার্বিক দিকনির্দেশনাই প্রধান শক্তি।"

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আলী বলেন, "তরুণ সমাজকে বিপথগামী করে একটি জাতি এগোতে পারে না। মাদকমুক্ত সমাজ ও শিক্ষাঙ্গন গড়ে তুলতে রাজনৈতিক ও সামাজিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে আমাদের একসূত্রে গাঁথতে হবে। আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে জ্ঞানের আলো আর নৈতিক মূল্যবোধের দুর্গে পরিণত করতে হবে।"

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুশফিকুর রহমান ও উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বিপ্লব।

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য, সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে এক মিলনমেলায় পরিণত করে।

অনুষ্ঠানের সমাপনী লগ্নে নেমে আসে সবচেয়ে আবেগঘন মুহূর্ত। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদ উপস্থিত সকল শিক্ষার্থীকে মাদকবিরোধী দীপ্ত শপথ বাক্য পাঠ করান। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শিক্ষার্থীরা সমস্বরে 'মাদককে না' বলার এবং একটি নিরাপদ ও মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলার দৃপ্ত অঙ্গীকার ব্যক্ত করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাবিপ্রবিতে সিলেট অঞ্চলের ১৭তম গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


শাবিপ্রবিতে সিলেট অঞ্চলের ১৭তম গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সিলেট অঞ্চলের ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

এ অলিম্পিয়াডটি বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন সি-এর গণিত বিভাগে অনুষ্ঠিত হয়।

শাবিপ্রবি ছাড়াও এতে অংশগ্রহণ করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি, মুরারিচাঁদ কলেজ, সুনামগঞ্জ সরকারি কলেজ ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ১২৭ জন শিক্ষার্থী।

প্রতিযোগিতার মধ্যে স্নাতকে অধ্যয়নরত ২৩ বছরের কম বয়সী শিক্ষার্থীদের মধ্যে সেরা ১০ জনকে নির্বাচিত করা হয়। সিলেট অঞ্চলের জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৬ এর সদস্য সচিব অধ্যাপক মো. মতিয়ার রহমান জানান, এই মেধাতালিকার সেরা ১০ জন ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে।

মেধাতালিকায় স্থান পাওয়া প্রথম ১০ শিক্ষার্থী হলেন- নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের নাইমুল ইসলাম মারুফ, শাবিপ্রবির এলা আক্তার, আফফুন জামান সাকিব, সামি সাদিক, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গোলাম মওলা তাইমুম, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের মো. মুজাহিদুর রহমান, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের মো. সাঈদ আল মাহবুব, সুবিপ্রবির শাহ গাইরুল, শাবিপ্রবির শাহিন আলম ও এনাভা আহমেদ চৌধুরী। অলিম্পিয়াড শেষে সেরা প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ওইদিন বিকেলের দিকে।

এ অলিম্পিয়াডের আহ্বায়ক ছিলেন গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. আশরাফ উদ্দিন এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করেন অধ্যাপক মো. মতিয়ার রহমান। বাংলাদেশ গণিত সমিতির সহযোগিতায় এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেটের গ্যাস ও ফাঁপায় অস্বস্তি? ৯ উপাদানেই মিলতে পারে স্বস্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


পেটের গ্যাস ও ফাঁপায় অস্বস্তি? ৯ উপাদানেই মিলতে পারে স্বস্তি

খাওয়ার পর পেট ফুলে থাকা, বারবার ঢেকুর ওঠা অথবা পেটে গ্যাস জমে ব্যথা এমন সমস্যায় অনেকেই ভোগেন। কখনও কখনও পেটের অস্বস্তি এতটাই বেড়ে যায় যে স্বাভাবিক কাজকর্ম করাও কঠিন হয়ে পড়ে। এই সমস্যা অনিয়মিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত খাওয়া, কোষ্ঠকাঠিন্য কিংবা কিছু নির্দিষ্ট খাবারের কারণে তৈরি হতে পারে। খবর এনডিটিভি

পেটের গ্যাস হওয়া হজমপ্রক্রিয়ার স্বাভাবিক অংশ। তবে অন্ত্রে অতিরিক্ত গ্যাস জমে গেলে এবং তা সহজে বের হতে না পারলে পেট ফাঁপা, ব্যথা ও অস্বস্তি দেখা দেয়। কিছু খাবার ও মসলা হজমে সহায়তা করতে পারে এবং গ্যাসের অস্বস্তি কমাতে ভূমিকা রাখতে পারে। বিশেষজ্ঞরা এমন ৯টি উপাদানের কথা উল্লেখ করেছেন। এগুলো হলো-

১. হলুদ

রান্নার পরিচিত মসলা হলুদ খাবারের রং ও স্বাদ বাড়ানোর পাশাপাশি প্রদাহবিরোধী উপাদানও রয়েছে। বদহজমের কারণে পেট ফাঁপা ও গ্যাসের অস্বস্তি হলে খাবারে পরিমিত হলুদ যোগ করা যেতে পারে। তবে হলুদ খেলেই গ্যাসের সমস্যা সেরে যাবে, এমন নিশ্চয়তা নেই।

২. রসুন

রসুনে বিভিন্ন জৈব সক্রিয় উপাদান রয়েছে, যা স্বাস্থ্যের জন্য উপকারী। তবে গ্যাসের সমস্যায় রসুন সবার জন্য সমান উপকারী নয়। কিছু মানুষের ক্ষেত্রে রসুন খেলে উল্টো পেট ফাঁপা ও গ্যাস বেড়ে যেতে পারে। তাই খাওয়ার পর অস্বস্তি বাড়লে পরিমাণ কমিয়ে দেওয়া উচিত।

৩. তারকা মৌরি

তারকা মৌরি বা স্টার অ্যানিস একটি সুগন্ধি মসলা হিসেবে পরিচিত। ঐতিহত অনুযায়ী পেটের অস্বস্তি ও হজমের সমস্যায় এটি ব্যবহার করা হয়। চায়ের সঙ্গে অল্প তারকা মৌরি ব্যবহার করা যেতে পারে। তবে এটি গ্যাসের নিশ্চিত চিকিৎসা নয়।

৪. পেঁপে ও আনারস

গ্যাসের সমস্যা কমাতে হজমে সহায়ক কিছু ফল খাদ্যতালিকায় রাখা যেতে পারে। পেঁপেতে প্যাপেইন এবং আনারসে ব্রোমেলেইন নামের এনজাইম রয়েছে। এসব এনজাইম প্রোটিন ভাঙতে সাহায্য করে। পরিমিত পরিমাণে পাকা পেঁপে ও আনারস খাওয়া যেতে পারে।

৫. আদা

বমিভাব ও হজমের অস্বস্তি কমাতে আদার ব্যবহার বেশ পরিচিত। আদায় থাকা জিঞ্জেরলসহ বিভিন্ন উপাদান হজমে সহায়ক হতে পারে। খাবারের পর এক কাপ হালকা আদা-চা পান করা যেতে পারে। তবে অতিরিক্ত আদা খাওয়া এড়িয়ে চলা উচিত।

৬. পুদিনাপাতা

পেট ফাঁপা ও হজমের অস্বস্তিতে পুদিনাপাতা ব্যবহার করা হয়। পুদিনার মেনথল অন্ত্রের পেশি শিথিল করতে সাহায্য করে। খাবারের পর কয়েকটি পুদিনাপাতা চিবিয়ে খাওয়া যেতে পারে অথবা পুদিনা-চা পান করা যেতে পারে। তবে যাদের অ্যাসিড রিফ্লাক্স বা বুকজ্বালার সমস্যা রয়েছে, তাদের পুদিনায় অস্বস্তি বাড়তে পারে।

৭. মৌরি ও এলাচ

খাওয়ার পর মুখশুদ্ধি হিসেবে মৌরি খাওয়ার প্রচলন অনেকেরই রয়েছে। ঐতিহত অনুযায়ী মৌরি ও এলাচ হজমের অস্বস্তি কমাতে ব্যবহার করা হয়। খাবারের পর অল্প মৌরি চিবিয়ে খাওয়া যেতে পারে। চাইলে হালকা গরম পানিতে সামান্য মৌরি ও এলাচ মিশিয়েও পান করা যেতে পারে।

৮. প্রোবায়োটিকসমৃদ্ধ খাবার

অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে প্রোবায়োটিকসমৃদ্ধ খাবার সহায়ক হতে পারে। টক দই, কেফির ও কিছু ফারমেন্টেড খাবারে প্রোবায়োটিক থাকে। এগুলো হজমের স্বাভাবিক প্রক্রিয়ায় ভূমিকা রাখতে পারে। তবে দুধজাত খাবারে অসহিষ্ণুতা থাকলে টক দই বা অন্য দুগ্ধজাত খাবারেও কারও কারও গ্যাস হতে পারে।

৯. ক্যামোমাইল চা

ঘুমের জন্য ক্যামোমাইল চায়ের জনপ্রিয়তা রয়েছে। পাশাপাশি পেটের অস্বস্তি ও হজমের সমস্যায় এটি পান করা হয়। এক কাপ ক্যামোমাইল চা পান করা যেতে পারে। তবে যাদের ক্যামোমাইল বা একই গোত্রের ফুলে অ্যালার্জি রয়েছে, তাদের এটি এড়িয়ে চলা উচিত।

গ্যাসের সমস্যা এড়াতে আরো যা করবেন

শুধু খাবার বা মসলার ওপর নির্ভর করলেই হবে না। গ্যাসের সমস্যা কমাতে কয়েকটি অভ্যাসও গুরুত্বপূর্ণ।

খাবার ধীরে ধীরে এবং ভালোভাবে চিবিয়ে খান।

একবারে অতিরিক্ত খাবার খাবেন না।

কোমল পানীয় ও কার্বনেটেড পানীয় এড়িয়ে চলুন।

চুইংগাম চিবানোর অভ্যাস কমান।

নিয়মিত শরীরচর্চা করুন।

খাবারের পর কিছুক্ষণ হাঁটুন।

কোষ্ঠকাঠিন্য থাকলে আঁশযুক্ত খাবার ও পর্যাপ্ত পানি গ্রহণ করুন।

তবে বারবার গ্যাস হওয়া, পেটব্যথা বা পেট ফাঁপার সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে শুধু ঘরোয়া উপায়ের ওপর নির্ভর করা উচিত নয়। এর সঙ্গে ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, অকারণে ওজন কমে যাওয়া, বমি কিংবা তীব্র পেটব্যথা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%