০৪:০০ পি.এম
রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬-এর আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। প্রথম দিনেই বিএনপি প্রতিনিধি দলের কাছে দুটি মনোনয়নপত্র বিক্রি করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। একইসঙ্গে, দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ছাড়িয়েছে বলেও তিনি জানান।
রবিবার (০৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সচিব।
আখতার আহমেদ বলেন, “আজকে থেকে আমরা রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬-এর আলোকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিতরণ শুরু করেছি।” তিনি আরও জানান, সকালে বিএনপির একটি প্রতিনিধি দল এসে মনোনয়নপত্র সংগ্রহ করে নিয়ে গেছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং চিফ হুইপ নূরুল ইসলাম মণি এই দুইজন এসে দুটি ফরম নিয়েছেন। এখন পর্যন্ত অন্য কোনো দল বা স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়নি।
আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে
ভোটার তালিকার হালনাগাদ তথ্যের বিষয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে আমরা বলেছিলাম, ৩১ জুলাই পর্যন্ত যারা নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়েই আমাদের বর্তমান কার্যক্রম। সেই অনুযায়ী, ৩১ জুলাই পর্যন্ত দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন যদি ঘোষিত সময়ে অনুষ্ঠিত হয়, তবে এই খসড়া ভোটার তালিকা ব্যবহার করা হবে। তবে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, যদি নির্বাচনের তারিখ পরিবর্তন হয়, সে ক্ষেত্রে পরবর্তী আপডেটেড তালিকা সম্পূরক ভোটার তালিকা হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।
স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালার অগ্রগতি সম্পর্কে সিনিয়র সচিব জানান, স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি সংশ্লিষ্ট ফাইল আজ আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ পাঁচ ধাপের নির্বাচনের আচরণবিধি রয়েছে। এছাড়া, আইন সংক্রান্ত অন্যান্য নথি প্রক্রিয়াধীন রয়েছে; যা সম্পন্ন হলে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন