ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ভারত ও যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে তীব্র দ্বন্দ্ব, সিআইএ-এর তথ্য প্রদান বন্ধ


ভারত ও যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে তীব্র দ্বন্দ্ব, সিআইএ-এর তথ্য প্রদান বন্ধ

মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে অভ্যন্তরীণ প্রভাব বিস্তার ও কাজের পরিধি নিয়ে বেশ তীব্র বিরোধ তৈরি হয়েছে। গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং দায়িত্বের সীমা নিয়ে এই কোন্দল এমন একটি পরিস্থিতির সৃষ্টি করেছে যে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) দেশের প্রধান গোয়েন্দা পরিচালকের কার্যালয় থেকে তৈরি করা কিছু গুরুত্বপূর্ণ গোয়েন্দা মূল্যায়নে তথ্য দেয়া বন্ধ করে দিয়েছে। সেসব মূল্যায়নের মধ্যে চলমান ইরান যুদ্ধ সংক্রান্ত অত্যন্ত সংবেদনশীল মূল্যায়নও অন্তর্ভুক্ত রয়েছে।

পরিচয় প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট বিষয়ে সরাসরি অবগত একজন মার্কিন কর্মকর্তা এবং তিনজন ব্যক্তির বরাত দিয়ে মঙ্গলবার (২ জুন) একটি বিশেষ প্রতিবেদনে এই বিস্ফোরক তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, সিআইএ এবং ‘অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইনটেলিজেন্স’ (ওডিএনআই)-এর মধ্যে এই অভ্যন্তরীণ লড়াই এক বছরেরও বেশি সময় ধরে চলমান। এর ফলে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিশ্লেষণমূলক যৌথ কাজগুলো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা মার্কিন প্রেসিডেন্টরা সাধারণত জটিল বৈদেশিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবহার করে থাকেন।

আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি

বিরোধের মূলে রয়েছে ‘টাস্কফোর্স’

উদ্বেগজনক এই দ্বন্দ্বের নেপথ্যে রয়েছে জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের নির্দেশে ২০২৫ সালের এপ্রিলে গঠিত একটি বিশেষ টাস্কফোর্স। জন র‍্যাটক্লিফের নেতৃত্বাধীন সিআইএ-র অভিযোগ, গ্যাবার্ডের এই ‘ডিরেক্টর্স ইনিশিয়েটিভস গ্রুপ’ গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের প্রচলিত নিয়মকানুন লঙ্ঘন করে অত্যন্ত বিপজ্জনকভাবে কাজ করছে। অন্যদিকে, ওডিএনআই কর্মকর্তাদের দাবি, সিআইএ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের এই গ্রুপের কাছে গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করে রেখেছে।

জাতিগতভাবে যুক্তরাষ্ট্র যখন ইরানের সাথে সরাসরি সংঘাতে লিপ্ত এবং চীন-রাশিয়ার মতো ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে ঠিক তখনই দেশটির গোয়েন্দা ব্যবস্থার এই সমন্বয়হীনতা ডনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর দেশটির ১৮টি গোয়েন্দা সংস্থার মধ্যে সমন্বয় সাধনের জন্য ওডিএনআই পদটি তৈরি হয়েছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি প্রমাণ করছে যে সেই সংকট কাটেনি।

ওডিএনআই-এর সাবেক ডেপুটি ডিরেক্টর বেথ স্যানার বলছেন, ‘ওডিএনআই-এর মূল কাজ হলো পুরো গোয়েন্দা ব্যবস্থার ধমনিগুলোকে সচল রাখা। যখন তারা এই কাজ করতে ব্যর্থ হয়, তখন সংস্থাগুলো নিজেদের গুটিয়ে নেয় এবং এটি শেষ পর্যন্ত বড় ধরনের গোয়েন্দা ব্যর্থতার ঝুঁকি তৈরি করে।’

আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনা হলো আনিসুল, পলক ও মামুন

কর্মকর্তা বহিষ্কার ও প্রতিশোধের রাজনীতি

সূত্রমতে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তুলসী গ্যাবার্ড দায়িত্ব নিয়েছেন এমন সময় থেকেই এই বিরোধের সূত্রপাত হয়েছে। দায়িত্ব নেওয়ার পর তিনি প্রেসিডেন্টের প্রতিদিনের অত্যন্ত গোপনীয় গোয়েন্দা ব্রিফিং তৈরির ওপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেন, যা ঐতিহ্যগতভাবে সিআইএ-ই প্রধান ভূমিকা পালন করে আসছিল।

এদিকে, গোয়েন্দা সংস্থায় ‘রাজনৈতিক প্রভাব’ দূর করার নামে গ্যাবার্ড বিশেষ টাস্কফোর্স গঠন করার ফলে দূরত্ব আরও বেড়ে গেছে। এই টাস্কফোর্স জন এফ কেনেডি হত্যাকাণ্ড, নির্বাচনের ভোটিং মেশিনের নিরাপত্তা এবং কোভিড-১৯-এর উৎস অনুসন্ধানের কাজ শুরু করে। তবে সমালোচক এবং সাবেক কর্মকর্তাদের দাবি, ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষদের ওপর প্রতিশোধ নিতেই গ্যাবার্ড এই গ্রুপ গঠন করেছিলেন।

গত বছরের মে মাসে গ্যাবার্ড সিআইএ-র দুজন সিনিয়র কর্মকর্তাকে বহিষ্কার করেছেন। এরপর আগস্টে তিনি ৩৭ জন বর্তমান ও সাবেক কর্মকর্তার সিকিউরিটি ক্লিয়ারেন্স বাতিল করেন, যার ফলে বিদেশে কর্মরত সিআইএ-র এক ছদ্মবেশী কর্মকর্তার পরিচয় ফাঁস হয়ে যায়। অভিযোগ মেলে, ২০১৬ সালের মার্কিন নির্বাচনে ডনাল্ড ট্রাম্পের পক্ষে রাশিয়ার হস্তক্ষেপ সংক্রান্ত ২০১৭ সালের একটি গোয়েন্দা প্রতিবেদনের প্রতিশোধ হিসাবেই গ্যাবার্ড এই পদক্ষেপ গ্রহণ করেছিলেন।

আরও পড়ুন: বটিয়াঘাটায় তিন গুলির ঘটনায় গ্রেফতার নেই, ওসি প্রত্যাহার

তদন্তে ইন্সপেক্টর জেনারেল

সংশ্লিষ্ট দুটি সংস্থার মধ্যে চলমান এই স্নায়ুযুদ্ধ গত মাসে জনসমক্ষে আসে, যখন ওডিএনআই-এর টাস্কফোর্সে কর্মরত এক সিআইএ কর্মকর্তা মার্কিন সিনেট কমিটিকে জানান যে, কোভিড-১৯-এর উৎস সংক্রান্ত গোয়েন্দা তথ্য পেতে সিআইএ তাদের বাধা দিচ্ছে। এই অভিযোগের প্রেক্ষিতে বর্তমানে ইনটেলিজেন্স কমিউনিটির স্বাধীন ওয়াচডগ ‘ইন্সপেক্টর জেনারেলের’ কার্যালয় একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।

সরে দাঁড়াচ্ছেন গ্যাবার্ড

এদিকে, তীব্র বিতর্কের মুখে থাকা জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড গত সপ্তাহে ঘোষণা দিয়েছেন, স্বামীর অসুস্থতার কারণে আগামী ৩০ জুন তিনি পদত্যাগ করবেন। প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যে ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির প্রধান বিল পুলটেকে ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন: হাম উপসর্গে দেশে আরও ২ জনের মৃত্যু

তবে ওডিএনআই-এর মুখপাত্র অলিভিয়া কোলম্যান এবং হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইঙ্গল দাবি করেছেন, অভ্যন্তরীণ মতভেদের এই খবরগুলো সত্য নয় এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দল অত্যন্ত দক্ষতার সঙ্গে আমেরিকার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দোহারে আ.লীগের দুজন নেতা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৪:২৭ এম


দোহারে আ.লীগের দুজন নেতা গ্রেফতার

ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে দোহার থানা পুলিশের দ্বারা।

সুতারপাড়া এলাকা থেকে সোমবার (১ জুন) রাতে তাকে গ্রেফতার করা হয়।

এছাড়া, এই গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার মামলার আসামি।

দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি মো. দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে, দোহারের নারিশা ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন দ্বীপকেও গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি সোমবার রাতে নারিশা পশ্চিম চর এলাকার জীবনের মুরগির ফার্ম এলাকা থেকে গ্রেফতার হন।

দ্বীপ, নারিশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আবুল কালামের ছেলে।

উল্লেখ্য, গত ১৯ মে সকালে নারিশা পশ্চিমচর বটতলা এলাকায় ইয়াসিন নামে এক কলেজ ছাত্রকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

এ সময় নুরু নামে এক ব্যক্তি সাহায্যের জন্য এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়, এ ঘটনার সাথে দ্বীপসহ আরও কয়েকজন জড়িত ছিল।

এ ঘটনায় ইয়াসিনের পক্ষ থেকে দোহার থানায় একটি হত্যার চেষ্টা মামলা দায়ের হলে, উক্ত মামলায় দ্বীপকে গ্রেফতার করে পুলিশ।

দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা দ্বীপকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে মঙ্গলবার (২ জুন) সকালে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ধ্যা ৭ টায় শপিং মল বন্ধ হলেও সিনেমা হল খোলা থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৪:৪৩ এম


সন্ধ্যা ৭ টায় শপিং মল বন্ধ হলেও সিনেমা হল খোলা থাকবে

বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম শক্তিশালী করতে সরকারের নির্দেশে দেশের সকল শপিং মল, মার্কেট এবং দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখতে হবে। এর আগে ঈদ উপলক্ষে কেনাকাটার সুবিধার্থে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।

নতুন নির্দেশনার মাধ্যমে পূর্বের সিদ্ধান্তের পুনর্বহাল করা হয়েছে। কিন্তু, সিনেপ্লেক্স তথা সিনেমা হলগুলো এই নির্দেশনার আওতার বাহিরে থাকবে।

এই বিষয়টি জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের প্রধান বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি আরও জানান, সন্ধ্যা ৭ টায় শপিং মল বন্ধ হলেও সিনেমা হলগুলি খোলা থাকবে। তথ্য মন্ত্রণালয় থেকে আমাদের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। তাই স্টার সিনেপ্লেক্সের সকল মাল্টিপ্লেক্সের দর্শকরা ঈদের সিনেমা দেখতে কোন বাধার সম্মুখীন হবেন না।

এদিকে, চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বলও জানান, আমরা ঈদের আগে তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম, যাতে শপিং মল বন্ধের এই সিদ্ধান্তের আওতার বাইরে সিনেমাহল ও সিনেপ্লেক্সগুলো থাকে। তাদের ফিরতি চিঠিতে বিষয়টি অনুমোদিত হয়েছে। তাই যেসব সিনেমা হল শপিং মলগুলোর সাথে অবস্থিত, সেগুলোর নিয়ে দর্শকদের দুঃশ্চিন্তায় পড়ার কোন প্রয়োজন নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলিয়ারচরে দায়সারা তদারকি ও দায়িত্বহীনতায় কালভার্ট নির্মাণে প্রাণ গেলো অবসরপ্রাপ্ত সেনা সদস্যের

আন্তর্জাতিক ডেস্ক

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর কিশোরগঞ্জ

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৪:৫৪ এম


কুলিয়ারচরে দায়সারা তদারকি ও দায়িত্বহীনতায় কালভার্ট নির্মাণে প্রাণ গেলো অবসরপ্রাপ্ত সেনা সদস্যের

কিশোরগঞ্জের কুলিয়ারচরে এলজিইডি অফিসের দায়সারা তদারকি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বহীনতায় কালভার্ট নির্মাণে প্রাণ গেছে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের; এ নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন উঠছে, এ দায় কে নিবে?

নিহত সেনা সদস্য মো. আব্দুস সাত্তার (৫৫) কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর ভাটিপাড়া গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে এবং কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মোছা. নাজমা আক্তারের স্বামী। তিনি ঢাকা লালবাগ থানার নবাবগঞ্জে অবস্থিত "দি শানিন কর্পোরেশন লিমিটেড" নামক একটি তৈরি পোশাক (গার্মেন্টস) ও ওভেন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের এডমিন শাখায় সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে চাকুরী করতেন।

গতকাল ২ জুন মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ডুমরাকান্দা বাজার থেকে ঢাকা মেট্রো-হ-১৭-৬২১১ নাম্বার যুক্ত একটি মোটরসাইকেলযোগে আব্দুস সাত্তার কুলিয়ারচরের ভাড়াটিয়া নিজ বাসায় যাওয়ার পথে দ্বাড়িয়াকান্দি টু ডুমরাকান্দা সড়কের মাঝামাঝি এলাকায় নির্মাণাধীন কালভার্টের সামনে এসে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন কালভার্টের বিশাল গর্তে পড়ে মাথায় রড ঢুকে গুরুতর আহত হন। এসময় পথচারীরা তাকে রক্তাক্ত গুরুতর আহত অবস্থায় দেখতে পেয়ে সেখান থেকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ মৃত্যুকে ঘিরে এলাকাবাসী বলছে, এ দায় কে নিবে? কালভার্ট নির্মাণাধীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি এ দায় এড়াতে পারবে? এমন প্রশ্ন মানুষের মুখে মুখে। কেননা, দ্বাড়িয়াকান্দি হতে ডুমরাকান্দা সড়কে পুরনো কালভার্ট ভেঙে新কালভার্ট নির্মাণ কাজ চলাকালে এলাকাবাসীসহ স্থানীয় একাধিক সাংবাদিক ঠিকাদারি প্রতিষ্ঠানের দ্বায়িত্বর ব্যক্তিসহ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম.জি কিবরিয়া-কে বহুবার অনুরোধ করেছিলেন একটি বাইপাস রাস্তা তৈরি করে কালভার্টের নির্মাণ কাজ করার জন্য।

চোখের সামনে নির্মাণাধীন কালবার্টের গর্তে একাধিক দূর্ঘটনা দেখে তা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক সংবাদ পোস্ট করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও কে শুনে কার কথা। গুরুত্বপূর্ণ এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত যানবাহন যাতায়ত করে থাকে। দায়সারাভাবে বাইপাস রাস্তা তৈরি না করেই কোনরকম বেঁরিকেট, সতর্কতামূলক সাইনবোর্ড কিংবা কোনো সতর্কবার্তা চিহ্ন ছাড়াই বিশাল একটি গর্ত করে কালভার্টের নির্মাণ কাজ করতে থাকে ঠিকাদারি প্রতিষ্ঠান।

এমনকি নির্মাণাধীন গুরুত্বপূর্ণ এ কালভার্টের কাজ করতে থাকে ধীরগতিতে। দায়িত্বহীন ভাবে তদারকি করতে থাকে উপজেলা এলজিইডি অফিসের তদারকি কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যার খেসারত দিতে হলো অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুস সাত্তারকে জীবন দিয়ে। এ দায় এখন কে নিবে? নিশ্চয়ই ঠিকাদারি প্রতিষ্ঠান কিংবা নির্মাণ কাজে তদারকি কর্মকর্তারা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণাধীন কালভার্টটির দুই দিকে প্রয়োজনীয় সতর্কতামূলক সাইনবোর্ড, ব্যারিকেড ও আলোর ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরেই সেখানে দুর্ঘটনা ঘটছিলো। বার বার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হলেও কেউ কোন কর্ণপাত করেনি। স্থানীয়রা দুর্ঘটনার এই কারণগুলো উল্লেখ করে সড়ক নির্মাণ কাজে নিয়োজিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করা এবং দুর্ঘটনাপ্রবণ এলাকায় কার্যকর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন।

স্থানীয়দের মতে, যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা, আলোকসজ্জা, ব্যারিকেড ও ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এমন মর্মান্তিক দুর্ঘটনা অনেকাংশে এড়ানো সম্ভব।

শাহীন সুলতানা নামে এক সাংবাদিক তার ব্যবহৃত Shahin Sultana নামক ফেসবুক আইডি থেকে গতকাল ২ জুন ২০২৬ইং তারিখ রাতে একটি লিখা পোস্ট করে এঘটনার প্রতিবাদ জানিয়ে লিখেছেন-

"এই মৃত্যুর দায় কার? এই মৃত্যুর দায় শতভাগ কুলিয়ারচর এলজিইডি অফিস এবং ঠিকাদারকে নিতে হবে।

দ্বাড়িয়াকান্দি থেকে ডুমরাকান্দা সড়কে বাইপাস রাস্তা তৈরি করার জন্য অনেক রিকুয়েষ্ট করা হয়েছে। ধাপে ধাপে ভিডিও করা হয়েছে। ইঞ্জিনিয়ারকে অবগত করা হয়েছে। বাইপাস রাস্তা তৈরি না করেই ব্রীজ নির্মাণ করা!! নাই বেঁরিকেট, নাই সাইনবোর্ড, নাই কোনো সতর্কবার্তা। সাংবাদিকেরা নিউজ করলেই দোষ। সাংঘাতিক হয়ে যায়। বিশেষ করে কুলিয়ারচরের অনেকের কাছে সাংবাদিক নামটাই এলার্জি হয়ে দাঁড়িয়েছে।"

অপরদিকে ওইদিন মঙ্গলবার রাতে সাংবাদিক আলি হায়দার শাহিন তার Our Kuliarchar Tv নামক একটি পেইজে লাইভে এসে প্রায় একই রকম কথা বলেন।

এব্যাপারে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস. আর. এম. জি কিবরিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাজটি পেয়েছেন চট্টগ্রামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্ত কাজ করছেন ভৈরবের একজন ঠিকাদার। তাদেরকে নিয়ম মেনে সতর্কতা অবলম্বন করে কালভার্টের নির্মাণ কাজ করার জন্য একাধিকবার বলা হলেও তারা তার কথা শুনেননি।

জানা যায়, কোন রাস্তা কিংবা ব্রিজ ও কালভার্ট নির্মাণ কাজের অনিয়ম নিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের শুনতে হয় নানান কথা। আবার কোন কোন সময় হুমকি ধামকির শিকারও হতে হয় এবং তারা স্থানীয় নেতাদের নাম ভাঙিয়ে ভয় দেখান। তখন বিপাকে পরতে হয় সাংবাদিকদের। এর প্রতিকার এবং বাধাহীনভাবে সঠিক তথ্য উপাত্ত নিয়ে সংবাদ পরিবেশন করে রাস্তা, ব্রিজ ও কালভার্ট নির্মাণের অনিয়ম সহ বিভিন্ন অনিয়ম মাননীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম মহোদয়কে অবগত করতে পারলেই এসব অনিয়ম কিছুটা দূর করা যেতো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
প্রেসিডেন্ট নির্বাচন

ফ্রান্সে প্রথম মুসলিম প্রার্থী আনাস কা-জিবের প্রার্থীতা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৫:২০ এম


ফ্রান্সে প্রথম মুসলিম প্রার্থী আনাস কা-জিবের প্রার্থীতা ঘোষণা

শ্রমিক অধিকার ও সামাজিক ন্যায়বিচারের বার্তা নিয়েও প্রার্থী হয়েছেন আনাস কা-জিব।

ফ্রান্সের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে তিনি দেশটির বাম ও শ্রমিক রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। মরক্কো বংশোদ্ভূত ফরাসি রেলশ্রমিক সংগঠক আনাস কা-জিব, ফ্রান্সের ইতিহাসে প্রথম মুসলিম প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন। ট্রটস্কিস্ট রাজনৈতিক সংগঠন ‘রেভল্যুশিওঁ পারমানঁত’র হয়ে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়া ঘোষণা করেছেন।

সোমবার (১ জুন) একটি ভিডিও বার্তায় কা-জিব ব্যক্ত করেছেন, তার প্রার্থিতা হবে শ্রমিক শ্রেণি, নিম্ন আয়ের মানুষ এবং অভিবাসী জনগণের বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন। তিনি একটি ন্যায্য, সমতাভিত্তিক ও শ্রমিকবান্ধব সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন।

৩৯ বছর বয়সি এই শ্রমিক নেতা দীর্ঘদিন ধরে ফ্রান্সের রেলখাতে কর্মরত রয়েছেন এবং শ্রমিক ইউনিয়ন সুড রেল (Sud Rail)-এর সক্রিয় সদস্য। বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে তিনি মরক্কো বংশোদ্ভূত অভিবাসী পরিবারের সঙ্গে যুক্ত।

শ্রমিক আন্দোলনের পাশাপাশি কা-জিব ফরাসি গণমাধ্যমেও পরিচিত মুখ ছিলেন। তিনি জনপ্রিয় টেলিভিশন ও রেডিও টকশো ‘লে গ্রঁদ গ্যুল’-এ অংশ নিয়ে সামাজিক বৈষম্য, শ্রমিক অধিকার এবং জনজীবনের বিভিন্ন ইস্যুতে নিয়মিত নিজের মতামত প্রকাশ করেন।

রাজনৈতিকভাবে কা-জিব বর্ণবাদবিরোধী, উপনিবেশবাদবিরোধী এবং সাম্রাজ্যবাদবিরোধী অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরে শ্রমিক ও অভিবাসী জনগণের অধিকারের পক্ষে কথা বলে আসছেন।

এর আগে ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে চাইলেও স্থানীয় জনপ্রতিনিধিদের সমর্থন (পারঁনাজ) না পাওয়ায় তিনি প্রার্থী হতে পারেননি। তবে এইবার তার সংগঠন দাবী করছে, তারা আগের তুলনায় বেশি স্থানীয় নির্বাচিত প্রতিনিধির সমর্থন অর্জন করতে সক্ষম হয়েছে।

বিশ্লেষকদের মতে, ফ্রান্সের বাম রাজনৈতিক পরিসর যদিও বিভক্ত, তবুও শ্রমিক এবং সামাজিক ন্যায়বিচারের বিষয়গুলো নতুন করে আলোচনায় আসছে। এখানে কা-জিবের প্রার্থিতা একটি নতুন রাজনৈতিক বার্তা যোগ করেছে। এছাড়াও ফ্রান্সের শ্রমিক রাজনীতি, সামাজিক ন্যায়বিচার এবং অভিবাসী, মুসলিম কমিউনিটির জন্য এ এক নতুন আলোচনা তৈরি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%