০৫:২০ এম
শ্রমিক অধিকার ও সামাজিক ন্যায়বিচারের বার্তা নিয়েও প্রার্থী হয়েছেন আনাস কা-জিব।
ফ্রান্সের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে তিনি দেশটির বাম ও শ্রমিক রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। মরক্কো বংশোদ্ভূত ফরাসি রেলশ্রমিক সংগঠক আনাস কা-জিব, ফ্রান্সের ইতিহাসে প্রথম মুসলিম প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন। ট্রটস্কিস্ট রাজনৈতিক সংগঠন ‘রেভল্যুশিওঁ পারমানঁত’র হয়ে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়া ঘোষণা করেছেন।
সোমবার (১ জুন) একটি ভিডিও বার্তায় কা-জিব ব্যক্ত করেছেন, তার প্রার্থিতা হবে শ্রমিক শ্রেণি, নিম্ন আয়ের মানুষ এবং অভিবাসী জনগণের বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন। তিনি একটি ন্যায্য, সমতাভিত্তিক ও শ্রমিকবান্ধব সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে
৩৯ বছর বয়সি এই শ্রমিক নেতা দীর্ঘদিন ধরে ফ্রান্সের রেলখাতে কর্মরত রয়েছেন এবং শ্রমিক ইউনিয়ন সুড রেল (Sud Rail)-এর সক্রিয় সদস্য। বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে তিনি মরক্কো বংশোদ্ভূত অভিবাসী পরিবারের সঙ্গে যুক্ত।
শ্রমিক আন্দোলনের পাশাপাশি কা-জিব ফরাসি গণমাধ্যমেও পরিচিত মুখ ছিলেন। তিনি জনপ্রিয় টেলিভিশন ও রেডিও টকশো ‘লে গ্রঁদ গ্যুল’-এ অংশ নিয়ে সামাজিক বৈষম্য, শ্রমিক অধিকার এবং জনজীবনের বিভিন্ন ইস্যুতে নিয়মিত নিজের মতামত প্রকাশ করেন।
রাজনৈতিকভাবে কা-জিব বর্ণবাদবিরোধী, উপনিবেশবাদবিরোধী এবং সাম্রাজ্যবাদবিরোধী অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরে শ্রমিক ও অভিবাসী জনগণের অধিকারের পক্ষে কথা বলে আসছেন।
এর আগে ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে চাইলেও স্থানীয় জনপ্রতিনিধিদের সমর্থন (পারঁনাজ) না পাওয়ায় তিনি প্রার্থী হতে পারেননি। তবে এইবার তার সংগঠন দাবী করছে, তারা আগের তুলনায় বেশি স্থানীয় নির্বাচিত প্রতিনিধির সমর্থন অর্জন করতে সক্ষম হয়েছে।
আরও পড়ুন: স্পেনে দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৮, আহত ৮০
বিশ্লেষকদের মতে, ফ্রান্সের বাম রাজনৈতিক পরিসর যদিও বিভক্ত, তবুও শ্রমিক এবং সামাজিক ন্যায়বিচারের বিষয়গুলো নতুন করে আলোচনায় আসছে। এখানে কা-জিবের প্রার্থিতা একটি নতুন রাজনৈতিক বার্তা যোগ করেছে। এছাড়াও ফ্রান্সের শ্রমিক রাজনীতি, সামাজিক ন্যায়বিচার এবং অভিবাসী, মুসলিম কমিউনিটির জন্য এ এক নতুন আলোচনা তৈরি করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন