ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

চরকাউয়ায় সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি


চরকাউয়ায় সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি

  বরিশাল সদর উপজেলার ৭ নম্বর চরকাউয়া ইউনিয়নের নয়ানী এলাকার চৌমুখী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম নুর উদ্দিন নিরবকে ঘিরে রাজনৈতিক প্রভাব বিস্তার, ঝাড়ফুঁক, তাবিজ প্রদান ও সুদের লেনদেনসহ নানা অভিযোগ উঠেছে। তাছাড়া প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে কটুক্তির একটি অডিও রেকর্ড ফেসবুকে ভাইরাল হয়েছে।
স্থানীয়দের দাবি, প্রায় ১৩ বছর আগে মেহেন্দীগঞ্জ থেকে এসে মসজিদে ইমামতি শুরু করেন নুর উদ্দিন নিরব। তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় তিনি নিজেকে চরকাউয়া ইউনিয়ন ওলামা লীগের সভাপতি পরিচয় দিয়ে স্থানীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করেন। সেই প্রভাব ব্যবহার করে একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্যের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও মারামারিতে জড়ানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি স্থানীয় বিএনপির এক নেতার আশ্রয় নেওয়ার চেষ্টা করেন এবং ওলামা দলে যোগ দেওয়ার ঘোষণা দেন।
মুসল্লিদের অভিযোগ, ইমামের কেরাত ও কোরআন তেলাওয়াতের শুদ্ধতা নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন রয়েছে। রমজানে তারাবির নামাজ পড়াতে আসা কয়েকজন হাফেজও এ বিষয়ে আপত্তি জানিয়ে ইমাম পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন।
তাছাড়া অর্থের বিনিময়ে তদবির, ঝাড়ফুঁক ও তাবিজ দেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন এলাকাবাসী। তাঁদের দাবি, মসজিদ প্রাঙ্গণে বরাদ্দকৃত ব্যক্তিগত কক্ষে নারীদের প্রবেশ করিয়ে এসব কার্যক্রম পরিচালনা করা হয়। এ ছাড়া নয়ানী এলাকার আরিফ ব্রিক ফিল্ডে তাঁর লাখ লাখ টাকা সুদে বিনিয়োগ রয়েছে বলেও অভিযোগ উঠেছে।
সম্প্রতি উপাসনালয়ের ইমাম, পুরোহিত ও খাদেমদের জন্য সরকারি ভাতা কর্মসূচির প্রেক্ষাপটে চরকাউয়ার কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে তথ্য সংগ্রহের সময় এসব অভিযোগ উঠে আসে। এ নিয়ে আগে বেশ কয়েকটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে সংশ্লিষ্ট ইমাম ও মসজিদ কমিটির পক্ষ থেকে অভিযোগগুলো ভিত্তিহীন দাবি করে প্রতিবাদলিপি দেওয়া হয়।
এ বিষয়ে চৌমুখী জামে মসজিদের সেক্রেটারি শহিদুল ইসলাম বলেন, ইমাম নুর উদ্দিন নিরব একটু তাবিজ-তুমার দেয়। পাশে তার কক্ষে নারীরাও আসে। তবে আমি ব্যক্তিগতভাবে এগুলো পছন্দ করিনা। শুনেছি এক সময় সে ওলামালীগের ইউনিয়ন সেক্রেটারি ছিল। তবে বর্তমানে সে কোন রাজনীতির সাথে জড়িত নয়। একটি গ্রুপ তার পেছনে লেগেছে মনে হচ্ছে।
চৌমুখী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম নুর উদ্দিন নিরব বলেন, আরিফ ব্রিক ফিল্ডে আমার ও আমার বোনের প্রায় নয় লক্ষ টাকা দেওয়া আছে। সেখান থেকে মাঝে মাঝে লভ্যাংশ পাই। আমি ওলামা লীগ করিনি। তবে সরকারী দলের সাথে ইমাম হিসেবে সব সময়ই তাল মিলিয়ে চলতে হয়। তাই চলেছি এবং এখনো চলছি। অবসরপ্রাপ্ত সেনা সদস্যের সাথে ভুলবোঝাবুঝি হয়েছিল কিন্ত এখন তার সাথে আমার অনেক ভালো সম্পর্ক। একটি গ্রুপ আমার সম্পর্কে বিভ্রান্তি ছড়ায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুরের ঘটনায় জামায়াত এমপির জামাতা মিজানুরের জামিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুরের ঘটনায় জামায়াত এমপির জামাতা মিজানুরের জামিন

রাজধানীর ইসিবি চত্বরে অবস্থিত ‘নিউগিনি প্রোপার্টিজ লিমিটেড’-এর প্রকল্পের বিরুদ্ধে ভাঙচুর, লুটপাট এবং চুরির অভিযোগে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা মো. মিজানুর রহমান জামিন লাভ করেছেন। সোমবার (২৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এই জামিনের আদেশ প্রদান করেন।

এ বিষয়ে প্রসিকিউশন বিভাগের এসআই মারুফ রহমান নিশ্চিত করেছেন।

এই শুনানির দিন আসামির পক্ষে আইনজীবী সৈকত হোসেন জামিনের আবেদন করেন। অপরদিকে বাদীপক্ষে জামিনের বিরোধিতা করা হয়। তবে রাষ্ট্রপক্ষে কোন আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানি শেষে আদালত দুই হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

এর আগে, গত ২৮ সেপ্টেম্বর বিকেলে ডিবি গুলশান বিভাগের একটি দল পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। পরদিন ২৯ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। আদালত গত ১ অক্টোবর তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে, গত ৭ অক্টোবর রিমান্ড শেষ হওয়ার পর তাকে আবারও কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাদ্যসংকট, বিদ্যুৎ বিপর্যয় ও রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


খাদ্যসংকট, বিদ্যুৎ বিপর্যয় ও রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল পাকিস্তান

অর্থনৈতিক সংকট, খাদ্যনিরাপত্তাহীনতা, বিদ্যুৎ বিপর্যয় এবং রাজনৈতিক অস্থিরতার কারণে পাকিস্তান বর্তমানে চাপে রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ ও ভারতের সঙ্গে নতুন সংঘাতের আশঙ্কা দেশটির পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই অবস্থায় পাকিস্তানকে ছোট ছোট প্রদেশে ভাগ করার উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে। খবর ফার্স্টপোস্ট

গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানে ক্ষুধা ও অপুষ্টির পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। দেশটির প্রায় ৩৩ শতাংশ শিশু খর্বাকৃতির এবং জনসংখ্যার ১৬ শতাংশ অপুষ্টিতে ভুগছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অর্থনৈতিক অস্থিতিশীলতা, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং প্রয়োজনীয় খাদ্য সংগ্রহে মানুষের সীমিত সামর্থ্য এ পরিস্থিতির জন্য দায়ী।

পাকিস্তানের সংকট খাদ্যনিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ নয়। বিদ্যুৎ খাতের বিপুল দেনা, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এসব সমস্যা নিয়ে বিভিন্ন স্থানে বিক্ষোভও হচ্ছে।

পাকিস্তানে পেট্রলের দাম প্রতি লিটার ৩০০ রুপি ছাড়িয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতির পাশাপাশি দেশটির বিদ্যুৎ খাতের দীর্ঘদিনের অদক্ষতাকেও এর জন্য দায়ী করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের বিদ্যুৎ খাতে বকেয়া দেনার পরিমাণ ২ লাখ ৩০ হাজার কোটি রুপি ছাড়িয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ক্রমবর্ধমান লোকসান এবং বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর (আইপিপি) সক্ষমতা বাবদ উচ্চ ব্যয়।

দেশটির বৃহত্তম শহর করাচিতে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান কে-ইলেকট্রিক সম্প্রতি নতুন বিদ্যুৎ বিভ্রাটের কর্মসূচি ঘোষণা করেছে। বিদ্যুৎ সমস্যায় ভুগতে থাকা শহরটিতে এ সিদ্ধান্ত জনদুর্ভোগ আরও বাড়িয়েছে। তুলনামূলক ভালো বিদ্যুৎ সরবরাহের জন্য পরিচিত রাওয়ালপিন্ডি ও লাহোরেও একই ধরনের সমস্যা দেখা দিয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে মানুষের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন স্থানে বিক্ষোভ হচ্ছে এবং এসব কর্মসূচিতে জামায়াতে ইসলামীর মতো রাজনৈতিক দলগুলোও নেতৃত্ব দিচ্ছে।

অর্থনৈতিক সংকটের পাশাপাশি পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতাও বেড়ে যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আটক রাখা এবং তার শারীরিক অবস্থার উদ্বেগের কারণে তার সমর্থকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অসুস্থ ইমরান খান পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগেরও সীমিত সুযোগ পাচ্ছেন।

গত ১১ অক্টোবর, ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নিয়ন্ত্রণে থাকা খাইবার পাখতুনখাওয়া প্রদেশে রাষ্ট্রপতির শাসন জারির সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে।

ইমরান খানের মুক্তির দাবিতে প্রদেশটিতে হাজার হাজার সমর্থক মিছিল করেছেন। তারা সরকারের সমালোচনা করেছেন এবং কঠোর অর্থনৈতিক পরিস্থিতির কারণে মানুষের ক্ষোভ বেড়েছে।

বিক্ষোভ মোকাবিলায় রাজধানী ইসলামাবাদে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। এক হাজারের বেশি পণ্যবাহী কনটেইনার দিয়ে বিভিন্ন সড়কে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। সেতুতে বালুর বস্তা রাখা হয় এবং রাজধানীতে প্রবেশের গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়।

এ ছাড়া জনসমাবেশ নিষিদ্ধ করার পাশাপাশি রাজধানীতে ২২ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। কর্তৃপক্ষের এসব পদক্ষেপের কারণে বিক্ষোভ প্রত্যাশা অনুযায়ী ব্যাপকতা পায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে জরুরি ব্যবস্থা কার্যকর হওয়ার পর খাইবার পাখতুনখাওয়ায় বিক্ষোভের তীব্রতা বাড়তে থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডি-থ্রি ট্রফির নিলামে তারকাদের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর কাড়াকাড়ি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


ডি-থ্রি ট্রফির নিলামে তারকাদের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর কাড়াকাড়ি

জাতীয় দলের তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে ডমেষ্টিক থ্রি (ডি-থ্রি) ট্রফির নিলামে টুর্নামেন্টের ছয়টি ফ্র্যাঞ্চাইজি রীতিমতো কাড়াকাড়ি করেছে।

ঢাকার একটি হোটেলে সোমবার ডি-থ্রি ট্রফির নিলাম অনুষ্ঠিত হয়েছে। এই নিলামে অংশগ্রহণ করেছে ছয়টি ফ্র্যাঞ্চাইজি।

অন্যান্য ফ্র্যাঞ্চাইজির সাথে তীব্র প্রতিযোগিতার পর ২ কোটি ৩০ লাখ পয়েন্টে জাতীয় দলের বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামকে দলে নিয়েছে সিটিজেন ব্যাংক।

নিলামটি পয়েন্ট ভিত্তিক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। এখানে উল্লেখিত পয়েন্ট বা সংখ্যা খেলোয়াড়দের প্রকৃত বেতন বা পারিশ্রমিক নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক নির্ধারিত ঘরোয়া ম্যাচ ফি পাবেন ক্রিকেটাররা।

প্রতিটি দলের জন্য স্কোয়াড সাজাতে সর্বোচ্চ ১০ কোটি পয়েন্ট বরাদ্দ করা হয়েছে।

খেলোয়াড়দের পাঁচটি ক্যাটাগরিতে পয়েন্ট ভিত্তিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়দের ভিত্তিমূল্য ৪০ লাখ পয়েন্ট। ‘বি’ ক্যাটাগরির জন্য ৩০ লাখ, ‘সি’ ক্যাটাগরির জন্য ২০ লাখ, ‘ডি’ ক্যাটাগরির জন্য ১০ লাখ এবং ‘ই’ ক্যাটাগরির জন্য ৫ লাখ পয়েন্ট নির্ধারণ করা হয়েছে।

শরিফুল ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড় হওয়ায়, তার দল যত পয়েন্টই খরচ করুক না কেন, তিনি ৪০ লাখ টাকাই পাবেন।

ওয়ালটন গ্রুপ ২ কোটি ১০ লাখ পয়েন্টে দলে নিয়েছে পেসার তাসকিন আহমেদকে। এছাড়া ২ কোটি পয়েন্টে জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিমকে দলে নিয়েছে ফরচুন গ্রুপ।

আরেক ওপেনার সাইফ হাসানকে দলে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট। এজন্য তারা খরচ করেছে ১ কোটি ৯৫ লাখ পয়েন্ট।

১ কোটি ৭০ লাখ পয়েন্টে উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিককে দলে নিয়েছে সিটিজেন ব্যাংক।

নিলামের জন্য মোট ২৭৫ জন ক্রিকেটারকে তালিকায় রাখা হয়েছে। তিন ফরম্যাট নিয়ে আয়োজিত ‘ডি-থ্রি’ ট্রফি চলতি বছরের ডিসেম্বরে শুরু হওয়ার কথা রয়েছে।

সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে হামলায় অস্বীকৃতি, নেতানিয়াহুকে প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


ইরানে হামলায় অস্বীকৃতি, নেতানিয়াহুকে প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের সেনাপ্রধান

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং দেশটির সামরিক বাহিনীর প্রধান (আইডিএফ চিফ অব স্টাফ) লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামিরের মধ্যে একটি অপ্রত্যাশিত ও তীব্র দ্বন্দ্বের খবর প্রকাশিত হয়েছে। চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে ইরান সংশ্লিষ্ট একটি সামরিক পদক্ষেপ গ্রহণের জন্য নেতানিয়াহু যে নির্দেশনা প্রদান করেছিলেন, তা মানতে অস্বীকৃতি জানিয়েছেন আইডিএফ প্রধান।

সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানা যায়, রাজনৈতিক লাভের উদ্দেশ্যে বা নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে এই উস্কানিমূলক সামরিক পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বলে আশঙ্কা করছে সামরিক নেতৃত্ব। আইডিএফ প্রধান জামির এই নির্দেশনা কার্যকর করার আগে সুনির্দিষ্ট আইনি অনুমোদন এবং লিখিত দলিলের দাবি জানিয়েছেন। একই সাথে, নির্বাচনের পূর্ব মুহূর্তে এই ধরনের পদক্ষেপ তেহরানের সাথে বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন সামরিক কর্মকর্তারা।

অন্যদিকে, বিরোধীদলীয় নেতারা এই ঘটনাকে দেশের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হিসেবে চিহ্নিত করেছেন। বিরোধী দলের শীর্ষ নেতারা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ ও ক্ষমতা ধরে রাখতে ইসরায়েলের নাগরিকদের জীবন ও নিরাপত্তাকে বাজি রাখতে দ্বিধা করছেন না নেতানিয়াহু। তবে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে আইডিএফ প্রধানের সাথে বিরোধের এই খবরকে ‘ভিত্তিহীন’ ও ‘বাজে বকা’ বলে খারিজ করেছেন।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে ইসরায়েলের অভ্যন্তরীণ এই সামরিক ও রাজনৈতিক টানাপোড়েন পুরো অঞ্চলকে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%