ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

ঢাকার স্পন্দনকে মানবিকতায় ধারণ করতে চাই : প্রথম নারী জেলা প্রশাসক ফরিদা খানম


ঢাকার স্পন্দনকে মানবিকতায় ধারণ করতে চাই : প্রথম নারী জেলা প্রশাসক ফরিদা খানম

ব্রিটিশ প্রশাসক ওয়ারেন হেস্টিংস ১৭৭২ সালে ভারতবর্ষে জেলা প্রশাসন ব্যবস্থার সূচনা করেন। একই বছর ঢাকায় জেলা প্রশাসন গঠনের মধ্য দিয়ে শুরু হয় রাজধানীকেন্দ্রিক প্রশাসনিক ব্যবস্থাপনার দীর্ঘ যাত্রা। সময়ের সঙ্গে ‘ডিস্ট্রিক্ট কালেক্টর’ থেকে ‘জেলা প্রশাসক’- পরিবর্তন এসেছে পদবি, দায়িত্ব, কাঠামো ও কর্মপরিধিতে। তবে ২৫৪ বছরের এ ইতিহাসে এবারই প্রথম ঢাকা জেলা পেয়েছে একজন নারী জেলা প্রশাসক। তিনি বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা ফরিদা খানম।

দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি ঢাকা জেলা প্রশাসনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছেন। জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ফরিদা খানম বলেন, ঢাকা জেলার দায়িত্ব নিঃসন্দেহে দেশের সবচেয়ে বড় ও জটিল প্রশাসনিক দায়িত্বগুলোর একটি। প্রায় দেড় থেকে দুই কোটির বেশি মানুষের সেবা নিশ্চিত করা, নগরায়ণের চাপ, তীব্র জনঘনত্ব, ভূমি-সংক্রান্ত জটিলতা, অবকাঠামোগত চ্যালেঞ্জ এবং বহুমাত্রিক নাগরিক সমস্যার মধ্যে কার্যকরভাবে কাজ করতে প্রয়োজন দৃঢ় নেতৃত্ব, অভিজ্ঞতা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা- যা নিশ্চিত করতে কাজ করতে চাই।

প্রশাসনিক অভিজ্ঞতা থেকে তিনি বলেন, ‘জনগণের আস্থা অর্জনই একজন প্রশাসকের সবচেয়ে বড় সাফল্য। স্বচ্ছতা, মানবিকতা, দলগত কাজ এবং দায়িত্ববোধ; এই চার নীতির ভিত্তিতে সেবা দিতে চাই। জেলা প্রশাসনের প্রতিটি শাখায় নতুন কর্মপদ্ধতি চালু, রিপোর্টিং ও মনিটরিং ব্যবস্থা আরও শক্তিশালী করার উদ্যোগও নেওয়া হয়েছে।’

আরও পড়ুন: ৭ নভেম্বর: জিয়াউর রহমানের নেতৃত্বে একদলীয় শাসন থেকে মুক্তির দিন

দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলা প্রশাসনের প্রধান হিসেবে তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা, জনগণের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তোলা এবং মানবিক প্রশাসন প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। তার মতে, ঢাকা জেলার প্রশাসনিক চ্যালেঞ্জ কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ নয়; এটি মানুষের দৈনন্দিন জীবন, নিরাপত্তা, সেবা এবং রাষ্ট্রব্যবস্থার মূল স্রোতধারাকে প্রভাবিত করে।

ফরিদা খানম বলেন, ‘ঢাকার জেলা প্রশাসকের দায়িত্ব মানে বাংলাদেশের সামগ্রিক শাসন কাঠামোকে সেবা দেওয়া। রাজধানীর প্রতিটি সিদ্ধান্ত ও প্রতিটি সেবা দেশের গতিকে প্রভাবিত করে।’

প্রশাসনে নারীর নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার এই দায়িত্ব হয়তো অনেক মেয়ের কাছে নতুন স্বপ্নের জানালা খুলে দেবে। প্রশাসন, বিচার, কূটনীতি ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে এখন নারীরা নিজেদের সক্ষমতা ও আস্থা প্রতিষ্ঠা করেছেন। একজনের সাফল্য বহু মানুষের সাহস বাড়িয়ে দেয়।’

দায়িত্ব গ্রহণের পর মাঠপর্যায়ে তার বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে আলোচনায় এসেছে। মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করা, বয়স্ক, নারী ও শিশুদের দ্রুত সেবা নিশ্চিত করা, সরকারি জমি উদ্ধার অভিযান, ভূমি সেবার ডিজিটাল অগ্রগতি এবং প্রশাসনিক সেবায় গতিশীলতা আনায় তার পদক্ষেপ প্রশংসিত হয়েছে। তিনি বলেন, ‘সেবা নিতে এসে কাউকে যেন ক্লান্ত হতে না হয়, অনিশ্চয়তায় না পড়তে হয়- এটাই আমাদের লক্ষ্য।’

আরও পড়ুন: আজ বাংলাদেশে প্রথম নারী চিকিৎসক জোহরা বেগম কাজীর মৃত্যুবার্ষিকী

ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ক্ষেত্রগুলোর একটি হলো ভূমি সেবা। ভূমি-সংক্রান্ত মামলার জট, অপরাধ, দখলদারিত্ব, নামজারি এবং সেবা পেতে দীর্ঘসূত্রতা; সব মিলিয়ে এ খাত বহু বছর ধরে রাজধানীবাসীর অন্যতম ভোগান্তির কারণ। নতুন জেলা প্রশাসক বাসস’কে জানান, এ খাতকে অগ্রাধিকার দিয়ে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। ই-নামজারি দ্রুত নিষ্পত্তি, ভূমি উন্নয়ন কর অনলাইনে গ্রহণ, মিসকেস কমানো, ভূমি অপরাধ প্রতিকার আইনের কার্যকর প্রয়োগ, নিয়মিত মাঠপর্যায়ের তদারকি এবং অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

একই সঙ্গে রাজধানীর সরকারি খাসজমি রক্ষা ও উদ্ধার কার্যক্রমও জোরদার করা হয়েছে। সম্প্রতি তার নেতৃত্বে একটি বড় খাসজমি উদ্ধার অভিযানের সফলতা জনগণের আস্থা আরও বাড়িয়েছে। ফরিদা খানম বলেন, ‘সরকারি জমি সুরক্ষা রাষ্ট্রীয় স্বার্থ সুরক্ষারই অংশ। সদিচ্ছা, দৃঢ়তা এবং আইনের যথাযথ প্রয়োগ থাকলে যেকোনো অবৈধ দখল উচ্ছেদ করা সম্ভব।’

তিনি জানান, এ লক্ষ্য বাস্তবায়নে ঢাকা জেলার সরকারি জমির একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ডেটাবেজ তৈরির কাজ চলছে। এটি ভবিষ্যতে সরকারি জমি দখল প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশাসনিক সেবা উন্নয়নের ক্ষেত্রে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন ডিজিটালাইজেশনের ওপর। জেলা প্রশাসনের ৩০টির বেশি সেবা ইতোমধ্যে মাইগভ প্ল্যাটফর্মের মাধ্যমে দেওয়া হচ্ছে। বাকি সেবাগুলোও পর্যায়ক্রমে অনলাইনে আনার পরিকল্পনা রয়েছে, যাতে নাগরিকদের অপ্রয়োজনীয়ভাবে অফিসে আসতে না হয়। তার ভাষায়, ‘মানুষের সময় যেমন মূল্যবান, তেমনি সম্মানও। সেবা এমন হতে হবে যাতে মানুষ অনুভব করে রাষ্ট্র তার পাশে রয়েছে।’

ঢাকা জেলার মতো বহুমাত্রিক ও জটিল প্রশাসনিক অঞ্চলে নেতৃত্ব দেওয়া নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ। তবে ফরিদা খানম আশাবাদী, সঠিক নীতি, দক্ষ জনবল, আধুনিক প্রযুক্তি, সমন্বিত প্রশাসনিক টিমওয়ার্ক এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে ঢাকা জেলা দেশের উন্নয়ন ও সেবার একটি মডেল জেলায় পরিণত হতে পারে। তিনি বিশ্বাস করেন, ‘ঢাকা জেলার সফলতা মানেই বাংলাদেশের সফলতা।

আরও পড়ুন: উপকূলের জনজীবনে সুপেয় পানির সংকট, বাড়ছে কিডনি ও মূত্রনালীর রোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উদ্বোধনী ম্যাচের জন্য ইয়ামাল ও উইলিয়ামসের খেলার আশা করছেন স্প্যানিশ কোচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৩:৩৯ পি.এম


উদ্বোধনী ম্যাচের জন্য ইয়ামাল ও উইলিয়ামসের খেলার আশা করছেন স্প্যানিশ কোচ

স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে বলেছেন, ফরোয়ার্ড লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস বিশ্বকাপের প্রথম ম্যাচের জন্য ফিট হয়ে উঠবেন বলে তার মনে হচ্ছে।

ইয়ামাল ও উইলিয়ামস, দুজনেই হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ক্লাব মৌসুমের শেষ অংশে খেলতে পারেননি।

তবে দি লা ফুয়েন্তে তাদের দুজনকেই স্পেনের বিশ্বকাপ দলে রেখেছেন। গত মাসে সাংবাদিকদের কাছে তিনি বলেছেন, বিশ্বকাপ শুরু হওয়ার আগে তারা সুস্থ হয়ে উঠবেন বলে তার বিশ্বাস।

বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন আগামী ১৫ জুন আটলান্টায় গ্রুপ ‘এইচ’-এর প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে মুখোমুখি হবে।

ইরাকের বিরুদ্ধে প্রীতি ম্যাচের আগে দি লা ফুয়েন্তে বলেন, “ক্লাবগুলোর সাথে আমাদের সমন্বয় খুবই ভালো। আগে থেকে নির্ধারিত পুনর্বাসন কর্মসূচি আমরা অনুসরণ করছি এবং সত্যি বলতে খেলোয়াড়রা প্রতিদিনই উন্নতি করছে।”

তিনি জানান, চোটে থাকা খেলোয়াড়রা প্রত্যাশামতোই অগ্রগতি করছে। তবে তারা ইরাকের বিপক্ষে ম্যাচে অংশ নেবে না।

বিশেষভাবে ১৮ বছর বয়সী তারকা ইয়ামাল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেছিলেন, “এখন পর্যন্ত যেমন এগোচ্ছে, সবকিছু যদি একইভাবে চলতে থাকে তাহলে ১৫ জুনের মধ্যে সে প্রস্তুত হয়ে যেতে পারে। তবে এর অর্থ এই নয় যে সে অবশ্যই খেলবে।”

২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেনকে অন্যতম শিরোপা-প্রত্যাশী দল হিসেবে দেখা হচ্ছে।

তবে দি লা ফুয়েন্তের মতে, এই বিশ্বকাপ হবে “ঐতিহাসিক”। কারণ এবারই সবচেয়ে বেশি সংখ্যক দলের সত্যিকার অর্থেই শিরোপা জয়ের সুযোগ রয়েছে।

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের পর স্পেন ২১ জুন আটলান্টায় সৌদি আরবের মুখোমুখি হবে এবং এরপর ২৭ জুন গুয়াদালাহারায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে উরুগুয়ে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় ইসরাইলি হামলায় নিহত অন্তত ৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৩:৪০ পি.এম


গাজায় ইসরাইলি হামলায় নিহত অন্তত ৮

গাজায় বৃহস্পতিবার ভোরে ইসরাইলি হামলার ফলে অন্তত আট জন নিহত হয়েছেন। এই তথ্যটি ফিলিস্তিনি ভূখণ্ডটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন।

মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ‘ভোরে গাজা সিটিতে ইসরাইলি বিমান হামলায় অন্তত আট জন শহীদ হয়েছেন।’ এই নিহতদের মধ্যে সাত জন আবাসিক ভবনে হামলার ফলে এবং একজন গাজা সিটির পশ্চিমে আল-শাতি শরণার্থী শিবিরে নিহত হন।

তিনি আরও জানান, গাজা সিটির আল-শিফা হাসপাতাল হামলার ফলে ১৫ জন আহত হওয়ার তথ্য দিয়েছে।

গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি জানিয়েছে।

গত অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজা উপত্যকায় প্রতিদিন সহিংসতার ঘটনাগুলি ঘটছে। যুদ্ধবিরতির শর্তাবলী উপেক্ষা করে বর্তমানে ইসরাইলি সামরিক বাহিনী এর অর্ধেকেরও বেশি অঞ্চল নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৩:৪০ পি.এম


দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক

ভারতের নয়াদিল্লির মালভিয়া নগর এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে আহত আট জন বাংলাদেশির মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

এই ঘটনার ফলে এখন পর্যন্ত ২১ জন মারা গেছে এবং ২৮ জন আহত হয়েছেন।

আজ নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে জানায়, আহত আট বাংলাদেশিকে ভারতের রাজধানীর বিভিন্ন হাসপাতালের ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

হাইকমিশন জানায়, তারা আহত বিদেশীদের চিকিৎসা সংক্রান্ত শারীরিক অবস্থার বিষয়ে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও হাসপাতালগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।

সাম্প্রতিক বছরগুলোতে ওই এলাকার ঘটে যাওয়া অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ডগুলোর একটি হিসেবে এটি চিহ্নিত করা হচ্ছে।

এই ঘটনায় যারা মারা গেছে, তাদের মধ্যে নয় জন ভারতীয় নাগরিক ছাড়াও মোজাম্বিক, লাইবেরিয়া, নাইজেরিয়া ও উজবেকিস্তানের নাগরিকও রযেছেন।

মিশন আরও জানিয়েছে, দগ্ধ রোগীদের যাতে কোনো ধরনের ইনফেকশন বা সংক্রমণ না হয় এবং তারা যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন, সেজন্য তাদের আত্মীয়-স্বজন ও দর্শনার্থীদের সরাসরি শারীরিক সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ হাসপাতাল কর্তৃপক্ষ দিয়েছে।

আহত বাংলাদেশিদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে হাইকমিশন জানায়, প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করতে তারা হাসপাতাল ও স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে।

এদিকে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। পাশাপাশি জরুরি সেবা সংস্থাগুলো উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

গত বুধবার দক্ষিণ নয়া দিল্লির মালভিয়া নগরের একটি ভবনে এই আগুন লাগার ঘটনা ঘটে। ভবনটির নিচতলায় একটি রেস্তোরাঁ এবং ওপরের তলাগুলোতে হোটেল ছিল।

প্রধানত আবাসিক এলাকা হিসেবে পরিচিত মালভিয়া নগর শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের কাছে বেশ জনপ্রিয়। এলাকাটি ঘনবসতির পাশাপাশি প্রচুর দোকানপাট, খাবার হোটেল এবং ছোট ছোট আবাসিক হোটেল রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় প্যারামেডিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় প্যারামেডিক নিহত

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় আক্রান্ত হয়ে নিহত হয়েছেন একজন প্যারামেডিক।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) বুধবার রাতের এই ঘটনার সম্পর্কে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে তথ্য প্রকাশ করেছে।

এনএনএ জানিয়েছে, ২৪ ঘণ্টারও কম সময়ে এটি প্যারামেডিক ও স্বাস্থ্যসেবা স্থাপনাগুলোর ওপর চতুর্থ হামলা। ইসরাইলি বাহিনী নাবাতিয়েহ জেলার জিবদিন শহরে ইসলামিক হেলথ কমিটির একটি অ্যাম্বুলেন্স দলের ওপর সরাসরি হামলা চালিয়েছে। এই হামলায় একজন প্যারামেডিক নিহত হন এবং একজন আহত হন।

ইসলামিক হেলথ কমিটি হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট।

বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর দিয়েছে।

এর পূর্বে, বুধবার, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পৃথক আরেকটি ইসরাইলি হামলায় আরও দুই প্যারামেডিক নিহত হয়েছেন।

মন্ত্রণালয়ের অনুযায়ী, মার্চে ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট ১৩০ জন জরুরি সেবা ও স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%