০১:৩৭ পি.এম
হাইকোর্ট আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংবাদ সম্মেলন আয়োজন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে। আগামী চার সপ্তাহের মধ্যে দুদককে এই রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার সকালে বিচারপতি মো. বশির উল্লাহ এবং বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করে। এর আগে গত ৪ নভেম্বর রিটের শুনানি শেষে আদালত আদেশের জন্য দিন নির্ধারণ করেছিল।
এর পূর্বে, গত ২৯ সেপ্টেম্বর হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছিল। আদালতের অবকাশ শেষে নতুন করে শুনানির জন্য আবেদনটি উপস্থাপন করা হয়।
আরও পড়ুন: উত্তরায় পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩ নেতা গ্রেফতার
দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা এবং সহকারী পরিচালক গত ২ ও ১৩ সেপ্টেম্বর দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান শুরুর সিদ্ধান্তের পর আসিফ মাহমুদের বিরুদ্ধে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেন, যেখানে প্রাথমিক সত্যতা পাওয়ার ঘোষণা দেওয়া হয়।
এ বিষয়ে আসিফ মাহমুদের আইনজীবী ইউসূফ আলী মন্তব্য করেন, "দুদকের সংবাদ সম্মেলন সংবিধানের ৩১ অনুচ্ছেদে নিশ্চিত করা মর্যাদা ও সুনামের সুরক্ষা এবং দুদকের তথ্য অবমুক্তকরণ নীতিমালার লঙ্ঘন।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন