ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

রাকসু ভবনে হামলায় প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ৬ দাবি


রাকসু ভবনে হামলায় প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ৬ দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রশাসনের নিস্ক্রিয়তার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে তারা এক নারী শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকি দেওয়া, রাকসু ভবনে হামলা এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ছয় দফা দাবি উত্থাপন করে।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাকসু ভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় রাকসুর সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, ২৬ জুলাই সংস্কৃত বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এক নারী শিক্ষার্থী অভিযোগ করেন, একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহসিন তাকে প্রেমের প্রস্তাব দেন। প্রস্তাব প্রত্যাখ্যান করার পরে অভিযুক্ত মুহসিন ছুরি প্রদর্শন করে পদ্মা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেন এবং পিস্তল থাকার কথাও বলেন। অভিযোগের পর সেদিন রাতেই প্রক্টর অফিসে উভয় পক্ষকে ডাকা হয়।

রাকসুর অভিযোগ অনুযায়ী, তখন আনাস নামে এক ব্যক্তি অভিযুক্তের অভিভাবক পরিচয়ে প্রক্টর অফিসে উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করেন এবং প্রক্টরের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। পরে তাকে কক্ষ থেকে বের করে দেওয়া হয়। ঘটনার ভিডিও প্রকাশের পর সাংবাদিকদের মামলা করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়। এ ছাড়া আনাসের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও তুলে ধরা হয়।

আরও পড়ুন: এবার আফ্রিকার তিউনিসিয়ায় বিক্ষোভের ঘটনা

রাকসুর পক্ষ থেকে বলা হয়, ২৭ জুলাই পুনরায় প্রক্টর অফিসে উভয় পক্ষকে ডাকা হলে মুহসিনের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়। বিষয়টিকে নিষ্পত্তির শেষ পর্যায়ে আনাস আবারও প্রক্টর অফিসে এসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেন। এ সময় প্রক্টরিয়াল বডি, রাকসুর জিএস, এজিএস, তথ্য ও গবেষণা সম্পাদক ও সমাজকল্যাণ সম্পাদকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

রাকসুর ভাষ্য অনুযায়ী, প্রক্টরের উপস্থিতিতে আনাসের মোবাইল ফোন পর্যালোচনায় ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার বিভিন্ন তথ্য পাওয়া যায় এবং তিনি স্বীকার করেন যে, তিনি পূর্বে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশে খবর দেওয়া হলেও পরে তাকে হস্তান্তর না করে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়।

এ সংক্রান্ত সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, পরে আনাস, ছাত্রদল নেতা শাফিন ও তাদের সহযোগীরা রাকসু ভবনে হামলা চালান। তাতে রাকসুর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার শারীরিকভাবে আহত হন এবং তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিব গুরুতর আহত হয়ে রক্তাক্ত হন।

রাকসু দাবি করে, পরে আনাস বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির রিডিং রুমে আশ্রয় নিলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার দাবিতে রাকসু, হল সংসদ ও সাধারণ শিক্ষার্থীদের অংশ সেখানে অবস্থান নেয়। তবে প্রশাসনের দীর্ঘ সময়ের নিষ্ক্রিয়তার কারণে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

আরও পড়ুন: ঢাকা মহানগরীতে ডিএমপির অভিযানে ৪৭৭ জন গ্রেফতার, ৩৪ মামলা দায়ের

এরপর রাকসু ছয় দফা দাবি জানায়। দাবিগুলো হলো- নারী শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, রাকসু ভবনে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা, দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, ক্যাম্পাসে সন্ত্রাস ও রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার বন্ধ করার কার্যকর পদক্ষেপ নেওয়া, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অতীতে নির্যাতনের সঙ্গে জড়িত ও ছাত্রলীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে রাকসুর নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাস, নারী শিক্ষার্থীর প্রতি সহিংসতা কিংবা রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার মেনে নেওয়া হবে না। শিক্ষার্থীদের নিরাপত্তা, আইনের শাসন ও বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষায় গণতান্ত্রিক ও আইনসম্মত কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা জানান।

রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার এক প্রশ্নের জবাবে বলেন, রাকসু ভবনে হামলার পর তারা প্রক্টর অফিসে গিয়ে বারবার বলছিলেন অভিযুক্তদের আটক করার বিষয়ে। কিন্তু ২০-২৫ মিনিট পার হয়ে গেলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এই পরিস্থিতি সৃষ্টিই হতো না, যদি তাদেরকে প্রথমেই আটক করা হতো।

আরও পড়ুন: এক মাস পর অপ্রতিম হত্যা মামলার চার্জশিট দাখিল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল সিটি করপোরেশনে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের অভি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

১০:১৭ পি.এম


বরিশাল সিটি করপোরেশনে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের অভি

বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি) প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের একজন নাগরিক চাকরি পেয়েছেন। সিটি করপোরেশন দৈনিক মজুরি ভিত্তিতে মাইদুল ইসলাম অভিকে নিয়োগ দিয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন তার হাতে নিয়োগপত্র তুলে দেন।

মাইদুল ইসলাম অভি বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের দপ্তরে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এটি বরিশাল সিটি করপোরেশনে তৃতীয় লিঙ্গের কোনো নাগরিকের প্রথম কর্মসংস্থানের সুযোগ। অভি তার স্বাচ্ছন্দ্য অনুযায়ী প্রশাসক মহোদয়ের দপ্তরে কাজ করবেন।’

নিয়োগ প্রসঙ্গে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, সমতা, অন্তর্ভুক্তি ও বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে এ নিয়োগ একটি ইতিবাচক দৃষ্টান্ত। সকল নাগরিকের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে বিসিসির এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, বৈষম্যের দেয়াল ভেঙে সম্ভাবনার নতুন পথে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতেই তৃতীয় লিঙ্গের নাগরিক মাইদুল ইসলাম অভিকে নিয়োগ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ক্র্যাপ লোহা বোঝাই একটি লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার সলিমপুর কালুশাহনগর এলাকায় রেলওয়ে ওভারব্রিজের ওপর এই ঘটনা ঘটে। 

এতে গাড়ির ইঞ্জিন, যন্ত্রাংশ এবং স্ক্র্যাপ লোহার একটি অংশ পুড়ে গেছে। সংশ্লিষ্টদের দাবির ভিত্তিতে বলা হচ্ছে, এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম বন্দরের থেকে স্ক্র্যাপ লোহা নিয়ে একটি ড্রাম ট্রাক সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় অবস্থিত আবুল খায়ের স্টিল মিলে যাচ্ছিল। 

পথে সলিমপুর কালুশাহনগর এলাকায় রেলওয়ে ওভারব্রিজের ওপর উঠলে হঠাৎ গাড়িটিতে আগুন ধরে যায়। 

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। 

আবুল খায়ের স্টিল মিলের ইনচার্জ ও এইচআর (এডমিন) মো. ইমরুল কাদের ভূঁইয়া জানান, বন্দর থেকে স্ক্র্যাপ লোহা নিয়ে কারখানায় আসার পথে গাড়িতে আগুন লাগে। এতে অন্তত ২০ লাখ টাকার সম্পদহানি হয়েছে। 

তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

জেলা ট্রাফিক ইন্সপেক্টর রফিক আহমেদ মজুমদার মন্তব্য করেন, সন্ধ্যায় গাড়িটি ব্রিজের ওপর উঠলে আগুন ধরে যায়। এই ঘটনায় মহাসড়কে যানজট সৃষ্টি হয়নি। 

বারআউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ মো. আরিফুল আলম জানান, ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাভাবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ অধ্যাপক মো. আনিছুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

মাভাবিপ্রবি প্রতিনিধি

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

১০:৩০ পি.এম


মাভাবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ অধ্যাপক মো. আনিছুর রহমান

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমান দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। যোগদানের পর তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

অধ্যাপক মো. আনিছুর রহমান উচ্চশিক্ষা, গবেষণা, পাঠ্যক্রম উন্নয়ন এবং উন্মুক্ত ও দূরশিক্ষা ব্যবস্থায় দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের দর্শন বিভাগের অধ্যাপক এবং দর্শন ডিসিপ্লিনের কারিকুলাম কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

এছাড়া তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বরত রেজিস্ট্রার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তাঁর স্নাতকোত্তর গবেষণার বিষয় ছিল "Environmental Ethics: A Creative Synthesis"। ১৯৯৪ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকে তিনি অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকসহ বিভিন্ন একাডেমিক পদে দায়িত্ব পালন করেছেন।

উন্মুক্ত ও দূরশিক্ষা ব্যবস্থার উন্নয়ন বিষয়ে তাঁর অভিজ্ঞতা রয়েছে। তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য, বোর্ড অব গভর্নরসের সদস্য, বিভিন্ন পাঠ্যক্রম ও একাডেমিক নীতিমালা প্রণয়ন কমিটির সদস্য এবং সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের জার্নালের সম্পাদকমন্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষা উপকরণ প্রস্তুত, টিউটর প্রশিক্ষণ, সেমিনার আয়োজন ও একাডেমিক প্রশাসনে তাঁর উল্লেখযোগ্য অবদান আছে। দেশে বিদেশে উন্মুক্ত ও দূরশিক্ষা, শিক্ষা উপকরণ উন্নয়ন, শিক্ষামাধ্যম নির্মাণ, সৃজনশীল শিক্ষণ-পদ্ধতি এবং একাডেমিক ব্যবস্থাপনা সম্পর্কে তিনি বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞদের পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতেও তিনি অংশগ্রহণ করেছেন। শিক্ষা, গবেষণা, প্রশাসনিক দক্ষতা ও দূরদর্শী নেতৃত্বের সমন্বয়ে অধ্যাপক মো. আনিছুর রহমানের নেতৃত্বে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে বিশ্ববিদ্যালয় পরিবার আশা প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফোনালাপ নিয়ে ফেসবুকে যা বললেন আনোয়ার ইব্রাহিম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

১০:৩৫ পি.এম


প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফোনালাপ নিয়ে ফেসবুকে যা বললেন আনোয়ার ইব্রাহিম

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণে নতুন উদ্যোগের কথা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি। এ সময় দুই নেতা জ্বালানি, বিনিয়োগ, বাণিজ্য ও কৌশলগত সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

ফোনালাপের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আনোয়ার ইব্রাহিম জানান, আলোচনায় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দীর্ঘদিনের সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে জ্বালানি ও বিনিয়োগ খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ একমত।

আনোয়ার ইব্রাহিম জানান, আলোচনায় বাংলাদেশের চলমান প্রাকৃতিক গ্যাসের সরবরাহ সংকট এবং তা মোকাবিলায় মালয়েশিয়ার সম্ভাব্য সহায়তার বিষয়টি উঠে আসে।

তিনি বলেন, এ ক্ষেত্রে মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোনাসের মাধ্যমে বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে, যাতে বাংলাদেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণে সহায়তা করা যায়।

ফেসবুক পোস্টে আনোয়ার ইব্রাহিম লিখেছেন, “আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে জ্বালানি ও বিনিয়োগ খাতে পারস্পরিক স্বার্থে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে।”

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, ফোনালাপে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ও গুরুত্ব পায়। তিনি বলেন, টেলিযোগাযোগ প্রতিষ্ঠান অ্যাক্সিয়াটার চলমান বিনিয়োগ কার্যক্রমের অগ্রগতি এবং বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান এমএমসি পোর্টের সঙ্গে সম্ভাব্য কৌশলগত সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে।

আনোয়ারের মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং নতুন বিনিয়োগ ও কাজের সুযোগ সৃষ্টি হবে।

ফোনালাপে বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন আনোয়ার ইব্রাহিম।

তিনি বলেন, “পারস্পরিক শ্রদ্ধা, বাস্তভিত্তিক সহযোগিতা এবং দুই দেশের জনগণের কল্যাণ নিশ্চিত করার অঙ্গীকারের ভিত্তিতে মালয়েশিয়া বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এই ফোনালাপ এমন এক সময়ে হলো, যখন মাত্র এক মাস আগে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর করেন।

গত ২১ থেকে ২২ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সরকারি সফরে কুয়ালালামপুর যান তিনি। পরে সেখান থেকে চার দিনের সরকারি সফরে চীন সফরে যান। মালয়েশিয়া সফরকালে তারেক রহমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এছাড়া তিনি মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনি আলমারহুম সুলতান ইস্কান্দারের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং বাংলাদেশে বিনিয়োগ উৎসাহিত করতে মালয়েশিয়ার শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

তারেক রহমানের মালয়েশিয়া সফরের সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে একাধিক সমঝোতা ও সহযোগিতা-সংক্রান্ত দলিলে স্বাক্ষর হয়।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সরকারি বিদেশ সফর এবং কোনও বিদেশি সরকারপ্রধানের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%