ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

সিলেট ও ময়মনসিংহে হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু


সিলেট ও ময়মনসিংহে হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু

ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে বরিশালে দুজন, ময়মনসিংহে একজন এবং সিলেটে একজন মারা গেছেন।

সিলেট ও ময়মনসিংহে হাম উপসর্গ নিয়ে মৃত্যুর এই ঘটনা ঘটেছে। সিলেট বিভাগে তিন শিশু এবং ময়মনসিংহে একজন শিশুর মৃত্যু হয়েছে। সিলেট বিভাগে সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা এখন ২১৭ জনে পৌঁছেছে। অন্যদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছরের ১৭ মার্চ থেকে এ পর্যন্ত ৮৮ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক হাম ও রুবেলা পরিস্থিতি-সংক্রান্ত প্রতিবেদনে সিলেট বিভাগের মৃত্যুর তথ্য জানানো হয়েছে। একই দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রকাশিত হাম পরিস্থিতির সারাংশে হাসপাতালটির রোগী ভর্তি, ছাড়পত্র ও মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে হৃদরোগীদের উন্নত সেবা নিশ্চিতে ২০তম বৈজ্ঞানিক সেমিনার

সিলেট বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ১১ ও ১২ নভেম্বর মারা যাওয়া তিন শিশুর বয়স ছিল যথাক্রমে ১১ মাস, ৪ মাস ১৭ দিন এবং ৯ মাস। তাদের মধ্যে দুজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত তিন শিশুর মধ্যে দুইজন সিলেট জেলার এবং একজন হবিগঞ্জের বাসিন্দা।

অন্যদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে একজন শিশুর মৃত্যু হয়েছে। আট মাস বয়সী ওই শিশুর বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলায়। হাসপাতালের তথ্য অনুযায়ী, শিশুটি ৮ নভেম্বর সকাল ১১টা ৫৮ মিনিটে ভর্তি হয়েছিল। ১২ নভেম্বর ভোর ৮টা ৩০ মিনিটে তার মৃত্যু ঘটে। মৃত্যুর কারণ হিসেবে গুরুতর নিউমোনিয়ার সঙ্গে সন্দেহভাজন হামজনিত অপরিবর্তনীয় হৃদ্‌যন্ত্র ও শ্বাসপ্রশ্বাসের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া উল্লেখ করা হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৭ মার্চ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সেখানে মোট ৬ হাজার ২৬৮ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ৬ হাজার ২৬ জন ছাড়পত্র পেয়েছেন। এ সময়ে মোট ৮৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫৪ জন।

হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮ জন রোগী ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ৬১ জন ছাড়পত্র পেয়েছেন। একই সময়ে হাম সন্দেহে একজনের মৃত্যু ঘটেছে।

আরও পড়ুন: বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পনা

এদিকে, সিলেট বিভাগে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩১২ জন। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২ জন, হবিগঞ্জে ২৬০ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৪৫২ জন সন্দেহভাজন রোগী রয়েছেন।

বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, সিলেটে হাম ও হাম সন্দেহে মোট ২১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০৭ জন সন্দেহভাজন এবং ১০ জন নিশ্চিত হাম রোগী। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৮৯ জন, হবিগঞ্জে ৩৫ জন, মৌলভীবাজারে ১৭ জন এবং সুনামগঞ্জে ৭৬ জনের মৃত্যুর তথ্য রয়েছে।

অন্যদিকে, সিলেট বিভাগের সরকারি হাসপাতালগুলোতে বর্তমানে ৪৬৯ জন এবং বেসরকারি হাসপাতালে ৮৯ জন রোগী ভর্তি রয়েছেন। সব মিলিয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫৫৮ জন।

আরও পড়ুন: মহেশপুরে জমি নিয়ে বিরোধে কৃষক নূর মোহাম্মদকে হত্যা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেবাননে ইউনিফিলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে যাচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫১ পি.এম


লেবাননে ইউনিফিলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে যাচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী (ইউনিফিল) এর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ দেশটিতে সফর করতে যাচ্ছেন। তার লেবাননে পৌঁছানোর সময় আগামী সপ্তাহ নির্ধারিত হয়েছে। ৩১ ডিসেম্বর ইউনিফিলের কার্যক্রমের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। জাতিসংঘ যদি মেয়াদ না বাড়ায়, তাহলে ওই দিনই বাহিনীর বর্তমান মিশন শেষ হয়ে যাবে।

চলতি সপ্তাহের শুরুতে ইউনিফিলের ব্যাপারে কঠোর সমালোচনা করেন মাইক ওয়াল্টজ। মঙ্গলবার নিউইয়র্কে অনুষ্ঠিত ‘ইসরাইল হায়োম সামিট’ অনুষ্ঠানে তিনি বলেন, জাতিসংঘের এই শান্তিরক্ষী বাহিনীকে ‘সন্ত্রাসীদের মানবঢাল’ হিসেবে অভিহিত করেছেন।

ওই অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত লেবাননে তার সফরের উদ্দেশ্যও পরিষ্কার করেন। তিনি জানান, ‘ইউনিফিল নামে পরিচিত এই মানবঢাল সরিয়ে দেওয়া এবং গত ২০ বছর ধরে সেখানে থাকা শান্তিরক্ষা মিশনে পরিবর্তন আনাই হবে আমার লক্ষ্য।’

এদিকে, যুক্তরাষ্ট্র ইউনিফিলের পরিবর্তে একটি বেসামরিক মিশন গঠনের বিষয়টি বিবেচনা করছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, ইউনিফিলের পরিবর্তে নতুন মিশন গঠনের ক্ষেত্রে সামরিক বাহিনী থাকা বাধ্যতামূলক নয়। এটি বেসামরিক মিশনও হতে পারে।

জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী ইউনিফিল দীর্ঘকাল ধরে লেবাননে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বাহিনীটির বর্তমান ম্যান্ডেট বা কার্যক্রম পরিচালনার অনুমোদন রয়েছে। জাতিসংঘ যদি মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত না নেয়, তাহলে ওই দিনই এর অনুমোদন শেষ হবে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় সংসদে ১৫৫ জনের চাকরির সুযোগ, আবেদন শুরু ১৩ নভেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫২ পি.এম


জাতীয় সংসদে ১৫৫ জনের চাকরির সুযোগ, আবেদন শুরু ১৩ নভেম্বর

জাতীয় সংসদ সচিবালয়ে ১৫৫ জনকে নিয়োগ দেয়া হবে বিভিন্ন পর্যায়ের ২৮ পদে। সংসদ সচিবালয় ১১ থেকে ২০তম গ্রেডের এসব পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে। আবেদন জমা দেয়ার সময়সীমা ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

যেসব পদে নিয়োগ

গাইড: ১১তম গ্রেডের এই পদে একজনকে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২৫ হাজার টাকা। আবেদনকারীর কাছে ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি থাকা আবশ্যক।

ক্যাটালগার: ১১তম গ্রেডের তিনটি শূন্য পদে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২৫ হাজার টাকা। আবেদনকারীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিসহ গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।

লেজিসলেটিভ অ্যাসিস্ট্যান্ট: ১৩তম গ্রেডে একজনকে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২৪ হাজার টাকা। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

ফটোগ্রাফার (স্টিল): একজনকে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২৪ হাজার টাকা (১৩তম গ্রেড)। আবেদনকারীর কাছে স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রিসহ ফটোগ্রাফির ওপর সনদ থাকতে হবে। অথবা এইচএসসি পাসসহ ফটোগ্রাফিতে ডিপ্লোমা থাকতে হবে।

টেকনিশিয়ান (নেটওয়ার্ক): একজনকে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২৪ হাজার টাকা (১৩তম গ্রেড)। আবেদনকারীর কম্পিউটার সায়েন্স, টেলিযোগাযোগ বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে।

টেকনিশিয়ান (হার্ডওয়্যার): পাঁচটি পদে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২৪ হাজার টাকা (১৩তম গ্রেড)। আবেদনকারীর কম্পিউটার সায়েন্স, হার্ডওয়্যার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে।

ডাটা টেকনিশিয়ান: দুটি পদে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২৪ হাজার টাকা (১৩তম গ্রেড)। আবেদনকারীর স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি পাস এবং দুই বছরের ট্রেড সার্টিফিকেটসহ বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ২৩ জনকে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২৪ হাজার টাকা (১৩তম গ্রেড)। আবেদনকারীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বাংলা ও ইংরেজি সাঁটলিপি এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ও ডাটা এন্ট্রিতে নির্ধারিত গতিসহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর: পাঁচটি পদে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২৩ হাজার টাকা (১৪তম গ্রেড)। আবেদনকারীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিসহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত অপারেটর স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। টাইপিং স্পিড বাংলায় ২০ ও ইংরেজিতে ২৫ শব্দ হতে হবে।

গ্রন্থাগার সহকারী: দুটি পদে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২৩ হাজার টাকা (১৪তম গ্রেড)। আবেদনকারীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিসহ গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।

সহকারী সিকিউরিটি ইনস্পেক্টর: ১২টি পদে নিয়োগ দেয়া হবে। বেতন মূল ২৩ হাজার ৮০০ টাকা (১৪তম গ্রেড)। আবেদনকারীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শারীরিক যোগ্যতা এবং উচ্চতা ও ওজনের ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত পূরণ করতে হবে।

অ্যাম্বুলেন্স ড্রাইভার: দুটি পদে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২২ হাজার ৮০০ টাকা (১৫তম গ্রেড)। আবেদনকারীর কাছে কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি পাস এবং ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।

ড্রাইভার: ছয়টি পদে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২২ হাজার ৮০০ টাকা (১৫তম গ্রেড)। আবেদনকারীর কাছে কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি পাস এবং ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।

অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর: ২২ জনকে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২১ হাজার ৯০০ টাকা (১৬তম গ্রেড)। এইচএসসি পাসসহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং ও টাইপিংয়ে নির্ধারিত গতিতে বাংলা ও ইংরেজি টাইপ করতে জানতে হবে।

আইন সহকারী: একজনকে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২১ হাজার ৯০০ টাকা (১৬তম গ্রেড)। এইচএসসি পাস এবং কোনো আইনজীবীর সহকারী হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অফসেট প্রিন্টিং টেকনিশিয়ান: একজনকে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২১ হাজার ১০০ টাকা (১৬তম গ্রেড)। এইচএসসি পাসসহ অফসেট প্রিন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

প্রটোকল অ্যাসিস্ট্যান্ট: দুটি পদে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২১ হাজার ৯০০ টাকা (১৬তম গ্রেড)। এইচএসসি পাস এবং কম্পিউটার পরিচালনা ও ই-মেইল ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

লাইনম্যান: দুটি পদে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২১ হাজার ৯০০ টাকা (১৬তম গ্রেড)। আবেদনকারীর কম্পিউটার/ইলেকট্রিক্যাল বিষয়ে এসএসসি (ভোকেশনাল) ও এইচএসসি পাস। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত অপারেটর স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এবং সংশ্লিষ্ট কাজে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ক্যামেরাম্যান সহকারী: একজনকে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২১ হাজার ৮০০ টাকা (১৭তম গ্রেড)। এইচএসসি পাস এবং ক্যামেরাম্যান সহকারী হিসেবে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট: ২৪ জনকে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২১ হাজার টাকা (১৮তম গ্রেড)। এইচএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত পূরণ করতে হবে।

মোয়াজ্জিন: একজনকে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২০ হাজার টাকা (১৯তম গ্রেড)। আবেদনকারীর আলিম ও কারিয়ানা পাস হতে হবে। সুকণ্ঠের অধিকারী হতে হবে।

মেকানিক (গ্রেড-সি): একজনকে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২০ হাজার ৫০০ টাকা (১৯তম গ্রেড)। এসএসসি (ভোকেশনাল) পাস অথবা সরকার অনুমোদিত টেকনিক্যাল স্কুল থেকে অটোমোবাইলের ওপর প্রশিক্ষণসহ অষ্টম শ্রেণি পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

অফিস সহায়ক কাম পরিচ্ছন্নতাকর্মী: তিনটি পদে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২০ হাজার টাকা (২০তম গ্রেড)। এসএসসি পাস হতে হবে। তবে এ পদে জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত দৈনিক ভিত্তিক/সাময়িক কর্মচারীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস।

সহকারী ডেসপাচ রাইডার: তিনটি পদে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২০ হাজার টাকা (২০তম গ্রেড)। এসএসসি পাস হতে হবে। তবে জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত দৈনিক ভিত্তিক/সাময়িক কর্মচারীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস। মোটরসাইকেল চালনায় অভিজ্ঞতা থাকতে হবে।

কামরা পরিচারক/পরিচারিকা: ১৪ জনকে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২০ হাজার টাকা (২০তম গ্রেড)। এসএসসি পাস হতে হবে। তবে জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত দৈনিক ভিত্তিক/সাময়িক কর্মচারীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস।

নিরাপত্তা প্রহরী: ১০ জনকে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২০ হাজার টাকা (২০তম গ্রেড)। অষ্টম শ্রেণি পাস হতে হবে। শারীরিকভাবে উপযুক্ত হতে হবে।

পরিচ্ছন্নতাকর্মী: চারজনকে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২০ হাজার টাকা (২০তম গ্রেড)। পেশাগতভাবে অভিজ্ঞ হতে হবে।

ক্লিনার/হেলপার: দুটি পদে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২০ হাজার টাকা (২০তম গ্রেড)। অষ্টম শ্রেণি পাস হতে হবে।

বয়সসীমা ও আবেদনের নিয়ম

আবেদনকারীদের বয়স ২১ নভেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আগ্রহী প্রার্থীদের সংসদ সচিবালয়ের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট https://bps.teletalk.com.bd -এ প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১২ নভেম্বর রাত ১২টা ১ মিনিটে। আবেদন জমা দেয়ার শেষ সময় ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট।

আবেদন ফি জমা দিতে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে নির্ধারিত পদ্ধতিতে এসএমএস পাঠাতে হবে।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদনপদ্ধতি ও শর্তাবলি বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ওয়েবসাইট www.parliament.gov.bd এবং টেলিটকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে ৭ পদে ১৩ জনের নিয়োগ, আবেদন ফি ১১২ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৩ পি.এম


মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে ৭ পদে ১৩ জনের নিয়োগ, আবেদন ফি ১১২ টাকা

মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ১৩ জনকে ৭টি পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে গ্রহণ করা হবে। আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে। এইচএসসি পাসের চাকরি প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন।

এক নজরে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি

পদের বিবরণ

আবেদন শুরু: ৮ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা

আবেদনের শেষ তারিখ: ৭ ডিসেম্বর ২০২৬ তারিখ বিকাল ৫টা পর্যন্ত

আবেদন পদ্ধতি: অনলাইনে

চাকরির ধরন: অস্থায়ী

প্রার্থীর ধরন: নারী - পুরুষ। তবে প্রার্থীদের মাগুরা জেলার স্থায়ী নাগরিক হতে হবে।

কর্মস্থল: মাগুরা জেলা

বয়স: ১ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নদীভাঙনের কারণে অস্তিত্ব সংকটে সদরপুরের চরনাছিরপুর উচ্চ বিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৪ পি.এম


নদীভাঙনের কারণে অস্তিত্ব সংকটে সদরপুরের চরনাছিরপুর উচ্চ বিদ্যালয়

চরনাছিরপুর উচ্চ বিদ্যালয়, প্রতিষ্ঠার ৮৪ বছরে ২২ বার নদীভাঙনের শিকার হয়ে জমি, ভবন ও স্থায়ী ঠিকানা হারিয়েছে। পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর ভাঙনে বারবার স্থানান্তরিত হতে হয়েছে, তবে পাঠদান কখনো বন্ধ হয়নি। কিন্তু, বর্তমানে বিদ্যালয়টির নিজস্ব জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার কারণে, শিক্ষার্থী সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি নতুন করে ভাঙনের আশঙ্কায় ফরিদপুরের সদরপুর উপজেলার চরাঞ্চলের এই শিক্ষাপ্রতিষ্ঠানটি অস্তিত্ব সংকটে রয়েছে। বর্তমানে বিদ্যালয়ের কার্যক্রম চলছে দুটি টিনের ঘরে, যেখানে ১২ জন শিক্ষক-শিক্ষিকা ও প্রায় ১০০ শিক্ষার্থী রয়েছেন।

১৯৪২ সালে জগৎ চন্দ্র বাড়ৈর উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পদ্মা ও আড়িয়াল খাঁ নদবেষ্টিত চরনাছিরপুর ইউনিয়নের শিক্ষার্থীদের জন্য এটি মাধ্যমিক শিক্ষার প্রধান ভরসা। প্রতিষ্ঠার পর থেকে নদীভাঙনের কারণে একাধিকবার ঠিকানা বদলাতে হয়েছে। ১৯৮৪ সালে এমপিওভুক্ত হলেও স্থায়ী অবকাঠামো গড়ে তোলার সুযোগ হয়নি।

সরেজমিনে দেখা যায়, বর্তমানে ইউনিয়নের হোসেন খার কান্দি গ্রামে অন্যের জমি ভাড়া নিয়ে বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। এ জন্য বিদ্যালয়টিকে বছরে মাত্র ৪ হাজার টাকা দিতে হয়। বিদ্যালয়ের নামে দুবলার চরে ৭৪ শতাংশ এবং দিয়ারা ইউনিয়নের নন্দলালপুরে ৮৫ শতাংশ জমি রয়েছে, কিন্তু সেগুলো নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদী বর্তমানে বিদ্যালয়ের অবস্থানের কাছাকাছি চলে আসায়, আগামী বছরও এখানে পাঠদান চালানো যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন, "বিদ্যালয়টিকে বারবার এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিতে হয়েছে। ২০১৯ সাল থেকে বর্তমান স্থানে কার্যক্রম চলছে। কিন্তু নদী যেভাবে এগিয়ে আসছে, তাতে এখানেও বেশি দিন থাকা সম্ভব হবে বলে মনে হচ্ছে না।" এত প্রতিকূলতার মধ্যেও, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের অনেকেই সরকারি গুরুত্বপূর্ণ পদসহ বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করছেন।

একসময় বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ২৫০ জন, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে প্রায় ১০০ জনে। নদীভাঙন, যোগাযোগের দুর্ভোগ, আর্থিক অসচ্ছলতা ও শিক্ষার পরিবেশের সীমাবদ্ধতায় শিক্ষার্থী ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। বিদ্যালয়ের তথ্যমতে, ২০২৫ সালে ৩০ জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে ১৯ জন উত্তীর্ণ হয়। ২০২৬ সালে পরীক্ষায় অংশ নেয় সাতজন, পাস করে দুজন।

বিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী রুস্তম আলী মুন্সী বলেন, "৩৬ বছরের চাকরিজীবনে আমি ১১ বার বিদ্যালয়টির ভাঙন দেখেছি।" তিনি আরও জানান, "কয়েকবার আসবাব ও কাগজপত্র সরানো সম্ভব হলেও ভবন রক্ষা করা যায়নি।" অফিস সহকারী সিরাজুল ইসলাম জানান, স্থানান্তরের সময় একবার ট্রলারে নেওয়ার পথে দুই বস্তা গুরুত্বপূর্ণ কাগজপত্র নদীতে পড়ে যায়।

বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আজিজুল জানায়, "বর্ষাকালে কাদা-পানি পেরিয়ে বিদ্যালয়ে আসতে কষ্ট হয়।" তবুও তারা নিয়মিত ক্লাস করার চেষ্টা করে।

চরনাছিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রোকনুজ্জামান বলেন, "নদীভাঙন ও দারিদ্র্যের কারণে অনেক শিক্ষার্থী মাধ্যমিক শিক্ষা শেষ করার আগেই ঝরে পড়ে।" বারবার বিদ্যালয়ের অবস্থান পরিবর্তনেও শিক্ষার্থীদের উপস্থিতি ও আগ্রহে প্রভাব পড়ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোফাজ্জেল হোসেন বলেন, "নদীভাঙনের কারণে বিদ্যালয়ে স্থায়ী অবকাঠামো নির্মাণ করা যাচ্ছে না।" ২০২৫-২৬ অর্থবছরে পাঁচ লাখ টাকার উন্নয়নকাজ করা হয়েছে, যার মধ্যে মেঝে পাকা এবং দরজা-জানালা মেরামত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন বলেন, "বিদ্যালয়ের জন্য অবকাঠামোগত উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে।" এ বছর একটি ওয়াশব্লক নির্মাণের জন্যও অর্থ বরাদ্দ রয়েছে। তবে নদী খুব কাছে চলে আসায়, বর্তমান স্থানে বিদ্যালয়টি কত দিন টিকবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

স্থানীয়দের মতে, দিয়ারা নারিকেলবাড়িয়া ও চরনাছিরপুর ইউনিয়নের শিক্ষার্থীদের মাধ্যমিক শিক্ষার সুযোগ ধরে রাখতে বিদ্যালয়টির নিরাপদ ও স্থায়ী অবস্থান নিশ্চিত করা জরুরি। বারবার নদীভাঙনের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আগেই কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%