ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রে ব্যাংক সুদের হার বাড়ানো হলো


যুক্তরাষ্ট্রে ব্যাংক সুদের হার বাড়ানো হলো

যুক্তরাষ্ট্রে ব্যাংক সুদের হার তিন বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক 'ফেডারেল রিজার্ভ' জানিয়েছে, ক্রমবর্ধমান মূল্যস্ফীতির লাগাম টানার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্মকর্তারা ভবিষ্যতে সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা প্রকাশ করেছেন। খবর বিবিসি বাংলার।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাংক সুদের হার কমানোর জন্য আহ্বান জানালেও, ফেডারেল রিজার্ভের নীতি নির্ধারকরা সর্বসম্মতিক্রমে সুদের হার ৩ দশমিক ৫-৩ দশমিক ৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩ দশমিক ৭৫-৪ শতাংশ নির্ধারণ করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান কেভিন ওয়ার্শ বলেছেন, "মূল্যস্ফীতি এখন অনেক বেশি এবং লম্বা সময় ধরেই সেটি লক্ষ্য করা যাচ্ছে।" তিনি জানান, মূল্যস্ফীতির চাপ কমাতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তার মতে, এই সিদ্ধান্তটি অত্যন্ত "বিচক্ষণ" এবং "দায়িত্বশীল"।

আরও পড়ুন: ঢাকাই মসলিন বাণিজ্যিকভাবে বাজারে আসছে, নতুন কর্মসংস্থানের সম্ভাবনা

ওয়ার্শের সুদের হার বৃদ্ধির ঘোষণার পর, ট্রাম্প সমর্থন জানিয়েছেন। তবে তিনি কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডের সিদ্ধান্তকে "ক্ষ্যাপাটে" বলে মন্তব্য করেছেন।

সুদের হার বৃদ্ধির ফলে যারা ব্যাংক ঋণ, বন্ধকি ঋণ এবং ক্রেডিট কার্ড নিতে চান, তাদের খরচ কিছুটা বাড়বে। অন্যদিকে, ঋণের বদলে যারা সঞ্চয়ের দিকে ঝুঁকবেন, তারা লাভবান হবেন।

গত বুধবার এক সংবাদ সম্মেলনে ওয়ার্শ বলেন, "তাদের নেতৃত্বের মধ্যে 'আশাবাদী মনোভাব' থাকলেও এটাই বাস্তবতা যে, মূল্যস্ফীতি এখনও একটি সমস্যা হয়ে রয়ে গেছে।"

অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকের মতো, ফেডারেল রিজার্ভও মুদ্রাস্ফীতির হার দুই শতাংশ বা তার নিচে রাখার লক্ষ্যে কাজ করছে। তিনি উল্লেখ করেন, "পাঁচ বছরেরও বেশি সময় ধরে" সেটি লক্ষ্যমাত্রার ওপরেই রয়েছে।

আরও পড়ুন: ফ্রান্সে বাংলাদেশের পোশাক রপ্তানি ৪.৯১ শতাংশ কমেছে

দীর্ঘ সময় ধরে উচ্চ মূল্যস্ফীতির কারণে বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। এটি মার্কিন ভোটারদের মধ্যে উদ্বেগের একটি বড় কারণ হয়ে উঠেছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর পাইকারি বাজারে জ্বালানি তেলের দাম আকাশছোঁয়া হয়েছে। এই কারণে অনেক পণ্য ও পরিষেবার দাম হঠাৎ বেড়ে গেছে।

ওয়ার্শ বলেন, "কোনো একক পণ্যের মূল্যের ওপর তারা কোনো প্রভাব রাখতে পারেন না।" তিনি জানান, দেশের অর্থনীতিতে মূল্যস্ফীতি যেন আর না বাড়ে, সে লক্ষ্যে তারা কাজ করতে পারেন।

তিনি আরও বলেন, "কর্মসংস্থানসহ বৃহত্তর অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পণ্যমূল্যের বাজার স্থিতিশীল রাখার দিকে মনোনিবেশ করছে ফেডারেল রিজার্ভ।" মূল্যস্ফীতি কমে আসলে কম সচ্ছল ব্যক্তিরাই সবচেয়ে বেশি লাভবান হবে।

একটি দেশের অর্থনীতিতে যখন মূল্যস্ফীতি বেশি থাকে, তখন কেন্দ্রীয় ব্যাংক সাধারণত ব্যয় নিরুৎসাহিত করা এবং সঞ্চয়ে উৎসাহ বাড়ানোর লক্ষ্যে সুদের হার বাড়িয়ে দেয়। এভাবে মূল্যস্ফীতি কমে আসবে বলে তারা আশা করেন।

আরও পড়ুন: টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

তবে ভারসাম্য রক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সুদের হার বেড়ে গেলে সাধারণ মানুষের উপকৃত হলেও ব্যবসায়ীরা বিনিয়োগে উৎসাহ কম দেখায়। এতে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে।

যে বার্তা দিচ্ছে

যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান পদে যখন ওয়ার্শের নিয়োগ নিশ্চিত করা হয়, তখন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা অভিযোগ করেছিলেন যে, তিনি ট্রাম্পের "হাতের পুতুল" হবেন।

ফেড পর্যবেক্ষকদের মধ্যে অনেকেই ধরে নিয়েছিলেন যে, সুদের হার ব্যাপকভাবে কমানোর জন্য তিনি ট্রাম্পের দাবিগুলো পূরণ করবেন। কারণ ওয়ার্শের আগে যিনি ওই দায়িত্বে ছিলেন, সেই জেরোম পাওয়েল ব্যাংক সুদের হার না কমানোয় ট্রাম্পের তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন।

আরও পড়ুন: টানা তিন দফা কমার পর আজ ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা

বুধবার সুদের হার বৃদ্ধির ঘোষণার মাধ্যমে ট্রাম্পকে কি কোনো বার্তা দেওয়া হচ্ছে? ওয়ার্শ বলেন, "প্রেসিডেন্টের বিষয়ে আপনাকে বলার মতো আমার কাছে কিছু নেই।"

এদিকে, সুদহার বৃদ্ধির ঘোষণার পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, "কেভিনের (ওয়ার্শ) ওপর ভরসা করছি, কিন্তু তিনি খুবই কঠিন একটি বোর্ডের সামনে পড়েছেন।"

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, "আর সুদের হার অনেক বেশি, এগুলো সঙ্গত নয়। আমি কেভিনের সঙ্গে কথা বলেছি। তাকে বলেছি, তুমি বরং বোর্ডের পক্ষেই ভোট দাও, কারণ তাতে কিছু যায় আসে না। বোর্ডটি খুবই ক্ষ্যাপাটে, অত্যন্ত রাজনৈতিকও বটে।"

এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে ট্রাম্প বলেছিলেন, "মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সুদের হার কমান, এবং সেটা দ্রুত!"

আরও পড়ুন: বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে দেশে ভরির মূল্য কত?

কেমন প্রভাব পড়বে?

ক্যাপিটল হিলের ডেমোক্র্যাটরা বলেছেন, সুদের হার বৃদ্ধির ফলে ঋণ নেওয়া এখন আরও ব্যয়বহুল হয়ে উঠবে এবং এর ফলে আরও বেশি সংখ্যক আমেরিকান ঋণগ্রস্ত হবে। সিনেটের শীর্ষ ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, "এর ফলে সবকিছুর দাম আরও বেড়ে যাবে। কারণ ডোনাল্ড ট্রাম্প জানেন না কীভাবে অর্থনীতি চালাতে হয়।" সুদের হার বাড়ানোর কারণে এখন ঋণের খরচ বাড়বে। বিশেষ করে, যারা ঋণ করে বাড়ি কিনতে চাচ্ছেন, তাদের ব্যয় বাড়বে। সেইসঙ্গে, ক্রেডিট কার্ড ও ব্যক্তিগত ঋণের খরচও বেড়ে যাবে।

সুদহার বৃদ্ধির ঘোষণার পর গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রধান ব্যাংকগুলোর মধ্যে জেপি মরগ্যান, কিকর্প এবং বিএনওয়াই তাদের 'প্রাইম লেন্ডিং রেট' ৬.৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশ করেছে। গত এক বছরে মর্টগেজের খরচ বাড়লেও তা ২০২৩ সালের সর্বোচ্চ স্তরের নিচে রয়েছে।

ফ্রেডি ম্যাকের পরিসংখ্যান অনুযায়ী, ৩০ বছর মেয়াদী ঋণের গড় সুদের হার এখন ৬.৭৬ শতাংশ। আর ১৫ বছর মেয়াদী ঋণের ক্ষেত্রে সুদের হার ৬.০৯ শতাংশ।

আরও পড়ুন: মাতারবাড়ী বন্দর যেন ভারতের স্বার্থে না হয়

যুক্তরাষ্ট্রের অনেক বাড়ির মালিকের ৩০ বছর এবং ১৫ বছর মেয়াদী মর্টগেজ রয়েছে। 'ফিক্সড ডিল' হওয়ায় সুদের হারের পরিবর্তন তাদের মাসিক কিস্তির ওপর সেভাবে প্রভাব ফেলবে না।

কিন্তু উচ্চ সুদের হার তাদের প্রভাবিত করতে পারে, যারা নতুন করে মর্টগেজ নিতে চান।

ফেডের সুদের হার কোন দিকে যাবে, সে বিষয়ে নিজের মতামত দিতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ওয়ার্শ। তবে তার বেশিরভাগ সহকর্মী নীতি নির্ধারক বলেছেন যে, তারা বিশ্বাস করেন এই বছরের শেষ নাগাদ সুদের হার আবারও বাড়তে পারে এবং সেটি বেড়ে ৪ থেকে ৪.২৫ শতাংশ হতে পারে।

নীতি নির্ধারকদের মধ্যে কেউ কেউ এমন কথাও বলেছেন যে, ২০২৮ এবং ২০২৯ সালে সুদের হার কমতে শুরু করতে পারে। তবে তার আগে আগামী বছর সুদের হার আরও বেড়ে ৪.২৫ থেকে ৪.৫ শতাংশ পর্যন্ত হতে পারে।

পূর্বাভাসে বলা হচ্ছে, আগামী বছরগুলোতে মূল্যবৃদ্ধি হ্রাস পাবে এবং সেটি ২০২৯ সালের মধ্যে ধারাবাহিকভাবে কমে ফেডের লক্ষ্যমাত্রায় পৌঁছাবে।

উল্লেখ্য যে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন ফেডারেল রিজার্ভই কেবল ক্রমবর্ধমান মূল্যস্ফীতির চাপে পড়েছে- বিষয়টি এমন নয়। ইউরোপসহ অন্যান্য দেশগুলোও একই সমস্যার সম্মুখীন হয়েছে।

এ অবস্থায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক গত সপ্তাহে ব্যাংক সুদের হার বাড়িয়েছে। এছাড়া ব্যাংক অব ইংল্যান্ডও বৃহস্পতিবার এ বিষয়ে নতুন সিদ্ধান্ত জানাতে পারে বলে জানা যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাঝ আকাশে বিমানে দুই বাংলাদেশি যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৩০ এম


মাঝ আকাশে বিমানে দুই বাংলাদেশি যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

যুক্তরাজ্যের লন্ডন থেকে বাংলাদেশে ফেরার পথে, মাঝ আকাশে একটি বিমানে দুই বাংলাদেশি যাত্রীর মধ্যে মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ফ্লাইট চলাকালীন, তুচ্ছ বিষয় নিয়ে কথোপকথনের এক পর্যায়ে দুই যাত্রী হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

ভিডিওতে দেখা যায়, চরম বাকবিতণ্ডার পর দুই ব্যক্তি একে অপরকে কিল-ঘুষি ও চড় মারতে শুরু করেন। মারামারির এক পর্যায়ে একজনের পরনের টি-শার্ট ছিঁড়ে যায়। এমন পরিস্থিতিতে বিমানের মধ্যে থাকা সাধারণ যাত্রীদের, বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়।

যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন বিমানের দায়িত্বপ্রাপ্ত কেবিন ক্রু এবং পাশে থাকা অন্যান্য যাত্রীরা দ্রুত এগিয়ে আসেন। তারা দুজনকে থামানোর চেষ্টা করেন এবং এক পর্যায়ে তাদের টেনে আলাদা করে শান্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাটেক্সপো জাতীয় ঐকমত্য ও ইতিবাচক ভাবমূর্তির প্রতীক হোক: গোলাম পরওয়ার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৩৩ এম


বাটেক্সপো জাতীয় ঐকমত্য ও ইতিবাচক ভাবমূর্তির প্রতীক হোক: গোলাম পরওয়ার

‘বাটেক্সপো’ বাংলাদেশের পোশাক শিল্পের সোনালি দিনগুলোকে পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ করছে। ১২ বছরের বিরতির পর এই মেলা ফিরে আসায় দেশের তৈরি পোশাক খাতে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এই প্রত্যাবর্তনকে পোশাক শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে গোলাম পরওয়ার বাটেক্সপোর সফলতা কামনা করেছেন এবং বিজিএমইএ-এর প্রতি আহ্বান জানিয়েছেন পুরোনো ও গৌরবময় ঐতিহ্য ধরে রাখার জন্য।

স্মৃতির পাতা থেকে বাটেক্সপো

১৯৮৯ সালে শুরু হওয়া এই আয়োজনের উদ্দেশ্য ছিল বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করা এবং বাংলাদেশের পোশাক রপ্তানির সুযোগ বৃদ্ধি করা। সেই ছোট আয়োজনটি এখন দেশের প্রধান রপ্তানি শিল্পের বৃহত্তম আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

বিজিএমইএ ঘোষণা করেছে, আগামী ১৮ ও ১৯ নভেম্বর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাটেক্সপো ২০২৬’ অনুষ্ঠিত হবে।

জাতীয় ঐকমত্যের সেই চিরচেনা ঐতিহ্য

বিবৃতিতে গোলাম পরওয়ার অতীতের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, বাটেক্সপোর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে দেশের সরকার ও বিরোধী দলের শীর্ষ নেতারা একসাথে অংশগ্রহণ করতেন। দেশের স্বার্থে এবং অর্থনীতির মূল চালিকাশক্তিকে এগিয়ে নিতে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে এক হয়ে কাজ করার বার্তা বিশ্বে পৌঁছাত এই মেলা।

তবে এবারের আয়োজনের উদ্বোধনীতে প্রধানমন্ত্রী এবং সমাপনীতে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তে কিছুটা উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিজিএমইএ-এর এই সিদ্ধান্ত তাদের নিজস্ব বিষয় হলেও, তিনি মনে করেন রাজনৈতিক মতপার্থক্য ভুলে অতীতের ঐতিহ্যটি ধরে রাখা গেলে বাংলাদেশের গণতান্ত্রিক সৌহার্দ্যের বার্তা আরও জোরালোভাবে পৌঁছাতে পারবে।

বর্তমান প্রযুক্তির যুগে যে কোনো বার্তা দ্রুত ছড়িয়ে পড়ে, যা ব্যবসা-বাণিজ্য এবং বিদেশি ক্রেতাদের আস্থার ওপর প্রভাব ফেলে। মিয়া গোলাম পরওয়ার বলেন, "একটি পোশাক যখন বাংলাদেশের কারখানা থেকে তৈরি হয়ে বিদেশি ক্রেতার হাতে পৌঁছায়, তখন কেবল সেই কাপড়টিই যায় না; তার সঙ্গে জড়িয়ে থাকে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, আমাদের সংস্কৃতি আর লালিত মূল্যবোধ।"

এভাবে বাটেক্সপো কেবল ক্রেতা ও বিক্রেতার কেনাকাটার মেলা নয়, বরং এটি বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার একটি অপূর্ব সুযোগ। এই সুযোগে দেশের রাজনৈতিক বিভাজনের কোনো ভুল বার্তা যেন বিদেশি বিনিয়োগকারীদের কাছে না যায়, সে বিষয়ে জাতীয় শিল্প সংগঠনগুলোকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

জামায়াতের এই নেতা জানান, কাউকে ছোট করা বা বিতর্কের জন্ম দেওয়া উদ্দেশ্য নয়। লাখ লাখ পোশাক শ্রমিক, হাজারো উদ্যোক্তা এবং স্থানীয় ব্যবসার ঘামে তৈরি এই পোশাক শিল্প পুরো বাংলাদেশের সম্পদ।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বিজিএমইএ আরও বেশি পেশাদারিত্ব, যোগ্যতা ও দূরদর্শিতার পরিচয় দেবে। বাটেক্সপো যেন একটি প্রদর্শনী হয়ে না থেকে বাংলাদেশের ঐক্য, স্থায়িত্ব এবং ইতিবাচক ভাবমূর্তির বিশ্বস্ত প্রতীক হয়ে উঠতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের খেলা: চেলসি মাঠে নামবে ১৮ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩০ এম


আজকের খেলা: চেলসি মাঠে নামবে ১৮ সেপ্টেম্বর ২০২৬

চেলসি ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আজ মাঠে নামবে। একই সঙ্গে, লা লিগার একটি ম্যাচও আজ অনুষ্ঠিত হবে।

ক্রিকেট

এশিয়ান গেমস: নারী ক্রিকেট

শ্রীলঙ্কা-মালয়েশিয়া

সরাসরি, সকাল ৬টা,

সনি স্পোর্টস ১

ভারত-জাপান

সরাসরি, সকাল ১১টা, সনি স্পোর্টস ১

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

ব্রেন্টফোর্ড-চেলসি

সরাসরি, রাত ১টা,

স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা

এসপানিওল-এলচে

সরাসরি, রাত ১টা,

টি স্পোর্টস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ যেসব জেলায় বৃষ্টির সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৫ এম


আজ যেসব জেলায় বৃষ্টির সম্ভাবনা

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া, দেশের কিছু স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণের ঘটনাও ঘটতে পারে। আবহাওয়া অফিস জানাচ্ছে, সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য প্রকাশিত হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, এই সময়ের মধ্যে সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এর অবস্থান মাঝারি। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে, আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে এই লঘুচাপটি ঘনীভূত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%