০৩:৪৭ পি.এম
ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬ : আগামী পাঁচ বছরের মধ্যে উন্নয়ন প্রকল্পের কার্যকর বাস্তবায়ন ও সর্বোচ্চ সুফল নিশ্চিত করার লক্ষ্যে সরকার সব উন্নয়ন প্রকল্পকে একটি সমন্বিত কৌশলগত কাঠামোর অধীনে আনার উদ্যোগ গ্রহণ করেছে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এ বিষয়ে মন্তব্য করেছেন।
তিনি উল্লেখ করেন, ‘মূল চ্যালেঞ্জ পরিকল্পনা প্রণয়ন নয়, বরং এর যথাযথ বাস্তবায়ন। আমাদের অনেক পরিকল্পনা রয়েছে, কিন্তু সেগুলোর বাস্তবায়ন প্রায়ই প্রত্যাশা অনুযায়ী হয় না।’
আরও পড়ুন: পদ্মা সেতু অবরোধে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, যুবলীগকর্মী নিহত
আজ রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) আয়োজিত ‘সংস্কার ও উন্নয়নের পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো’ শীর্ষক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জিইডির সদস্য (সচিব) ড. মনজুর হোসেন এতে সভাপতিত্ব করেন। পরিকল্পনা কমিশনের সদস্যরাও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।
সাকি বলেন, নির্বাচনী ইশতেহারকে বাস্তবসম্মত রোডম্যাপ ও কৌশলগত পরিকল্পনায় রূপান্তরের দায়িত্ব পরিকল্পনা মন্ত্রণালয়ের ওপর ন্যস্ত করেছে সরকার।
এই কাঠামো প্রণয়নের উদ্দেশ্য ব্যাখ্যা করে তিনি বলেন, সরকার দুটি বিষয়কে অগ্রাধিকার দিয়েছে। এগুলো হলো উন্নয়ন পরিকল্পনাগুলোর মধ্যে সমন্বয় প্রতিষ্ঠা এবং সেগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা।
আরও পড়ুন: ভারত থেকে ফেরার পথে সাতক্ষীরায় গোপালগঞ্জের যুবক আটক
তিনি বলেন, ‘প্রকল্পগুলো বিচ্ছিন্নভাবে বা খণ্ডিত আকারে আসা উচিত নয়। কৌশলগত কাঠামোর আওতায় নির্ধারিত ও সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে প্রকল্পগুলোকে গুচ্ছ আকারে প্রণয়ন করতে হবে, যাতে সর্বোচ্চ সুফল পাওয়া যায়।’
প্রতিমন্ত্রী জানান, গত আট থেকে নয় মাস ধরে পরিকল্পনা মন্ত্রণালয় এই কাঠামো নিয়ে কাজ করেছে। প্রকল্প পরিকল্পনায় সমন্বয় নিশ্চিত করতে প্রায় সব মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে পৃথক বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।
মন্ত্রণালয় ও বিভাগগুলোকে কৌশলগত কাঠামোর সঙ্গে তাদের উন্নয়ন কর্মকাণ্ড সমন্বয়ে সহায়তা করতে খাতভিত্তিক পরিকল্পনাও প্রণয়ন করা হয়েছে। এসব পরিকল্পনা শিগগিরই উপস্থাপন করা হবে বলে তিনি জানান।
সাকি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে বাস্তবায়নযোগ্য সুনির্দিষ্ট কর্মসূচির মাধ্যমে সরকার নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার ও কৌশলগত কাঠামোর লক্ষ্যগুলো বাস্তবায়ন করতে চায়।
আরও পড়ুন: নীলফামারীতে যুবদলের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ইতোমধ্যে বেশ কয়েকটি অগ্রাধিকারমূলক কর্মসূচি চিহ্নিত করা হয়েছে। সেগুলোর বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে বলেও তিনি জানান।
তিনি বলেন, ‘কৌশলগত কাঠামোর সঙ্গে সামঞ্জস্য আনতে আমরা বিদ্যমান অনেক প্রকল্পের পরিধি পুনর্নির্ধারণ ও সংশোধন করছি। একই সঙ্গে যেসব ক্ষেত্রে নতুন উদ্যোগ প্রয়োজন এবং ঘাটতি রয়েছে, তা পূরণে মন্ত্রণালয়গুলো নতুন প্রকল্প গ্রহণ করছে।’
সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) প্রণয়নের সময় মন্ত্রণালয় ও বিভাগগুলো সমন্বিত কর্মসূচি এবং গুচ্ছভিত্তিক প্রকল্প প্রস্তাব জমা দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রাতিষ্ঠানিক সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে সাকি বলেন, প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা এবং বাস্তবায়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত অন্যান্য অংশীজনকে এই কাঠামো সম্পর্কে যথাযথ ধারণা দিতে হবে।
আরও পড়ুন: ছাতকে ২৬৪ কোটি টাকার সড়ক প্রকল্পে নিরাপত্তা ঘাটতি ও দুর্ঘটনার ঝুঁকি
তিনি বলেন, ‘এটি যদি মাত্র কয়েকজনের চিন্তার মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে বাস্তবায়নে বাধা সৃষ্টি হবে। প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকেরই এই কাঠামো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে।’
তিনি আরও বলেন, কৌশলগত কাঠামো কেবল তাকের ওপর রাখা কোনো বই হয়ে থাকলে চলবে না, বরং এটিকে উন্নয়ন কর্মকাণ্ডের একটি কার্যকর ও বাস্তবভিত্তিক নির্দেশিকা হিসেবে ব্যবহার করতে হবে।
কর্মশালার আয়োজন করায় জিইডির উদ্যোগের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, এর মাধ্যমে সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কৌশলগত কাঠামো সম্পর্কে ধারণা ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। পাশাপাশি পৃথক প্রকল্প বাস্তবায়নের সময়ও এর লক্ষ্য ও উদ্দেশ্য বিবেচনায় নেওয়া যাবে।
তিনি বলেন, এই কর্মশালা বাস্তবায়ন প্রক্রিয়ায় নতুন ধারণা ও বাস্তব অভিজ্ঞতা যুক্ত করারও সুযোগ সৃষ্টি করবে।
আরও পড়ুন: কালিয়াকৈরে আওয়ামী লীগের লকডাউনে সাড়া নেই, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামোর সফল বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে এ উদ্যোগ অব্যাহত রাখা এবং সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন