সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:৫৯ এম
কুমিল্লার ১৩ বছর বয়সি স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। পুলিশের মতে, অপ্রতিমের মায়ের আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার নির্জন জঙ্গলে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তুহিন, ফাহাদ ও কামরুলকে গ্রেফতার করা হয়েছে এবং অপ্রতিমের আইফোন উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করেন। তিনি জানান, ১৮ সেপ্টেম্বর তুহিন অপ্রতিমকে সানন্দা এলাকার পাহাড়ঘেরা নির্জন বনে নিয়ে যায়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অপ্রতিমের নিখোঁজ হওয়ার বিষয়টি তদন্তে তুহিনকে হেফাজতে নেওয়া হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তুহিন অপ্রতিমের আইফোন ছিনিয়ে নেওয়ার পরিকল্পনার কথা স্বীকার করেছে এবং এ ঘটনায় ফাহাদ ও তার এক বন্ধুর সম্পৃক্ততার কথা জানায়। ফাহাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কামরুলকেও গ্রেফতার করা হয়।
তবে পুলিশের এই বক্তব্যের পরও অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে অন্তত তিনটি প্রশ্নের উত্তর পুরোপুরি স্পষ্ট হয়নি। পুলিশ সুপার জানান, আইফোন উদ্ধারে প্রথমে তুহিন পুলিশকে বিভ্রান্ত করে। তিনটি স্থানে অভিযান চালিয়েও ফোনটি না পাওয়ার পর তার দেওয়া তথ্য অনুযায়ী তুহিনের বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকেই আইফোনটি উদ্ধার করা হয়।
আইফোনই কি হত্যার একমাত্র কারণ?
পুলিশের প্রাথমিক বক্তব্য অনুযায়ী, আইফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় অপ্রতিমকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হয়। একপর্যায়ে তার মৃত্যু হলে আইফোন নিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় আসামিরা।
তবে পুলিশই জানিয়েছে, অপ্রতিম ও অভিযুক্তদের মধ্যে আগে থেকেই পরিচয় ছিল এবং তাদের একসঙ্গে ছবি ও ভিডিওও রয়েছে। ফলে এই হত্যাকাণ্ডের পেছনে আইফোন ছিনতাইয়ের বাইরে অন্য কোনো বিরোধ, পূর্বশত্রুতা কিংবা কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততা ছিল কিনা—তা এখনো তদন্তাধীন রয়েছে।
এদিকে অপ্রতিমের মা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম, ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্বে ছিলেন। ওই সময়ে বিভিন্ন ঘটনায় কয়েকজন কিশোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার তথ্য রয়েছে। এ কারণে তাদের কারও সঙ্গে পুরোনো বিরোধ বা ক্ষোভ থেকে অপ্রতিমকে লক্ষ্যবস্তু করা হয়েছিল কিনা, সেই প্রশ্নও উঠেছে। তবে এ বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য দেওয়া হয়নি।
তুহিনের বাসায় আইফোন, পরিবারের কেউ জানতেন?
পুলিশের বক্তব্য অনুযায়ী, অপ্রতিমের কাছ থেকে নেওয়া আইফোন শেষ পর্যন্ত তুহিনের বাসা থেকেই উদ্ধার হয়েছে। এতে প্রশ্ন উঠেছে, ফোনটি বাসায় রাখার বিষয়টি পরিবারের কেউ জানতেন কিনা।
জানলে কেন তা সরানো হয়নি, কিংবা পুলিশের অভিযান শুরুর আগে ফোনটি অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল কিনা—এসব বিষয়ও তদন্তে পরিষ্কার হওয়ার অপেক্ষায় রয়েছে।
তুহিনের চলাফেরা নিয়ে মায়ের বক্তব্যে ভিন্নতা
অপ্রতিমকে হত্যার সময় নিয়েও পুলিশের বক্তব্যের সঙ্গে তুহিনের মায়ের বর্ণনায় অসঙ্গতি দেখা যাচ্ছে।
পুলিশের দাবি, ১৮ সেপ্টেম্বর বিকাল ৫টা থেকে ৬টার মধ্যে সানন্দার নির্জন বনে অপ্রতিমকে আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। বাধা দিলে তুহিন, ফাহাদ ও কামরুল তার মাথায় বাঁশের শক্ত লাঠি দিয়ে আঘাত করে। পরে মৃত্যু নিশ্চিত হলে তারা ঘটনাস্থল থেকে চলে যায়।
অন্যদিকে তুহিনের মা জানান, সেদিন সে জুমার নামাজ শেষে বাসায় এসে খাওয়া-দাওয়া করে আবার বাইরে যায়। বিকালের দিকে বাসায় ফিরে মাগরিবের আগে আবার বের হয়। মাগরিবের পরও কিছু সময় বাইরে থাকার পর রাত সাড়ে ৯টার দিকে বাসায় ফেরে।
পুলিশ সুপার জানান, অপ্রতিম হত্যার ঘটনায় তুহিন, ফাহাদ ও কামরুলকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সিয়াম নামে আরও একজনকে আটক করে তার বিষয়ে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে।
তিনি বলেন, হত্যাকাণ্ডে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুত তদন্ত শেষ করে আদালতে পুলিশ প্রতিবেদন বা চার্জশিট দাখিলের কথাও জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। পরিকল্পনা অনুযায়ী, নিষেধাজ্ঞা আরোপ করা হলে আদালতটির সঙ্গে বেশিরভাগ আর্থিক ও বাণিজ্যিক লেনদেন নিষিদ্ধ হতে পারে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন চলতি সপ্তাহেই এসব নিষেধাজ্ঞার নির্বাহী পদক্ষেপ চূড়ান্ত করতে পারে ওয়াশিংটন।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নতুন নিষেধাজ্ঞা কার্যকর হলে ছয় থেকে সাত মাসের একটি সময়সীমা পার হওয়ার পর আন্তর্জাতিক এই আদালতের সঙ্গে বেশির ভাগ আর্থিক ও বাণিজ্যিক লেনদেন নিষিদ্ধ হয়ে যাবে।
পরিকল্পিত এই নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনের শাস্তিমূলক পদক্ষেপে বড় ধরনের পরিবর্তন আনবে। এর আগে আদালতের নির্দিষ্ট কর্মকর্তা ও কর্মীদের লক্ষ্য করে ব্যবস্থা নেওয়া হলেও এবার পুরো প্রতিষ্ঠানটির ওপর ব্যাপক বিধিনিষেধ আরোপ করা হবে।
প্রতিবেদনে উদ্ধৃত সূত্রগুলো জানিয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন চলতি সপ্তাহেই অথবা এর পরপরই এসব নির্বাহী পদক্ষেপ চূড়ান্ত করতে পারে ওয়াশিংটন।
এরই মধ্যে আদালতটির প্রেসিডেন্ট তোমোকো আকানেসহ বেশ কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জারি করা একটি নির্বাহী আদেশের আওতায় এসব নিষেধাজ্ঞা দেয়া হয়। ওই আদেশে আইসিসির বিচারকার্যকে কেন্দ্র করে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল।
প্রসঙ্গত, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে ২০২৪ সালে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। গাজায় সংঘটিত অপরাধের অভিযোগের তদন্তের পর এই পরোয়ানা জারি করা হয়। এরপর থেকেই আদালতটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই ধারাবাহিক পদক্ষেপ চলছে।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সম্ভাব্য নতুন নিষেধাজ্ঞার বিষয়ে আগাম কোনো মন্তব্য করতে রাজি হননি মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে আজ দক্ষিণ কোরিয়াকে পরাজিত করেছে বাংলাদেশ। এই জয়ের ফলে পদক জয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে দলের জন্য।
দক্ষিণ কোরিয়া কাবাডির ক্ষেত্রে একটি শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে পরিচিত। ২০১৮ এশিয়ান গেমসে তারা রৌপ্য পদক অর্জন করেছিল। আজ বাংলাদেশকে তাদের বিরুদ্ধে কঠিন লড়াই করতে হয়েছে।
প্রথমার্ধে বাংলাদেশ ১৭ পয়েন্ট সংগ্রহ করে, অন্যদিকে দক্ষিণ কোরিয়া ১৬ পয়েন্ট অর্জন করে। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ ২২ পয়েন্ট লাভ করে, আর কোরিয়া ১৯ পয়েন্ট পায়। ফলে বাংলাদেশ ৩৯-৩৫ পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে।
এই জয়ের পর বাংলাদেশকে আজই মাঠে নামতে হবে। তাদের প্রতিপক্ষ হবে চাইনিজ তাইপে।
পুরুষদের কাবাডিতে বাংলাদেশ ‘এ’ গ্রুপে অবস্থান করছে। এই গ্রুপে তাদেরকে ভারত, দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপে এবং স্বাগতিক জাপানের বিরুদ্ধে খেলতে হবে।
দুই গ্রুপের চ্যাম্পিয়ন এবং রানার্সআপ সেমিফাইনালে অংশগ্রহণ করবে। চারটি ম্যাচ খেলে শীর্ষ দুই দল শেষ চারে যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির দিনেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে গেছে। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে কূটনৈতিক উদ্যোগের সম্ভাবনা এবং সৌদি আরবের তেল রপ্তানি আংশিকভাবে পুনরুদ্ধার হওয়ার খবরের প্রেক্ষিতে সোমবার (২১ সেপ্টেম্বর) এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে তেলের দাম।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছেতথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল আটটার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ২.১৬ ডলার বা ২.০৮ শতাংশ কমে গিয়ে ১০১.৭১ ডলারে দাঁড়ায়। দিনের শুরুতে ব্রেন্টের দাম ১০ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ২.১৫ ডলার বা ২.১৪ শতাংশ কমে ৯৮.১৫ ডলারে নেমে আসে।
বাজার বিশ্লেষক টিম ওয়াটারার মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের উত্তেজনা কমাতে চলতি সপ্তাহে কূটনৈতিক উদ্যোগের সম্ভাবনা তৈরি হওয়ায় তেলের দামে ঝুঁকির প্রিমিয়ামের একটি অংশ কমে এসেছে।
যদিও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে আগ্রহী। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে চলতি সপ্তাহে পেজেশকিয়ানের নিউইয়র্কে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, ইরান-সমর্থিত ইয়েমেনের হুথিদের হামলার কারণে সৌদি আরবের তেল সরবরাহ ব্যবস্থায় চাপ সৃষ্টি হলেও দেশটির রপ্তানি কিছুটা পুনরুদ্ধার হয়েছে। কেপলারের প্রাথমিক তথ্য অনুযায়ী, আগস্টে সৌদি আরবের তেল রপ্তানি দৈনিক ২৪ লাখ ব্যারেলে নেমে গিয়েছিল, কিন্তু সেপ্টেম্বরে তা বেড়ে দৈনিক ৪০ লাখ ব্যারেলের বেশি হয়েছে। হুথিদের হামলায় সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে বিঘ্ন ঘটায় আরামকো ইয়ানবু বন্দর দিয়ে কিছু চালান বন্ধ করে হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বাড়িয়েছে।
জেপি মরগানের বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, গত ছয় দিনে হরমুজ প্রণালি দিয়ে সৌদি আরবের তেল পরিবহন দৈনিক গড়ে ২৯ লাখ ব্যারেলে পৌঁছেছে, যেখানে আগস্টে এই পরিমাণ ছিল মাত্র ৭ লাখ ব্যারেল। তবে কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনার খবরের কারণে আপাতত আন্তর্জাতিক বাজারে তেলের দামে নিম্নমুখী চাপ তৈরি হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশের ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বৃদ্ধি করেছে সরকার।
রোববার (২০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়। নতুন দাম রোববার রাত ১২টার পর থেকে অর্থাৎ ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজা ইস্যুতে র্যাপার ম্যাকলমোরকে সংগীত সফর থেকে বাদ দেওয়ার বিতর্কের মধ্যে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় কনসার্টের শুরুতে কেঁদে ফেলেছেন ব্রিটিশ গায়ক এড শিরান। এ সময় গাজায় ইসরাইলের কর্মকাণ্ডকে ‘বিপর্যয়কর, অসমর্থনযোগ্য’ বলে উল্লেখ করে নিজের কিছু ভুলের জন্য ভক্তদের কাছে ক্ষমা চান তিনি।
শনিবার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে কনসার্টের শুরুতে শিরান বলেন, তিনি কখনো রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত হতে চাননি। তবে বর্তমান পরিস্থিতি তাকে মতপ্রকাশের স্বাধীনতা এবং বিশ্বের জটিল রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বলার জায়গায় নিয়ে এসেছে।
তিনি বলেন, ইসরাইলে ৭ অক্টোবরের হামলা এবং নোভা সংগীত উৎসবের ঘটনা ভয়াবহ ছিল। একই সঙ্গে গাজায় বেসামরিক মানুষ ও শিশুদের প্রাণহানি এবং ধ্বংসযজ্ঞের ব্যাপকতা দেখে তার হৃদয় ভেঙে গেছে। পশ্চিম তীরে চলমান ‘পদ্ধতিগত অবিচার’ও উপেক্ষা করা যায় না বলে মন্তব্য করেন তিনি।
ম্যাকলমোরকে সফর থেকে বাদ দেওয়ার ঘটনায় অনুষ্ঠানস্থলের মালিকদের ভূমিকা নিয়েও উদ্বেগ জানান শিরান। তার ভাষায়, মুক্ত বিশ্বে কোনো অনুষ্ঠানস্থল আগে থেকেই শিল্পীর বক্তব্য বা বিষয়বস্তু অনুমোদন করবে, এমনটা হওয়া উচিত নয়।
ম্যাকলমোরকে বাদ দেওয়ার প্রতিবাদে সফরের কয়েকজন সহশিল্পী সরে দাঁড়ানোয় শিরানের ফিলাডেলফিয়ার অনুষ্ঠানও প্রায় আড়াই ঘণ্টা পিছিয়ে যায়। পরে ব্যাকিং ব্যান্ড ছাড়াই তিনি অনুষ্ঠান শুরু করেন।
প্রায় তিন ঘণ্টার অনুষ্ঠান শেষে শিরান বলেন, গত কয়েক দিন ছিল তার জীবনের সবচেয়ে খারাপ সপ্তাহগুলোর অন্যতম। গাজা নিয়ে অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেওয়ার জন্য সন্তানসহ পরিবারগুলোর কাছেও ক্ষমা চান তিনি।
সূত্র: দ্য গার্ডিয়ান
তালাশ বিডি/মিডিয়া লিঃ