ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

সাজেক থেকে ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে ৭ পর্যটক আহত


সাজেক থেকে ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে ৭ পর্যটক আহত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি থেকে ফেরার সময় চাঁদের গাড়ি (জিপ) উল্টে গিয়ে অন্তত ৭ জন পর্যটক আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। রবিবার (১৮ অক্টোবর) সকালে সাজেকের হাউসপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন।

আহত সাত পর্যটক মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাসিন্দা। দুর্ঘটনার পর দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠান।

আরও পড়ুন: কাউখালীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ৪, পুলিশের জিম্মায় গাড়ি

আহতদের মধ্যে আজাহার মিয়া (৬০), শাহানারা আক্তার, আরিফুর রহমান (৩৫), মো. সোহরাব (২৬), নাসরিন (৩৫), মো. শাহজাহান (৪৫) ও আশা (১৩) রয়েছেন। তাদের মধ্যে আজাহার মিয়া ও শাহানারা আক্তারের অবস্থা গুরুতর। দুর্ঘটনায় নাসরিনের মাথায় আঘাত লেগেছে, মো. শাহজাহানের হাত কেটে গেছে এবং কিশোরী আশার ডান হাত ভেঙে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাচোলে নারী নেত্রী মরিয়ম বেগমের হেনস্থার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১৩ পি.এম


নাচোলে নারী নেত্রী মরিয়ম বেগমের হেনস্থার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নাচোল উপজেলার ১নং কসবা ইউনিয়নে কৃষক-কৃষাণীদের সংগঠিত করার রাজনৈতিক কাজে বাধা প্রদান, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং নারী রাজনৈতিক কর্মী মরিয়ম বেগমকে মানসিকভাবে হেনস্থা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় গণসংহতি আন্দোলন নাচোল উপজেলা অফিসে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, নাচোল উপজেলা আহ্বায়ক নূরুদ্দীন। লিখিত বক্তব্যে জানানো হয়, কসব ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে কৃষক-কৃষাণীদের সংগঠিত করার কাজ চলছিল। এই কার্যক্রম চলাকালে গত ২ অক্টোবর স্থানীয় মইনুল নামের এক ব্যক্তির নেতৃত্বে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি মরিয়ম বেগমকে অশালীন ভাষায় গালিগালাজ, মানসিকভাবে হেনস্থা এবং মিথ্যা তথ্য ছড়িয়ে হয়রানি করে।

বক্তারা অভিযোগ করেন, অভিযুক্তরা মিথ্যা অভিযোগে মরিয়ম বেগমকে অবরুদ্ধ করে রেখে গ্রাম পুলিশ ডেকে আনে এবং সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিও ধারণ করে। পরবর্তীতে 'নাচোল বার্তা' নামের একটি ফেসবুক পেজ থেকে সেই ভিডিও প্রকাশ করে রাজনৈতিক ও সামাজিকভাবে তার চরিত্রহনন ও অপপ্রচার চালানো হয়।

সংবাদ সম্মেলন থেকে বক্তারা এই অন্যায় ও কুৎসিত ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ৩ দফা দাবি তুলে ধরেন:

১. আইনের আওতায় আনা: মূল হোতা মইনুল ও অপপ্রচারকারী ফেসবুক পেজের এডমিনসহ ঘটনায় জড়িত ৪-৫ জনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

২. রাজনৈতিক স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ: নাচোল উপজেলার কসবা ইউনিয়নসহ যেকোনো এলাকায় গণসংহতি আন্দোলনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় বাধা দেওয়া বন্ধ করতে হবে।

৩. নারী কর্মীদের নিরাপত্তা: মাঠে-ঘাটে কাজ করা নারী রাজনৈতিক কর্মীদের সার্বিক নিরাপত্তা এবং নির্বিঘ্নে কাজ করার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মরিয়ম বেগম নিজে উপস্থিত থেকে তার ওপর ঘটে যাওয়া নিপীড়নের কথা তুলে ধরেন। এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য মুরাদ মোর্শেদ এবং রাজশাহী বিভাগীয় সম্পাদক জুয়েল রানা।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভয়ভীতি প্রদর্শন, অপপ্রচার কিংবা প্রশাসনিক হুমকি দিয়ে গণসংহতি আন্দোলনের রাজপথের লড়াই ও সাংগঠনিক কর্মকাণ্ড দমন করা যাবে না। অবিলম্বে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়া হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ফেসবুকে বিএনপি নেতার ক্ষোভ

‘ডিলারশিপ নিয়োগে স্ত্রী-শাশুড়ি কাউকেই বাদ রাখলেন না’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


‘ডিলারশিপ নিয়োগে স্ত্রী-শাশুড়ি কাউকেই বাদ রাখলেন না’

জয়পুরহাটে ল্যাপটপ বিতরণ ও সারের ডিলার নিয়োগের ক্ষেত্রে স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম। তিনি ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে লিখেছেন, ‘ল্যাপটপগুলো ভাগাভাগি করে নিজেদের মধ্যে খেয়ে ফেললেন।’

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। তার পোস্টটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।

ফয়সল আলিম ফেসবুকে লেখেন, ল্যাপটপগুলো ভাগাভাগি করে নিজেদের মধ্যে খেয়ে ফেললেন। বিগত ছয় মাসে ২০ থেকে ৩০ শতাংশ করে খাওয়া শেষ, এখন আর কিছুই নাই খাওয়ার মতো, কারণ খাওয়া স্থগিত হয়ে গেছে।

সারের ডিলার নিয়োগের বিষয়ে তিনি বলেন, জয়পুরহাট-পাঁচবিবিতে সারের ডিলারশিপ এমনভাবে বিতরণ করা হয়েছে, যাতে নির্যাতিত নেতাকর্মীরা সুযোগই পাননি। আত্মীয়স্বজন, স্ত্রী, ভাই, ছেলে, মেয়ে, শাশুড়ি কাউকে বাদ রাখেননি। তিনি অবাক হয়ে দেখছেন, জয়পুরহাটের পরিস্থিতি কী হবে।

ফয়সল আলিমের পোস্টের মন্তব্যে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা প্রতিক্রিয়া জানান। কেউ তার বক্তব্যের প্রতি সমর্থন জানান, আবার কেউ অভিযোগের পরিবর্তে নেতাকর্মীদের জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

স্থানীয় পুরানাপৈল ইউনিয়নের বিএনপি কর্মী উজ্জ্বল হোসাইন মন্তব্য করেন, ‘এসব বলার চাইতে আপনে কিছু করে দেখান ভাই।’

এদিকে ফেসবুক পোস্টের বিষয়ে জানতে চাইলে ফয়সল আলিম গণমাধ্যমকে বলেন, আমাদের প্রধানমন্ত্রী দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেন না। তাই এসব অনিয়মের বিরুদ্ধে তিনি সোচ্চার থাকবেন এবং অনিয়মগুলো তুলে ধরবেন।

তিনি সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ পুনর্ব্যক্ত করে প্রশ্ন তোলেন, কেন তার নির্যাতিত নেতাকর্মীদের ডিলার নিয়োগ দেওয়া হয়নি।

জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন বলেন, ফয়সল আলিমের ফেসবুক স্ট্যাটাসের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। ফয়সল আলিম যেসব অনিয়মের কথা বলেছেন, সেগুলো সত্য নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীতাকুণ্ডে যুবদল কর্মী হত্যায় অভিযুক্ত আরিফ হোসেনের ছবি ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


সীতাকুণ্ডে যুবদল কর্মী হত্যায় অভিযুক্ত আরিফ হোসেনের ছবি ভাইরাল

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলামের সঙ্গে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পী (২৬) হত্যার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তি আরিফ হোসেনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

গত শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকায় তারেক হোসেন বাপ্পীকে (২৬) গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার সময় গুলিতে তাফসির আলম শাওন (২২) নামে এক যুবক গুরুতর আহত হন।

নিহত বাপ্পীর ভাই রহিম খান বাবু জানিয়েছেন, বাপ্পী স্থানীয় বালু ব্যবসায়ী সাদ্দামের কর্মচারী হিসেবে কাজ করতেন। হামলাকারীদের একজন বাপ্পীর বুকে গুলি করেন। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে তিনি দাবি করেছেন। তবে বালু ব্যবসাসংক্রান্ত বিরোধ, স্থানীয় আধিপত্য, রাজনৈতিক বিরোধ, অথবা অন্য কোনো কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাপ্পীর বোনের বক্তব্য অনুযায়ী, ঘটনাস্থলে পরপর দুবার মাইকিং করা হয়। প্রথম ঘোষণার প্রায় ১৫ মিনিট পর দ্বিতীয়বার সতর্কবার্তা প্রচার করা হয়। দ্বিতীয় ঘোষণার পরপরই তারা ভাইকে গুলি করার খবর পান। ঘোষণার সময় ও হত্যাকাণ্ডের সময়ের এই নৈকট্য স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি করেছে। তবে ঘোষণাটি কে বা কারা দিয়েছিলেন, কী তথ্যের ভিত্তিতে তা প্রচার করা হয়েছিল এবং এর সঙ্গে হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

তিনি সেলিম উদ্দিন, ফখরুল, ইমরান ও জাফরসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি বলেন, তারা কোনো টাকা-পয়সা বা ক্ষতিপূরণ চান না; ভাই হত্যার বিচার ও অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি চান।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী জানান, সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আরিফ হোসেন, ফখরুল, মান্নান, ইফতেখার, আরিফুল ইসলাম জাবেদ ও নুর আহমদ রনি—এই ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের অবস্থান ও কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) বিশ্লেষণসহ বিভিন্ন তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। সিসিটিভি ফুটেজ ও ট্র্যাকিং প্রযুক্তির সাহায্যে ইতিমধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের নেপথ্য কারণ ও প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক বিশেষ দল কাজ করছে।

আরিফ হোসেনের ছবি ভাইরালের বিষয়ে জানতে সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলামকে ফোন করা হলে তিনি ফোন কেটে দেন। জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমকে (বিপিএম) ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) আবুহেনা মোস্তফা কামাল জানান, ওসির সঙ্গে অভিযুক্ত আরিফের ছবি ভাইরালের বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নুডুলস খেয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


নুডুলস খেয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ভারতের উত্তর প্রদেশের নয়ডায় এক দম্পতি ও তাদের তিন সন্তানের মৃত্যুর ঘটনায় নতুন তথ্য প্রকাশিত হয়েছে। পুলিশের একটি সূত্রের মাধ্যমে জানা গেছে, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ওই পরিবারের পাঁচ সদস্য আত্মহত্যা করে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

গত শনিবার সকালে গ্রেটার নয়ডার নাগলা শ্রী পদম গ্রামের একটি বাড়ি থেকে ৩৭ বছর বয়সি মহেশ, তার ৩৫ বছর বয়সি স্ত্রী ললিতা, তাদের ৭ বছরের কন্যা মিষ্টি এবং ১১ ও ৩ বছরের দুই ছেলে লাড্ডু ও সাক্ষাতের মৃতদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ঘটনাটিকে খাদ্যে বিষক্রিয়া বলে মনে করা হয়েছিল, কারণ শুক্রবার সন্ধ্যায় মেলা ঘুরে রাত ১০টার দিকে বাড়ি ফিরে পরিবারটি রাতের খাবারে নুডলস খেয়েছিল।

তবে, পুলিশের সূত্র জানাচ্ছে, মহেশ নিজেই ওই নুডলসের সঙ্গে বিষ মিশিয়ে ছিলেন। মহেশের স্বজন নীরজ গণমাধ্যমকে জানান, পরিবারের সম্পত্তি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল, যা পরিবারের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছিল। তিনি আরও অভিযোগ করেন, স্বামীর মৃত্যুর পর তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল এবং মহেশ তাকে আশ্বস্ত করেছিলেন যে পরিবারটি একদিন আবার একসঙ্গে বসবাস করবে।

ঘটনাটি তদন্তকারী খাদ্য নিরাপত্তা কর্মকর্তাগণও জানিয়েছেন, এটি খাদ্যে বিষক্রিয়ার ঘটনা নয়, বরং সুপরিকল্পিতভাবে বিষ প্রয়োগের ঘটনা বলে মনে হচ্ছে। তিনি বলেন, "এটি খাদ্যে বিষক্রিয়ার ঘটনা বলে মনে হচ্ছে না। আমাদের সন্দেহ, এটি কোনো বিষাক্ত পদার্থ প্রয়োগের মাধ্যমে ঘটানো হত্যাকাণ্ড বা আত্মহত্যা।"

তিনি আরও জানান, ভুক্তভোগীদের বমি বা ডায়রিয়ার মতো কোনো উপসর্গ ছিল না, যা সাধারণত খাদ্যে বিষক্রিয়ার ক্ষেত্রে দেখা যায়। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, শিশুদের একজনের মুখ দিয়ে ফেনা বের হতে দেখা গিয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%