রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:৫৪ পি.এম
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, উন্নত চিকিৎসার নিশ্চিতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি দেশে আনা হবে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী দেশের হাসপাতালগুলোতে বিশ্বমানের চিকিৎসার ব্যবস্থা করার জন্য নির্দেশনা দিয়েছেন।
আজ রবিবার ঢাকা মেডিক্যাল পলিসিসটিক সিনড্রোম সচেতনতা সপ্তাহের একটি সেমিনারে এই কথা বলেন তিনি।
মন্ত্রী এসময় আরও বলেন, নারীদের হরমোনজনিত ও বিপাকীয় সমস্যা পলিসিসটিক ওভারি সিনড্রোমের কারণে দেশে বন্ধাত্বের হার বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন দেশে আধুনিক চিকিৎসার মাধ্যমে সন্তান ধারণের সুযোগ সৃষ্টি হয়েছে।
মন্ত্রী জানান, দ্রুতই চীনসহ আধুনিক দেশগুলোর প্রযুক্তি দেশে আনার জন্য ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। আলোচনায় উঠে আসে যে, বাংলাদেশে প্রতি ১০০ জনে ৮ থেকে ১০ জন নারী এই সমস্যায় ভুগছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নোয়াখালীর বেগমগঞ্জে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে মো. আলমগীর হোসেন ফরাজী (৪৫) নামে জামায়াতের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শামসুজ্জামান। এর আগে শনিবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম খানপুর গ্রামের ফরাজী বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলমগীর শরীফপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সাবেক বায়তুল মাল সম্পাদক, সেক্রেটারি ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফরাজী বাড়ির মৃত ইউনুছ আলীর ছেলে।
মামলা ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে মাথাব্যথা হওয়ায় সে বাবুনগর এলাকার হাসানহাট বাজারে আলমগীরের ওষুধের দোকানে যায়। আলমগীর ওষুধ বিক্রির পাশাপাশি ঝাড়ফুঁক করেন।
শিশুটির বাবার অভিযোগ, মাথাব্যথা ঝাড়ফুঁক করলে ভালো হয়ে যাবে বলে আলমগীর শিশুটিকে দোকানের পেছনের একটি কক্ষে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়। এ ঘটনা কাউকে জানালে প্রাণে হত্যার হুমকিও দেওয়া হয়। পরে শিশুটি শরীরে ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে শিশুটি পরিবারের কাছে ঘটনার বিস্তারিত জানায়।
শরীফপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোজাম্মেল হোসেন বলেন, ২০২২ সাল পর্যন্ত আলমগীর জামায়াতের ৪ নম্বর ওয়ার্ডে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নিষ্ক্রিয় এবং দলীয় কোনো কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত নন।
তবে অভিযুক্ত আলমগীরের দাবি তুলে ধরে মোজাম্মেল হোসেন বলেন, ঝাড়ফুঁকের কাজ করতে গিয়ে রতনের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। একটি চক্র টাকা দাবি করে না পাওয়ায় ভিকটিমকে দিয়ে তার বিরুদ্ধে কথা বলানো হয়েছে। পরে পরিবারকে উসকানি দিয়ে মামলা করানো হয়েছে বলে আলমগীর দাবি করেছেন।
বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামান বলেন, এ ঘটনায় শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলায় আলমগীরকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা ১৭৮তম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ৪ হাজার ৭৮৮ রানে পৌঁছে সুজি বেটসকে পেছনে ফেলেছেন।
নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার রেকর্ডটি তিনি রবিবার অর্জন করেন। নিউজিল্যান্ডের সুজি বেটসকে অতিক্রম করে মান্ধানা এই কৃতিত্ব অর্জন করেন।
ভারতের ইনিংসের তৃতীয় ওভারে এসে ৮ রান নিয়ে বেটসকে ছাড়িয়ে যান মান্ধানা। বেটস ১৭৮ ইনিংসে ৪ হাজার ৭৫৮ রান করেছিলেন। মান্ধানা সেই রান টপকাতে সক্ষম হন ১৭১তম ইনিংসে, যা ছিল তাঁর ১৭৮তম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ।
রবিবার মান্ধানা ১৯ বলে ৩৭ রান করেন। তাঁর ইনিংসে পাঁচটি চার ও দুটি ছক্কা ছিল। দারুণ ছন্দে থাকা এই ওপেনারের ইনিংস পাওয়ারপ্লের শেষ ওভারে শেষ হয়। নাহিদা আক্তারের বলে স্লগ সুইপ করতে গিয়ে টাইমিং ঠিক রাখতে পারেননি তিনি এবং ডিপ মিডউইকেটে শোভনা মোস্তারির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।
তবে তার আগে তিনি ইতিহাসে নাম লেখাতে সক্ষম হন। সর্বোচ্চ রানের রেকর্ডের পাশাপাশি, একই ম্যাচে নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ভারতীয় নারী হিসেবে ১০০ ছক্কার মাইলফলকও স্পর্শ করেন মান্ধানা।
সম্প্রতি, ভারতের এই ওপেনার একের পর এক রেকর্ড গড়েছেন। নারী আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও তাঁর দখলে রয়েছে। নারী আন্তর্জাতিক ক্রিকেটে মান্ধানার সেঞ্চুরির সংখ্যা এখন ১৮টি।
নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় মান্ধানার পর দ্বিতীয় স্থানে আছেন বেটস। নিউজিল্যান্ডের সাবেক এই ব্যাটার ১৮৬ ম্যাচে ৪ হাজার ৭৫৮ রান করেছেন। ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর ২০৯ ম্যাচে ৪ হাজার ২৮৭ রান নিয়ে তৃতীয় স্থানে, শ্রীলঙ্কার চামারি আথাপাত্থু ১৭২ ম্যাচে ৪ হাজার ২৮২ রান নিয়ে চতুর্থ এবং নিউজিল্যান্ডের সোফি ডিভাইন ১৫৮ ম্যাচে ৩ হাজার ৮১৭ রান নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন।
এশিয়ান গেমসের ব্যস্ত সূচির মধ্যে রয়েছে মান্ধানার ভারত। ১৮ সেপ্টেম্বর স্বাগতিক জাপানকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে তারা সেমিফাইনালে প্রবেশ করেছে। ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। সেমিফাইনালের ফল অনুযায়ী ২২ সেপ্টেম্বর হবে স্বর্ণ ও ব্রোঞ্জ পদকের ম্যাচ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৬ : রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনের শেষ দিনে মস্কো এবং এর পার্শ্ববর্তী এলাকায় কয়েক শত ড্রোন হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। এই হামলায় একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারও ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ কর্তৃপক্ষ রোববার এই তথ্য প্রকাশ করেছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, ১ হাজার ৬০০টিরও বেশি ড্রোনকে প্রতিহত ও ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে ৪৫০টি ড্রোন মস্কোকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল। মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।
তিনি অভিযোগ করেছেন যে, ইউক্রেনের বিরুদ্ধে তিন দিনব্যাপী কঠোরভাবে নিয়ন্ত্রিত নির্বাচন বানচালের চেষ্টা করা হয়েছে। এই নির্বাচন প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ২৬ বছরের ক্ষমতাকে আরও সুদৃঢ় করবে।
সোবিয়ানিন টেলিগ্রামে মন্তব্য করেছেন, ‘নজিরবিহীন এই হামলা যে নির্বাচন বানচালের উদ্দেশ্যে পরিকল্পিত ছিল, তা স্পষ্ট। শত্রু সফল হয়নি।’
মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, পৃথক দুটি স্থানে হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ৪৪ বছর বয়সী নারী এবং অন্যজন একজন বৃদ্ধ।
ভোরোবিয়ভ বলেন, একটি ২১ তলা ভবনে ড্রোন বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এই ঘটনায় ৪০০ জনকে ভবনটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে তিনি ড্রোনগুলোর উৎস সম্পর্কে কিছু জানাননি।
সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ায় দূরপাল্লার ড্রোন হামলা জোরদার করেছে কিয়েভ। বিশেষ করে জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। যুদ্ধের অর্থায়নে ক্রেমলিনের আয়ের গুরুত্বপূর্ণ উৎসে আঘাত করাই এর উদ্দেশ্য। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এখন পঞ্চম বছরে পড়েছে।
সোবিয়ানিন আরও জানান, ‘মস্কোর তেল শোধনাগার এলাকার একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেছেন। জরুরি সেবা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।
এই বড় তেল শোধনাগারটি সাম্প্রতিক মাসগুলোতেও ইউক্রেনের হামলার শিকার হয়েছে।
সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন ও রাশিয়া পরস্পরের জ্বালানি স্থাপনায় হামলা না চালানোর বিষয়ে একমত হয়েছে। এর পরেই সর্বশেষ হামলাটি ঘটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৬ : শনিবার নাইজেরিয়ার একটি আধাসামরিক বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর হেফাজতে ৩৭ জনের মৃত্যুর ঘটনায় তাদের পরিবারের সদস্যরা বিচার দাবি করেছেন। সরকার এই মৃত্যুর ঘটনা তদন্তের জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছে।
বৃহস্পতিবার মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যের রাজধানী মিন্নায় একটি গাদাগাদি করে রাখা সেলে ৩৭ জন তরুণের মরদেহ পাওয়া যায়। নাইজেরিয়া সিকিউরিটি অ্যান্ড সিভিল ডিফেন্স কোরের (এনএসসিডিসি) সদস্যরা তাদেরকে অবৈধভাবে সোনা উত্তোলনের সন্দেহে আটক করেছিলেন। মিন্না থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।
বেঁচে থাকা ব্যক্তিরা জানান, সেলটিতে তাদের গাদাগাদি করে রাখা হয়েছিল এবং সেখানে বাতাস চলাচলের জন্য পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। একজন জানান, দরজা বন্ধ করার আগে সেলের ভেতর এমন একটি পদার্থ ছিটানো হয়, যা তাদের গলা ও নাকে জ্বালা সৃষ্টি করে।
তারা জানান, সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ সাড়া দেয়নি। এই মৃত্যুর ঘটনায় খনিজসমৃদ্ধ নাইজার রাজ্যের রাজধানী মিন্নার রাস্তায় সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার জানায়, আধাসামরিক বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর হেফাজতে ৩৭ জনের মৃত্যুর ঘটনা তদন্তের জন্য সরকার ১০ সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছে।
নিহতদের একজনের ভাই, ২৭ বছর বয়সী আদামু ইদ্রিস এএফপিকে বলেন, তিনি সরকারের কাছে ‘বিচার প্রত্যাশা করেন।’ তিনি সতর্ক করে বলেন, ‘সরকার যদি কার্যকর ব্যবস্থা না নেয়, তাহলে আমরা বিক্ষোভ চালিয়ে যাব।’
তিনি আরও বলেন, ‘তাদের আমাদের হত্যা অব্যাহত রাখার জন্য প্রস্তুত থাকতে হবে। এর চেয়ে আমাদের সবাই মরে যাওয়াই ভালো।’
হেফাজতে দুই ছেলে হারানো ৫২ বছর বয়সী মুসা আলিয়ু এই ঘটনার ‘পুঙ্খানুপুঙ্খ’ তদন্ত করে ‘আমাদের সন্তানদের বিচার নিশ্চিত করার’ দাবি জানান।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর উত্তেজনা বাড়তে থাকে। লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ করে এবং সরকারি সম্পত্তি ভাঙচুর করে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালালে শহরে গুলির শব্দ শোনা যায়। তবে পুলিশ দাঙ্গা নিয়ন্ত্রণে ব্যবহৃত রাবার বা পেলেট গুলি চালিয়েছে, নাকি সরাসরি গুলি চালিয়েছে, তা স্পষ্ট নয়।
তবে এক ব্যক্তি জানান, এক খনি শ্রমিকের জানাজা থেকে ফেরার পথে রাস্তায় হাঁটার সময় তিনি গুলিবিদ্ধ হন। হাসপাতালের শয্যায় থাকা ২৪ বছর বয়সী আলামিন আদামু বলেন, ‘আমি গুলির শব্দ শুনি। দ্রুত নিচু হয়ে যাই। পরক্ষণেই জ্ঞান হারিয়ে ফেলি। আমাকে গুলি করা হয়েছিল। আমি নর্দমায় পড়ে যাই।’
প্রেসিডেন্ট বোলা টিনুবু শুক্রবার বৃহস্পতিবারের মৃত্যুর ঘটনায় জরুরি ভিত্তিতে ‘পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের’ নির্দেশ দেন। তিনি বলেন, ‘সরকারি অবহেলা, দায়িত্বে গাফিলতি ও কর্তব্যে অবহেলার’ কারণে মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
তদন্ত কমিশনে একজন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা, একজন চিকিৎসা বিশেষজ্ঞ, একজন মানবাধিকারকর্মী এবং খনি শ্রমিকদের একটি সংগঠনের প্রতিনিধি রয়েছেন। কমিশনকে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
খনি শ্রমিকদের গ্রেফতার ও আটকের সঙ্গে জড়িত এনএসসিডিসির ২০ কর্মকর্তা ও প্রহরীকে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বেলজিয়ামের আয়তনের দ্বিগুণেরও বেশি নাইজার রাজ্যটি খনিজসম্পদে সমৃদ্ধ। এখানে হাজার হাজার ক্ষুদ্র পরিসরের খনি শ্রমিক কাজ করেন। তাদের অধিকাংশই সোনা পাওয়ার আশায় এ কাজে আসেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ