শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
১১:৪৬ এম
দক্ষিণ কোরিয়া, আন্তর্জাতিক জলসীমায় মাছ ধরার নৌকায় ভেসে যাওয়া ছয় জন উত্তর কোরীয় নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে। আরব নিউজের তথ্য অনুযায়ী, শুক্রবার তাদের ফেরত পাঠানোর কার্যক্রম সম্পন্ন হয়। এই তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রণালয়।
উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তে চলমান উত্তেজনার মাঝে এই ঘটনা ঘটেছে। সম্প্রতি, দুই দেশের মধ্যবর্তী অসামরিকীকৃত অঞ্চলে (ডিএমজেড) একটি মাইন বিস্ফোরণে তিনজন দক্ষিণ কোরিয়ার সেনা আহত হন। এর ফলে সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
গত ৩ নভেম্বর, দক্ষিণ কোরিয়ার উল্লেউংদো দ্বীপের কাছে আন্তর্জাতিক জলসীমায় মাছ ধরার নৌকাটি ভাসতে দেখা যায়। নৌকাটিতে শুরুতে সাতজন উত্তর কোরীয় নাগরিক ছিলেন। পরে, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী ও উপকূলরক্ষী বাহিনী নৌকাটি উদ্ধার করে।
দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন সরকারি সংস্থা ও জাতিসংঘের কমান্ড কয়েক দফায় তাদের জিজ্ঞাসাবাদ করে। এতে ছয়জন উত্তর কোরিয়ায় ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তাদের ইচ্ছা নিশ্চিত হওয়ার পর মানবিক কারণে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নৌকাটিতে থাকা একজন দক্ষিণ কোরিয়ায় থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি দেশটিতে থাকবেন বলে একীকরণ মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, শুক্রবার ছয়জনকে নিয়ে মাছ ধরার নৌকাটি নিজস্ব শক্তিতে পূর্ব সাগরের উত্তর সীমারেখা অতিক্রম করে। এই সাগরকে জাপান সাগর নামেও পরিচিত। এই সীমারেখা কার্যত দুই কোরিয়ার সমুদ্রসীমা হিসেবে বিবেচিত হয়। স্থানীয় সময় সকাল ৮টা ৩৩ মিনিটে নৌকাটি সীমারেখা অতিক্রম করে।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, সীমান্তের উত্তর পাশে অপেক্ষমাণ উত্তর কোরিয়ার একটি জাহাজের সঙ্গে নৌকাটি যুক্ত হয়। এরপর, জাহাজটি উত্তর দিকে চলে যায়। ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়, গত বছরের মতো এবারও জাতিসংঘের কমান্ড উত্তর কোরিয়াকে আগেই এই ফেরত পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
সীমান্তের কাছে উত্তর কোরিয়ার একটি জাহাজের উপস্থিতি থেকে ধারণা করা হচ্ছে, পিয়ংইয়ং এ বিষয়ে আগেই অবগত ছিল। তবে এ নিয়ে উত্তর কোরিয়ার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দক্ষিণ কোরিয়ার সংবিধান অনুযায়ী, উত্তর কোরিয়ার সকল নাগরিককে দক্ষিণ কোরিয়ার নাগরিক হিসেবে বিবেচনা করা হয়। দক্ষিণ কোরিয়ার আনুষ্ঠানিক নাম কোরিয়া প্রজাতন্ত্র। উত্তর কোরিয়া থেকে পালিয়ে দক্ষিণ কোরিয়ায় পৌঁছালে এবং সেখানে থাকার ইচ্ছা জানালে সাধারণত তাদের থাকার অনুমতি দেওয়া হয়।
অন্যদিকে, উত্তর কোরিয়া থেকে পালিয়ে যাওয়া ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের ওপর কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পরিচিত দেশটির সরকার। গত বছরও একই ধরনের ঘটনা ঘটেছিল। সে সময় মার্চ ও মে মাসে পৃথক দুটি ঘটনায় উত্তর কোরিয়ার দুটি নৌযান উদ্ধার করে দক্ষিণ কোরিয়া। পরে, নৌযান দুটির সকল আরোহীর ইচ্ছা অনুযায়ী তাদের উত্তর কোরিয়ায় ফেরত পাঠানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, নাসিরনগর এবং কিশোরগঞ্জের বাজিতপুর ও অষ্টগ্রাম উপজেলার প্রায় ৩০টি গ্রামের মানুষের জন্য যোগাযোগের প্রধান মাধ্যম হলো মেঘনা নদীর অংশে অবস্থিত বেমালিয়া খালের ওপর নির্মিত একটি বাঁশের সাঁকো। সেতুটি স্থায়ী না হওয়ার কারণে ৫০ থেকে ৬০ হাজার মানুষের দুর্ভোগের অন্ত নেই। ১০০ মিটারেরও বেশি লম্বা এই সাঁকো পারাপারে ভোগান্তির পাশাপাশি এলাকাবাসীকে ঝুঁকিও পোহাতে হচ্ছে।
সরজমিনে পরিদর্শনে গেলে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য খাইরুল ইসলাম পাঠান জানান, ছাতলপাড় ইউনিয়নের গুজিয়া খাইলের এই বাঁশের সাঁকো দিয়ে সরাইল উপজেলার চুন্টা, ঘাগড়াজুর, কাকরিয়া, দুবাজাইল, অরুয়াইল, বারপাইকা ও ধামাউড়া; নাসিরনগরের কাঁঠালকান্দি, ছাতলপাড়, ফকিরদিয়া, কচুয়া, ফেদিয়ারকান্দি, গুজিয়া খাই ও বড়নগর; বাজিতপুরের বাহেরআলী, পুরাকান্দা, কৈটুপি, পাড়কচুয়া, আয়নারগোপ ও হুমায়পুর; এবং অষ্টগ্রাম উপজেলার বাঘাইয়া, নোয়াগাঁও ও বাঙালপাড়াসহ প্রায় ৩০টি গ্রাম ও এলাকার মানুষ যাতায়াত করেন।
গুজিয়া খাই গ্রামের বয়োবৃদ্ধ আসকর আলী (৭৫) বলেন, "আমাদের দেখবার কেউ নেই, মন্ত্রী-এমপিরা আমাদের খবর রাখেন না। সারা বছরই আমাদের কষ্ট করতে হয়। স্বাধীনতার পরবর্তী ৫৬ বছরেও আমাদের বেমালিয়া খালের গুজিয়াই পাকা সাঁকো হয় নাই। দুর্ভাগ্য আমাদেরই, অজপাড়াগাঁয়ে জন্ম নিয়েছি।"
মাদরাসা-ই-মিরানিয়া কচুয়া দরবার শরীফ দাখিল মাদরাসার সহকারী শিক্ষক নুরুল হুদা বলেন, "বর্ষাকালে মেঘনার জলে একাকার হয়ে যায় এলাকা। ডুবে যায় বাঁশের সাঁকো, তখন ডিঙি নৌকায় পারাপার হতে হয় ভুক্তভোগীদের; অনেকে বিকল্প পথে বাধ্য হয়ে অনেক দূর ঘুরে যাতায়াত করে থাকেন। অন্য সময়ে এই বাঁশের সাঁকো দিয়ে জীবন ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। পারাপারে ১০ টাকা গুনতে হয় যাত্রীদের। প্রতিবছরই স্কুলে পড়ুয়া শিশু শিক্ষার্থী, বয়স্ক পুরুষ-মহিলা, গর্ভবতী মা-বোনেরা বিপাকে ও দুর্ঘটনার শিকার হন।"
শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ভূইশ্বর গ্রামের মো. আকতার হোসেন বলেন, "স্থায়ী সেতুর অভাবে অত্র এলাকার বৃহত্তর জনগোষ্ঠী নানা দুর্ভোগের শিকার হচ্ছে। বিভিন্ন সময়ে বাঁশের সাঁকো ভেঙে গুরুতর আহতও হয়েছেন অনেকে। এক এলাকা থেকে অন্য এলাকায় এই সেতু দিয়ে ভারী মালামাল নেওয়া যায় না। প্রত্যন্ত এলাকার মানুষের জন্য এখানে স্থায়ী সেতু নির্মাণ জরুরি প্রয়োজন।"
বেমালিয়া খালের ওপর গুজিয়া খাইলে একটি পাকা সেতু নির্মাণের দীর্ঘদিনের দাবি পূরণে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকার দেশের ৮৬ হাজার ৭০৯টি মসজিদ, মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারে কর্মরত ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা ও সেবাকর্মীকে সম্মানি ভাতা প্রদান করছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদরে এই কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
২০২৬-২৭ অর্থবছরে এ কর্মসূচির বাস্তবায়নের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সরকারের পরিকল্পনা রয়েছে আগামী চার অর্থবছরের মধ্যে দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে এই কর্মসূচির আওতায় আনার।
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ এ তথ্য জানিয়ে বলেছেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য মাসিক সম্মানি ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ উদ্যোগের মাধ্যমে তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং সামাজিক মর্যাদা ও অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হবে।
জনপ্রশাসন উপদেষ্টা জানান, চলতি অর্থবছরে সম্মানি কর্মসূচির আওতায় আসা ৮৬ হাজার ৭০৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার এবং ৩০১টি গির্জা অন্তর্ভুক্ত রয়েছে। এসব প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকারী মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা ও সেবাকর্মী সম্মানী পাবেন।
নির্ধারিত কাঠামো অনুযায়ী, মসজিদের একজন ইমাম মাসে ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা সম্মানি পাবেন। একইভাবে মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারে দায়িত্ব পালনকারী ধর্মীয় ব্যক্তিরাও এ কর্মসূচির আওতায় সরকারি সহায়তা পাবেন।
তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক ধর্মীয় দায়িত্বশীল ব্যক্তি সীমিত আর্থিক সুবিধার মধ্যে তাদের দায়িত্ব পালন করেন। বিশেষ করে গ্রামীণ জনপদে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত ও অন্যান্য ধর্মীয় সেবাকর্মীর নির্দিষ্ট আয়ের সুযোগ সীমিত। তাদের নিয়মিত সম্মানি প্রদানের মাধ্যমে জীবনযাত্রায় কিছুটা স্বস্তি আসবে বলে সরকার আশা করছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের সম্মানি প্রদানের কার্যক্রম চলতি বছরের ১৪ মার্চ প্রথমবারের মতো পাইলট প্রকল্পের মাধ্যমে শুরু হয়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রাথমিক পর্যায়ে দেশের ৬ হাজার ১৭টি ধর্মীয় প্রতিষ্ঠানের ১৩ হাজার ৯৪৯ জন ধর্মীয় সেবাকর্মীকে কর্মসূচির আওতায় আনা হয়। তাদের মধ্যে ৪ হাজার ৬৮৩ জন ইমাম, ৪ হাজার ৩১২ জন মুয়াজ্জিন এবং অবশিষ্টরা খাদেমসহ অন্যান্য ধর্মীয় সেবাকর্মী রয়েছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আরো জানিয়েছেন, পাইলট প্রকল্পের অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তী সময়ে কর্মসূচির পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জনপ্রশাসন উপদেষ্টা জানান, আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান কুষ্টিয়া সদরে মসজিদ, মন্দির ও গির্জার ধর্মীয় ব্যক্তিদের সম্মানি প্রদানের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করবেন।
এরপর ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ, ১২ ডিসেম্বর সুনামগঞ্জ এবং ২১ ডিসেম্বর পাবনায় ধর্মীয় নেতাদের হাতে সম্মানি তুলে দেবেন প্রধানমন্ত্রী।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সম্মানি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচিতে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সফটওয়্যার ব্যবহার করে গভর্নমেন্ট টু পারসন (জি-টু-পি) পদ্ধতিতে অর্থ প্রদান করা হবে।
সুবিধাভোগীদের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে ব্যাংক হিসাবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে অর্থ পাঠানো হবে।
এ প্রসঙ্গে ইসমাইল জবিউল্লাহ বলেন, কোনো ইমাম, মুয়াজ্জিন কিংবা ধর্মীয় সেবাকর্মীর হাতে সরাসরি নগদ অর্থ দেওয়া হবে না। তাদের নিজস্ব ব্যাংক অথবা মোবাইল আর্থিক সেবার হিসাবে সম্মানির অর্থ পৌঁছানো হবে। এতে মধ্যস্বত্বভোগীদের সুযোগ থাকবে না এবং দুর্নীতি ও অনিয়মের ঝুঁকি কমবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ কার্যক্রম বাস্তবায়নে ধর্মবিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রাথমিক পর্যায়ে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের সম্মানি সুবিধাভোগীদের কাছে পৌঁছানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
সুবিধাভোগী নির্বাচনের বিষয়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা বলেন, স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্বাচিত ধর্মীয় প্রতিষ্ঠান ও দায়িত্বশীল ব্যক্তিদের তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের সঙ্গে আরো দুজন বিশিষ্ট ব্যক্তি তালিকা প্রণয়নের কাজে সহায়তা করছেন। প্রতিষ্ঠান নির্বাচন কিংবা তালিকা তৈরিতে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা রাখা হয়নি।
উপদেষ্টা জানান, বর্তমানে দেশে মোট ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৩ লাখ ৩১ হাজার ১২৫টি মসজিদ, ১২ হাজার মন্দির, ৩ হাজার ১০টি বৌদ্ধ বিহার ও ১ হাজার ২০৪টি গির্জা রয়েছে। চলতি অর্থবছরে এসব প্রতিষ্ঠানের এক-চতুর্থাংশকে কর্মসূচির আওতায় আনা হচ্ছে। বাকি প্রতিষ্ঠানগুলোকে আগামী চার অর্থবছরে পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করা হবে।
তিনি আরো বলেন, সরকার দায়িত্বে থাকা অবস্থায় প্রতিবছর ধর্মীয় প্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে সব ধর্মের ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য একটি ধারাবাহিক রাষ্ট্রীয় সহায়তা ব্যবস্থা গড়ে উঠবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ কর্মসূচি শুধু ধর্মীয় ব্যক্তিত্বদের আর্থিক সহায়তাই নয়, বরং দেশের ধর্মীয় সম্প্রীতি, সামাজিক নিরাপত্তা ও সমঅধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ধর্মীয় প্রতিষ্ঠানগুলো স্থানীয় পর্যায়ে নৈতিক শিক্ষা, সামাজিক সচেতনতা, মানবিক সহায়তা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা পালন করে। এসব প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হলে, সামাজিক কর্মকাণ্ডে তাদের আরো কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে। তবে কর্মসূচির সফল বাস্তবায়নে প্রকৃত দায়িত্ব পালনকারীদের তালিকা প্রণয়ন, তথ্য যাচাই, নিয়মিত অর্থ বিতরণ ও অনিয়ম প্রতিরোধে কার্যকর নজরদারি জরুরি। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যেন প্রশাসনিক জটিলতার কারণে বাদ না পড়ে, সে বিষয়ে মাঠপর্যায়ে তদারকি প্রয়োজন।
ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের সম্মানি কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। এ সেলের অষ্টম সভা গত ৯ সেপ্টেম্বর সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চীনের গুইঝো প্রদেশে একটি রহস্যময় পাহাড় অবস্থিত, যার নাম ‘চান দা ইয়া’। স্থানীয়দের মধ্যে এটি ‘ডিম পাড়া পাহাড়’ হিসেবে পরিচিত। কারণ, প্রায় ৩০ বছর পরপর এই পাহাড়ের খাড়া পাথুরে দেয়াল থেকে ডিমের মতো দেখতে বিশাল আকৃতির পাথর নিচে পড়ে। কিছু পাথরের ওজন কয়েকশ কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। প্রকৃতির এই বিস্ময়কর ঘটনা দীর্ঘকাল ধরে স্থানীয় বাসিন্দা ও গবেষকদের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে।
যেভাবে ডিমের মতো পাথর বেরিয়ে আসে
পাহাড় থেকে পাথরগুলো হঠাৎ করে তৈরি হয়ে বেরিয়ে আসে না। দীর্ঘ সময় ধরে চলতে থাকা প্রাকৃতিক ক্ষয়প্রক্রিয়ার ফলস্বরূপ এমন দৃশ্যের সৃষ্টি হয়। পাহাড়ের শিলাস্তরে নরম ও তুলনামূলক শক্ত পাথরের মিশ্রণ বিদ্যমান। বৃষ্টি ও বাতাসের প্রভাবে নরম শিলাস্তর ধীরে ধীরে ক্ষয়ে যায়। এর ফলে ভেতরে থাকা শক্ত ও গোলাকার পাথরগুলো একসময় বাইরের দিকে বেরিয়ে আসে। পরে মাধ্যাকর্ষণের প্রভাবে সেগুলো পাহাড়ের গা বেয়ে নিচে পড়ে। দূর থেকে এই দৃশ্য দেখে মনে হয়, যেন পাহাড়টি ডিম পাড়ছে।
একটি পাথর সম্পূর্ণরূপে উন্মুক্ত হয়ে পাহাড় থেকে বিচ্ছিন্ন হতে কয়েক দশক সময় লাগতে পারে। তবে ঠিক কখন কোনো পাথর নিচে পড়বে, তা নির্ভুলভাবে অনুমান করা সম্ভব নয়। এই অনিশ্চয়তা পাহাড়টির রহস্যময়তা আরও বাড়িয়ে দিয়েছে।
স্থানীয়দের কাছে সৌভাগ্যের প্রতীক
চান দা ইয়া পাহাড়ের নিকটে গুলু ঝাই গ্রাম অবস্থিত। সেখানে শুই জনগোষ্ঠী বসবাস করে। স্থানীয়দের বিশ্বাস, পাহাড় থেকে পাওয়া ডিমের মতো পাথর সৌভাগ্য ও সুরক্ষার প্রতীক। অনেক পরিবার এসব পাথর নিজেদের ঘরে সাজিয়ে রাখে। তাদের ধারণা, পাথরগুলো পরিবারকে বিপদ থেকে রক্ষা করে এবং সৌভাগ্য বয়ে আনে।
এই বিশ্বাস প্রজন্মের পর প্রজন্ম ধরে শুই জনগোষ্ঠীর সংস্কৃতির একটি অংশ হয়ে রয়েছে। ফলে পাথরের ডিমগুলো তাদের কাছে শুধুমাত্র প্রাকৃতিক নিদর্শন নয়, বরং পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া ঐতিহ্যেরও প্রতীক।
পাহাড়জুড়ে ইতিহাসের নিদর্শন
ডিমের মতো পাথরের পাশাপাশি, পাহাড়টি প্রাচীন খোদাই ও শিলালিপির জন্যও পরিচিত। এসব নিদর্শনে স্থানীয় মানুষের অতীত জীবনযাপন, বিশ্বাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের নানা দিক প্রকাশ পেয়েছে। ফলে পাহাড়টি ভূতাত্ত্বিক বিস্ময় ও ঐতিহাসিক গুরুত্ব উভয়ই ধারণ করছে।
পর্যটক ও গবেষকদের আকর্ষণের কেন্দ্র
বর্তমানে চান দা ইয়া পাহাড় প্রকৃতিপ্রেমী, পর্যটক ও গবেষকদের কাছে একটি আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত। এর অদ্ভুত ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য দেখতে দূরদূরান্ত থেকে মানুষ সেখানে আসেন। একই সঙ্গে শুই জনগোষ্ঠীর জীবনযাপন ও ঐতিহ্য সম্পর্কেও জানার সুযোগ তারা পান। পাহাড়টির প্রাকৃতিক পরিবেশ এবং স্থানীয় সংস্কৃতি সংরক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে।
চীনের এই ‘ডিম পাড়া পাহাড়’ প্রকৃতির দীর্ঘদিনের পরিবর্তনের একটি বিস্ময়কর উদাহরণ। বিজ্ঞানীদের কাছে এটি ভূতাত্ত্বিক গবেষণার আকর্ষণীয় ক্ষেত্র, আর শুই জনগোষ্ঠীর কাছে ইতিহাস, বিশ্বাস ও সংস্কৃতির অংশ। কয়েক দশক ধরে চলা প্রাকৃতিক ক্ষয়প্রক্রিয়া কীভাবে এমন অদ্ভুত দৃশ্য তৈরি করতে পারে, চান দা ইয়া পাহাড় যেন তারই এক অনন্য নিদর্শন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আজ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬। জ্যোতিষশাস্ত্রের বিশ্লেষণ অনুযায়ী, আজ চাঁদ মিথুন রাশিতে অবস্থান করবে। সকাল ৯টা ৪৮ মিনিট পর্যন্ত অগ্রহায়ণ কৃষ্ণা তৃতীয়া তিথি থাকবে, এরপর শুরু হবে অগ্রহায়ণ কৃষ্ণা চতুর্থী তিথি। আজ শুভ যোগ ও শুক্লা যোগের প্রভাবও থাকবে।
ভাগ্য সম্পর্কে পূর্বাভাস পেতে মেষ থেকে মীন পর্যন্ত ১২টি রাশির সঠিক পূর্বাভাস এক নজরে দেখে নেওয়া যাক-
১। মেষ: ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ আসতে পারে এবং কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনা উন্মোচিত হতে পারে। সম্পর্কের জটিলতা সমাধানে সক্ষম হবেন। ভালো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। কর্মক্ষেত্রে স্থানান্তরের সম্ভাবনা রয়েছে।
২। বৃষ: পরিবারের পক্ষ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা ঘরে আনন্দের পরিবেশ সৃষ্টি করবে। দৈনন্দিন শখ পূরণের জন্য সঞ্চিত অর্থ খরচ হতে পারে। ওষুধ, খাদ্যদ্রব্য ও প্রসাধনী দ্রব্যের ব্যবসা লাভজনক হতে পারে।
৩। মিথুন: দিনটি মিশ্র অভিজ্ঞতা দিতে পারে; সিদ্ধান্ত ও কাজে ভারসাম্য বজায় রাখা জরুরি। রক্তপাত বা আঘাতজনিত কারণে স্বাস্থ্যহানি হতে পারে। বিবাদ বা প্রতিযোগিতামূলক ক্ষেত্র এড়িয়ে চলা উচিত। নতুন পরিকল্পনা কাজে লাগিয়ে ব্যবসায় লাভ আসতে পারে।
৪। কর্কট: চাকরি পরিবর্তনের চিন্তা করলে গুছিয়ে ও মনোযোগ দিয়ে কাজ শুরু করার জন্য আজ ভালো সময়। চিকিৎসাজনিত কারণে অতিরিক্ত ব্যয় হতে পারে। ব্যবসায় লাভজনক চুক্তি সম্পাদনের সম্ভাবনা রয়েছে। জ্ঞাতিশত্রুতায় ক্ষতির আশঙ্কা রয়েছে।
৫। সিংহ: কর্মক্ষেত্রে তর্ক-বিতর্ক এড়িয়ে চলা উচিত, কারণ তা বড় ঝামেলায় রূপ নিতে পারে। গুরুজনের সঙ্গে মতবিরোধ মিটতে পারে। বন্ধুর সহায়তায় পারিবারিক সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন।
৬। কন্যা: পারিবারিক পরিবেশ শান্ত থাকতে পারে এবং কাজের জায়গায় সুনাম বৃদ্ধি পাবে। বিলাসিতার কারণে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের পদমর্যাদা বৃদ্ধি পাবে।
৭। তুলা: পরিবারে সম্মান বৃদ্ধি পেতে পারে এবং দান বা সমাজসেবামূলক কাজে সক্রিয় থাকতে পারেন। অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। আইনি গোলযোগ এড়িয়ে চলা উচিত। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে।
৮। বৃশ্চিক: নতুন ব্যবসা শুরু করলে ভাগ্যের সহায়তা ও লাভের সম্ভাবনা রয়েছে। কারও প্রতি বিদ্বেষমূলক আচরণের কারণে সমস্যায় পড়তে পারেন। আমদানি-রপ্তানি বাণিজ্য লাভজনক থাকবে।
৯। ধনু: পরিবারে মতবিরোধ দেখা দিতে পারে; সম্পর্ক ঠিক রাখতে মেজাজ নিয়ন্ত্রণে রাখতে হবে। মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। ভালো কাজের সুযোগ পেতে পারেন। বীমা বা উত্তরাধিকার সূত্রে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।
১০। মকর: চলাফেরায় সতর্ক থাকতে হবে এবং স্বাস্থ্যের প্রতি বাড়তি যত্ন নিতে হবে। নতুন প্রেমের সম্পর্কে জড়ানোর সম্ভাবনা রয়েছে। নতুন চাকরি লাভের যোগ রয়েছে।
১১। কুম্ভ: ব্যবসায়ীদের জন্য ভবিষ্যতের নতুন পরিকল্পনা সাজানোর জন্য এটি অনুকূল সময়। সন্তানের স্বাস্থ্য ও শিক্ষা সংক্রান্ত কারণে অর্থ ব্যয় বাড়তে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ