প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, নাসিরনগর এবং কিশোরগঞ্জের বাজিতপুর ও অষ্টগ্রাম উপজেলার প্রায় ৩০টি গ্রামের মানুষের জন্য যোগাযোগের প্রধান মাধ্যম হলো মেঘনা নদীর অংশে অবস্থিত বেমালিয়া খালের ওপর নির্মিত একটি বাঁশের সাঁকো। সেতুটি স্থায়ী না হওয়ার কারণে ৫০ থেকে ৬০ হাজার মানুষের দুর্ভোগের অন্ত নেই। ১০০ মিটারেরও বেশি লম্বা এই সাঁকো পারাপারে ভোগান্তির পাশাপাশি এলাকাবাসীকে ঝুঁকিও পোহাতে হচ্ছে।
সরজমিনে পরিদর্শনে গেলে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য খাইরুল ইসলাম পাঠান জানান, ছাতলপাড় ইউনিয়নের গুজিয়া খাইলের এই বাঁশের সাঁকো দিয়ে সরাইল উপজেলার চুন্টা, ঘাগড়াজুর, কাকরিয়া, দুবাজাইল, অরুয়াইল, বারপাইকা ও ধামাউড়া; নাসিরনগরের কাঁঠালকান্দি, ছাতলপাড়, ফকিরদিয়া, কচুয়া, ফেদিয়ারকান্দি, গুজিয়া খাই ও বড়নগর; বাজিতপুরের বাহেরআলী, পুরাকান্দা, কৈটুপি, পাড়কচুয়া, আয়নারগোপ ও হুমায়পুর; এবং অষ্টগ্রাম উপজেলার বাঘাইয়া, নোয়াগাঁও ও বাঙালপাড়াসহ প্রায় ৩০টি গ্রাম ও এলাকার মানুষ যাতায়াত করেন।
গুজিয়া খাই গ্রামের বয়োবৃদ্ধ আসকর আলী (৭৫) বলেন, "আমাদের দেখবার কেউ নেই, মন্ত্রী-এমপিরা আমাদের খবর রাখেন না। সারা বছরই আমাদের কষ্ট করতে হয়। স্বাধীনতার পরবর্তী ৫৬ বছরেও আমাদের বেমালিয়া খালের গুজিয়াই পাকা সাঁকো হয় নাই। দুর্ভাগ্য আমাদেরই, অজপাড়াগাঁয়ে জন্ম নিয়েছি।"
মাদরাসা-ই-মিরানিয়া কচুয়া দরবার শরীফ দাখিল মাদরাসার সহকারী শিক্ষক নুরুল হুদা বলেন, "বর্ষাকালে মেঘনার জলে একাকার হয়ে যায় এলাকা। ডুবে যায় বাঁশের সাঁকো, তখন ডিঙি নৌকায় পারাপার হতে হয় ভুক্তভোগীদের; অনেকে বিকল্প পথে বাধ্য হয়ে অনেক দূর ঘুরে যাতায়াত করে থাকেন। অন্য সময়ে এই বাঁশের সাঁকো দিয়ে জীবন ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। পারাপারে ১০ টাকা গুনতে হয় যাত্রীদের। প্রতিবছরই স্কুলে পড়ুয়া শিশু শিক্ষার্থী, বয়স্ক পুরুষ-মহিলা, গর্ভবতী মা-বোনেরা বিপাকে ও দুর্ঘটনার শিকার হন।"
শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ভূইশ্বর গ্রামের মো. আকতার হোসেন বলেন, "স্থায়ী সেতুর অভাবে অত্র এলাকার বৃহত্তর জনগোষ্ঠী নানা দুর্ভোগের শিকার হচ্ছে। বিভিন্ন সময়ে বাঁশের সাঁকো ভেঙে গুরুতর আহতও হয়েছেন অনেকে। এক এলাকা থেকে অন্য এলাকায় এই সেতু দিয়ে ভারী মালামাল নেওয়া যায় না। প্রত্যন্ত এলাকার মানুষের জন্য এখানে স্থায়ী সেতু নির্মাণ জরুরি প্রয়োজন।"
বেমালিয়া খালের ওপর গুজিয়া খাইলে একটি পাকা সেতু নির্মাণের দীর্ঘদিনের দাবি পূরণে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন