প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দক্ষিণ কোরিয়া, আন্তর্জাতিক জলসীমায় মাছ ধরার নৌকায় ভেসে যাওয়া ছয় জন উত্তর কোরীয় নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে। আরব নিউজের তথ্য অনুযায়ী, শুক্রবার তাদের ফেরত পাঠানোর কার্যক্রম সম্পন্ন হয়। এই তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রণালয়।
উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তে চলমান উত্তেজনার মাঝে এই ঘটনা ঘটেছে। সম্প্রতি, দুই দেশের মধ্যবর্তী অসামরিকীকৃত অঞ্চলে (ডিএমজেড) একটি মাইন বিস্ফোরণে তিনজন দক্ষিণ কোরিয়ার সেনা আহত হন। এর ফলে সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
গত ৩ নভেম্বর, দক্ষিণ কোরিয়ার উল্লেউংদো দ্বীপের কাছে আন্তর্জাতিক জলসীমায় মাছ ধরার নৌকাটি ভাসতে দেখা যায়। নৌকাটিতে শুরুতে সাতজন উত্তর কোরীয় নাগরিক ছিলেন। পরে, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী ও উপকূলরক্ষী বাহিনী নৌকাটি উদ্ধার করে।
দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন সরকারি সংস্থা ও জাতিসংঘের কমান্ড কয়েক দফায় তাদের জিজ্ঞাসাবাদ করে। এতে ছয়জন উত্তর কোরিয়ায় ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তাদের ইচ্ছা নিশ্চিত হওয়ার পর মানবিক কারণে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নৌকাটিতে থাকা একজন দক্ষিণ কোরিয়ায় থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি দেশটিতে থাকবেন বলে একীকরণ মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, শুক্রবার ছয়জনকে নিয়ে মাছ ধরার নৌকাটি নিজস্ব শক্তিতে পূর্ব সাগরের উত্তর সীমারেখা অতিক্রম করে। এই সাগরকে জাপান সাগর নামেও পরিচিত। এই সীমারেখা কার্যত দুই কোরিয়ার সমুদ্রসীমা হিসেবে বিবেচিত হয়। স্থানীয় সময় সকাল ৮টা ৩৩ মিনিটে নৌকাটি সীমারেখা অতিক্রম করে।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, সীমান্তের উত্তর পাশে অপেক্ষমাণ উত্তর কোরিয়ার একটি জাহাজের সঙ্গে নৌকাটি যুক্ত হয়। এরপর, জাহাজটি উত্তর দিকে চলে যায়। ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়, গত বছরের মতো এবারও জাতিসংঘের কমান্ড উত্তর কোরিয়াকে আগেই এই ফেরত পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
সীমান্তের কাছে উত্তর কোরিয়ার একটি জাহাজের উপস্থিতি থেকে ধারণা করা হচ্ছে, পিয়ংইয়ং এ বিষয়ে আগেই অবগত ছিল। তবে এ নিয়ে উত্তর কোরিয়ার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দক্ষিণ কোরিয়ার সংবিধান অনুযায়ী, উত্তর কোরিয়ার সকল নাগরিককে দক্ষিণ কোরিয়ার নাগরিক হিসেবে বিবেচনা করা হয়। দক্ষিণ কোরিয়ার আনুষ্ঠানিক নাম কোরিয়া প্রজাতন্ত্র। উত্তর কোরিয়া থেকে পালিয়ে দক্ষিণ কোরিয়ায় পৌঁছালে এবং সেখানে থাকার ইচ্ছা জানালে সাধারণত তাদের থাকার অনুমতি দেওয়া হয়।
অন্যদিকে, উত্তর কোরিয়া থেকে পালিয়ে যাওয়া ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের ওপর কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পরিচিত দেশটির সরকার। গত বছরও একই ধরনের ঘটনা ঘটেছিল। সে সময় মার্চ ও মে মাসে পৃথক দুটি ঘটনায় উত্তর কোরিয়ার দুটি নৌযান উদ্ধার করে দক্ষিণ কোরিয়া। পরে, নৌযান দুটির সকল আরোহীর ইচ্ছা অনুযায়ী তাদের উত্তর কোরিয়ায় ফেরত পাঠানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন