শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
১১:৫৩ এম
বাংলাদেশে হাসপাতাল পরিদর্শন সাম্প্রতিক সময়ে জনআলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। মন্ত্রী, সংসদ সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হাসপাতাল পরিদর্শন করছেন। এসব পরিদর্শনে হাসপাতালের টয়লেট, পরিচ্ছন্নতা ও পরিবেশের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে। একজন জনপ্রতিনিধির হাতে টয়লেট পরিষ্কার করার ঘটনা আলোচনায় এসেছে। পরিচ্ছন্নতার গুরুত্ব বোঝাতে এমন উদ্যোগ নিঃসন্দেহে একটি ইতিবাচক সামাজিক বার্তা প্রদান করে। কিন্তু প্রশ্ন হলোÑএকটি হাসপাতালের সামগ্রিক মান কি শুধুমাত্র টয়লেটের পরিচ্ছন্নতা দিয়ে নির্ধারণ করা সম্ভব?
হাসপাতাল একটি জটিল, বহুমাত্রিক ও উচ্চঝুঁকিসম্পন্ন প্রতিষ্ঠান। এখানে রোগীর জীবন, চিকিৎসকের দক্ষতা, নার্সের সেবা, ওষুধের প্রাপ্যতা, রোগ নির্ণয়ের নির্ভুলতা, সংক্রমণ নিয়ন্ত্রণ, অবকাঠামো, আর্থিক ব্যবস্থাপনা এবং প্রশাসনিক জবাবদিহিতা—সবকিছু পরস্পরের সঙ্গে সম্পর্কিত। তাই হাসপাতাল পরিদর্শন শুধুমাত্র অপরিচ্ছন্নতা খুঁজে বের করার কাজ নয়; এটি রোগীর নিরাপত্তা, চিকিৎসার গুণগত মান এবং স্বাস্থ্যসেবার জবাবদিহিতা নিশ্চিত করার জন্য একটি বিজ্ঞানভিত্তিক ও ফলাফলনির্ভর উদ্যোগ হওয়া উচিত।
জনপ্রতিনিধিদের হাসপাতাল পরিদর্শন গণতান্ত্রিক জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ অংশ। জনগণের অর্থে পরিচালিত সরকারি হাসপাতালের বাস্তব অবস্থা দেখা, রোগীদের দুর্ভোগ জানা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা তাদের দায়িত্ব। হাসপাতালের টয়লেট, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি, অপরিচ্ছন্ন ওয়ার্ড ও দুর্গন্ধ সরাসরি রোগীর স্বাস্থ্য এবং মর্যাদার সঙ্গে সম্পর্কিত। এসব সমস্যা দীর্ঘকাল অবহেলিত থাকলে সরেজমিনে পরিদর্শন প্রশাসনকে সক্রিয় করতে পারে।
তবে যদি পরিদর্শন ক্যামেরার সামনে প্রতীকী পরিচ্ছন্নতা অভিযান কিংবা কর্মকর্তাদের সাময়িক তৎপরতার মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে দীর্ঘমেয়াদি পরিবর্তন আসবে না। প্রায়ই দেখা যায়, গুরুত্বপূর্ণ ব্যক্তির পরিদর্শনের আগে ওয়ার্ড পরিষ্কার করা হয়, টয়লেট ধোয়া হয়, দেয়ালে রঙ করা হয় এবং হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ প্রস্তুতি নেয়। কিন্তু পরিদর্শনের কয়েক দিন পর পরিস্থিতি আবার আগের অবস্থায় ফিরে যায়। এটি নিয়মিত ব্যবস্থাপনার পরিবর্তে পরিদর্শনকেন্দ্রিক সাময়িক প্রস্তুতির দুর্বলতা।
হাসপাতাল পরিচালনায় প্রয়োজন নিয়মিত, ধারাবাহিক ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা। একটি পরিদর্শনের সাফল্য নির্ধারিত হওয়া উচিত পরিদর্শনের দিন হাসপাতাল কতটা পরিষ্কার ছিল, তা দিয়ে নয়; বরং এক মাস, ছয় মাস কিংবা এক বছর পর রোগীরা কতটা নিরাপদ ও মানসম্মত সেবা পাচ্ছেন, তা দিয়ে।
হাসপাতালের পরিচ্ছন্নতার সমস্যা গুরুতর। কিন্তু এর পেছনের কারণগুলোও অনুসন্ধান করতে হবে। প্রয়োজনের তুলনায় পরিচ্ছন্নতাকর্মীর সংখ্যা কম, রোগীর সংখ্যা অনুমোদিত শয্যার কয়েক গুণ, পর্যাপ্ত পানি নেই, বর্জ্য ব্যবস্থাপনার উপযুক্ত ব্যবস্থা নেই—এমন পরিস্থিতিতে শুধু হাসপাতাল পরিচালককে ভর্ৎসনা করে সমস্যার সমাধান সম্ভব নয়। প্রয়োজন জনবল, অর্থ, সরঞ্জাম, প্রশিক্ষণ এবং কার্যকর তদারকি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের ২০২৫ সালের তথ্যের ভিত্তিতে ২০২৬ সালে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশের মাত্র ৭১ শতাংশ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মৌলিক পানীয় জলের ব্যবস্থা রয়েছে। মৌলিক পয়ঃনিষ্কাশন সুবিধা রয়েছে ২৫ শতাংশ প্রতিষ্ঠানে, স্বাস্থ্যবিধির সুবিধা ৩২ শতাংশে, বর্জ্য ব্যবস্থাপনা ১৬ শতাংশে এবং পরিবেশগত পরিচ্ছন্নতার ব্যবস্থা মাত্র ২০ শতাংশ প্রতিষ্ঠানে। এই চিত্র প্রমাণ করে, পরিচ্ছন্নতার সংকট কোনো বিচ্ছিন্ন সমস্যা নয়; এটি আমাদের স্বাস্থ্যব্যবস্থার গভীর কাঠামোগত দুর্বলতার প্রতিফলন।
অতএব, প্রয়োজন পরিচ্ছন্নতার জন্য নির্দিষ্ট বাজেট, পর্যাপ্ত প্রশিক্ষিত কর্মী, নিরাপদ পানি, নিয়মিত রক্ষণাবেক্ষণ, বর্জ্য পৃথককরণ ও নিরাপদ নিষ্পত্তি এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার জবাবদিহিতা।
দক্ষিণ এশিয়ার অভিজ্ঞতা থেকে শিক্ষা
হাসপাতালের মান উন্নয়নে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের উদ্যোগ আমাদের জন্য শিক্ষণীয়। ভারতে ‘কায়াকল্প’ কর্মসূচির মাধ্যমে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি, সংক্রমণ নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনা মূল্যায়ন করা হয়। পাশাপাশি জাতীয় গুণগত মান নিশ্চিতকরণ ব্যবস্থায় রোগীর অধিকার, চিকিৎসাসেবা, জনবল, অবকাঠামো, সংক্রমণ নিয়ন্ত্রণ এবং চিকিৎসার ফল বিবেচনা করা হয়। এতে হাসপাতালের নিজস্ব মূল্যায়ন, অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে মূল্যায়ন এবং বহিরাগত মূল্যায়নের সুযোগ রয়েছে।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে স্বাস্থ্যসেবা কমিশন নির্ধারিত মানদণ্ড অনুসারে হাসপাতাল পরিদর্শন করে। প্রশিক্ষিত পরিদর্শক দল হাসপাতালের সেবা, ওষুধ ব্যবস্থাপনা, রোগীর নিরাপত্তা, জনবল, অবকাঠামো ও তথ্য ব্যবস্থাপনা মূল্যায়ন করে। শ্রীলঙ্কায় হাসপাতালের গুণগত মান উন্নয়ন, রোগীর নিরাপত্তা এবং হাসপাতালের স্বীকৃতি প্রদানের জন্য বিশেষায়িত উদ্যোগ রয়েছে। এসব অভিজ্ঞতা থেকে বোঝা যায়, হাসপাতাল পরিদর্শন ব্যক্তিনির্ভর না হয়ে আইন, নির্ধারিত মানদণ্ড, প্রশিক্ষিত মূল্যায়নকারী এবং ধারাবাহিক মানোন্নয়নের প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় হওয়া প্রয়োজন।
বাংলাদেশের সরকারি ও বেসরকারি উভয় হাসপাতালের জন্য একটি জাতীয় হাসপাতাল পরিদর্শন ও গুণগত মান মূল্যায়ন কাঠামো প্রণয়ন করা প্রয়োজন। হাসপাতালের আকার, শয্যাসংখ্যা ও সেবার ধরন অনুযায়ী মূল্যায়নের সূচক ভিন্ন হতে পারে। তবে অন্তত ১২টি বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।
১. পরিচ্ছন্নতা ও পরিবেশ : রোগী ও দর্শনার্থীদের জন্য পরিচ্ছন্ন টয়লেট, নিরাপদ পানি, হাত ধোয়ার ব্যবস্থা, ওয়ার্ড, অস্ত্রোপচারকক্ষ এবং বর্জ্য ব্যবস্থাপনা।
২. রোগীর নিরাপত্তা ও চিকিৎসার মান : সঠিক রোগী শনাক্তকরণ, নির্ভুল রোগ নির্ণয়, নিরাপদ অস্ত্রোপচার, ওষুধের সঠিক প্রয়োগ এবং চিকিৎসাজনিত জটিলতা ও মৃত্যুর কারণ পর্যালোচনা।
৩. জনবল : চিকিৎসক, বিশেষজ্ঞ, নার্স, চিকিৎসা-প্রযুক্তিবিদ, ফার্মাসিস্ট ও পরিচ্ছন্নতাকর্মীর পর্যাপ্ততা, কর্মস্থলে উপস্থিতি, দক্ষতা ও প্রশিক্ষণ।
৪. জরুরি ও নিবিড় পরিচর্যা : ২৪ ঘণ্টার জরুরি চিকিৎসা, প্রশিক্ষিত জনবল, নিবিড় পরিচর্যা কেন্দ্র, অক্সিজেন, কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের যন্ত্র, রক্ত সরবরাহ ও অ্যাম্বুলেন্স।
৫. ওষুধ ও রোগ নির্ণয় : প্রয়োজনীয় ওষুধ, পরীক্ষাগার, এক্স-রে, আলট্রাসনোগ্রাম, কম্পিউটার টমোগ্রাফিসহ প্রয়োজনীয় যন্ত্রপাতির প্রাপ্যতা ও কার্যকারিতা।
৬. রোগীর অধিকার : রোগীর মর্যাদা ও গোপনীয়তা, চিকিৎসার তথ্য জানার অধিকার, চিকিৎসার আগে সম্মতি গ্রহণ এবং অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা।
৭. সংক্রমণ প্রতিরোধ : হাত ধোয়া, জীবাণুমুক্তকরণ, অস্ত্রোপচারকক্ষের পরিচ্ছন্নতা, সংক্রামক রোগীর পৃথককরণ এবং হাসপাতাল-সংশ্লিষ্ট সংক্রমণ নিয়ন্ত্রণ।
৮. অবকাঠামো ও অগ্নিনিরাপত্তা : ভবনের নিরাপত্তা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, জরুরি বহির্গমন, লিফট, বিদ্যুৎ, জেনারেটর ও অক্সিজেনের বিকল্প ব্যবস্থা।
৯. প্রশাসনিক ব্যবস্থাপনা : দায়িত্ব বণ্টন, নিয়মিত ব্যবস্থাপনা সভা, চিকিৎসা নির্দেশিকা অনুসরণ, কর্মীদের কাজের মূল্যায়ন এবং মানোন্নয়ন কার্যক্রম।
১০. আর্থিক স্বচ্ছতা : বাজেট ও ব্যয়ের স্বচ্ছতা, ওষুধ এবং যন্ত্রপাতি ক্রয়, দরপত্র, সম্পদের যথাযথ ব্যবহার এবং আর্থিক নিরীক্ষা।
১১. তথ্য ব্যবস্থাপনা : রোগীর নথি সংরক্ষণ, ডিজিটাল তথ্যব্যবস্থা, অপেক্ষার সময় পর্যবেক্ষণ এবং রোগীর তথ্যের নিরাপত্তা।
১২. চিকিৎসার ফল : হাসপাতালভিত্তিক মৃত্যুহার, জটিলতা, পুনরায় ভর্তি, হাসপাতালে অবস্থানের সময় এবং চিকিৎসার মানোন্নয়নে গবেষণা।
প্রস্তাবিত ব্যবস্থায় পাঁচটি ধাপ অনুসরণ করা যেতে পারে। প্রথমত, প্রতিটি হাসপাতাল প্রতি তিন মাসে নিজস্ব মূল্যায়ন করবে। দ্বিতীয়ত, প্রশিক্ষিত চিকিৎসক, নার্সিং প্রশাসক, জনস্বাস্থ্য ও হাসপাতাল ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, সংক্রমণ নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ, প্রকৌশলী এবং আর্থিক নিরীক্ষকদের সমন্বয়ে গঠিত বহুবিষয়ক দল বাহ্যিক পরিদর্শন করবে। তৃতীয়ত, রোগী ও তাদের স্বজনদের মতামত সরাসরি এবং প্রয়োজনে গোপনীয়ভাবে নেওয়া হবে। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যের ভিত্তিতে মূল্যায়ন করা যাবে না। চতুর্থত, সমস্যা চিহ্নিত হলে সংশ্লিষ্ট হাসপাতালকে নির্দিষ্ট সময়সীমাসহ সংশোধনমূলক কর্মপরিকল্পনা জমা দিতে হবে। পঞ্চমত, পুনরায় পরিদর্শনের মাধ্যমে অগ্রগতি যাচাই করে মূল্যায়ন প্রতিবেদন জনগণের জন্য প্রকাশ করতে হবে। পরিদর্শনের সময় হাসপাতালের নিয়মিত চিকিৎসাসেবা যেন ব্যাহত না হয়, সেটিও নিশ্চিত করতে হবে।
রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব
একজন জনপ্রতিনিধি নিজ হাতে টয়লেট পরিষ্কার করে পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে সামাজিক বার্তা দিতে পারেন। কিন্তু তার মূল দায়িত্ব পরিচ্ছন্নতাকর্মীর কাজ করা নয়; বরং এমন প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থা নিশ্চিত করা, যাতে প্রতিটি হাসপাতালের টয়লেট প্রতিদিন পরিষ্কার থাকে। একইভাবে শুধু হাসপাতাল কর্তৃপক্ষকে তিরস্কার করলেই হবে না। জনবল সংকট দূর করা, পর্যাপ্ত বাজেট ও চিকিৎসাসামগ্রী নিশ্চিত করা, হাসপাতাল পরিচালকদের প্রশাসনিক সক্ষমতা বাড়ানো, দুর্নীতি প্রতিরোধ এবং হাসপাতালের মান উন্নয়নে দীর্ঘমেয়াদি নীতি গ্রহণে তাদের কার্যকর ভূমিকা রাখতে হবে।
হাসপাতালের আর্থিক অনিয়ম, সরকারি সম্পদের অপব্যবহার ও ক্রয়প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে চিকিৎসার গুণগত মান ও রোগীর নিরাপত্তা মূল্যায়নে অবশ্যই পেশাগত বিশেষজ্ঞদের সম্পৃক্ত করতে হবে। সংসদীয় পর্যবেক্ষণ ও প্রশাসনিক জবাবদিহিতার মাধ্যমে পরিদর্শনের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করা যেতে পারে।
একজন রোগী হাসপাতালে এসে পরিচ্ছন্ন টয়লেট চান; তিনি চান সময়মতো চিকিৎসক, দক্ষ নার্স, প্রয়োজনীয় ওষুধ, নির্ভুল রোগ নির্ণয়, নিরাপদ অস্ত্রোপচার, সহানুভূতিশীল আচরণ এবং সাশ্রয়ী চিকিৎসা। দরিদ্র রোগী যেন ওষুধের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হন, মুমূর্ষু রোগী যেন নিবিড় পরিচর্যার অভাবে মারা না যান, গর্ভবতীরা যেন জরুরি অস্ত্রোপচারের জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরে না বেড়ান এবং রোগী যেন হাসপাতাল থেকেই নতুন সংক্রমণে আক্রান্ত না হন—এসব বিষয়ও হাসপাতাল পরিদর্শনের কেন্দ্রবিন্দুতে আসতে হবে।
বাংলাদেশের সাম্প্রতিক হাসপাতাল পরিদর্শনকে স্বাস্থ্যব্যবস্থা সংস্কারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করা উচিত। আমাদের প্রয়োজন একটি প্রাতিষ্ঠানিক, বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক ব্যবস্থাÑযেখানে রাজনৈতিক নেতৃত্ব দিকনির্দেশনা দেবে, বিশেষজ্ঞরা মানদণ্ড নির্ধারণ করবেন, প্রশাসন তা বাস্তবায়ন করবে এবং জনগণ ফল পর্যবেক্ষণ করবে।
লেখক: সাবেক উপাচার্য, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, সাবেক উপাচার্য, খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, সাবেক উপাচার্য, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিঙ্গাপুরের আদালত বাংলাদেশি এক যুবককে কারাদণ্ড প্রদান করেছে, যিনি সিঙ্গাপুর এয়ারলাইনসের (এসআইএ) একটি উড়োজাহাজে এক নারী কেবিন ক্রুকে যৌন হয়রানি এবং একটি পুলিশ সদস্যের গায়ে থুতু দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হন। ২৩ বছর বয়সি খন্দকার মোহাম্মদ ইয়ামিনকে দুই মাস ও আট সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গত ২৩ নভেম্বর, ইয়ামিন দোষ স্বীকার করার পর তার সাজা ঘোষণা করা হয়। সিঙ্গাপুরের সংবাদ মাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস এই তথ্য প্রকাশ করেছে।
আদালতের নথি অনুযায়ী, ১১ সেপ্টেম্বর সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে যাত্রা করার সময় ইয়ামিন তিন গ্লাস ওয়াইন পান করে মাতাল হয়ে পড়েন। ভোর ৪টার দিকে, তিনি নিজের আসনে বসে থাকা অবস্থায় এক নারী কেবিন ক্রুর গায়ে হাত দেন। ডেপুটি পাবলিক প্রসিকিউটর ক্লারা লো আদালতকে জানান, স্পর্শের ঘটনা কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল।
২৬ বছর বয়সি ওই নারী আতঙ্কিত ও ক্ষুব্ধ হয়ে ইয়ামিনকে তাকে স্পর্শ করতে নিষেধ করেন। ইয়ামিন তার দিকে তাকিয়ে হাসেন এবং কিছু বলেননি। পরে ওই নারী তার সহকর্মীকে বিষয়টি জানান। সহকর্মী ইয়ামিনের মুখোমুখি হলে পুলিশকে খবর দেওয়া হয়। ফ্লাইটটি সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে অবতরণের পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পরে ব্যক্তিগত মুচলেকায় মুক্তি পাওয়ার পর, ৭ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লিটল ইন্ডিয়ার কাছে জালান বেরসেহ এলাকায় তাকে মাতাল অবস্থায় পাওয়া যায়। তিনি কাঁদছিলেন, অসংলগ্নভাবে চিৎকার করছিলেন এবং একটি শক্ত জায়গায় হেলান দিয়ে ছিলেন।
ডেপুটি পাবলিক প্রসিকিউটর জানান, পুলিশ সদস্যরা সেখানে গিয়ে ইয়ামিনকে মাতাল অবস্থায় পান। তার নাক দিয়ে রক্ত পড়ছিল। চিকিৎসাকর্মীরা তার রক্তচাপ মাপার চেষ্টা করলে তিনি সহযোগিতা করেননি। বরং মাটিতে শুয়ে হাত-পা ছুড়তে থাকেন।
পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্ট কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সিগারেট দেওয়ার দাবি পূরণ না হওয়ায় তিনি আক্রমণাত্মক আচরণ করেন। একপর্যায়ে, তার পা ধরে রাখা এক পুলিশ সদস্যের গায়ে থুতু দেন।
এই ঘটনায় ইয়ামিনের বিরুদ্ধে যৌন হয়রানি এবং সরকারি দায়িত্ব পালনরত ব্যক্তির ওপর অপরাধমূলক বলপ্রয়োগের অভিযোগ আনা হয়। তিনি উভয় অভিযোগেই দোষ স্বীকার করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আজমির হোসেন ৫ বছর ধরে ভাতা পাচ্ছেন না। তিনি অভিযোগ করেছেন যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার সহযোগিতায় তিনি ভাতা প্রাপ্তিতে বৈষম্যের শিকার হচ্ছেন।
আজমিরের বক্তব্য অনুযায়ী, চেয়ারম্যান এবং প্রশাসনিক কর্মকর্তা তাঁকে বৈষম্য করে ভাতা প্রদান করছেন না। তাঁর ওয়ার্ডে যথেষ্ট কর (ট্যাক্স) আদায় করা হলেও অদৃশ্য কারণে ৫ বছরের প্রায় আড়াই লাখ টাকা ভাতা তাঁকে দেওয়া হয়নি। অন্যদিকে, অন্যান্য ইউপি সদস্য ও চেয়ারম্যান নিয়মিত ভাতা গ্রহণ করছেন। বকেয়া ভাতা পাওয়ার জন্য গত ২ নভেম্বর আজমির হোসেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল ইসলাম বাবুলের কাছে একটি লিখিত আবেদন করেছেন।
অভিযোগের সূত্রে জানা যায়, ২০১৬ সালে আজমির ইউপি সদস্য নির্বাচিত হন এবং তিনি টানা দুবার নির্বাচিত হয়েছেন। পরিষদ থেকে প্রতি মাসে সদস্যদের ৪ হাজার ৬০০ টাকা ভাতা দেওয়া হয় বলে জানানো হয়। তবে, প্রথম মেয়াদে পরিষদ থেকে তাঁর ভাতা নিয়মিত ছিল না। সর্বশেষ ২০২৫ সালে তিনি ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত ভাতা পেয়েছেন। এরপর থেকে তাঁকে আর ভাতা দেওয়া হয়নি।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১১ এপ্রিল চেয়ারম্যান সামছুল আলম বাবুল ও প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমানের সইয়ে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের ১ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা ভাতা প্রদান করা হয়। এতে চেয়ারম্যান সামছুল আলম ২০২৩ সালের মার্চ মাস, ইউপি সদস্য সেলিনা আক্তার সুমি ২০২৩ সালের সেপ্টেম্বর মাস, মোহাম্মদ মাসুদ ২০২৪ সালের আগস্ট মাস এবং কাজী ফরিদ উদ্দিন আকবর ২০২৩ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ভাতা পেয়েছেন। কিন্তু আজমির ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত ভাতা পেয়েছেন।
আজমির হোসেন বলেন, “ইউনিয়ন পরিষদ থেকে যে ভাতা দেওয়ার কথা, তা দিচ্ছে না। আমার সঙ্গে বৈষম্য করা হয়েছে। আমি ১০ বছরের মধ্যে ৫ বছরই ভাতা পাইনি। কিন্তু আমার ওয়ার্ড ও ইউনিয়ন থেকে যথারীতি কর সংগ্রহ করা হয়েছে। ইউনিয়ন পরিষদেও জমা হয়েছে। এ ছাড়া ক্রমিক নম্বরবিহীন অনেক রশিদের মাধ্যমে কর সংগ্রহ করেছেন চৌকিদারেরা। কিন্তু ওই টাকাগুলো কোথায়, কীভাবে গেছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। যেহেতু আমি বেতন পাইনি, বারবার চেয়ারম্যান ও সচিবের কাছে গেলেও তাঁরা আমাকে বেতন দিচ্ছেন না। তাঁদের যোগসাজশেই আমি বৈষম্যের শিকার।”
হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মিজানুর রহমান বলেন, “আজমির দুবারের নির্বাচিত সদস্য। প্রথম মেয়াদে তাঁর বকেয়া ভাতা থেকে গেছে। তিনি ওই বকেয়ার টাকা তুলেছেন। এ কারণে চলমান মেয়াদে তাঁর বকেয়া হয়েছে। কর সংগ্রহ হলে অবশ্যই তাঁর টাকা দেওয়া হবে। কর সংগ্রহের বই ছাপানোর সময় হয়তো ক্রমিক নম্বর আসেনি। তবুও আমরা খতিয়ে দেখব।”
হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল ইসলাম বাবুল বলেন, “কর সংগ্রহ কম। এ কারণে পরিষদ থেকে ভাতা দেওয়া সম্ভব হচ্ছে না। ইউপি সদস্যদের কর সংগ্রহ করে ভাতা নেওয়ার জন্য বলা হয়েছে। আজমির আমার কাছে আবেদন করেছেন। কর সংগ্রহ করতে পারলে তাঁর টাকা দেওয়া হবে।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে জয়পুরহাটের শীর্ষ সন্ত্রাসী রনজু সরকারকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ (এসআরবি) জয়পুরহাট সিপিসি-৩-এর আভিযানিক দল। অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দক্ষিণ জামালপুর দাদরা দুধিয়াপাড়া গ্রাম থেকে এই গ্রেপ্তারির ঘটনা ঘটে। রনজু সরকার মিন্টু সরকারের ছেলে বলে জানা গেছে।
এসআরবি-৫ জয়পুরহাট ক্যাম্পের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শুক্রবার (২৭ নভেম্বর) সকালে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫, জয়পুরহাট সিপিসি-৩ এর আভিযানিক দল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে দক্ষিণ জামালপুর দাদরা দুধিয়াপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে সন্ত্রাসী রনজু সরকারকে আমেরিকার তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি তাজা গুলি ও গুলির খোসা এবং পাঁচটি সেল ফোনসহ গ্রেপ্তার করা হয়।
রনজু সরকারের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, দ্রুত বিচার ও বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ ও ডাকাতিসহ ১৩টি মামলা রয়েছে।
এসআরবি-৫-এর মিডিয়া কর্মকর্তা এ এসপি নাঈম আনোয়ার শাওন জানিয়েছেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাতে তাকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শীতকালীন নানা ধরনের সবজি বাজারে আসতে শুরু করেছে। এর ফলে সবজির দাম ওঠানামা করছে। অন্যদিকে, ব্রয়লার ও সোনালী মুরগির দাম কমেছে, তবে লেয়ার ও দেশি মুরগির দাম বেড়েছে। কিছু ধরনের মাছের দামও বৃদ্ধি পেয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারসহ আশপাশের বিভিন্ন বাজারে এই পরিস্থিতি দেখা গেছে।
নতুন দেশি টমেটো বাজারে আসতে শুরু করেছে। বর্তমানে প্রতি কেজি দেশি টমেটো ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দাম ৪০ থেকে ৫০ টাকা, নতুন আলুর দাম ৪০ টাকা, পেঁপে ৩০ টাকা, বেগুন ৭০ টাকা, শিম ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, করলা ৮০ টাকা, মুলা ৪০ থেকে ৫০ টাকা এবং পটল ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
প্রতি ডজন লেবুর দাম ৪০ টাকা। শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পেলেও ফুলকপি ও বাঁধাকপির দাম বেড়ে গেছে। বর্তমানে প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় পেঁপের দাম কেজিতে ১০ টাকা এবং ফুলকপি ও বাঁধাকপির দাম প্রতিটিতে ১৫ টাকা বেড়েছে।
সবজি কিনতে আসা এক ক্রেতা মন্তব্য করেন, ‘বাজারে নতুন দেশি টমেটো উঠতে শুরু করেছে, এটা ভালো খবর। তবে ফুলকপি ও বাঁধাকপির দাম বেড়েছে। সবজির দাম আরও কিছুটা কমলে সাধারণ মানুষের জন্য বাজার করা আরও সহজ হতো।’
এক সবজি বিক্রেতা জানান, ‘বাজারে নতুন দেশি টমেটো আসছে। শীতের সবজিও পাওয়া যাচ্ছে। তবে কিছু সবজির দাম বেড়েছে, আবার কিছুর কমেছে। বিশেষ করে ফুলকপি ও বাঁধাকপির দাম আগের চেয়ে বেশি।’
মুরগির বাজারে মিশ্র চিত্র দেখা যাচ্ছে। বর্তমানে ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের তুলনায় ১০ টাকা কম। সোনালী মুরগির দাম ১০ থেকে ৩০ টাকা কমে ২৮০ থেকে ৩০০ টাকায় দাঁড়িয়েছে।
তবে লেয়ার মুরগির দাম ৩০ টাকা বেড়ে ৩০০ টাকা কেজি হয়েছে। দেশি মুরগির দাম ৬২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যা ২০ টাকা বেড়েছে। এক মুরগি বিক্রেতা বলেন, ‘সব ধরনের মুরগির দাম এক রকম নেই। ব্রয়লার ও সোনালির দাম কমেছে, অন্যদিকে লেয়ার ও দেশি মুরগির দাম বেড়েছে।’
মাছের বাজারে কিছু ধরনের মাছের দাম বৃদ্ধি পেয়েছে। বর্তমানে রুই ও কাতলা মাছ কেজিপ্রতি ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় দাম ৫০ টাকা বেড়েছে। পাবদা মাছ ৩০০ টাকা এবং টেংরা ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে ডিমের বাজারে দামের কোনো পরিবর্তন নেই। বর্তমানে প্রতি ডজন লাল ডিম ১৩০ টাকা এবং সাদা ডিম ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ