০৯:০৭ পি.এম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, পাটের টাকায় পাকিস্তান গড়ে উঠেছিল,যে পাটের টাকা দিয়ে ইসলামাবাদ রাজধানী হয়েছিল, চা ও পাটের জন্য আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি যুদ্ধ করেছি দেশকে স্বাধীন করেছি।
শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জের মিরপুরে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: ভালুকায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলটনের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর র্যালি
অনুষ্ঠানে আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করে গেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অনেকে নিহত হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। আওয়ামী লীগের পতনের পর অনুষ্ঠিত নির্বাচনে কাউকে ভয়ভীতি দেখানো হয়নি, ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়নি এবং দিনে ভোট, রাতে গণনা এমন কোনো ঘটনা ঘটেনি। সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে সরকার গঠিত হয়েছে। রাজনীতির উদ্দেশ্য প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, রাজনীতিতে কী পেলাম, সেটি বড় বিষয় নয়। রাজনীতি হলো মানুষকে কী দিলাম, সেটিই গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে আমি বলেছিলাম, হাসিনা থাকাকালীন সময় দেশে ফিরব না; আমার লাশ ফিরবে। কিন্তু আল্লাহর ইচ্ছায় তিনি পালিয়ে গেছেন, আর আমি দেশে ফিরেছি।
তাঁতশিল্পের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, প্রশিক্ষণ নিয়ে নারীরা স্বাবলম্বী হতে পারেন। ক্ষুদ্র উদ্যোগ থেকে শুরু করে বড় উদ্যোক্তা হওয়ার সুযোগ রয়েছে এ খাতে।
তিনি আরও বলেন, সরকারে থাকার অর্থ এই নয় যে কেউ বড় কিছু হয়ে গেছে। দেশের কল্যাণে কাজ করতে হবে এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। প্রধানমন্ত্রীর তারেক রহমান সম্পর্কে মন্ত্রী বলেন, তিনি দেশকে ভালোবাসেন এবং সবাইকে ঐক্যবদ্ধ রাখতে চান। তিনি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না। সবাইকে সঙ্গে নিয়ে চলাই জিয়া পরিবারের শিক্ষা। অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী তাঁত প্রশিক্ষণ কেন্দ্রটির উদ্বোধন করেন।
আরও পড়ুন: সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিন
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন