বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৫:২৪ পি.এম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা তৈরির উদ্দেশ্যে আয়োজিত ‘ডেঙ্গু ফ্রি ডিইউ ফটো হান্ট’ কর্মসূচির প্রচারণামূলক পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছেন আয়োজকেরা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের কাছে পৃথকভাবে স্মারকলিপি ও লিখিত আবেদন জমা দেওয়া হয়। স্মারকলিপিতে স্বাক্ষর করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং এই কর্মসূচির সমন্বয়ক মো. তরিকুল ইসলাম তারিক।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, সরকারের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে ‘ঢাকা ইউনিভার্সিটি সিভিক ইনেটিয়েটিভ’-এর উদ্যোগে এক সপ্তাহব্যাপী এই কর্মসূচি আয়োজন করা হয়েছে। প্রচারণার স্বার্থে গত ২০ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পোস্টার লাগানো হয়। কিন্তু পরদিন দেখা যায়, লাগানো পোস্টারগুলোর অধিকাংশই ছিঁড়ে ফেলা হয়েছে। আয়োজকেরা অভিযোগ করেছেন যে, এই ঘটনায় জনসচেতনতামূলক উদ্যোগের কার্যক্রম ব্যাহত হয়েছে।
আয়োজকদের দাবি, শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, একাডেমিক ভবন ও আশপাশের এলাকায় সম্ভাব্য মশার প্রজননস্থল চিহ্নিত করা এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করাই এই আয়োজনের মূল লক্ষ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে জনস্বাস্থ্য ও পরিবেশ সচেতনতাবিষয়ক কর্মসূচি নির্বিঘ্নে পরিচালিত হওয়া প্রয়োজন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিচালিত এ ধরনের উদ্যোগ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চার দফা দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে—ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শনাক্ত ও ব্যবস্থা গ্রহণ, সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, ভবিষ্যতে প্রচারণাসামগ্রীর নিরাপত্তা নিশ্চিত করা এবং পোস্টার প্রদর্শনের স্থানগুলোতে নজরদারি ও প্রক্টরিয়াল টহল জোরদার করা।
এছাড়া উপাচার্যের কাছে দেওয়া স্মারকলিপিতে ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার ক্ষেত্রে প্রশাসনিক সহযোগিতা কামনা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে পরিবেশ, পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্যবিষয়ক শিক্ষার্থী-নেতৃত্বাধীন কর্মসূচিগুলোর সঙ্গে প্রশাসনের সমন্বয় বৃদ্ধিরও আহ্বান জানান আয়োজকেরা। আয়োজকেরা আশা প্রকাশ করেছেন যে, প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পদক্ষেপ নেবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গাজীপুরের কালীগঞ্জের পুলিশ জাহিদ মুন্সি (২৬) নামে এক এনসিপি নেতাকে গ্রেপ্তার করেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) কালীগঞ্জ থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
জাহিদ মুন্সি কালীগঞ্জ পৌরসভার মুনসেফপুর গ্রামের জাকির মিস্ত্রির সন্তান। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্যসচিব ছিলেন। মামলার পর তাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
মামলার তথ্য অনুযায়ী, চার মাস আগে মুনসেফপুর গ্রামের জাকির মিস্ত্রির দোকানে ঘড়ি কিনতে গিয়ে ভুক্তভোগী নারীর সঙ্গে জাহিদ মুন্সির পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জাহিদ তাকে একটি গেস্ট হাউসে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। সেই সময় তিনি ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করেন।
পরে, ওই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দিয়ে, তাকে মিরের বাজারের একটি গেস্ট হাউস, বিভিন্ন হোটেল, রিসোর্ট এবং সরকারি শ্রমিক কলেজের পেছনে রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত স্টাফ কোয়ার্টারসহ অন্যান্য স্থানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এরপর কলেজছাত্রী জাহিদকে বিয়ের জন্য চাপ দিলে তিনি তাকে মারধর করেন। পরে, ওই নারী তার বড় বোনকে সঙ্গে নিয়ে জাহিদ মুন্সির বাড়িতে গিয়ে জানতে পারেন যে, জাহিদ একাধিক বিয়ে করেছেন এবং তার একটি সন্তানও রয়েছে।
১২ সেপ্টেম্বর, ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এই বিষয়ে জাহিদের সঙ্গে মোবাইল ও বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাজীপুর জেলা শাখার আহ্বায়ক এম এম শোয়াইব বলেন, ‘এনসিপির গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ন সদস্যসচিব জাহিদ মুন্সির (২৬) বিরুদ্ধে দলীয় নীতি, আদর্শ ও নৈতিকতার পরিপন্থী কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ পাওয়ায় তাকে প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।’
কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, ‘আসামি জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজবাড়ীর গোয়ালন্দে সাত বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় শিশুটির বাবা বুধবার (২৩ সেপ্টেম্বর) থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত প্রধান আসামী হবি সরদারকে (৫৫) গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ওমেদ আলী সরদারপাড়া গ্রামের মৃত ওমেদ আলী সরদারের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষণের ঘটনাটি ঘটেছে দুদিন আগে। অভিযুক্ত হবি সরদার শিশুটির বাড়ি ফাঁকা পেয়ে তাকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এরপর বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। তবে আজ বুধবার সকালে স্থানীয়রা বসে সালিসের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। কিন্তু খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত হবিকে গ্রেপ্তার করে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি শফিকুল ইসলাম জানান, ‘শিশু ধর্ষণের অভিযোগে বুধবার থানায় একটি ধর্ষণ মামলা রুজু হয়েছে। একমাত্র আসামি হবি সরদারকে গ্রেপ্তার করে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া ভুক্তভোগী ওই শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুরে ট্রাক এবং অটোরিকশার মধ্যে সংঘর্ষের ফলে তিনজন প্রাণ হারিয়েছেন। এই দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মহানগরের ধীরাশ্রম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু ঘটে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। ট্রাক এবং অটোরিকশা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।
ওসি আরও জানান, ধীরাশ্রমের ওই এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। অটোরিকশাচালককে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হাম উপসর্গে ১১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে এই তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু ঘটেছে, সিলেট বিভাগে একজন, চট্টগ্রামে দুজন, খুলনায় একজন এবং রংপুরে দুজনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৫৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ফলে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জনে পৌঁছেছে। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১১৩ জন। এ নিয়ে মোট নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৮৫১ জনে।
১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৪৮ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৫ হাজার ৬১২ জন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ