০৫:১৩ পি.এম
সমগ্র সৃষ্টি আল্লাহর পরিবারভুক্ত। সুতরাং, যেমন পরিবারপ্রধান তার পরিবারের সদস্যদের প্রতি উত্তম আচরণ আশা করেন, তেমনি আল্লাহও চান যে তাঁর সব সৃষ্টির প্রতি উত্তম আচরণ করা হোক। হাদিসে উল্লেখ করা হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক বিষয়ে সদাচরণ করা আবশ্যক করেছেন। অতএব, তোমরা যখন হত্যা করবে, উত্তম পন্থায় হত্যা করবে। আর যখন জবাই করবে, উত্তম পন্থায় জবাই করবে। তোমাদের প্রত্যেকে যেন তার ছুরি ধারালো করে নেয় এবং জবাইকৃত প্রাণীকে কষ্ট থেকে মুক্তি দেয়।’ (সহিহ মুসলিম, হাদিস : ১৯৫৫)
দয়া হবে সর্বজনীন
ইসলাম দয়া ও সহানুভূতির যে শিক্ষা দিয়েছে, তা সর্বজনীন। সৃষ্টিজীবের প্রতি দয়া প্রদর্শনে ইসলাম মানুষ ও অন্যান্য জীবের মধ্যে কোনো তারতম্য করে না। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা জমিনের যারা আছে তাদের প্রতি দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৯৪১)
আরও পড়ুন: ৩৯ বছরে এক হাজার মসজিদ ও ২ লাখ মরদেহের দাফন করেছে এএমআই
কষ্টের বদলায় কষ্ট নয়
আল্লাহ সৃষ্টিজীবের প্রতি দয়া করার নির্দেশ দিয়েছেন এবং অন্যের পক্ষ থেকে কষ্ট পেলে তার উত্তরে কষ্ট না দেওয়ার নির্দেশও দিয়েছেন। আল্লাহ বলেন, ‘মন্দের মোকাবেলা করো, যা উত্তম তা দ্বারা।’ (সুরা মুমিনুন, আয়াত : ৯৬)
আল্লামা সাদি (রহ.) আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেন, ‘যদি তোমার শত্রুরা কথা ও কাজে তোমাকে কষ্ট দেয়, তবে তুমি তাদের মোকাবেলা কষ্ট বা মন্দ দিয়ে কোরো না।’ (তাফসিরে সাদি, পৃষ্ঠা-৫৫৮)
মনীষীদের দৃষ্টিতে অন্যের প্রতি দয়া
আরও পড়ুন: মুসলিমদের সামরিক শক্তি শত্রুর মধ্যে ভীতি সৃষ্টির পর্যায়ে উন্নীত করতে হবে: আয়াতুল্লাহ শিরাজি
কোরআন ও হাদিসের পাশাপাশি মুসলিম মনীষীরাও সৃষ্টিজীবের প্রতি দয়া ও অনুগ্রহ করার শিক্ষা প্রদান করেছেন। যেমন—
১. উসমান ইবনে আফফান (রা.) বলেছেন, ‘মানুষের করা আমলের ভেতর নামাজ সর্বোত্তম। যখন মানুষ উত্তম আচরণ করে, তখন তাদের সঙ্গেও উত্তম আচরণ কোরো। যখন তারা মন্দ আচরণ করে, তখন তাদের কষ্ট দেওয়া থেকে বিরত থাকো।’ (সহিহ বুখারি, হাদিস : ৬৯৫)
২. আলী ইবনে আবি তালিব (রা.) বলেছেন, প্রকৃতপক্ষে আমি কারো প্রতি দয়াও করিনি এবং কারো প্রতি মন্দ আচরণও করিনি। কেননা আল্লাহ বলেছেন, কেউ ভালো কাজ করলে সে নিজের জন্য করে এবং মন্দ করলে তার পরিণতিও তার দিকে প্রবর্তিত হয়। সুতরাং আমি ভালো করলে নিজেরই ভালো করেছি এবং আমি কারো মন্দ করলে নিজেরই মন্দ করেছি। (গাম্বিহুল গাফিলিন, পৃষ্ঠা-৩৭৮)
৩. হাসান বসরি (রহ.) বলেছেন, নিশ্চয়ই মুমিন উত্তম আচরণ ও দয়া একত্র করে এবং মুনাফিক মন্দ আচরণ ও আল্লাহর শাস্তি থেকে নির্ভয়তা একত্র করে। (তাফসিরে তাবারি : ১৭/৬৮)
আরও পড়ুন: ৯১ বছরের আওয়াদের কোরআন তেলাওয়াতে কাঁদলেন মন্ত্রীসহ দর্শকরা
অন্যকে কষ্ট দেওয়ার পরিণতি
কোরআন ও হাদিসে সৃষ্টিজীবকে কষ্ট দেওয়ার ভয়াবহ পরিণতি বর্ণনা করা হয়েছে। যেমন—
১. আল্লাহর ক্রোধের পাত্র হবে: যারা মন্দ কাজ ও আচরণের মাধ্যমে কাউকে কষ্ট দেবে, তারা কিয়ামতের দিন আল্লাহর ভয়াবহ ক্রোধের মুখোমুখি হবে। হাদিসে কুদসিতে উল্লেখ আছে, ‘আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে কিয়ামতের দিন আমি নিজে তিন ব্যক্তির বিরুদ্ধে বাদী হবো—যে আমার নামে ওয়াদা করে তা ভঙ্গ করল; যে কোনো স্বাধীন মানুষকে বিক্রি করে তার মূল্য ভোগ করল এবং যে কোনো মজুর নিয়োগ করে তার হতে পুরো কাজ আদায় করে এবং তার পারিশ্রমিক দেয় না।’ (বুখারি, হাদিস : ২২২৭)
২. পরকালে নিঃস্ব হওয়া: যারা মানুষকে কষ্ট দিয়ে, মানুষের হক নষ্ট করে অন্যকে কষ্ট দেয়, তারা কিয়ামতের দিন নিঃস্ব হয়ে যাবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আমার উম্মতের মধ্যে নিঃস্ব তো সেই ব্যক্তি, যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও জাকাতের (নেকি) নিয়ে উপস্থিত হবে। (একই সঙ্গে সে এমন অবস্থায় আসবে যে) সে কাউকে গালি দিয়েছে, কারো প্রতি মিথ্যা অপবাদ দিয়েছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে। কারো রক্তপাত করেছে এবং কাউকে মেরেছে। অতঃপর এ (অত্যাচারিত)-কে তার নেকি দেওয়া হবে। পরিশেষে যদি তার নেকিরাশি অন্যদের দাবি পূরণ করার আগেই শেষ হয়ে যায়, তাহলে তাদের পাপরাশি নিয়ে তার ওপর নিক্ষেপ করা হবে। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।’ (সহিহ মুসলিম, হাদিস : ৬৭৪৪)
আরও পড়ুন: বিয়ের আগে ‘অবৈধ সম্পর্ক’ থাকলে আল্লাহর কাছে যেভাবে ক্ষমা চাইতে হবে
৩. পরকালে মর্যাদা হানি: মানুষকে কষ্ট দেওয়ার একটি মাধ্যম অভিশাপ করা। যারা মানুষকে অভিশাপ করে কিয়ামতের দিন তাদের বিশেষ সম্মান থেকে বঞ্চিত করা হবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘অভিশাপকারী কিয়ামতের দিন সাক্ষী ও সুপারিশকারী হতে পারবে না।’ (সহিহ মুসলিম, হাদিস : ২৫৯৮)
আল্লাহ সবাইকে দয়া ও অনুগ্রহের অধিকারী হওয়ার তাওফিক দিন। আমিন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন