০৪:১১ পি.এম
মুসলমানদের সামরিক সক্ষমতা এমন পর্যায়ে উন্নীত করা আবশ্যক, যাতে শত্রুরা তাদের বিরুদ্ধে আগ্রাসন চালানোর পূর্বে ভয় ও পরিণতির বিষয়টি বিবেচনা করে। এই উদ্দেশ্যে, ইরানের বিশিষ্ট ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি প্রতিরক্ষা ও সামরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি সব ধরনের সক্ষমতা কাজে লাগানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন।
তিনি উল্লেখ করেন, পবিত্র কোরআনে মুসলমানদের সামরিক প্রস্তুতি ও প্রতিরোধক্ষমতা গড়ে তোলার জন্য সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। সূরা আনফালের ৬০ নম্বর আয়াতে এই বিষয়ে তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়েছে।
গত ১৫ নভেম্বর মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর কন্যা হজরত ফাতিমা জাহরা (রা.)-এর শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক শোকানুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি ইরানের ইমাম আমিরুল মুমিনিন (আ.) ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: বিলকিস বানু গণধর্ষণ মামলায় দুই দোষীর যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত, জামিন মঞ্জুর
সামরিক প্রস্তুতি নিয়ে কোরআনের তিন নির্দেশনা তুলে ধরেন আয়াতুল্লাহ মাকারেম শিরাজি। তিনি বলেন, পবিত্র কোরআনের সূরা আনফালের ৬০ নম্বর আয়াতের অর্থ হলো, ‘তোমরা তাদের মোকাবিলার জন্য যথাসাধ্য শক্তি ও অশ্ববাহিনী প্রস্তুত রাখবে, যার মাধ্যমে তোমরা আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুদের ভীতসন্ত্রস্ত করতে পারবে।’
এই আয়াতের ব্যাখ্যায় তিনি তিনটি নির্দেশনার কথা উল্লেখ করেন। প্রথমত, শত্রুর মোকাবিলায় মুসলমানদের নিজেদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। দ্বিতীয়ত, এই প্রস্তুতি শুধুমাত্র সামরিক শক্তির একটি নির্দিষ্ট ক্ষেত্রে সীমাবদ্ধ রাখা যাবে না; বরং সব ধরনের সক্ষমতা ও শক্তি এর আওতায় আনতে হবে। তৃতীয়ত, মুসলমানদের শক্তি এমন হতে হবে, যাতে আল্লাহর শত্রু ও মুসলমানদের শত্রুরা তাদের মোকাবিলা করতে ভয় পায়।
তিনি আরও বলেন, পবিত্র কোরআন এই আয়াতের মাধ্যমে প্রতিরোধমূলক শক্তি অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। মুসলমানদের উচিত কোনো ধরনের ঘাটতি না রাখা। নিরাপত্তা রক্ষা এবং শত্রুর মোকাবিলায় নিজেদের সব সামর্থ্য কাজে লাগাতে হবে।
হজরত ফাতিমা (রা.)-এর জ্ঞানগত মর্যাদা
আরও পড়ুন: জর্ডান সামাজিকমাধ্যম টেলিগ্রাম নিষিদ্ধ করতে যাচ্ছে
বক্তব্যের প্রথম অংশে হজরত ফাতিমা জাহরা (রা.)-এর জ্ঞানগত ও আধ্যাত্মিক মর্যাদা নিয়ে আলোচনা করেন এই ধর্মীয় নেতা। তিনি বলেন, ইসলামের ইতিহাসে হজরত ফাতিমা (রা.)-এর অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তার অসাধারণ জ্ঞানগত অবস্থান। তার বিখ্যাত ভাষণ পাঠ না করলে তার জ্ঞান ও প্রজ্ঞার গভীরতা যথাযথভাবে উপলব্ধি করা সম্ভব নয়।
আয়াতুল্লাহ মাকারেম শিরাজি বলেন, ওই ভাষণের ভাষাশৈলী, বাগ্মিতা ও বক্তব্যের ধারাবাহিকতা অসাধারণ। এতে আল্লাহর একত্ব ও মহিমা বর্ণনার পর মহানবী (সা.)-এর মর্যাদা, আল্লাহর কিতাবের গুরুত্ব এবং ধর্মীয় বিধিবিধানের দর্শন তুলে ধরা হয়েছে।
ভাষণের অন্য অংশে মহানবী (সা.)-এর ইন্তেকালের পরবর্তী ঘটনাবলি নিয়ে হজরত ফাতিমা (রা.)-এর অবস্থানও উঠে এসেছে। সেখানে তার পিতার মর্যাদা, ইসলাম প্রতিষ্ঠায় তাঁর অবদান, মূর্তিপূজার বিরুদ্ধে সংগ্রাম এবং অত্যাচারীদের মোকাবিলার বিষয়গুলো স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।
এ সময় মহানবী (সা.)-এর জীবনের শেষ অসুস্থতার সময় কলম ও কাগজ আনার ঘটনাটিও উল্লেখ করেন তিনি। তার বক্তব্য অনুযায়ী, মহানবী (সা.) উম্মতের জন্য গুরুত্বপূর্ণ কিছু লিখে যাওয়ার উদ্দেশ্যে কলম ও কাগজ আনতে বলেছিলেন। কিন্তু উপস্থিত কয়েকজন ব্যক্তি এতে বাধা দেন এবং তাঁর অসুস্থতাকে কেন্দ্র করে আপত্তিকর মন্তব্য করেন। আয়াতুল্লাহ মাকারেম শিরাজি বলেন, সহিহ বুখারিতেও এ ঘটনার বর্ণনা রয়েছে।
আরও পড়ুন: ৯১ বছরের আওয়াদের কোরআন তেলাওয়াতে কাঁদলেন মন্ত্রীসহ দর্শকরা
তিনি বলেন, এত প্রতিকূলতা ও শোকের মধ্যেও হজরত ফাতিমা (রা.) যে দৃঢ়তা, বাগ্মিতা ও জ্ঞানগর্ভ বক্তব্য উপস্থাপন করেছিলেন, তা তার অসাধারণ জ্ঞানগত মর্যাদার প্রমাণ।
দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে উদ্বেগ
বক্তব্যের তৃতীয় অংশে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আয়াতুল্লাহ মাকারেম শিরাজি। তিনি বলেন, একটি ইসলামি ও মর্যাদাপূর্ণ দেশে মানুষের জীবনযাত্রার অবস্থা এমন হওয়া উচিত, যাতে তারা শান্তি ও সম্মানের সঙ্গে বসবাস করতে পারেন। প্রতিদিন পণ্যের দাম বৃদ্ধি এবং নতুন নতুন উদ্বেগের মুখে পড়া মানুষের জন্য কাম্য নয়।
তিনি বলেন, জনগণকে যথাযথ ভাষা ও আচরণের মাধ্যমে সরকারের কাছে নিজেদের প্রয়োজন ও দাবি তুলে ধরতে হবে। এমন পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যাতে জনগণ ও সরকারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একই সঙ্গে অর্থনৈতিক পরিস্থিতি এবং মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে সরকারের যথাযথ নজরদারি থাকা প্রয়োজন।
আরও পড়ুন: রোহিঙ্গাদের জন্য ৮০ লাখ ইউরো সহায়তা ঘোষণা করেছে ইইউ
দেশটিতে রাতের বেলা আয়োজিত মিছিল ও ইসলামি ব্যবস্থার প্রতি জনগণের সমর্থনের প্রশংসাও করেন তিনি। তার মতে, দীর্ঘ কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে এসব কর্মসূচিতে মানুষের অংশগ্রহণ তাদের দৃঢ় মনোবলের পরিচয় দেয়। জনগণের এই সমর্থনই সরকারকে শক্তিশালী করে।
তবে জনগণের সমর্থনের যথাযথ মূল্যায়ন করতে হলে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের দায়িত্বও পালন করতে হবে বলে মন্তব্য করেন তিনি। বিশেষ করে অর্থনৈতিক ও জীবনযাত্রাসংক্রান্ত সংকটের মুখে সাধারণ মানুষকে একা ছেড়ে দেওয়া যাবে না। বরং তাদের পাশে দাঁড়ানোই জনগণের প্রতি প্রকৃত দায়িত্ব পালনের অংশ।
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, দেশের মানুষের সমর্থন ও সহযোগিতার যথাযথ প্রতিদান দিতে হলে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং অর্থনৈতিক সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে।
সূত্র: আহলুল বাইত নিউজ এজেন্সি (এবিএনএ) ও হাওজা নিউজ
আরও পড়ুন: বাহরাইনে আইআরজিসির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৬৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন