০৫:১৬ পি.এম
বাস্কেটবল কোর্টে তার পারফরম্যান্সের মাধ্যমে আলোচনায় আসার কথা ছিল। কিন্তু মাঠের বাইরের একটি ঘটনার কারণে নেতিবাচক সংবাদে উঠে এসেছেন যুক্তরাষ্ট্রের একজন বাস্কেটবল খেলোয়াড়।
নাইজেরিয়ার লাগোস বিমানবন্দরে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে গ্রিন ডামন্টে খিরিকে। ২৮ বছর বয়সী এই খেলোয়াড়ের লাগেজ থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
নাইজেরিয়ার মাদকবিরোধী সংস্থা এনডিএলইএ জানিয়েছে, বুধবার লাগোসের প্রধান বিমানবন্দরে গ্রেপ্তার হন খিরি। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা এই খেলোয়াড় থাইল্যান্ড থেকে সংযুক্ত আরব আমিরাত হয়ে নাইজেরিয়ায় আসেন।
আরও পড়ুন: মেক্সিকোতে সাংবাদিক এদুয়ার্দো ফ্লোরেসের হত্যা, তদন্তের আহ্বান
সংস্থাটির তথ্য অনুযায়ী, বিমানবন্দরের কর্মকর্তারা খিরিকে দুটি চেক-ইন করা ব্যাগ ফেলে শুধু হাতব্যাগ নিয়ে চলে যাওয়ার চেষ্টা করতে দেখেন। এরপর ওই ব্যাগ দুটি পরীক্ষা করে ৩২ প্যাকেট গাঁজা পাওয়া যায়, যার মোট ওজন ৩৩.৯৫ কেজি। ‘লাউড’ নামে পরিচিত গাঁজার এই প্রজাতি বেশ শক্তিশালী। ব্যাগ দুটি থেকে একটি ট্র্যাকিং ডিভাইসও উদ্ধার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে খিরি জানিয়েছেন, তিনি থাইল্যান্ডে পেশাদার বাস্কেটবল খেলতেন। তিনি দাবি করেছেন যে, নিজের ক্যারিয়ারের জন্য যোগাযোগ বাড়াতে নাইজেরিয়ায় এসেছেন। এনডিএলইএ জানিয়েছে, তার মোবাইল ফোন পরীক্ষা করে মাদক পাচারে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।
আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশনের (ফিবা) ওয়েবসাইটে ডামন্টে গ্রিন নামে একজন খেলোয়াড়ের তথ্য রয়েছে। থাইল্যান্ডের ফুকেট এলিট কাপে গত ২৬ সেপ্টেম্বর ছিল তার সর্বশেষ ম্যাচ। তবে গ্রেপ্তার হওয়া খেলোয়াড়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: সৌদিতে গ্রেপ্তার নাবালক শিয়া যুবকের মৃত্যুদণ্ড কার্যকর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন