সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং
১০:০৮ এম
সার্বিয়ার জাতীয় সংসদ নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন দীর্ঘদিনের ক্ষমতাসীন নেতা আলেকসান্দার ভুচিচ। প্রাথমিক ভোটের ফলাফল অনুযায়ী, বিরোধী জোট ‘স্টুডেন্ট লিস্ট’ সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে যাচ্ছে। এ তথ্যটি ইউরোনিউজের মাধ্যমে প্রকাশিত হয়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই নিউজ জানিয়েছে, নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশের পর জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে ভুচিচ বলেন, নমুনা ভোট গণনার ফলাফলের ভিত্তিতে তার দল নির্বাচনে পরাজিত হয়েছে। তিনি বিরোধীদের বড় জয়ের বিষয়টিও স্বীকার করেছেন।
ভুচিচের হিসাব অনুযায়ী, স্টুডেন্ট লিস্ট সংসদে ১৩৫ থেকে ১৪০টি আসন পেতে পারে। অন্যদিকে, তার দল সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি (এসএনএস) প্রায় ১০৫টি আসন পেতে পারে। ফলে বিরোধী জোটের সরকার গঠনের প্রক্রিয়া সহজ হবে বলে মনে করা হচ্ছে।
ভুচিচ বলেন, সংসদে মূলত দুটি বড় রাজনৈতিক জোটের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এছাড়াও কয়েকটি সংখ্যালঘু দলও আসন পাবে। তার বক্তব্য অনুযায়ী, ভয়ভোদিনা হাঙ্গেরিয়ানদের জোট তিনটি এবং আলবেনীয়রা একটি আসন পেয়েছে। এসডিএও একটি আসন পেয়ে থাকতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
ইউরোনিউজের তথ্য অনুযায়ী, ভোট গণনার ফলাফলে স্টুডেন্ট লিস্ট প্রায় ২২ লাখ ভোট পেয়েছে, যা মোট ভোটের প্রায় ৫২ শতাংশ। অপরদিকে, ক্ষমতাসীন এসএনএস পেয়েছে প্রায় ১৭ লাখ ২০ হাজার ভোট, মোট ভোটের ৩২ দশমিক ৩ শতাংশ।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী, এবারের সংসদ নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। নির্বাচনের পূর্বে এবং ভোটের সময় দেশটিতে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ভুচিচ ও তার ডানপন্থী দলের বিরুদ্ধে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিভিন্ন গোষ্ঠী নির্বাচনে অংশগ্রহণ করেছে।
শিক্ষার্থীদের নেতৃত্বাধীন এই গোষ্ঠীগুলি সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল করার অভিযোগ তুলেছে। সম্প্রতি তাদের পক্ষে ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছে। নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন। তিনি স্টুডেন্ট লিস্টকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে সার্বিয়ার সংস্কার এবং দেশটির ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার পথে অগ্রগতি আনতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে উরসুলা লেখেন, সার্বিয়ার মানুষ ব্যাপক সংখ্যায় ভোট দিয়ে দেশের ভবিষ্যৎ নির্ধারণে অংশগ্রহণ করেছেন। আইনের শাসন প্রতিষ্ঠা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষা, দুর্নীতি দমন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার সংস্কারে সহায়তা করতে ইউরোপীয় ইউনিয়ন প্রস্তুত বলেও তিনি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের বাজারে গতকাল রবিবার সোনার দাম আরেক দফা কমানো হয়েছে। প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এই দাম গতকাল সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে এবং আজও একই দামে বিক্রি হচ্ছে।
স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ার কারণে নতুন এই দর নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরিতে ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২৩ অক্টোবর সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওই দামও সকাল ১০টা থেকে কার্যকর হয়েছিল। এর আগেও সোনার দাম দুই দফা কমানো হয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অসদাচরণ ও পলায়নের অভিযোগের কারণে সরকার পুলিশ টেলিকম ঢাকার সাবেক পুলিশ সুপার ড. তানিয়া আনসারীকে সাময়িক বরখাস্ত করেছে। বর্তমানে তিনি কানাডায় অবস্থান করছেন। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনটিতে সই করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, পুলিশ টেলিকম ঢাকার সাবেক পুলিশ সুপার ড. তানিয়া আনসারীর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(গ) বিধি অনুযায়ী যথাক্রমে অসদাচরণ ও পলায়ন-এর অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।
এছাড়াও, প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন বলে বিবেচিত হয়েছে। এই প্রেক্ষিতে, ড. তানিয়া আনসারীকে ২০২৫ সালের ১০ মে থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সাময়িক বরখাস্তকালীন তিনি ঢাকার পুলিশ অধিদপ্তরে সংযুক্ত থাকবেন। এই সময়ের মধ্যে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্যালন ডি’অর বিশ্ব ফুটবলের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে পরিচিত। এবারের সেরা কে হবেন এবং কার হাতে উঠবে সোনার বল—এই প্রশ্নের উত্তর জানা যাবে আজ রাতে। ৭০তম ব্যালন ডি’অর অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে লন্ডনে। এ বছর এই আয়োজন প্যারিসের বাইরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে।
ব্যালন ডি’অর নিয়ে যা জানা জরুরি
অনুষ্ঠানের তারিখ ও স্থান: আজ সোমবার (২৬ অক্টোবর) লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অর অনুষ্ঠান। বাংলাদেশ সময় অনুযায়ী রাত ২টায় শুরু হওয়ার কথা রয়েছে।
কোথায় দেখা যাবে: অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে ডিএজেডএন এবং ব্যালন ডি’অর ওয়েবসাইট।
৭০ বছরের ইতিহাস: ১৯৫৬ সালে ফ্রান্স ফুটবল সাময়িকীর উদ্যোগে এই পুরস্কারের যাত্রা শুরু হয়। প্রথম বিজয়ী ছিলেন ইংল্যান্ডের স্ট্যানলি ম্যাথুস।
লন্ডনে আয়োজনের কারণ: পুরস্কারের প্রথম বিজয়ীকে সম্মান জানাতে এবারের আসরের আয়োজনের জন্য ইংল্যান্ডের রাজধানী লন্ডনকে বেছে নেওয়া হয়েছে।
উপস্থাপনায় কারা: এবারের অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার থিয়েরি অঁরি এবং ব্রিটিশ ক্রীড়া সাংবাদিক কেট স্কট।
পুরুষদের বিভাগে মনোনয়ন: হ্যারি কেইন, লামিনে ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড, উসমান দেম্বেলে, লিওনেল মেসি—এই তারকারা রয়েছেন মনোনয়ন তালিকায়।
নারীদের বিভাগেও লড়াই: নারীদের ব্যালন ডি’অরের জন্য মনোনীতদের মধ্যে রয়েছেন আলেক্সিয়া পুতেয়াস, ইভা পায়োর, ক্যারোলিন গ্রাহাম হানসেন, অ্যালেসিয়া রুশো, খাদিজা শ, পারনিল হার্ডার।
শুধু ব্যালন ডি’অর নয়: বর্ষসেরা তরুণ, বর্ষসেরা গোলকিপার, বর্ষসেরা কোচ, ক্লাবের পাশাপাশি বর্ষসেরা স্ট্রাইকার এবং সক্রেটিস পুরস্কারও (মাঠের বাইরে মানবিক কাজ) প্রদান করা হবে।
গতবারের বিজয়ী: ২০২৫ সালে পুরুষদের বিভাগে উসমান দেম্বেলে এবং নারীদের বিভাগে আইতানা বোনমাতি পুরস্কার জিতেছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের পরিবর্তে আজ (সোমবার) থেকে কক্সবাজারের উদ্দেশ্যে চলাচল শুরু করবে ৭২১/৭২২ নং মহানগর এক্সপ্রেস ট্রেন। এর ফলে ব্রাহ্মণবাড়িয়া সহ পাঁচ জেলার মানুষ প্রথমবারের মতো ট্রেনে কক্সবাজার যাওয়ার সুযোগ পাচ্ছে। এই জেলাগুলোর মধ্যে রয়েছে—নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনী।
আগে কেবল ঢাকা থেকে সরাসরি ট্রেনে কক্সবাজার যাওয়া সম্ভব ছিল। ঢাকা-কক্সবাজার রুটের দুটি ট্রেনই বিরতিহীনভাবে চলাচল করে। কমলাপুর থেকে ছাড়ার পর ট্রেনটি শুধু বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেয় এবং পরে চট্টগ্রামে গিয়ে থামে। সেখান থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম সোমবার সন্ধ্যায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস ট্রেনের সম্প্রসারিত সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এই উদ্বোধনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৭২১ নম্বর মহানগর এক্সপ্রেস কক্সবাজার থেকে সকাল ৯টায় ছেড়ে দুপুর ১২টা ১০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে। চট্টগ্রাম থেকে দুপুর ১২টা ৩০ মিনিটে ছেড়ে ট্রেনটি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
অন্যদিকে, ৭২২ নম্বর মহানগর এক্সপ্রেস ঢাকা থেকে রাত ৮টা ৩০ মিনিটে ছেড়ে রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে। চট্টগ্রাম থেকে রাত ৩টায় ছেড়ে ট্রেনটি সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে।
ট্রেনটি কক্সবাজার পর্যন্ত চালুর খবরটি যাত্রীদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে। ইতোমধ্যে ট্রেনটির বর্ধিত চলাচলের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং প্রথম দিনের টিকিট মুহূর্তেই শেষ হয়ে গেছে। পরবর্তী দিনগুলোর জন্যও একই অবস্থা দেখা গেছে। ট্রেনটির সাপ্তাহিক ছুটি রবিবার এবং আসন সংখ্যা সাতশর বেশি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৭২১ নম্বর মহানগর এক্সপ্রেস কক্সবাজার থেকে সকাল ৯টায় ছেড়ে দুপুর ১২টা ১০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে। চট্টগ্রাম থেকে দুপুর ১২টা ৩০ মিনিটে ছেড়ে ট্রেনটি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
অন্যদিকে, ৭২২ নম্বর মহানগর এক্সপ্রেস ঢাকা থেকে রাত ৮টা ৩০ মিনিটে ছেড়ে রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে। চট্টগ্রাম থেকে রাত ৩টায় ছেড়ে ট্রেনটি সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে।
ট্রেনটি কক্সবাজার পর্যন্ত চালু হওয়ায় নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীর যাত্রীরা দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র কক্সবাজারে যাতায়াতের সুযোগ পাচ্ছেন। বিশেষ করে পরিবার নিয়ে ভ্রমণ, পর্যটন এবং ব্যক্তিগত প্রয়োজনে যাতায়াতের ক্ষেত্রে এই নতুন রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
দীর্ঘ প্রতীক্ষার পর মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ কক্সবাজার পর্যন্ত সম্প্রসারিত হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা দিয়েছে। নতুন এই রেলসংযোগ পর্যটন এবং সংশ্লিষ্ট এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
তবে একটি রেকে (যেটি যাবে সেটিই ফিরবে) চলাচল করবে বিধায় এটি নির্ধারিত সময়ে চলা নিয়ে শঙ্কা রয়েছে। রবিবার সপ্তাহিক ছুটি বাদে সপ্তাহের ছয়দিন চলাচলকালে ট্রেনটি ঢাকায় দুই ঘণ্টা ও কক্সবাজারে তিন ঘণ্টা সময় পাবে। লোকোমোটিভ (ইঞ্জিন) বদল, ট্রেন পরিষ্কারসহ আনুষঙ্গিক কাজগুলো ওই সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। চলার পথে বিলম্ব হলে ট্রেনটির নির্ধারিত সময়সূচি বজায় রাখা কঠিন হয়ে পড়বে।
মহানগরের মতো বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ময়মনসিংহের বদলে জামালপুর নাগাদ বর্ধিত করা হলে ঘটে বিপত্তি। ট্রেনটি প্রতিনিয়তই ঘণ্টার পর ঘণ্টা বিলম্বে চলে। এটিও এক রেকে চট্টগ্রাম-জামালপুর পথে আসা-যাওয়া করে।
আখাউড়ার ব্যবসায়ী ইয়াছিন চৌধুরী বলেন, ‘নভেম্বরের প্রথম সপ্তাহে আকিজ কম্পানির একটি প্রোগ্রাম কক্সবাজার যাবেন। আমি মহানগর এক্সপ্রেসে করেই যাব, এটা আমাদের জন্য দারুণ সুযোগ। আগে চট্টগ্রাম গিয়ে আবার আরেকটি ট্রেন বা বাসে করে কক্সবাজার যেতে হতো।’
শিক্ষক মো. রাকিবুল ইসলাম জানান, কক্সবাজার যাওয়ার জন্য তিনি ২৭ অক্টোবর মহানগর এক্সপ্রেস ট্রেনে চড়বেন। এরই মধ্যে টিকিট কেটে ফেলেছেন।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানান, ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্ত নগর মহানগর এক্সপ্রেস ট্রেন ২৬ অক্টোবর থেকে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে পরিচালনা করা হবে। আন্ত নগর মহানগর এক্সপ্রেস ট্রেনের কক্সবাজার পর্যন্ত বর্ধিত রুটে যাত্রা উদ্বোধনের প্রাক্কালে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উপস্থিত থাকবেন।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী মহানগর এক্সপ্রেসের আজকের চট্টগ্রাম-ঢাকা রুটের যাত্রা বাতিল করা হয়েছে। ট্রেনটির খালি রেক রবিবার রাতে ঢাকায় নিয়ে আসা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ