ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

ত্রিশ হাজার মানুষের যোগাযোগে স্থায়ী সেতুর অভাব


ত্রিশ হাজার মানুষের যোগাযোগে স্থায়ী সেতুর অভাব

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার প্রায় আট গ্রামের ৩০ হাজার মানুষ বছরের পর বছর ধরে বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার হচ্ছেন, যা তাদের জীবনের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। সেতুর অভাবে বর্ষাকালে নদী পার হতে হয় কলাগাছের ভেলায়, এবং শুকনো মৌসুমে ভরসা নড়বড়ে বাঁশের সাঁকো। এ কারণে শিশু, শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছেন। স্বাধীনতার পর থেকে এই দুর্ভোগ চললেও আজও নির্মাণ হয়নি একটি স্থায়ী সেতু।

প্রতিবছর স্থানীয়রা নিজেদের উদ্যোগে বাঁশ সংগ্রহ করে সাঁকোটি তৈরি ও মেরামত করেন। কিন্তু বছর ঘুরতেই সেটি নড়বড়ে হয়ে পড়ে। জীবিকার তাগিদে নারী-পুরুষ, বৃদ্ধ ও শিশুদের প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিতে হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ বেড়ে যায়। নদীর পানি বৃদ্ধি পেলে সাঁকো ব্যবহার করা কঠিন হয়ে পড়ে, এবং অনেক সময় কলাগাছের ভেলায় নদী পার হতে হয়। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থী রুহুল আমিন জানান, "আমাদের সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছানো যেমন কঠিন হয়ে পড়ে, তেমনি দুর্ঘটনার আশঙ্কাও থাকে প্রতিনিয়ত।" শুধু মানুষের চলাচল নয়, এই সাঁকোর অভাবে এলাকার কৃষি ও ব্যবসা-বাণিজ্যও বাধাগ্রস্ত হচ্ছে। স্থানীয় কৃষক মোঃ শরিফুল বলেন, "উৎপাদিত ধান, চাল, পাট, ভুট্টা, গম, আদা, মরিচ, পেঁয়াজ ও রসুনসহ বিভিন্ন কৃষিপণ্য পীরগঞ্জ বাজারে নিতে পোহাতে হয় চরম দুর্ভোগ।" ঝুঁকি নিয়ে সাঁকো পার হতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয় কৃষক ও সাধারণ মানুষকে। ভারী মালামাল নিয়ে নদী পারাপার আরও কষ্টসাধ্য। ফলে উৎপাদিত পণ্য বাজারজাত করতে সময় ও খরচ দুটোই বেড়ে যাচ্ছে।

আরও পড়ুন: কর্ণফুলী টানেলের প্রবেশমুখে দখলের থাবা: সড়কে অবৈধ দোকান

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিদের কাছে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু আশ্বাস ছাড়া কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। একটি স্থায়ী সেতু নির্মিত হলে পীরগঞ্জ উপজেলা শহরসহ আশপাশের বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যেও আসবে ইতিবাচক পরিবর্তন।

স্থানীয়দের দাবি, ২ নম্বর কোষারানীগঞ্জ, ৩ নম্বর খনগাঁও ও বেগুনবাড়ি ইউনিয়নের মানুষের যাতায়াতের সুবিধার্থে ঘিউডোব ঘাটে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক। উন্নয়নের নানা অগ্রগতির মধ্যেও একটি সেতুর অভাবে বছরের পর বছর এমন দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর একটাই প্রত্যাশা, আর কতদিন বাঁশের সাঁকোই হবে তাদের একমাত্র ভরসা? দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে কার্যকর উদ্যোগ নেওয়া হোক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোরেলগঞ্জে ৩০ হাজার টাকায় বিক্রি হওয়া ১৫ মাসের শিশুপুত্র উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৬ পি.এম


মোরেলগঞ্জে ৩০ হাজার টাকায় বিক্রি হওয়া ১৫ মাসের শিশুপুত্র উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে অভাব-অনটন ও স্বামীর অবহেলার কারণে মাত্র ৩০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া ১৫ মাস বয়সী এক শিশুপুত্রকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে উভয় পক্ষকে হাজির করার পর শিশুটিকে উদ্ধার করা হয়।

এর আগে, গত বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামে এই শিশু বিক্রির ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত শিশুটির মা অনিকা আক্তার মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের পলাশ শেখের মেয়ে। প্রায় দুই বছর আগে চট্টগ্রামে হাসান চৌধুরী নামের এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে আল-আমিন নামের ওই পুত্রসন্তানের জন্ম হয়। বর্তমানে শিশুটির বয়স ১ বছর ৩ মাস।

ভুক্তভোগী অনিকা আক্তার জানান, বিয়ের পর থেকে স্বামী হাসান চৌধুরী তাঁর ও সন্তানের যথাযথ খোঁজখবর রাখতেন না। ফলে সংসারে তীব্র আর্থিক সংকট ও অভাব-অনটন দেখা দেয়। একপর্যায়ে তিনি নিজে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং চরম অসহায়ত্বের মুখে পড়েন। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে তিনি নিজের শিশুসন্তানকে ৩০ হাজার টাকার বিনিময়ে অন্য এক ব্যক্তির কাছে তুলে দেন।

জানা যায়, শিশুটিকে বাগেরহাটের মোংলা উপজেলার শহিদুলের স্ত্রী নূরজাহান বেগম অর্থের বিনিময়ে নিয়েছিলেন।

শিশুর নানা পলাশ শেখ বলেন, ‘আমার বয়স হয়েছে, নানা রোগে আক্রান্ত। নিজের চিকিৎসার খরচই জোগাড় করতে পারি না, তার ওপর মেয়ে ও মেয়ের সন্তানের ভরণপোষণ কীভাবে জোগাড় করব?’

নিজের অসুস্থতা ও অসহায়ত্বের কথা উল্লেখ করে মা অনিকা আক্তার বলেন, ‘আমি জটিল রোগে আক্রান্ত। অভাব-অনটনের মধ্যে ছেলেকে কী খাওয়াব? বাধ্য হয়েছিলাম।’

এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লা বলেন, ‘খবর পেয়ে শিশুটিকে দ্রুত উদ্ধার করা হয়েছে। আইনগতভাবে এভাবে কোনো শিশুকে বিক্রি করার কোনো সুযোগ নেই। আপাতত মায়ের শারীরিক অবস্থা ও সার্বিক বিষয় বিবেচনা করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে এবং শিশুটিকে তার মায়ের জিম্মায় দেওয়া হবে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরের গজনী অবকাশ পর্যটন কেন্দ্রের পাশে ছিনতাইকারীদের কবলে রাবির ৮ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


শেরপুরের গজনী অবকাশ পর্যটন কেন্দ্রের পাশে ছিনতাইকারীদের কবলে রাবির ৮ শিক্ষার্থী

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের পর্যটনকেন্দ্র গজনী অবকাশের একটি পাহাড়ে অস্ত্রের মুখে জিম্মি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আট শিক্ষার্থীকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে, শুক্রবার সকালে গজনী পর্যটনকেন্দ্রে ঘোরাঘুরির একপর্যায়ে তাঁরা পাহাড়ের একটি টিলায় ওঠেন। এই সময় একদল দুর্বৃত্ত অস্ত্রের ভয় দেখিয়ে তাঁদের জিম্মি করে। পরে তাঁদের মারধর করা হয় এবং একপর্যায়ে শিক্ষার্থীদের কাছ থেকে মুঠোফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী রিমন রায়হান জানান, "আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ৭৩ জন শিক্ষার্থী নিয়ে আজ (শুক্রবার) সকালে অবকাশ কেন্দ্রে এসে গাড়ি থেকে নেমে কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে আশপাশের পাহাড়ে ঘুরতে যাই। এ সময় আমাদের ৮ সদস্যের একটি গ্রুপ অবকাশ কেন্দ্রের একটি পাহাড়ে উঠলে পিস্তল ও দেশীয় ধারালো অস্ত্র হাতে বেশ কয়েকজন দুর্বৃত্ত আমাদের আটকিয়ে বেঁধে ফেলে। পরে আমাদের কাছে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ ও টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। পরে আমরা অবকাশ কেন্দ্র এসে স্থানীয়দের সহায়তায় আমাদের অন্যান্য গ্রুপের সাথে একত্রিত হই।"

এ বিষয়ে অবকাশ পর্যটন কেন্দ্রের কেয়ারটেকার ক্লেমেন রাখসাম বলেন, "আমরা ওই পিকনিক পার্টির সবাইকে দুর্গম পাহাড় এবং জঙ্গলে যাবার জন্য মানা করেছিলাম। তারপরও ছিনতাইয়ের কবলের পড়ার পর আমি থানা পুলিশকে খবর দিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।"

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নূর মোহাম্মদ এ বিষয়ে বলেন, "ছিনতাই এর খবর পেয়ে আমরা তাৎক্ষণিক পাহাড়ের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছি। কিন্তু অপরাধীরা দুর্গম পাহাড়ে চলে গেছে। তবে অবকাশ কেন্দ্রে আমাদের ফোর্স রয়েছে। ছিনতায়ের শিকার পর্যটকরা এজাহার দাখিল করলে প্রয়োজনীয় ব্যবস্থাপন গ্রহণ ‌করা হবে।"

জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিন বলেন, "বিষয়টি আমি জানার পর খোঁজ নিয়ে জানতে পারি ঘটনাটি ঘটেছে অবকাশ এর বাইরে পাহাড়ে। সেখানে তাদের যাওয়ার জন্য স্থানীয়রা মানা করার পরও তারা গিয়েছিল। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনও এবং ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জমির প্রকৃত বাজারমূল্য ঠিক করতে নতুন নিয়ম প্রবর্তন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


জমির প্রকৃত বাজারমূল্য ঠিক করতে নতুন নিয়ম প্রবর্তন

কর ফাঁকি রোধ, কালো টাকা বা অপ্রদর্শিত সম্পদ জমানো কমানো এবং সরকারের রাজস্ব আয় বাড়ানোর উদ্দেশ্যে জমি বা স্থাবর সম্পত্তির পুরোনো মৌজা মূল্য প্রথার অবসান ঘটিয়েছে সরকার। নতুন নিয়মের মাধ্যমে জমির বাস্তব বা প্রকৃত বাজারমূল্য নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

নতুন এই নিয়মের আওতায়, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি বিশেষ কমিটি সম্পত্তির সঠিক মূল্য নির্ধারণ করবে। নির্ধারিত মূল্যতালিকা একটানা তিন বছরের জন্য কার্যকর থাকবে।

গত বুধবার, সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ‘সম্পত্তির সর্বনিম্ন বাজারমূল্য নির্ধারণ বিধিমালা, ২০১০’-এ প্রয়োজনীয় সংশোধনী এনেছে।

‘মৌজা মূল্যের ভিত্তিতে সম্পত্তির মূল্য নির্ধারণ করা হয়’ উল্লেখ করে তিনি আরও বলেন, সাধারণত এই মূল্য প্রকৃত বাজারদরের তুলনায় অনেক কম হয়ে থাকে। ফলে, দুই মূল্যের মধ্যে বড় ব্যবধান সৃষ্টি হয়।

ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আরও বলেন, এ ব্যবধানের কারণে কর ফাঁকি দেওয়া এবং অপ্রদর্শিত সম্পদ গড়ে তোলার সুযোগ তৈরি হয়। নতুন পদ্ধতির লক্ষ্য রাজস্ব আদায় বৃদ্ধি করা এবং আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি জোরদার করা।

অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে জমি ও স্ট্যাম্প শুল্ক থেকে সরকারের কোষাগারে ১১ হাজার ৭৫৩ কোটি টাকা রাজস্ব জমা হয়েছে। সম্প্রতি সংশোধিত বিধিমালা থেকে ‘সর্বনিম্ন’ শব্দটি বাদ দেওয়া হয়েছে। এর ফলে, দায়িত্বপ্রাপ্ত কমিটিগুলো এখন থেকে ন্যূনতম দর নয়, বরং সম্পত্তির আসল বা প্রকৃত বাজারমূল্য নির্ধারণ করবে।

এ বিশাল কর্মযজ্ঞ পরিচালনার জন্য তিন স্তরে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিটি করপোরেশনভুক্ত এলাকার জমির দাম নির্ধারণ করবে বিভাগীয় কমিটি, যার সভাপতির দায়িত্বে থাকবেন বিভাগীয় কমিশনার।

অন্যদিকে, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার জমির মূল্য নির্ধারণের দায়িত্ব থাকবে জেলা কমিটির ওপর। এই কমিটির নেতৃত্ব দেবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি)। এছাড়া, এসব এলাকার বাইরের অন্যান্য স্থানের জমির দাম নির্ধারণ করবে উপজেলা কমিটি, যেখানে সভাপতি হিসেবে থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

প্রতিটি কমিটিতে প্রশাসন, গণপূর্ত, স্থানীয় সরকার, ভূমি, কর এবং সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধিরা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।

জমির ধরন, ব্যবহার, অবস্থান, যাতায়াত বা সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং আশপাশের অন্যান্য অবকাঠামোগত সুবিধা খতিয়ে দেখেই কমিটিগুলো সম্পত্তির এই নতুন মূল্য নির্ধারণ করবে।

এমদাদুল হক চৌধুরী বলেন, প্রযুক্তিনির্ভর পূর্ণাঙ্গ মূল্যায়ন ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত কমিটির মাধ্যমে মূল্য নির্ধারণের এই পদ্ধতি অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে কাজ করবে।

তিনি বলেন, ‘আমরা এখন বাজারভিত্তিক মূল্য নির্ধারণের দিকে এগোচ্ছি।’

জমির পরিমাপ ও মালিকানা-সংক্রান্ত তথ্য, জমির দাম এবং কোনো এলাকার উন্নয়নের মাত্রাসহ বিভিন্ন সূচক ব্যবহার করে স্বয়ংক্রিয় অনলাইন ব্যবস্থা গড়ে তুলতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে কাজ করছে সরকার।

এমদাদুল বলেন, এসব বিষয় বিবেচনায় নিয়ে একটি অনলাইন ব্যবস্থা তৈরি করা হবে। এটি অনেকটা সূত্রভিত্তিক হবে। নির্দিষ্ট কিছু মানদণ্ডের ভিত্তিতে সম্পত্তির বাজারমূল্য নির্ধারিত হবে। এই ব্যবস্থাটি তৈরি করতে এক থেকে দেড় বছর লাগতে পারে। এতে নিয়মিত তথ্য হালনাগাদ করা হবে।

তিনি বলেন, তবে প্রকৃত সমাধান এই অন্তর্বর্তী ব্যবস্থার মাধ্যমে আসবে না। নতুন মূল্যায়ন ব্যবস্থা তৈরি করতে আমাদের আরও এক থেকে দেড় বছর অপেক্ষা করতে হবে। শেষ পর্যন্ত নতুন ব্যবস্থাটিই বর্তমান পদ্ধতির জায়গা নেবে। সবশেষে, দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিনির্ভর ব্যবস্থাটিই হবে প্রকৃত সমাধান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে ১০ যানবাহনের সংঘর্ষে বিএনপি নেতা ইলিয়াস ফকির নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


গোপালগঞ্জে ১০ যানবাহনের সংঘর্ষে বিএনপি নেতা ইলিয়াস ফকির নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় ১০টি গাড়ির সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা ইলিয়াস ফকির (৪৫) নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।

ইলিয়াস ফকির মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অন্যান্য যাত্রীরাও কমবেশি আহত হয়েছেন।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও অন্তর্ভুক্ত রয়েছে। এমপির গাড়িটি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত রয়েছেন।

এ দুর্ঘটনা সকাল সাড়ে ১০টার দিকে মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় ঘটে। প্রথমে একটি প্রাইভেটকারের সঙ্গে ডলফিন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর বাস, ট্রাক, প্রাইভেট কার ও ইঞ্জিনচালিত ইজিবাইকসহ মোট ১০টি যানবাহনে ধাক্কা লাগে।

এতে যানবাহনগুলো দুমড়েমুচড়ে যায় এবং অর্ধশতাধিক যাত্রী আহত হন। দুর্ঘটনার পর মহাসড়কটিতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

পুলিশ জানায়, আহতদের মধ্যে ১০ জনকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং চারজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া রাঘদী ইউনিয়ন বিএনপি নেতা ইলিয়াস ফকির গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়। পরে রাজধানীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%