শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:১৯ পি.এম
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) এবং কর্ণফুলী টানেল কর্তৃপক্ষের জায়গা দখল করে একাধিক অবৈধ দোকান ও মার্কেট গড়ে উঠেছে। এসব দোকানের মালামাল মূল সড়কের ওপর রাখা হচ্ছে। এর ফলে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং প্রতিনিয়ত যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। ফুটপাত দখল হয়ে যাওয়ার কারণে পথচারীদের বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে।
সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তের প্রবেশমুখ থেকে চাতরী চৌমুহনী বাজারের আগে মোহাম্মদ আলী জামে মসজিদের দক্ষিণ পাশ পর্যন্ত সওজ ও টানেল কর্তৃপক্ষের জায়গা দখল করে বেশ কিছু দোকান ও মার্কেট নির্মাণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ছৈয়দনুর মার্কেট এবং শওকত ওসমান মার্কেটসহ নতুন করে গড়ে ওঠা একাধিক স্থাপনা। এসব দোকানে ব্যবসা পরিচালনার পাশাপাশি পণ্যসামগ্রীও সড়কের ওপর রাখা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তের প্রবেশমুখে যানবাহন নির্বিঘ্নে চলাচল এবং যানজট এড়াতে দুই দফায় জমি অধিগ্রহণ করা হয়েছিল। কিন্তু সেই অধিগ্রহণ করা জায়গা দখল করে দোকানপাট নির্মাণ করায় টানেলের প্রবেশমুখে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। বিশেষ করে ব্যস্ত সময়ে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
স্থানীয় সিএনজি অটোরিকশাচালক আনোয়ার মিয়া বলেন, "সড়কের ওপর দোকানের মালামাল রাখায় পাশাপাশি দুটি সিএনজি চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। সেখানে বড় বাস ও ট্রাক কীভাবে চলাচল করবে? কোরিয়ান ইপিজেড ছুটির সময় শত শত গাড়ি একসঙ্গে বের হলে তীব্র যানজটের সৃষ্টি হয়।"
পথচারী আবদুল করিম বলেন, "টানেলের প্রবেশমুখে যানবাহন নির্বিঘ্নে চলাচলের জন্য কর্তৃপক্ষ দুই দফায় জমি অধিগ্রহণ করেছে। অথচ সেই জায়গা দখল করে রেখেছেন কিছু ব্যবসায়ী। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা না হলে এখানে যানজট স্থায়ী রূপ নেবে এবং ছোটখাটো দুর্ঘটনাও বাড়বে।"
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পারভেজ বলেন, "চাতরী চৌমুহনী বাজারের পূর্ব পাশে মূল সড়কের কাজ চলমান রয়েছে। পশ্চিম পাশে ড্রেন নির্মাণের কাজ চলছে। তবে কাজ এখনো টানেলের প্রবেশমুখ পর্যন্ত পৌঁছায়নি। বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
কর্ণফুলী টানেলের কর্মকর্তা গোলাম সামদানি হিমেল বলেন, "টানেলের জায়গায় অবৈধ দোকান উচ্ছেদের অনুমতি চেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আবেদন করা হয়েছে। আশা করছি, শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল এবং তার মেয়েকে হত্যার হুমকি দিয়ে ৭ কোটি রুপি চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। অভিযোগ করা হয়েছে যে, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম ব্যবহার করে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি এই হুমকি প্রদান করেছেন। এএপির এক বিধায়ক এই বিষয়ে অভিযোগ করেছেন।
এই ঘটনার ফলে কেজরিওয়াল এবং তার পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এএপি বিধায়ক জারনাইল সিং মোহালি পুলিশের কাছে এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফোন করে ৭ কোটি টাকা দাবি করেন। ওই ব্যক্তি দাবি করেন, দাবি পূরণ না হলে অরবিন্দ কেজরিওয়াল ও তার মেয়েকে হত্যা করা হবে। পুলিশ অভিযোগের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। হুমকির পেছনে কারা রয়েছে এবং লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
৬ নভেম্বর দায়ের করা পুলিশি অভিযোগে দিল্লির তিলক নগরের বিধায়ক জারনাইল সিং জানান, তিনি ‘এইচ’ অক্ষর দিয়ে শেষ হওয়া একটি মোবাইল নম্বর থেকে হুমকিমূলক ফোনকল ও হোয়াটসঅ্যাপ বার্তা পেয়েছেন। অভিযোগে বলা হয়েছে, ফোনকারী নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচয় দেন। তিনি বিধায়ককে ৭ কোটি টাকা চাঁদা দাবির বিষয়টি অরবিন্দ কেজরিওয়ালকে জানাতে বলেন এবং একই সঙ্গে হুমকি দেন, দাবি করা টাকা না দিলে কেজরিওয়াল ও তার মেয়ে হর্ষিতা কেজরিওয়ালকে হত্যা করা হবে। পরবর্তীতে বিধায়কের ব্যক্তিগত মোবাইল নম্বরে পাঠানো একটি হোয়াটসঅ্যাপ বার্তাতেও একই হুমকি দেওয়া হয়েছে।
অভিযোগে ঘটনাটিকে চাঁদাবাজির চেষ্টা, অপরাধমূলক ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে আরো বলা হয়েছে, ফোনকারী ইচ্ছাকৃতভাবে বিধায়ককে মাধ্যম হিসেবে ব্যবহার করে আম আদমি পার্টির (আপ) নেতার কাছে চাঁদার দাবি ও হুমকির বার্তা পৌঁছে দিয়েছেন।
বিধায়ক সিং মোহালি পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি অজ্ঞাতপরিচয় ফোনকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের এবং এই ঘটনার সঙ্গে অপরাধী চক্রের অন্য সদস্যদের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন।
তিনি বিশেষভাবে হুমকি দেওয়া ও হোয়াটসঅ্যাপ বার্তা পাঠানোর কাজে ব্যবহৃত মোবাইল নম্বরটির কল ডিটেইল রেকর্ড (সিডিআর), আইপি লগ এবং অবস্থানসংক্রান্ত তথ্য পরীক্ষা করার অনুরোধ করেছেন। পাশাপাশি অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার এবং কথিত চাঁদাবাজির চেষ্টায় জড়িত অন্য সহযোগীদেরও খুঁজে বের করতে পুলিশকে আহ্বান জানিয়েছেন।
কেজরিওয়াল ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকির বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
এছাড়া হুমকি দিয়ে পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তার একটি স্ক্রিনশট প্রমাণ হিসেবে পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। স্ক্রিনশটটিতে বার্তা পাঠানোর সময় এবং প্রেরকের বিবরণও রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সকালের নাশতা কিংবা বিকেলের আড্ডা—চা ছাড়া অনেকের দিন যেন পূর্ণ হয় না। নিয়মিত চা পান করার ফলে কাপের ভেতরে বাদামি দাগ পড়ে যায়। বিশেষ করে সাদা সিরামিক বা চীনামাটির কাপে এসব দাগ সহজেই চোখে পড়ে। সাধারণ সাবান বা ডিশওয়াশ দিয়ে ধোয়ার পরও অনেক সময় দাগ পুরোপুরি দূর করা সম্ভব হয় না। তবে ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ ব্যবহার করে চায়ের কাপ পরিষ্কার রাখা সম্ভব।
বেকিং সোডা
চায়ের কাপের দাগ দূর করার জন্য বেকিং সোডা অত্যন্ত কার্যকর। সামান্য বেকিং সোডার সঙ্গে কয়েক ফোঁটা পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এরপর কাপের দাগযুক্ত অংশে এটি লাগিয়ে নরম স্পঞ্জ দিয়ে আলতোভাবে ঘষুন। পরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।
লেবুর রস
লেবুর প্রাকৃতিক অম্লীয় উপাদান কাপের বাদামি দাগ পরিষ্কার করতে সাহায্য করে। কাপের ভেতরে সামান্য লেবুর রস দিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর নরম স্পঞ্জ দিয়ে ঘষে ধুয়ে ফেলুন। এতে কাপের দাগ কমতে পারে।
সাদা ভিনেগার
এক কাপ গরম পানিতে সামান্য সাদা ভিনেগার মিশিয়ে নিন। এই মিশ্রণটি দাগযুক্ত কাপে ঢেলে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। এরপর ডিশওয়াশ ও নরম স্পঞ্জ দিয়ে পরিষ্কার করুন। পুরোনো দাগের ক্ষেত্রে প্রয়োজনে আবারও একই পদ্ধতি ব্যবহার করতে পারেন।
লবণ
যদি ঘরে বেকিং সোডা না থাকে, তাহলে লবণও ব্যবহার করা যেতে পারে। সামান্য লবণ ভেজা স্পঞ্জে নিয়ে কাপের দাগযুক্ত অংশে আলতোভাবে ঘষুন। পরে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। তবে কাপের গায়ে নকশা বা বিশেষ প্রলেপ থাকলে ঘষার আগে সতর্ক থাকতে হবে।
ডিশওয়াশ ও গরম পানি
অনেক সময় চায়ের দাগ জমে যাওয়ার কারণ হলো কাপ নিয়মিত ভালোভাবে পরিষ্কার না করা। এ ক্ষেত্রে গরম পানিতে কিছুক্ষণ কাপ ভিজিয়ে রেখে ডিশওয়াশ দিয়ে ধুয়ে নিতে পারেন। এতে জমে থাকা দাগ নরম হয়ে পরিষ্কার করা সহজ হয়।
যেসব বিষয়ে সতর্ক থাকবেন
কাপ পরিষ্কারে শক্ত স্ক্রাবার বা ধাতব ঘষুনি ব্যবহার করা উচিত নয়। এতে কাপে আঁচড় পড়তে পারে।
লেবুর রস, ভিনেগার ও বেকিং সোডা আলাদাভাবে ব্যবহার করুন। বিভিন্ন পরিষ্কারক একসঙ্গে মেশাবেন না।
পরিষ্কারের পর কাপ ভালোভাবে পানি দিয়ে ধুয়ে শুকিয়ে রাখুন।
কাপের গায়ে সোনালি বা রুপালি নকশা থাকলে ঘষাঘষি না করে প্রস্তুতকারকের নির্দেশনা অনুসরণ করুন।
নিয়মিত চা পানের পর কাপ ধুয়ে ফেললে দাগ জমার প্রবণতা কমে। তাই দীর্ঘদিন কাপ পরিষ্কার রাখতে প্রতিবার ব্যবহারের পরই ধুয়ে শুকিয়ে রাখার অভ্যাস গড়ে তুলুন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফেনী, ১৩ নভেম্বর ২০২৬ : আজ জেলার সদরে দুই শতাধিক মানুষের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে এবং পাঁচজন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে বিতরণ করা হয়েছে হুইলচেয়ার ও একটি ওয়াকার।
শুক্রবার বেলা ১১টায় ফেনী পৌরসভা প্রাঙ্গণে ডিজঅ্যাবিলিটি এইড সোসাইটির উদ্যোগে আয়োজিত এই মেডিক্যাল কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিজঅ্যাবিলিটি এইড সোসাইটির চেয়ারম্যান আফতাব মোমিন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোহরাব হোসেন, ফেনী পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা ডা. কৃষ্ণপদ সাহা, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন শিবলু এবং কানাডা বিএনপি’র (পশ্চিম) সাধারণ সম্পাদক এস.এম হুমায়ুন কবির পাটোয়ারী।
আয়োজকরা জানান, এই মেডিক্যাল ক্যাম্পে ১০ জন চিকিৎসক দুই শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত ব্যক্তিকে চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়াও, হাঁটাচলায় অক্ষম পাঁচজন প্রতিবন্ধী ব্যক্তিকে বিনামূল্যে পাঁচটি হুইলচেয়ার এবং একটি ওয়াকার প্রদান করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
২৭ দিন পর উৎপাদনে ফিরেছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। শুক্রবার (১৩ নভেম্বর) ভোর রাত ৩টার দিকে কারখানাটিতে ইউরিয়া উৎপাদন শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান।
এর আগে ১৭ অক্টোবর রাতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে দীর্ঘ ছয় মাস গ্যাস সংকটের কারণে সিইউএফএলের উৎপাদন বন্ধ ছিল। পরে গ্যাস সরবরাহ পাওয়ার পর ১৫ সেপ্টেম্বর কারখানাটিতে উৎপাদন শুরু হয়।
তবে চালুর ৪৮ ঘণ্টার মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন আবারও বন্ধ হয়ে যায়। ১২ দিন পর ত্রুটি কাটিয়ে সেপ্টেম্বরের শেষের দিকে উৎপাদনে ফিরলেও কিছুদিন পর পুনরায় যান্ত্রিক ত্রুটির কারণে কারখানাটি বন্ধ হয়ে যায়।
সিইউএফএল সূত্র জানায়, সার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন তিন কোটি টাকার বেশি লোকসান হচ্ছে। কারখানাটি স্বাভাবিকভাবে চালু থাকলে প্রতিদিন প্রায় ৫০০ টন অ্যামোনিয়া ও এক হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে।
সূত্র আরও জানায়, প্রায় ৪০ বছরের পুরনো কারখানাটিতে বিভিন্ন সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকলেও অনেক সময় উৎপাদন হঠাৎ বন্ধ হয়ে যায়। একবার উৎপাদন বন্ধ হলে ত্রুটি শনাক্ত ও মেরামত করতে দীর্ঘ সময় লাগে। বর্তমানে কারখানাটির উৎপাদন সক্ষমতা আগের তুলনায় কমে গেছে।
মিজানুর রহমান জানান, কারখানাটি প্রায় ৪০ বছরের পুরনো। কবে কখন বন্ধ হয়ে যাবে, তার নিশ্চয়তা নেই। কারখানাটিতে কিছু যান্ত্রিক সমস্যা রয়েছে। এগুলো ধাপে ধাপে সমাধানের চেষ্টা চলছে। ঠিকমতো উৎপাদন করতে পারলে চলতি অর্থবছরের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ