প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাগেরহাটের মোরেলগঞ্জে অভাব-অনটন ও স্বামীর অবহেলার কারণে মাত্র ৩০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া ১৫ মাস বয়সী এক শিশুপুত্রকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে উভয় পক্ষকে হাজির করার পর শিশুটিকে উদ্ধার করা হয়।
এর আগে, গত বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামে এই শিশু বিক্রির ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত শিশুটির মা অনিকা আক্তার মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের পলাশ শেখের মেয়ে। প্রায় দুই বছর আগে চট্টগ্রামে হাসান চৌধুরী নামের এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে আল-আমিন নামের ওই পুত্রসন্তানের জন্ম হয়। বর্তমানে শিশুটির বয়স ১ বছর ৩ মাস।
ভুক্তভোগী অনিকা আক্তার জানান, বিয়ের পর থেকে স্বামী হাসান চৌধুরী তাঁর ও সন্তানের যথাযথ খোঁজখবর রাখতেন না। ফলে সংসারে তীব্র আর্থিক সংকট ও অভাব-অনটন দেখা দেয়। একপর্যায়ে তিনি নিজে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং চরম অসহায়ত্বের মুখে পড়েন। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে তিনি নিজের শিশুসন্তানকে ৩০ হাজার টাকার বিনিময়ে অন্য এক ব্যক্তির কাছে তুলে দেন।
জানা যায়, শিশুটিকে বাগেরহাটের মোংলা উপজেলার শহিদুলের স্ত্রী নূরজাহান বেগম অর্থের বিনিময়ে নিয়েছিলেন।
শিশুর নানা পলাশ শেখ বলেন, ‘আমার বয়স হয়েছে, নানা রোগে আক্রান্ত। নিজের চিকিৎসার খরচই জোগাড় করতে পারি না, তার ওপর মেয়ে ও মেয়ের সন্তানের ভরণপোষণ কীভাবে জোগাড় করব?’
নিজের অসুস্থতা ও অসহায়ত্বের কথা উল্লেখ করে মা অনিকা আক্তার বলেন, ‘আমি জটিল রোগে আক্রান্ত। অভাব-অনটনের মধ্যে ছেলেকে কী খাওয়াব? বাধ্য হয়েছিলাম।’
এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লা বলেন, ‘খবর পেয়ে শিশুটিকে দ্রুত উদ্ধার করা হয়েছে। আইনগতভাবে এভাবে কোনো শিশুকে বিক্রি করার কোনো সুযোগ নেই। আপাতত মায়ের শারীরিক অবস্থা ও সার্বিক বিষয় বিবেচনা করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে এবং শিশুটিকে তার মায়ের জিম্মায় দেওয়া হবে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন