শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:১৮ পি.এম
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির আসন্ন বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে একটি বিশাল নীরব বিক্ষোভ কর্মসূচির আয়োজন করতে যাচ্ছে অধিকার রক্ষা বিষয়ক সংস্থা ‘ডিফেন্ড আওয়ার জুরিস’, যা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর সমর্থনে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের নেতৃত্বাধীন লেবার পার্টির এই সম্মেলনে গাজায় ইসরায়েলের গণহত্যা এবং যুদ্ধাপরাধে ব্রিটেনের সহযোগী ভূমিকা বন্ধের দাবিতে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে।
লিভারপুলের সম্মেলন কেন্দ্রের কাছে অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রতিবাদকে আয়োজকরা যুক্তরাজ্যের নতুন সরকারের জন্য একটি "নৈতিকতার পরীক্ষা" হিসেবে দেখছেন।
সংস্থাটি জানায়, ২০২৫ সালের জুলাই মাসে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করার পর থেকে প্রায় ৩,৬০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এত গ্রেপ্তার ও দমন-পীড়ন সত্ত্বেও, আগামী রোববার শুরু হতে যাওয়া চার দিনব্যাপী এই সম্মেলনে কয়েকশ মানুষ "আমি গণহত্যার বিরোধী, আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি" লেখা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
লেবার পার্টির নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম সম্প্রতি দখলীকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে কিছু নিষেধাজ্ঞা জারি করলেও, মানবাধিকার সংগঠনগুলো ব্রিটেন থেকে ইসরায়েলে সব ধরনের অস্ত্র রপ্তানি অবিলম্বে বন্ধের দাবি জানাচ্ছে। একই সাথে তারা প্যালেস্টাইন অ্যাকশনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বানও জানিয়েছে।
গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান অস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান 'এলবিট সিস্টেমস'-এর কার্যক্রম ব্যাহত করার লক্ষ্যেই মূলত প্যালেস্টাইন অ্যাকশন আন্দোলন চালিয়ে আসছিল। বিক্ষোভকারীদের মতে, যুক্তরাজ্য সরকার যদি সত্যি সত্যিই ইসরায়েলি অপরাধের অংশীদার হওয়া বন্ধ করতে চায়, তবে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর গ্রেপ্তার বন্ধ করে নিষিদ্ধাদেশ তুলে নেওয়া উচিত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেছেন, “দুনিয়াতে সবার পড়াশোনা করতে হবে না, সবার ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে হবে না। কিন্তু একজনও মাদকাসক্ত, দুর্নীতিগ্রস্ত বা খারাপ মানুষ হওয়া যাবে না। আমাদের চাওয়া একটাই—তুমি বিপথে যাবে না। বিদেশে যাও, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হও কিংবা পছন্দের যেকোনো পেশায় যাও, কিন্তু অপরাধ বা মাদকের সঙ্গে যুক্ত হওয়া যাবে না।”
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এ প্লাস ও গোল্ড বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমপি হাসনাত আব্দুল্লাহ আরও উল্লেখ করেন, “তুমি বিদেশে যেতে চাও বা অন্য কোনো ক্যারিয়ার গড়তে চাও—সেটা আলাদা বিষয়। কিন্তু পড়াশোনা দিয়ে যদি নিজের ক্যারিয়ার গড়তে চাও, তাহলে তোমার মূল ভিত্তি হচ্ছে কলেজের রেজাল্ট। এই সময়টা ভালোভাবে কাজে লাগাতে পারলে উচ্চশিক্ষার পথও তোমার জন্য উন্মুক্ত হবে।”
নিজের বিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর পর পুরোনো বিদ্যালয়ে এসে দেখছি, যেসব শিক্ষক তাদের যৌবনকালে আমাদের পেছনে শ্রম দিয়েছেন, তারা এখন বার্ধক্যের দিকে এগিয়ে যাচ্ছেন। তারা তাদের জীবনের শ্রেষ্ঠ সময় আমাদের উৎসর্গ করে বৃদ্ধ হয়েছেন। তাদের এবং আমাদের মা-বাবার প্রতি আমাদের অপরিসীম ঋণ ও দায়িত্ব রয়েছে।”
দেবিদ্বারের কিশোর গ্যাং কালচার নিয়ে তিনি মন্তব্য করেন, “গতকালও দেবিদ্বারের কয়েকজন কিশোরকে গ্যাং কালচার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। এদের মধ্যে স্বনামধন্য বিভিন্ন স্কুলের শিক্ষার্থীও রয়েছে। কুমিল্লার পুলিশ সুপার যখন ফোন করে দেবিদ্বারের কোনো ছেলের গ্রেপ্তারের খবর দেন, তখন আমি লজ্জিত হই। কিন্তু আমাদের এলাকার কোনো শিক্ষার্থীর ভালো কাজের খবর পেলে সেটিই হতো আমাদের প্রকৃত গর্ব।”
অপরাধের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “ভালো কাজের সঙ্গে তোমরা সবসময় আমাকে পাশে পাবে। কিন্তু খারাপ কাজ বা অপরাধ করলে তুমি আমার ভাই কিংবা নিজ বিদ্যালয়ের শিক্ষার্থী হলেও ছাড় পাবে না; বরং অপরাধের বিচারে অন্য উপজেলার ছেলেদের চেয়ে আমার উপজেলার ছেলেদের চার-পাঁচ গুণ বেশি শাস্তি পেতে হবে।”
শিক্ষার্থীদের সুযোগের সঠিক ব্যবহারের গুরুত্ব তুলে ধরে হাসনাত আব্দুল্লাহ বলেন, “তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে তুমি কী হতে চাও। তুমি প্রজাপতি হবে, মৌমাছি হবে, নাকি ভ্রমর হবে—সেই পথ তোমাকেই নির্ধারণ করতে হবে।”
দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান মজুমদার, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস সবুর এবং সাবেক শিফট ইনচার্জ জামাল মো. কবীর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় শিশুদের স্বাস্থ্যসেবা ও টিকা প্রদানকারী প্রতিষ্ঠান ‘রাড্ডা এমসিএইচ-এফপি’ সেন্টারে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম হুঁশিয়ারি দিয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
ডিএনসিসি প্রশাসক উল্লেখ করেন, এ ধরনের ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই কাম্য নয়। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে ইতিমধ্যে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, হামলার খবর পেয়ে তিনি শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাতের ঘটনার সঙ্গে জড়িতদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা না গেলেও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের চিহ্নিত করার চেষ্টা চলছে। পুলিশের উপকমিশনারের (ডিসি) সঙ্গে কথা বলে জানা গেছে যে শাহ আলী থানায় মামলা দায়ের হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
ভাঙচুরের পর টিকাদান কার্যক্রম ব্যাহত হবে কি না; এমন প্রশ্নের জবাবে প্রশাসক আশ্বস্ত করে বলেন, সেখানে ইতোমধ্যেই টিকাদান কর্মসূচি পুনরায় শুরু হয়েছে। স্বাস্থ্যকর্মীরা তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবেন এবং এ ক্ষেত্রে সিটি করপোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।
দীর্ঘ সময় ধরে স্থাপনা ভাঙচুরের ঘটনা ঘটলেও তা প্রতিরোধ করতে না পারার বিষয়ে তিনি ব্যাখ্যা করে বলেন, কেন্দ্রটি কোনো স্থায়ী অট্টালিকা ছিল না, মূলত টিনশেড দিয়ে তৈরি একটি স্থাপনা ছিল। তবে স্থাপনা যেমনই হোক, এ ধরনের ধ্বংসাত্মক ঘটনার কোনো সমর্থন নেই এবং অপরাধীদের ছাড় দেওয়া হবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজনৈতিক ও কূটনৈতিক কারণে মরিশাস সরকার ইসরায়েলের তেল আবিব থেকে যাত্রা শুরু করা একটি যাত্রীবাহী ফ্লাইটের অবতরণের অনুমতি প্রদান করেনি। অনুমতি না পাওয়ার ফলে, ফ্লাইটটি শেষ মুহূর্তে বাতিল করতে বাধ্য হয়েছে।
ইসরায়েলি ট্যুরিজম কোম্পানি ‘স্পিরিট ওয়ার্ল্ড প্রোডাকশনস’ (Spirit World Productions)-এর তথ্য অনুসারে, শনিবার সকালে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার সেশেলস (Air Seychelles)-এর ফ্লাইটটি মরিশাসের উদ্দেশ্যে উড্ডয়ন করার পরিকল্পনা ছিল। কিন্তু মরিশাস কর্তৃপক্ষের হঠাৎ বিধিনিষেধের কারণে ফ্লাইটটি চালানো সম্ভব হয়নি।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) তালি ইয়াতিভ জানিয়েছেন, “ফ্লাইটটি যেন নির্ধারিত সূচি অনুযায়ী চলতে পারে, সেজন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্ত সব ধরনের চেষ্টা চালিয়েছি। স্থানীয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক ও কূটনৈতিক হিসাব-নিকাশ জড়িত বলে আমরা জানতে পেরেছি।”
তিনি আরও বলেন, উদ্ভূত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং বিস্তারিত কারণ জানার জন্য এয়ারলাইন্স কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট মহলগুলোর সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। সূত্র: ইয়েনি সাফাক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ডেঙ্গুমুক্ত নগর ও অবৈধ দখলমুক্ত ফুটপাত গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, "ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের একার পক্ষে সফল হওয়া সম্ভব নয়; এ জন্য নগরবাসীর সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।"
শনিবার (২৬ সেপ্টেম্বর) ডিএনসিসির আয়োজনে ডেঙ্গু মশার লার্ভা ধ্বংস ও বিশেষ পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
প্রশাসক আরও জানান, গত তিন মাস ধরে ডেঙ্গুমুক্ত ঢাকা উত্তর গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ডিএনসিসি। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। বিভিন্ন বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাণিজ্যিক স্থাপনায় ডেঙ্গু মশার লার্ভা খুঁজে অভিযান চালানো হচ্ছে। লার্ভা পাওয়া গেলে জরিমানাও করা হচ্ছে।
তিনি বলেন, "প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকাকে ডেঙ্গুমুক্ত করার লক্ষ্যে প্রতিদিন বিভিন্ন অঞ্চলে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে।" এ কাজে নগরবাসীকে সচেতন ও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
শফিকুল ইসলাম খান নগরবাসীর উদ্দেশে একটি খোলা চিঠি দেওয়া হয়েছে জানিয়ে বলেন, স্থানীয় প্রতিনিধি ও আঞ্চলিক কর্মকর্তাদের মাধ্যমে চিঠিটি মানুষের হাতে পৌঁছে দেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, ডেঙ্গুমুক্ত নগর গড়তে নগরবাসী সহযোগিতা করবেন।
ডিএনসিসি প্রশাসক মেট্রো রেলের পিলারে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক ব্যক্তিদের পোস্টার-লিফলেট দেখে বিরক্তি প্রকাশ করেছেন। তিনি বলেন, নগরের সৌন্দর্য রক্ষায় যা যা করণীয়, সিটি করপোরেশন তা করবে।
তিনি আগামী ৭২ ঘণ্টার মধ্যে মেট্রোরেলের সব পিলার থেকে অবৈধ পোস্টার ও লিফলেট অপসারণের নির্দেশ দেন।
‘এখন আর নোটিশ নয়’
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে শফিকুল ইসলাম খান বলেন, "ফুটপাত জনগণের অধিকার। সেখানে নিরাপদে জনগণের চলাচল নিশ্চিত করা সিটি করপোরেশনের দায়িত্ব।"
তিনি জানান, ফুটপাত দখল করে ব্যবসা-বাণিজ্য করা ব্যক্তিদের আগে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু নোটিশ পাওয়ার পরও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এখন আর নোটিশ দেওয়া হবে না। যেখানেই ফুটপাত দখল করা হবে, সেখানেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ দখল উচ্ছেদ করা হবে।
তিনি বলেন, ফুটপাত দখলমুক্ত করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
মিরপুর ১০-এ অবৈধ স্থাপনা উচ্ছেদ
বিশেষ পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন শেষে মেট্রোরেলের নিচে ব্যবসায়ীদের ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য বিশেষ বিন স্থাপন করা হয়। পরে প্রশাসকের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়।
র্যালি শেষে মিরপুর-১০ ফলপট্টি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পুনরায় সেখানে অবৈধ স্থাপনা বসানো হলে আবারও উচ্ছেদ করা হবে বলে জানান প্রশাসক।
অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ