ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

আগামী ২ বছরের জন্য দ্রুত গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন চাই


আগামী ২ বছরের জন্য দ্রুত গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন চাই

*অন্তর্বর্তীকালীন সময়ে বিশদ আলোচনার মাধ্যমে গ্যারান্টি ক্লজসহ দীর্ঘমেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির দাবি*

আজ ১৪ নভেম্বর ২০২৬ খ্রি. শনিবার সকাল ১১টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) ও কৃষক সমিতির যৌথ উদ্যোগে আগামী ২ বছর (অন্তর্বর্তীকালীন সময়) এর জন্য দ্রুত গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন এবং অন্তর্বর্তীকালীন সময়ে বিশদ আলোচনার মাধ্যমে গ্যারান্টি ক্লজসহ দীর্ঘমেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আশরাফ আলী হাওলাদার বলেন, গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ভারতের সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন করতে হবে। ১৯৯৬ সালে করা ৩০ বছরের চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হবে। যেহেতু এখন সময় কম, তাই বাংলাদেশ ও ভারতের মধ্যে আগামী ২ বছরের (অন্তর্বর্তীকালীন সময়) জন্য চলমান গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন করা প্রয়োজন। উপস্থিত বক্তারা বলেন, ওই অন্তর্বর্তীকালীন সময়ে বিশদ আলোচনার মাধ্যমে দুই দেশ গ্যারান্টি ক্লজসহ দীর্ঘমেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তি সই করবে।

আরও পড়ুন: দাউদকান্দিতে নির্বাচনী মাঠে সক্রিয় শাহনেওয়াজ সরকার সানু: মোহাম্মদপুর ইউনিয়নের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ

কর্মসূচিতে জাতীয় নেতৃবৃন্দ মত প্রকাশ করেন, ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন ও দীর্ঘমেয়াদি চুক্তির বিষয়ে রাজপথে ক্রিয়াশীল সব রাজনৈতিক দলের মধ্যে জাতীয় ঐক্য প্রয়োজন। এ বিষয়ে জাতীয় সংলাপ আয়োজনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। ওই অন্তর্বর্তীকালীন সময়ে বিশদ আলোচনার মাধ্যমে দুই দেশ গ্যারান্টি ক্লজসহ দীর্ঘমেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তি করবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন জুলাই বিপ্লবের সংগঠক ও কৃষক সমিতির আহবায়ক চাষী মাসুম, দেশ দরদী পার্টি বাংলাদেশের আহ্বায়ক ক্বারী মাওলানা বোরহান উদ্দিন চিশতি, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসাইন, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ)-এর ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ তোজাম্মেল হক তাজেম, সাংগঠনিক সম্পাদক মোকাম্মেল হক নকীব, মহিলা সম্পাদিকা সালমা আক্তার লিজা, মোঃ ইয়ামিন খান, রাজনৈতিক সংগঠক প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আরও পড়ুন

পরবর্তী খবর

ডায়াবেটিসের ঝুঁকি এড়াতে এখনই ব্যবস্থা নিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


ডায়াবেটিসের ঝুঁকি এড়াতে এখনই ব্যবস্থা নিন

ডায়াবেটিস বর্তমানে একটি নীরব কিন্তু ক্রমবর্ধমান স্বাস্থ্যঝুঁকি হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। বাংলাদেশও এই সমস্যার বাইরে নয়। শিশু থেকে শুরু করে প্রবীণ—যেকোনো বয়সের ব্যক্তি এই রোগে আক্রান্ত হতে পারেন। উদ্বেগজনক বিষয় হলো, অনেকেই ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পরও তা বুঝতে পারেন না। এর ফলে সময়মতো রোগ শনাক্তকরণ ও চিকিৎসার অভাবে শরীরে নানা জটিলতা দেখা দেয়।

ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ। তবে সঠিক চিকিৎসা, নিয়মিত পর্যবেক্ষণ এবং সচেতন জীবনযাপনের মাধ্যমে এটি কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। অন্যদিকে, অবহেলা করলে হৃদ্‌রোগ, স্ট্রোক, কিডনি জটিলতা, দৃষ্টিশক্তি হ্রাস এবং স্নায়ুর ক্ষতিসহ নানা গুরুতর স্বাস্থ্যসমস্যা দেখা দিতে পারে।

এ বছরের প্রতিপাদ্য আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করছে—ডায়াবেটিস প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সময়মতো যথাযথ চিকিৎসা গ্রহণই এর ঝুঁকি ও জটিলতা কমানোর অন্যতম কার্যকর উপায়।

ডায়াবেটিসের ধরন : জানুন, বুঝুন, সচেতন হোন

সাধারণত আমরা টাইপ ১ (Type 1) ও টাইপ ২ (Type 2) ডায়াবেটিস সম্পর্কে বেশি জানি। তবে চিকিৎসাবিজ্ঞানে আরো কিছু বিশেষ ধরনের ডায়াবেটিস রয়েছে। এর মধ্যে অগ্ন্যাশয়ের রোগ বা অস্ত্রোপচারের কারণে সৃষ্ট টাইপ ৩সি (Type 3c) ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বাড়ানো বিশেষভাবে জরুরি।

১. টাইপ ১ ডায়াবেটিস (Type 1 Diabetes)

এটি মূলত একটি অটোইমিউন রোগ। শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা ভুলবশত অগ্ন্যাশয়ের ইনসুলিন উৎপাদনকারী বিটা কোষগুলোকে ধ্বংস করে দেয়। ফলে শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না, অনেক ক্ষেত্রে একেবারেই বন্ধ হয়ে যায়।

সাধারণত শিশু ও তরুণদের মধ্যে বেশি দেখা গেলেও যেকোনো বয়সেই এটি হতে পারে। এ ধরনের রোগীর সুস্থভাবে বেঁচে থাকার জন্য নিয়মিত ইনসুলিন গ্রহণ অপরিহার্য।

২. টাইপ ২ ডায়াবেটিস (Type 2 Diabetes)

এটি ডায়াবেটিসের সবচেয়ে প্রচলিত ধরন। এ ক্ষেত্রে শরীরের কোষগুলো ইনসুলিনের প্রতি যথাযথ সাড়া দেয় না। এই অবস্থাকে বলা হয় Insulin Resistance। পাশাপাশি সময়ের সঙ্গে অগ্ন্যাশয়ের ইনসুলিন উৎপাদনক্ষমতাও কমে যেতে পারে।

অতিরিক্ত ওজন, শারীরিক পরিশ্রমের অভাব, বংশগত প্রবণতা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও বয়স—এসব কারণে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে।

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ এবং প্রয়োজন অনুযায়ী ওষুধ বা ইনসুলিনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কিছু ক্ষেত্রে জীবনযাত্রার পরিবর্তন ও চিকিৎসার মাধ্যমে ডায়াবেটিস রেমিশন (Remission) অর্জনও সম্ভব হয়।

৩. অন্যান্য বিশেষ ধরনের ডায়াবেটিস (Other Specific Types of Diabetes)

টাইপ ১ ও টাইপ ২ ছাড়াও চিকিৎসাবিজ্ঞানে বিভিন্ন কারণে সৃষ্ট বিশেষ ধরনের ডায়াবেটিস রয়েছে। এর মধ্যে জিনগত ত্রুটিজনিত ডায়াবেটিস এবং অগ্ন্যাশয়ের রোগ বা ক্ষতির কারণে সৃষ্ট ডায়াবেটিস বিশেষভাবে উল্লেখযোগ্য।

ক. জিনগত ত্রুটিজনিত ডায়াবেটিস (Monogenic Diabetes)

জন্মগত বা বংশগত কোনো নির্দিষ্ট জিনের পরিবর্তন বা ত্রুটির কারণে অগ্ন্যাশয়ের বিটা কোষ ইনসুলিন তৈরি বা নিঃসরণে সমস্যার সম্মুখীন হতে পারে। এর পরিচিত দুটি রূপ হলো:

* MODY (Maturity-Onset Diabetes of the Young): সাধারণত কম বয়সে দেখা যায় এবং পরিবারে একাধিক প্রজন্মে ডায়াবেটিসের ইতিহাস থাকতে পারে। একটি নির্দিষ্ট জিনের ত্রুটির কারণে এটি হয়।

* Neonatal Diabetes: সাধারণত শিশুর জীবনের প্রথম ছয় মাসের মধ্যে ধরা পড়ে এবং এর পেছনেও জিনগত কারণ থাকতে পারে।

সঠিক জেনেটিক পরীক্ষার মাধ্যমে রোগের ধরন শনাক্ত করা গেলে চিকিৎসা অনেক বেশি কার্যকরভাবে নির্ধারণ করা সম্ভব। কিছু ক্ষেত্রে ইনসুলিনের পরিবর্তে নির্দিষ্ট মুখে খাওয়ার ওষুধ দিয়েই ভালো নিয়ন্ত্রণ সম্ভব হয়। তবে চিকিৎসা সম্পূর্ণ নির্ভর করে কোন জিনে কী ধরনের পরিবর্তন হয়েছে তার ওপর।

খ. ইনসুলিন রেজিস্ট্যান্সের বিরল জিনগত রূপ

কিছু বিরল জিনগত সমস্যার কারণে শরীরে ইনসুলিন তৈরি হলেও কোষগুলো ইনসুলিনের প্রতি যথাযথ সাড়া দেয় না। ফলে তীব্র ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হতে পারে। এটি সাধারণ টাইপ ২ ডায়াবেটিসের ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে ভিন্ন এবং বিশেষজ্ঞের মাধ্যমে শনাক্ত করা প্রয়োজন। এ ধরনের কিছু রোগীর ক্ষেত্রে ঘাড়, বগল বা শরীরের অন্যান্য ভাঁজে কালচে ও পুরু দাগ দেখা যেতে পারে, যাকে Acanthosis Nigricans বলা হয়।

গ. টাইপ ৩সি ডায়াবেটিস (Type 3c Diabetes)

এটি চিকিৎসাবিজ্ঞানে স্বীকৃত একটি বিশেষ ধরনের ডায়াবেটিস। একে Pancreatogenic Diabetes বা Pancreatic Diabetes নামেও অভিহিত করা হয়। এই ধরনের ডায়াবেটিস সম্পর্কে আমার নিজেরও এতদিন তেমন কোনো ধারণা ছিল না। হয়তো আমরা যারা মেডিক্যাল প্রফেশনাল নই, তাঁদের অনেকের কাছেই বিষয়টি অপরিচিত।

গত জুলাই মাসে আমার বোনের অগ্ন্যাশয়ের (Pancreas) একটি বিনাইন টিউমার অপারেশন করতে গিয়ে প্যানক্রিয়াসের প্রায় ৪০ শতাংশ কেটে বাদ দিতে হয়। পরবর্তী সময়ে, গত অক্টোবর মাসের শেষার্ধে তাঁর রক্তে অস্বাভাবিক মাত্রায় সুগার ধরা পড়ে এবং চিকিৎসক প্রয়োজনীয় ইনসুলিন চিকিৎসা শুরু করেন।

বিষয়টি স্বাভাবিকভাবেই আমার মধ্যে কৌতূহল সৃষ্টি করে। সেই আগ্রহ থেকেই টাইপ ৩সি (Type 3c) ডায়াবেটিস সম্পর্কে জানার চেষ্টা করি এবং উপলব্ধি করি, ডায়াবেটিসের এই বিশেষ ধরনটি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো কতটা জরুরি।

আমাদের শরীরের অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস শুধু ইনসুলিন তৈরি করে না; খাবার হজমের জন্য প্রয়োজনীয় বিভিন্ন এনজাইমও উৎপাদন করে। অগ্ন্যাশয়ের উল্লেখযোগ্য অংশ ক্ষতিগ্রস্ত হলে বা অস্ত্রোপচারের মাধ্যমে বাদ দিতে হলে ইনসুলিন উৎপাদন এবং হজমের স্বাভাবিক প্রক্রিয়া—উভয়ই ব্যাহত হতে পারে। এর ফলে টাইপ ৩সি ডায়াবেটিস দেখা দিতে পারে।

টাইপ ৩সি ডায়াবেটিসের উল্লেখযোগ্য কারণগুলো হলো:

* দীর্ঘস্থায়ী প্যানক্রিয়াটাইটিস বা অগ্ন্যাশয়ের প্রদাহ।

* অগ্ন্যাশয়ের ক্যান্সার বা অন্যান্য টিউমার।

* অগ্ন্যাশয়ের বড় ধরনের অস্ত্রোপচার।

* অগ্ন্যাশয়ের আংশিক বা সম্পূর্ণ অপসারণ।

* সিস্টিক ফাইব্রোসিসসহ অগ্ন্যাশয়ের কিছু দীর্ঘমেয়াদি রোগ।

বিশেষ করে যাঁদের অস্ত্রোপচারের মাধ্যমে অগ্ন্যাশয়ের একটি উল্লেখযোগ্য অংশ বাদ দিতে হয়েছে, তাঁদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে। তবে কতটুকু অংশ বাদ দেওয়া হয়েছে, অবশিষ্ট অগ্ন্যাশয়ের কার্যক্ষমতা এবং ব্যক্তির অন্যান্য শারীরিক অবস্থার ওপর এই ঝুঁকি নির্ভর করে। সবার ক্ষেত্রেই ডায়াবেটিস হবে, এমন নয়।

টাইপ ৩সি (Type 3c) ডায়াবেটিসের চিকিৎসা ও নিয়ন্ত্রণ

অগ্ন্যাশয়ের ক্ষতির মাত্রা, ইনসুলিন উৎপাদনের সক্ষমতা এবং হজমের কার্যক্রমের ওপর নির্ভর করে চিকিৎসা নির্ধারণ করা হয়।

অনেক রোগীর ক্ষেত্রে ইনসুলিন গ্রহণ অপরিহার্য হয়ে পড়ে।

কিছু রোগীর ক্ষেত্রে মেটফর্মিনসহ নির্দিষ্ট মুখে খাওয়ার ওষুধ ব্যবহার করা যেতে পারে।

হজমের এনজাইমের ঘাটতি থাকলে Pancreatic Enzyme Replacement Therapy (PERT) প্রয়োজন হতে পারে।

ভিটামিন A, D, E ও K-সহ প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতি পরীক্ষা করে তা পূরণ করতে হয়।

নিয়মিত রক্তের গ্লুকোজ পরীক্ষা অত্যন্ত জরুরি। কারণ এ ধরনের রোগীর ক্ষেত্রে ইনসুলিনের পাশাপাশি রক্তে শর্করা বিপজ্জনকভাবে কমে যাওয়ার ঝুঁকিও থাকতে পারে।

অগ্ন্যাশয়ের স্থায়ী ক্ষতির কারণে সৃষ্ট টাইপ ৩সি ডায়াবেটিস সাধারণত দীর্ঘমেয়াদি। তবে যথাযথ চিকিৎসা, পুষ্টি ব্যবস্থাপনা ও নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে রোগীরা ভালো থাকতে পারেন এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।

মস্তিষ্ক ও অ্যালজেইমার্সের সঙ্গে ডায়াবেটিসের সম্পর্ক

এখানে আরও একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন। কিছু গবেষক মস্তিষ্কের ইনসুলিন কার্যক্রমে ব্যাঘাত ও ইনসুলিন রেজিস্ট্যান্সের সঙ্গে অ্যালজেইমার্স রোগের সম্ভাব্য সম্পর্ক বোঝাতে অনানুষ্ঠানিকভাবে ‘টাইপ ৩ ডায়াবেটিস’ (Type 3 Diabetes) শব্দটি ব্যবহার করেন।

তবে এটি ডায়াবেটিসের কোনো আনুষ্ঠানিক বা স্বীকৃত চিকিৎসাগত শ্রেণি নয়। মস্তিষ্কের ইনসুলিন কার্যক্রম, স্মৃতিশক্তি ও অ্যালজেইমার্স রোগের সম্পর্ক নিয়ে গবেষণা এখনো চলমান।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে আমাদের করণীয়: প্রতিরোধ ও সচেতনতাই প্রধান। আমাদের প্রত্যেকের কিছু সচেতন অভ্যাস গড়ে তোলা জরুরি:

* স্বাস্থ্যকর ও পরিমিত খাদ্যাভ্যাস গড়ে তোলা।

* নিয়মিত হাঁটা ও শারীরিক পরিশ্রম করা।

* অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখা।

* ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের নিয়মিত রক্তের শর্করা পরীক্ষা করানো।

* চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ বা ইনসুলিন গ্রহণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করানো।

* ডায়াবেটিস নিয়ন্ত্রণে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, ভ্রান্ত চিকিৎসা কিংবা অবৈজ্ঞানিক হারবাল পণ্যের ওপর নির্ভর না করা।

* অগ্ন্যাশয়ের রোগ বা অস্ত্রোপচারের ইতিহাস থাকলে ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে চিকিৎসকের পরামর্শ নেওয়া।

ডায়াবেটিস মানেই জীবন থেমে যাওয়া নয়

মনে রাখতে হবে, ডায়াবেটিস কোনো অভিশাপ নয়। এটি নিয়ন্ত্রণযোগ্য একটি দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসমস্যা। সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, সময়মতো চিকিৎসা এবং সচেতন জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়েও সুস্থ, সুন্দর ও কর্মময় জীবনযাপন করা সম্ভব।

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ শুধু ব্যক্তিগত দায়িত্ব নয়; পরিবার, সমাজ এবং রাষ্ট্রেরও সম্মিলিত দায়িত্ব। একজন মানুষকে সচেতন করা মানে একটি পরিবারকে সচেতন করা; আর একটি পরিবারকে সচেতন করা মানে ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্যের পথে এগিয়ে যাওয়া।

লেখক :

শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানের সিনেমা বাজার নিয়ে শাকিবের ভুল তথ্যের সমালোচনা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


পাকিস্তানের সিনেমা বাজার নিয়ে শাকিবের ভুল তথ্যের সমালোচনা

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান পাকিস্তানের সঙ্গে যৌথভাবে সিনেমা নির্মাণে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে কাজ করার ইচ্ছাও জানিয়েছেন। তবে, পাকিস্তানের সিনেমা হলের সংখ্যা নিয়ে তার দেওয়া তথ্য নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

শাকিবের দাবি, দেশটিতে বর্তমানে ১২০০টিরও বেশি সচল সিনেমা হল রয়েছে। কিন্তু তার এই তথ্য প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

সম্প্রতি এক অনুষ্ঠানে পাকিস্তানের চলচ্চিত্রশিল্প নিয়ে নিজের আগ্রহের কথা তুলে ধরেন শাকিব। তিনি জানান, দেশটির সিনেমার বাজার সম্পর্কে খোঁজ নিতে গিয়ে জানতে পেরেছেন, সেখানে ১২০০টিরও বেশি সিনেমা হল রয়েছে। এর মধ্যে অনেকগুলোই মাল্টিপ্লেক্স। তিনি আরও উল্লেখ করেন, কোনো সিনেমা ব্যবসাসফল হলে পাকিস্তানে ২০০ থেকে ৩০০ কোটি রুপি পর্যন্ত আয় করতে পারে। মূলত বিশাল এই বাজারের সম্ভাবনা বিবেচনা করেই পাকিস্তানের সঙ্গে যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণে আগ্রহী হয়েছেন এই অভিনেতা।

তবে, পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সাম্প্রতিক পরিসংখ্যান শাকিবের দাবির সঙ্গে সাংঘর্ষিক। দেশটির সংবাদমাধ্যম ডন ২০২৪ সালের এপ্রিলে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছিল, পাকিস্তানে আনুমানিক ৬০টি সিনেমা হল ও ১৫০টি পর্দা রয়েছে। অন্যদিকে, ২০২৫ সালের মার্চে দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের পর থেকে দেশটিতে প্রায় ৪০ শতাংশ সিনেমার পর্দা বন্ধ হয়ে গেছে। সে সময় সচল পর্দার সংখ্যা নেমে আসে ১১৫টিতে।

অর্থাৎ, পাকিস্তানে বর্তমানে ১২০০টির বেশি সচল সিনেমা হল থাকার দাবির পক্ষে সাম্প্রতিক কোনো নির্ভরযোগ্য পরিসংখ্যান পাওয়া যাচ্ছে না। যদিও সিনেমা হল, মাল্টিপ্লেক্স এবং পৃথক প্রদর্শনী পর্দার হিসাব এক নয়, তবে শাকিবের উল্লেখ করা সংখ্যার সঙ্গে প্রকাশিত তথ্যের ব্যবধান বেশ বড়।

তবে, পাকিস্তানে একসময় ১২০০টির বেশি সিনেমা হল থাকার তথ্য পাওয়া যায়। ২০২১ সালে প্রকাশিত ‘পাকিস্তান : হিয়ার অ্যান্ড নাউ’ বইয়ের একটি প্রবন্ধে উল্লেখ করা হয়েছে, ১৯৮০ সালের দিকে দেশটিতে ১২০০টিরও বেশি সিনেমা হল ছিল। পরবর্তী কয়েক দশকে নানা কারণে কমতে থাকে হলের সংখ্যা। ফলে অতীতের কোনো পরিসংখ্যানের সঙ্গে বর্তমান পরিস্থিতি গুলিয়ে ফেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও শাকিব ঠিক কোন সূত্র থেকে এই তথ্য পেয়েছেন, তা স্পষ্ট নয়।

এদিকে, শাকিবের বক্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, আন্তর্জাতিক বাজারে কাজ করার পরিকল্পনা করার আগে সংশ্লিষ্ট দেশের চলচ্চিত্রশিল্প সম্পর্কে সঠিক তথ্য জানা জরুরি নয় কি? বিশেষ করে সিনেমা হলের সংখ্যা নিয়ে এত বড় ব্যবধানের তথ্য কীভাবে তার কাছে পৌঁছাল, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে।

অবশ্য, পাকিস্তানের সঙ্গে যৌথভাবে সিনেমা নির্মাণের আগ্রহকে ইতিবাচক হিসেবেই দেখছেন অনেকে। দুই দেশের শিল্পীদের একসঙ্গে কাজের সুযোগ তৈরি হলে চলচ্চিত্রের নতুন বাজার উন্মুক্ত হওয়ার পাশাপাশি দুই দেশের দর্শকের কাছে পৌঁছানো সম্ভব হতে পারে। তবে সেই সম্ভাবনার কথা বলতে গিয়ে সিনেমা হলের সংখ্যা নিয়ে শাকিবের দেওয়া তথ্যই এখন আলোচনার মূল বিষয় হয়ে উঠেছে।

বলা দরকার, হিমেল আশরাফ পরিচালিত ‘মহব্বত’ সিনেমায় দেখা যাবে শাকিব খানকে। সিনেমাটিতে নায়কের বিপরীতে পাকিস্তানের কিনজা হাশমীর অভিনয়ের কথা রয়েছে। সিনেমাটি মুক্তি পাবে ২০২৭ সালের ঈদে। এর আগে চলতি সপ্তাহেই মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘নিঃস্ব’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন শাকিব। এতে তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার ইধিকা পাল। এই সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরের ঈদুল ফিতরে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদির তলবে ভুয়া আদালতের আদেশে ১০০টির বেশি ওয়েবসাইট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


মোদির তলবে ভুয়া আদালতের আদেশে ১০০টির বেশি ওয়েবসাইট বন্ধ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভুয়া আদালতের আদেশের ভিত্তিতে ১০০টির বেশি ওয়েবসাইট বন্ধ করার ঘটনায় টেলিযোগাযোগ বিভাগের সচিবকে তলব করেছেন।

শনিবার (১৪ নভেম্বর) মোদির কার্যালয়ে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে তাকে। এই তথ্য আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের মাধ্যমে জানা গেছে।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভুয়া উচ্চ আদালতের আদেশ দেখিয়ে ১২৯টি অবৈধ অনলাইন জুয়ার ওয়েবসাইট বন্ধের নির্দেশনা প্রদান করেছিলেন টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তারা। পরে রয়টার্সের অনুসন্ধানে দেখা যায়, এসব আদেশ ছিল জাল। আইনজীবী পরিচয় ধারণ করে কয়েকজন ব্যক্তি ইমেইলের মাধ্যমে এসব ভুয়া আদেশ পাঠিয়েছিলেন।

ঘটনার পর ভারতের টেলিযোগাযোগ বিভাগ একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে তদন্ত করছে। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নথি ও তথ্য সংগ্রহের জন্য তারা চেষ্টা চালাচ্ছে।

ভুয়া আদেশগুলোতে আদালতের নকল প্রতীক, সিল ও কিউআর (QR) সংকেত ব্যবহার করা হয়েছিল। শনিবার (১৪ নভেম্বর) সরকারি ওয়েবসাইট থেকে একটি আদেশ সরানো হলেও অন্যটি তখনো দেখা যাচ্ছিল।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সভায় পরিচ্ছন্নতা কার্যক্রম গতিশীল করতে গঠিত কমিটির কাজের অগ্রগতি পর্যালোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


প্রধানমন্ত্রীর সভায় পরিচ্ছন্নতা কার্যক্রম গতিশীল করতে গঠিত কমিটির কাজের অগ্রগতি পর্যালোচনা

রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার উদ্দেশ্যে গঠিত কমিটির কাজের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় ঢাকা শহরের পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনার জন্য গঠিত কমিটির কার্যক্রম, এ পর্যন্ত বাস্তবায়িত উদ্যোগ এবং সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা, সড়ক ও জনপরিসর পরিচ্ছন্ন রাখা এবং নগরবাসীর জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%