০৩:৪৪ পি.এম
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ৯ নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সমাজসেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী শাহনেওয়াজ সরকার সানু। নিজ বক্তব্যে তিনি জানান, নির্বাচনী লড়াইয়ে অংশ নেওয়ার ব্যাপারে তিনি পুরোপুরি প্রস্তুত এবং শেষ পর্যন্ত মাঠে থাকার দৃঢ় সংকল্প রয়েছে তাঁর।
সম্প্রতি তাঁর প্রার্থিতা নিয়ে স্থানীয় পর্যায়ে চলমান বিভিন্ন আলোচনা-সমালোচনার জবাবে শাহনেওয়াজ সরকার সানু বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়াচ্ছে যে তিনি কেবল আলোচনায় থাকার জন্যই প্রার্থিতার ঘোষণা দিয়েছেন। এ ধরনের তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। তাঁর দাবি, তিনি কথার চেয়ে কাজে বিশ্বাসী এবং বাস্তবসম্মত পরিকল্পনা নিয়েই ভোটারদের সামনে এসেছেন।
পারিবারিক ঐতিহ্যের কথা তুলে ধরে এই প্রার্থী উল্লেখ করেন, তাঁর প্রয়াত দুই ভাই আলহাজ্ব খলিলুর রহমান সরকার এবং অ্যাডভোকেট শামসুল হক সরকার অতীতে এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁদের সময়ে এলাকার বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়েছিল বলে তিনি জানান। প্রয়াত দুই ভাইয়ের সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখাই তাঁর নির্বাচনের অন্যতম প্রধান উদ্দেশ্য বলে তিনি মন্তব্য করেন।
আগামী দিনের কর্মপরিকল্পনা সম্পর্কে শাহনেওয়াজ সরকার সানু জানান, নির্বাচিত হলে তিনি মোহাম্মদপুর ইউনিয়নের যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও সামাজিক অবকাঠামোর আধুনিকায়নে গুরুত্ব দেবেন। নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থেকে ইউনিয়নটিকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন। ভোটাররা তাঁকে নির্বাচিত করলে সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন বলেও তিনি আশ্বাস দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন