বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:৪৩ পি.এম
ফেনী, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মন্তব্য করেছেন যে, সমাজের পরিবর্তন ঘটছে। ভবিষ্যতে এই পরিবর্তন আরও দ্রুততার সঙ্গে ঘটবে। তিনি সকলকে আহ্বান জানান যে, নতুন প্রজন্ম যেন এই পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে পারে।
মন্ত্রী আজ বুধবার ফেনীর দাগনভূঞায় চলতি বছরের এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পরিবর্তনের সঙ্গে অভিভাবকদেরও নিজেদের উন্নয়নে প্রস্তুত থাকতে হবে। বর্তমান সময়ে প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবন ঘটছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ছেলে-মেয়েদের নিজেদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে হবে এবং শিখতে হবে। শেখার বিকল্প নেই। ছেলে-মেয়েদের প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে এবং তারা যেন প্রযুক্তির ইতিবাচক দিকগুলো ব্যবহার করে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে, ‘মেধার আলোয় আলোকিত হোক ভবিষ্যত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনী জেলা প্রশাসক মাহবুবউল করিমের সভাপতিত্বে ১৬০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. শফী উল্লাহ। স্বাগত বক্তৃতা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা প্রদান করেন দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ ফয়জুল আজীম নোমান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসমাইল।
এ সময় শিক্ষকদের পক্ষ থেকে বক্তৃতা করেন দাগনভূঞা ইসলামিয়া আজিজয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক আহমেদ মজুমদার এবং আতাতুর্ক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জনসেবামূলক বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরতে হবে।
আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে সরকারের সাত মাস পূর্তি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান প্রেস সচিব।
সালেহ শিবলী মন্তব্য করেন, ‘বর্তমান সরকার একটি জনকল্যাণমুখী ও জবাবদিহিমূলক সরকার। গণমাধ্যম সরকারের যাবতীয় কার্যক্রম ও জনসেবামূলক পদক্ষেপ জনগণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটি শক্তিশালী সেতু হিসেবে কাজ করছে।’
প্রেস সচিব সরকারের বিভিন্ন চ্যালেঞ্জ ও সফলতার কথা তুলে ধরে বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট ও বৈরী পরিস্থিতির মুখোমুখি হলেও জনজীবনে স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।’
বিদ্যুৎ ও গ্যাস সংকটের প্রসঙ্গে তিনি বলেন, ‘বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি এবং নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হলেও সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে এবং জনগণ খুব শীঘ্রই এর স্থায়ী সুফল পেতে শুরু করবে।’
সালেহ শিবলী জনগণকে রাষ্ট্রের প্রকৃত মালিক উল্লেখ করে বলেন, ‘প্রধানমন্ত্রী তাঁর দৈনন্দিন কাজের মধ্য দিয়ে এটি জনগণকে অনুভব করাতে সক্ষম হয়েছেন। ক্ষমতা কোনো ভোগের বিষয় নয়, এটি একটি দায়িত্ব এবং সরকার সেভাবেই জনকল্যাণে কাজ করে যাচ্ছে।’
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর জরুরি আহ্বানের কথা পুনর্ব্যক্ত করে প্রেস সচিব বলেন, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর— এই তিন মাস ডেঙ্গুর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, এডিস মশার লার্ভা ধ্বংস করতে প্রতিদিন অন্তত পাঁচ মিনিট সময় বের করে নিজ নিজ ঘরবাড়ি ও চারপাশ পরিষ্কার রাখা এবং প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে।
গুজব ও অপপ্রচার রোধে গণমাধ্যমের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া সংবাদের সত্যতা নিশ্চিতে প্রতিটি টেলিভিশন ও পত্রিকায় প্রতিদিন অন্তত ১০-১৫ মিনিটের জন্য ফ্যাক্ট চেক বা সত্য-মিথ্যা যাচাইকরণ সংবাদ পরিবেশন করা উচিত। এর মাধ্যমে জনগণ সঠিক তথ্য জানতে পারবে এবং গুজবের হাত থেকে রক্ষা পাবে।’
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ছাড়াও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বক্তব্য রাখেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের কাউখালী উপজেলা কৃষি অফিসে তীব্র জনবল সংকট দেখা দিয়েছে। গুরুত্বপূর্ণ কয়েকটি পদ দীর্ঘদিন খালি থাকায় অল্পসংখ্যক কর্মকর্তা-কর্মচারী নিয়ে চলছে সরকারি এই দপ্তরের দৈনন্দিন কাজকর্ম। ফলে ভোগান্তিতে পড়ছেন স্থানীয় কৃষকেরা। জনবল সঙ্কটের কারণে পর্যাপ্ত কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে কৃষকরা।
দপ্তর সূত্রে জানা গেছে, অফিসে অতিরিক্ত কৃষি অফিসারের পদটি দীর্ঘদিন ধরে শূন্য। কৃষি সম্প্রসারণ অফিসারের দুটি পদের মধ্যে একটি পদ খালি রয়েছে বহুদিল ধরে। সবচাইতে করুণ অবস্থা মাঠপর্যায়ে। উপজেলার ৫টি ইউনিয়নে উপসহকারী কৃষি অফিসারের মোট ১৫টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৫ জন। এর মধ্যে আবার একজন কর্মকর্তা মাতৃত্বকালীন ছুটিতে থাকায় মাত্র ৪ জন কর্মকর্তা দিয়ে চলছে পুরো ৫টি ইউনিয়নের কৃষক সেবা। একজনকে একাধিক ব্লকের বাড়তি দায়িত্ব পালন করতে হচ্ছে। এছাড়া অফিসে সরকারি গাড়ি থাকলেও চালকের বেতন বরাদ্দ না থাকায় গাড়িটির সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় কৃষকদের অভিযোগ, উপসহকারী কৃষি অফিসারদের পর্যাপ্ত উপস্থিতি না থাকায় তারা সময়মতো প্রয়োজনীয় পরামর্শ ও সেবা পাচ্ছেন না। কর্মকর্তা কম থাকায় মাঠপর্যায়ে কাঙ্ক্ষিত কৃষি সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্মরত অল্পসংখ্যক কর্মীদেরও।
এ বিষয়ে কাউখালী উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস জানান, তীব্র জনবল সংকটের বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং কৃষকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সৌমিত্র সরকার এ প্রসঙ্গে বলেন, কাউখালী উপজেলা কৃষি অফিসের জনবল সংকটের বিষয়ে আমরা পুরোপুরি অবহিত আছি। নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে এবং জনবল পাওয়া গেলে খুব দ্রুতই এই সংকটের স্থায়ী সমাধান হবে বলে আশা করছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চার বছরের বেশি সময় ধরে সংসদ সদস্য প্রিয়া সরোজের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন ভারতীয় তারকা ক্রিকেটার রিংকু সিংহ। গত বছরের ৮ জুন তাদের বাগদান সম্পন্ন হয়। বর্তমানে সমাজবাদী পার্টির নেত্রীকে বিয়ের জন্য অপেক্ষা করছেন রিংকু। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে ৪ ডিসেম্বর লখনউয়ের একটি হোটেলে বিয়ের আয়োজন হবে।
বিয়ের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ আত্মীয়দের পাশাপাশি বিশেষ অতিথিদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। রিংকুর বিয়ের অনুষ্ঠানে ভারতীয় দলের ক্রিকেটাররাও অংশ নেবেন।
গত বছরের ডিসেম্বরে একটি সাক্ষাৎকারে রিংকু তার প্রেমের কথা প্রকাশ করেছিলেন। তিনি উল্লেখ করেছিলেন, সমাজবাদী পার্টির সোশ্যাল মিডিয়ায় প্রিয়ার ছবি দেখে তিনি প্রেমে পড়েন। তবে প্রিয়াকে বার্তা পাঠানোর বিষয়ে তিনি কিছুটা দ্বিধায় ছিলেন। কিন্তু প্রিয়া তার ছবিতে ‘লাইক’ দেওয়ার পর বিষয়টি এগিয়ে যায়।
রিংকু বলেছিলেন, “করোনাকালীণ সময়ে আইপিএল হয়েছিল মুম্বাইয়ে। তখন গ্রামের একটি ভোটের সময় কোনও ফ্যান পেজে প্রিয়ার ছবি দেখেছিলাম। তখনই বুঝেছিলাম ও একদম আমার জন্য ঠিকঠাক। কিন্তু নিজে থেকে বার্তা পাঠানোর ব্যাপারে নিশ্চিত ছিলাম না। কিন্তু ও আমার দুই-একটা ছবিতে লাইক করার পরেই ওকে বার্তা পাঠাই। এভাবেই প্রেম শুরু হয়েছিল। এরপর নিয়মিত কথা বলতাম। ম্যাচের আগেও কথা হতো। ২০২২ সাল থেকে ওর প্রতি ভালবাসা অনুভব করতে শুরু করি।”
প্রসঙ্গত, প্রিয়া সরোজ ২৩ নভেম্বর ১৯৯৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি উত্তর প্রদেশের একজন ভারতীয় রাজনীতিবিদ এবং আইনজীবী। তিনি তফসিলি জাতি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত মছলিশহর লোকসভা আসনের সংসদ সদস্য। ২০২৪ সালে ভারতীয় সাধারণ নির্বাচনে উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির প্রতিনিধিত্ব করে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, রিংকু সিংহ ১২ অক্টোবর ১৯৯৭ সালে উত্তর প্রদেশের আলীগড়ে জন্মগ্রহণ করেন। তিনি ভারতীয় দলের একজন নিয়মিত মুখ। আইপিএলে তার দুর্দান্ত পারফরম্যান্সের কারণে তিনি ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। ইতোমধ্যে ৪৮টি টি-টোয়েন্টি এবং দুটি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্তর্ভুক্তিমূলক এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে সমাজে সঠিক ও ইতিবাচক ন্যারেটিভ প্রতিষ্ঠার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
তরুণদেরকে রাজনীতি, ধর্ম ও জেন্ডারসহ বিভিন্ন ক্ষেত্রে প্রচলিত ভুল ধারণা দূর করে তথ্যভিত্তিক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনের জন্য আহ্বান জানান তিনি।
রাজধানীর গুলশানের একটি হোটেলে কোয়ালিশন ফর অ্যাডভান্সিং ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস আয়োজিত ‘অঙ্গীকার থেকে বাস্তবায়ন: নারী ও শিশুর অধিকার সুরক্ষায় সরকারের ১৮০ দিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যে ভবিষ্যৎ বাংলাদেশ তৈরি করতে চাই, সেখানে সঠিক ন্যারেটিভ প্রতিষ্ঠা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেন্ডার, রাজনীতি ও ধর্ম নিয়ে যেসব ভুল ধারণা রয়েছে, তা পর্যালোচনা করে বাস্তবতার নিরীখে সঠিক চিত্র তুলে ধরতে হবে।’
নারীর বহুমাত্রিক পরিচয়ের স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে ববি হাজ্জাজ বলেন, নারীকে কেবল কন্যা, মা বা স্ত্রী হিসেবে না দেখে তার বহুমাত্রিক সক্ষমতাকে মূল্যায়ন করতে হবে। সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে শারীরিক শক্তি নয়; যোগ্যতা, অংশগ্রহণ ও জনগণের আস্থাই প্রধান।
প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নে সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘সব শিশুর কাছে মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও পর্যায়ক্রমে মাদ্রাসাগুলোকেও কার্যকর সরকারি মনিটরিংয়ের আওতায় আনা হচ্ছে।’
দুর্গম অঞ্চলের শিক্ষা নিশ্চিতকরণে বিশেষ উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, হাওরসহ প্রান্তিক এলাকার বিদ্যালয়গুলোর পরিকাঠামো, শিক্ষকদের আবাসন সুবিধা এবং বিশেষ চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে ইতোমধ্যে পরিকল্পনা ও কাজ শুরু হয়েছে। এছাড়া, প্রাথমিক বিদ্যালয়ে কিশোরীদের স্যানিটারি সামগ্রী সরবরাহ ও পরিচ্ছন্নতা সচেতনতায় পাইলট প্রকল্প নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি।
উন্নয়নকর্মী নিশাত সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, আন্না মিনজ, নুসরাত তাবাসসুম জ্যোতি এবং সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ।
কোয়ালিশন ফর অ্যাডভান্সিং ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস : ব্রেকিং দ্য সাইলেন্স, জাগো ফাউন্ডেশন, মানুষের জন্য ফাউন্ডেশন, অক্সফাম, প্ল্যান ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন ও ওয়াটারএইড—এই সাতটি সংস্থার সমন্বয়ে গঠিত একটি প্ল্যাটফর্ম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ